ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

লোপেজের জোড়া গোল, আতলেতিকোকে ২-১ হারিয়ে বার্সেলোনা শীর্ষে


লোপেজের জোড়া গোল, আতলেতিকোকে ২-১ হারিয়ে বার্সেলোনা শীর্ষে

একদিকে ঘরের মাঠে টানা জয়ের আত্মবিশ্বাস, অন্যদিকে সাম্প্রতিক ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর তাগিদ। এমন একটি ম্যাচে শেষ হাসি হাসল বার্সেলোনা।

মেত্রোপলিতানোতে শুরুতে পিছিয়ে পড়লেও ফেরমিন লোপেজের জোড়া গোলে আতলেতিকো মাদ্রিদকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে বার্সা। এই জয়ের মাধ্যমে বর্তমান চ্যাম্পিয়নরা লা লিগার শীর্ষে থেকে আন্তর্জাতিক বিরতিতে যেতে সক্ষম হয়েছে।

গত রাতে ম্যাচের শুরুতে আতলেতিকোর পারফরম্যান্স ছিল চমৎকার। ১০ মিনিটে হুলিয়ান আলভারেজের পাস থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন জুলিয়ানো সিমিওনে। প্রথমার্ধে মাদ্রিদের ক্লাবটি আরো কয়েকটি সুযোগ তৈরি করেছিল, কিন্তু তারা ব্যবধান বাড়াতে ব্যর্থ হয়।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সিরিজে মাহফিজুল ইসলাম ওপেনার হিসেবে অন্তর্ভুক্ত

এরপর ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে বার্সেলোনা। ৪৪ মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ শটে সমতা ফেরান ফেরমিন। বিরতির পর ফ্রেঙ্কি ডি ইয়ংকে মাঠে নামিয়ে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বার্সা। ৬৬ মিনিটে লামিনে ইয়ামালের নিখুঁত পাস থেকে বল পেয়ে ফেরমিন তার দ্বিতীয় গোলটি করেন। এই গোলের মাধ্যমে নিশ্চিত হয় বার্সার জয়।

হতাশ আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের প্রতিক্রিয়া ছিল নেতিবাচক। ছবি : রয়টার্স

ম্যাচ শেষে বার্সা কোচ হান্সি ফ্লিক মন্তব্য করেছেন, ‘এ ধরনের ম্যাচ জেতার সামর্থ্য আমাদের আছে। দলের ওপর আমার অনেক বিশ্বাস আছে। এখানে (আতলেতিকোর মাঠে) জেতা সহজ নয়। মৌসুমে এখনো দীর্ঘ পথ বাকি। সাফল্য পেতে ও শিরোপা জিততে আমরা প্রতিনিয়ত কাজ করছি।’

লা লিগার ১২ রাউন্ড শেষে ৩৩ পয়েন্ট নিয়ে চূড়ায় অবস্থান করছে বার্সা। তারা দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখন ৩ পয়েন্টে এগিয়ে রয়েছে। ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আতলেতিকো।

আরও পড়ুন: হামজা চৌধুরী বাংলাদেশ সাফ দলে যোগদান করলেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বাজারে আজ সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমে বিক্রি হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১০ এম


দেশের বাজারে আজ সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমে বিক্রি হচ্ছে

দেশের বাজারে সোনার দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ মূল্য সমন্বয়ের মাধ্যমে প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। নতুন কোনো সিদ্ধান্ত না আসায় সোমবার (৯ নভেম্বর) পূর্বনির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে।

বাজুসের নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ৫ নভেম্বর সকালে তৃতীয়বারের মতো সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে, সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়।

২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে সোনা ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এছাড়া, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো অলঙ্কার কেনার ক্ষেত্রে (পারচেজ) ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এ মূল্য কার্যকর থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাহোরে বায়ুদূষণ শীর্ষে, ঢাকার অবস্থান ষষ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১০ এম


