০৯:০৭ এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাত বন্ধে আলোচনা এগোচ্ছে। তাই দেশটিতে নতুন হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। ট্রাম্পের এই মন্তব্যের পর সোমবার সকালে বিশ্ববাজারে তেলের দাম কমে গেছে। তবে একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশই হরমুজ প্রণালি বা এর আশপাশে জাহাজে হামলার খবর দিয়েছে।
রয়টার্স জানায়, সোমবার গ্রিনিচ মান সময় রাত ১টা ৩৮ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের (অপরিশোধিত তেল) দাম ব্যারেলপ্রতি ৮৪ সেন্ট বা শূন্য দশমিক ৮৫ শতাংশ কমে ৯৭ ডলার ৪৮ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই- অপরিশোধিত তেল) দাম ৩২ সেন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ ডলার ৫১ সেন্ট হয়।
শুক্রবার বাজার বন্ধের আগে তেলের দামে সামান্য যে বৃদ্ধি হয়েছিল, সোমবারের দরপতনে তা আবার কমে যায়। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কায় বাজারে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম কমেছে ১৭ শতাংশ। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) ১৯৮৮ সাল থেকে সংরক্ষিত তথ্য অনুযায়ী, করোনা মহামারি শুরুর পর এক সপ্তাহে তেলের দামে এটিই সবচেয়ে বড় পতন। একই সময়ের মধ্যে দামের হিসাবে এটি ছিল সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।
আরও পড়ুন: আজ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প
টেলিভিশন চ্যানেল সিএনএনকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা একটি শক্তিশালী চুক্তিতে সই করে কি না, তার ওপর সবকিছু নির্ভর করছে। আমার মনে হয়, নতুন করে হামলার প্রয়োজন হওয়ার সম্ভাবনা খুবই কম।’
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও হামলার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। তবে এখন পর্যন্ত দেশটিতে বড় ধরনের নতুন সামরিক অভিযান শুরুর কোনো লক্ষণ দেখা যায়নি। ইরান অবশ্য জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাবে।
কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে আগের তুলনায় বেশি সংযত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনের পর সংঘাত নিয়ে ট্রাম্পের অবস্থানে দীর্ঘমেয়াদি কোনো পরিবর্তন এসেছে কি না, নাকি এটি শুধু সাময়িকভাবে বক্তব্যের ধরন বদল—তা বোঝার অপেক্ষায় রয়েছে বাজার।
এদিকে বিশ্ববাজারে আবারও তেলের সরবরাহ চাহিদার চেয়ে বেশি হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে বিনিয়োগ ব্যাংক জেপি মরগান। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ স্বাভাবিক হচ্ছে। একই সঙ্গে অন্যান্য দেশেও উৎপাদন বাড়ছে। কিন্তু চাহিদা কম থাকায় বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে যাচ্ছে।
আরও পড়ুন: লাহোরে বায়ুদূষণ শীর্ষে, ঢাকার অবস্থান ষষ্ঠ
প্রতিবেদনে আরো বলা হয়েছে, সেপ্টেম্বরে বিশ্ববাজারে প্রতিদিন ১১ লাখ ব্যারেল তেলের উদ্বৃত্ত ছিল। অক্টোবরে তা বেড়ে প্রতিদিন ১৪ লাখ ব্যারেলে পৌঁছাতে পারে।
রবিবার ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন জানান, হরমুজ প্রণালি দিয়ে ইরাকের তেল রপ্তানির সুযোগ দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা হয়েছে। এ জন্য ওমানের কাছাকাছি একটি নৌপথ ব্যবহার করা হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি আরো জানান, ইরানের সঙ্গে যুদ্ধ এবং তেল রপ্তানিতে বাধার কারণে ইরাকের ক্ষতির পরিমাণ ৬ হাজার কোটি ডলারে পৌঁছেছে।
অন্যদিকে, রবিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির রাষ্ট্রীয় তেল কম্পানি সৌদি আরামকোর কার্যালয়ে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হামলায় ভবনটির জানালার কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
আরও পড়ুন: ট্রাম্পের ইঙ্গিত, ইউক্রেনের মানচিত্র কিছুটা ভিন্ন হতে যাচ্ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন