ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

এই পাপরি হালদার? একটি ম্যানহোলের সংবাদে কোটি মানুষের মন জয় করলেন তরুণী সাংবাদিক


এই পাপরি হালদার? একটি ম্যানহোলের সংবাদে কোটি মানুষের মন জয় করলেন তরুণী সাংবাদিক

একটি খোলা ম্যানহোল—দেখতে সাধারণ একটি বিষয়। কিন্তু সেই বিষয়টিকেই জনস্বার্থের গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত করে আলোচনার কেন্দ্রে এসেছেন, জনপ্রিয় গণমাধ্যম কালবেলা-এর তরুণী সাংবাদিক পাপরি হালদার।
সম্প্রতি কালবেলা-তে প্রকাশিত তার একটি প্রতিবেদনে খোলা ম্যানহোলের কারণে জনসাধারণের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়। সংবাদটি প্রকাশের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং লাখো মানুষের কাছে পৌঁছে যায়।
পাপরি হালদারের প্রতিবেদনে জননিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। একটি ছোট মনে হওয়া সমস্যাও যে মানুষের জীবনহানির কারণ হতে পারে, সেই বাস্তবতাই তিনি তার প্রতিবেদনে তুলে ধরেন। সংবাদটি ভাইরাল হওয়ার পর অনেকেই তার দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্য করেন, একজন সাংবাদিকের কাজ শুধু বড় রাজনৈতিক বা অপরাধের খবর প্রকাশ করা নয়; বরং মানুষের দৈনন্দিন জীবনের ঝুঁকি ও জনদুর্ভোগের বিষয়গুলোও সামনে আনা। পাপরি হালদারের এই প্রতিবেদন তারই একটি উজ্জ্বল উদাহরণ।
সচেতন মহলের মতে, এমন জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
একটি ম্যানহোলের মতো সাধারণ বিষয়কে অনুসন্ধানী ও জনসচেতনতামূলক প্রতিবেদনের মাধ্যমে জাতীয় আলোচনায় নিয়ে এসে কালবেলা-এর তরুণী সাংবাদিক পাপরি হালদার প্রমাণ করেছেন—সাংবাদিকতার শক্তি বিষয়বস্তুর আকারে নয়, বরং তার জনস্বার্থে নিহিত। তার এই উদ্যোগ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে রামরু চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে রামরু চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎ

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে আজ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. তাসনীম সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এ সময় ভারপ্রাপ্ত স্পিকার বলেন, "দেশের মানুষের জনপ্রতিনিধিত্ব করার জন্য সংসদে এসেছি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়িত্ব অপরিসীম।"

তিনি বলেন, "হাওড় অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে এবং তাদের জীবিকার সংকট কাটাতে প্রচুর পরিমাণ গবেষণা প্রয়োজন। আর এই গবেষণালব্ধ জ্ঞান আমাদের সমাজে কাজে লাগাতে হবে।"

সাক্ষাতকালে তারা বৈশ্বিক পরিসরে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে সংসদীয় ককাস গঠন নিয়ে আলোচনা করেন। কপ সম্মেলনের সংসদীয় ফোরামে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মত দেশগুলোর অবস্থান তুলে ধরার বিষয়ে তারা একমত হন।

এ সময় জলবায়ু পরিবর্তনের ফলে দেশের অভ্যন্তরে মাইগ্রেশন এবং বাস্তুচ্যুত লোকদের নিয়ে তারা মত বিনিময় করেন। ভারপ্রাপ্ত স্পিকার জানান, "জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন ও জীবিকার পরিবর্তন এবং এর ফলে ধীরে ধীরে সামাজিক ও পারিবারিক বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে।"

উল্লেখ্য, রামরু বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ও থিংক ট্যাংক, যা অভিবাসন, শরণার্থী এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি নিয়ে কাজ করে। এটি ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য হলো অভিবাসনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও নীতি নির্ধারণে সহায়তা প্রদান, অভিবাসী শ্রমিক, শরণার্থী, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে গবেষণা ও নীতি প্রণয়নে সহায়তা করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বজুড়ে অ্যাপ স্টোর থেকে হঠাৎ উধাও টেলিগ্রাম, কারণ কী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


বিশ্বজুড়ে অ্যাপ স্টোর থেকে হঠাৎ উধাও টেলিগ্রাম, কারণ কী

বিশ্বের কয়েকটি দেশে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম অ্যাপলের অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে হঠাৎ সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে আইফোন ব্যবহারকারীরা নতুন করে অ্যাপটি খুঁজে পাচ্ছেন না এবং ডাউনলোড করতে পারছেন না।

রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে যে, মঙ্গলবার (৪ আগস্ট) তারিখ থেকে রাশিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে অ্যাপ স্টোরে টেলিগ্রাম অনুপলব্ধ হয়ে গেছে।

তবে, যেসব আইফোনে টেলিগ্রাম অ্যাপটি আগে থেকেই ইনস্টল করা রয়েছে, সেগুলোতে অ্যাপটি স্বাভাবিকভাবে ব্যবহার হচ্ছে। অর্থাৎ নতুন করে ডাউনলোডে সমস্যা সৃষ্টি হলেও বিদ্যমান ব্যবহারকারীদের জন্য সেবায় কোনো বিঘ্ন ঘটেনি।

অন্যদিকে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ক্ষেত্রে এমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না। গুগল প্লে স্টোর এবং রাশিয়ার স্থানীয় অ্যাপ মার্কেটপ্লেস রুস্টোরে টেলিগ্রাম এখনও স্বাভাবিকভাবে ডাউনলোড ও আপডেট করা যাচ্ছে।

টেলিগ্রাম কেন আইওএস অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে, সেটি কারিগরি ত্রুটি নাকি কোনো নীতিগত সিদ্ধান্ত সেই বিষয়ে এখন পর্যন্ত অ্যাপল বা টেলিগ্রাম কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।

এর আগে, গত ৩০ জুন টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা Pavel Durov-কে ‘সন্ত্রাসী’ ও ‘চরমপন্থি’ হিসেবে তালিকাভুক্ত করে রাশিয়া।

এ ছাড়া, সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণে ব্যর্থ হওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনারও টেলিগ্রামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে।

অ্যাপ স্টোরে টেলিগ্রামের অনুপস্থিতির প্রকৃত কারণ জানতে এখন অ্যাপল ও টেলিগ্রাম কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য প্রযুক্তি বিশ্ব অপেক্ষা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের হরিয়ানার ফরিদাবাদে, একটি বেসরকারি স্কুলের ভেতরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক স্কুলশিক্ষিকাকে ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


ভারতের হরিয়ানার ফরিদাবাদে, একটি বেসরকারি স্কুলের ভেতরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক স্কুলশিক্ষিকাকে ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা

ভারতের হরিয়ানার ফরিদাবাদে, একটি বেসরকারি স্কুলের ভেতরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক স্কুলশিক্ষিকাকে হত্যা করা হয়েছে। সিসিটিভিতে ধারণ হওয়া এই হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

বুধবার (২৯ জুলাই) সকালে ফরিদাবাদের সিকরোনা গ্রামের একটি বেসরকারি স্কুলে ২৯ বছর বয়সী শিক্ষিকা সন্ধ্যাকে নৃশংসভাবে হত্যা করা হয়। স্কুলটি একটি পুলিশ ফাঁড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে অবস্থিত।

স্কুল প্রশাসনের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে মুখোশ পরা এক যুবক স্কুলে এসে শিক্ষিকা সন্ধ্যার সঙ্গে দেখা করতে চান। এই খবর পেয়ে সন্ধ্যা স্কুলের প্রধান ফটকে গেলে অভিযুক্ত তাকে বাইরে ডেকে নেন। এরপরই হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে হামলা শুরু করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে হামলাকারী শিক্ষিকার মুখ, গলা ও বুকে ৩০টিরও বেশি ছুরিকাঘাত করেন। একপর্যায় সন্ধ্যা মাটিতে লুটিয়ে পড়লেও হামলা থামেনি অভিযুক্ত। বরং মাটিতে পড়ে থাকা অবস্থায়ও তাকে বারবার ছুরিকাঘাত করা হয়।

চিৎকার শুনে স্কুলের এক প্রশাসক ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারী ছুরি নিয়ে তার দিকে তেড়ে যান। আত্মরক্ষার জন্য তিনি সরে গেলে অভিযুক্ত আবারও শিক্ষিকার কাছে ফিরে গিয়ে আরও কয়েক দফা ছুরিকাঘাত করেন। পরে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে গুরুতর আহত অবস্থায় সন্ধ্যাকে স্থানীয় আল-ফালাহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে স্কুলের প্রশাসক জানান, তিনি নিজের কক্ষে বসে থাকা অবস্থায় করিডোর থেকে চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসেন। তখন দেখেন, এক ব্যক্তি শিক্ষিকা সন্ধ্যাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করছেন। বাধা দিতে গেলে হামলাকারী তাকে ছুরি দেখিয়ে ভয় দেখান।

পুলিশ জানায়, ঘটনার প্রায় দুই ঘণ্টার মধ্যেই ২১ বছর বয়সী অভিযুক্ত অমিতকে গ্রেফতার করা হয়। তিনি ফরিদাবাদের কোট গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

তদন্তে জানা গেছে, প্রায় দুই বছর আগে অমিতের সঙ্গে সন্ধ্যার পরিচয় হয়েছিল। এরপর থেকে তিনি বারবার শিক্ষিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা ও তাকে অনুসরণ করতেন। এতে বিরক্ত হয়ে সন্ধ্যা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন এবং কয়েক দিন আগে শ্লীলতাহানির অভিযোগও দায়ের করেন। সে সময় অভিযুক্ত প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই অভিযোগের জেরে প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে: আইনমন্ত্রী

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ : জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত সংসদীয় বিশেষ কমিটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী, সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত গ্রহণ করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ ২০২৫-এর আলোকে সংবিধান সংশোধনের জন্য জাতীয় সংসদ প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষ কমিটি গঠন করেছে। কমিটি সাংবিধানিক ও আইনি কাঠামোর মধ্যে থেকে জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে।

তিনি বলেন, জুলাই সনদ প্রণয়নে যারা নিরলসভাবে কাজ করেছেন, তাদের সঙ্গেও আলোচনা করা হবে। এসব মতামত পর্যালোচনা করে সংবিধান সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করা হবে, যাতে জুলাই সনদের চেতনা বাস্তবায়িত হয়।

মন্ত্রী জানান, প্রথমে ১৭ সদস্যের কমিটি গঠনের পরিকল্পনা ছিল। এতে সাতজন বিএনপির সংসদ সদস্য, সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দলের চারজন সদস্য, একজন স্বতন্ত্র সদস্য এবং বিরোধী দলের পাঁচজন সদস্য রাখার পরিকল্পনা করা হয়েছিল। তবে বিরোধী দল এখনো তাদের সদস্যদের নাম দেননি। তারপরও তাদের জন্য কমিটির দরজা খোলা রয়েছে এবং তারা নাম দিলে তাৎক্ষণিকভাবে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, বিরোধী দল কমিটিতে যোগ না দিলেও জুলাই সনদে স্বাক্ষরকারী ৩৩টি রাজনৈতিক দলের ঐকমত্যের সুপারিশগুলো সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিবেচনায় থাকবে। তবে যৌক্তিক সমালোচনা ও পরামর্শ গ্রহণে কমিটি উন্মুক্ত থাকবে।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জুলাই সনদের ১ থেকে ৪৭ নম্বর অনুচ্ছেদের প্রস্তাবগুলো হুবহু ভাষায় নয়, বরং সাংবিধানিক ও আইনি পরিভাষায় সংবিধান সংশোধনের খসড়ায় অন্তর্ভুক্ত করা হবে।

দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ ও নির্বাচন পদ্ধতির পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, এগুলোও জুলাই সনদের অংশ। তবে যেখানে কোনো রাজনৈতিক দলের ভিন্নমত রয়েছে এবং তা তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিফলিত হয়েছে, সেখানে জুলাই সনদের নির্দেশনা অনুযায়ী সেই অবস্থান বিবেচনায় নেওয়া হবে।

আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে পুরো সংবিধান পর্যালোচনা করতে হবে, যাতে এর বিভিন্ন ধারার মধ্যে সামঞ্জস্য বজায় থাকে। একই সঙ্গে ভারতের ‘বেসিক স্ট্রাকচার থিওরি’সহ সাংবিধানিক আইনশাস্ত্রের প্রতিষ্ঠিত নীতিগুলোও বিবেচনায় নেওয়া হবে। আবেগ নয়, আইনি ও সাংবিধানিক ভিত্তিতেই সংস্কার কার্যক্রম পরিচালিত হবে।

তিনি বলেন, সংবিধান সংশোধন স্বল্পমেয়াদি কোনো উদ্দেশ্যে নয়; ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন বিবেচনায় দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়েই এটি করা হচ্ছে। তাই প্রয়োজনীয় সময় নিয়েই সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হবে।

আইনমন্ত্রী আরও বলেন, ভারতের সংবিধান ১৯৫০ সাল থেকে শতাধিকবার সংশোধিত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সংবিধানেও একাধিক সংশোধনী আনা হয়েছে। ফলে প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন একটি স্বাভাবিক ও চলমান প্রক্রিয়া।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির প্রথম সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিভ রহমান, মো. নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমীন, সাকিলা ফারজানা ও মো. মাহমুদুল হক রুবেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%