লাহোরে বায়ুদূষণ শীর্ষে, ঢাকার অবস্থান ষষ্ঠ

জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে বিশ্বব্যাপী দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশও এই প্রভাব থেকে মুক্ত নয়। বিশেষ করে ঢাকার বাতাসে দূষণের মাত্রা তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে। শহরটির বায়ুমান টানা কয়েকদিন ধরে অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সূচকের তথ্য অনুযায়ী, ঢাকার অবস্থান বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ। শহরটির বায়ুমানের স্কোর ছিল ১৫৭। তবে দিনের বেলায় বায়ুমান ওঠানামা করতে পারে।

একই সময়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরের বায়ুমান সূচক (একিউআই) ছিল ৪৪৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। ভারতের কলকাতা শহর ১৮৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দিল্লির স্কোর ১৮০, যা তৃতীয় অবস্থান।

একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বায়ুর মানকে অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। এই ধরনের বায়ু সবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য ঝুঁকি বেশি।

ঢাকার বায়ুদূষণের পেছনে অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া ও ধুলাবালির মতো বিভিন্ন কারণকে দায়ী করা হচ্ছে। এসব দূষণকারী উপাদান বায়ুর মানের অবনতি ঘটিয়ে নগরবাসীর স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শ্বাসকষ্ট, অ্যালার্জি ও ফুসফুসের বিভিন্ন সমস্যা এই বায়ুদূষণের কারণে বৃদ্ধি পেতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় নির্মাণকাজে ধুলা নিয়ন্ত্রণ, যানবাহনের নির্গমন কমানো এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। পাশাপাশি, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পরিবেশবিষয়ক নীতিমালার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ঢাকার বায়ুর মান উন্নয়নে উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১১ এম


জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা বজায় রাখার অঙ্গীকার বাংলাদেশের

বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যাললের (ওএইচসিএইচআর) সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে, ওএইচসিএইচআর-এর বাংলাদেশ মিশনের নবনিযুক্ত প্রধান সাবিন ম্যাগডালেনা লাউবার তার পরিচয়পত্র পেশ করার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি গণতন্ত্রকে শক্তিশালী করা, মৌলিক স্বাধীনতা রক্ষা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার এগিয়ে নেওয়ার বিষয়গুলোকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

এ সময় লাউবারকে দায়িত্ব গ্রহণের জন্য স্বাগত ও অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী সরকারের অগ্রাধিকারগুলো তুলে ধরেন। সেগুলোর মধ্যে রয়েছে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা।

প্রতিমন্ত্রী জাতিসংঘের ‘স্পেশাল প্রসিডিউরস’ (বিশেষ কার্যপদ্ধতি) এর আওতায় নিয়োজিত বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততার বিষয়টিও তুলে ধরেন। তারা মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার এবং শিক্ষার অধিকার বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ারের আসন্ন সফর নিয়ে মতবিনিময় করেন।

হুমায়ুন কবির ওএইচসিএইচআর মিশনকে অনুরোধ জানান যেন তাদের কর্মসূচি ও কার্যক্রম সরকারের অগ্রাধিকারগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। তিনি লাউবারকে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকারের পূর্ণ সমর্থন ও সহযোগিতার নিশ্চয়তা দেন।

লাউবার সরকারের গঠনমূলক সম্পৃক্ততার প্রশংসা করেন এবং মানবাধিকারের সুরক্ষা ও উন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টায় ওএইচসিএইচআর-এর পক্ষ থেকে পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি তার দায়িত্বকালে অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলো ও পরিকল্পিত কার্যক্রমগুলো তুলে ধরেন এবং সরকারের সঙ্গে অব্যাহত সংলাপ ও সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন। লাউবার বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে বাংলাদেশ ও ওএইচসিএইচআর-এর মধ্যে স্বাক্ষরিত তিন বছর মেয়াদী সমঝোতা স্মারকের আওতায় এই মিশনটি প্রতিষ্ঠিত হয়েছে। সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ বিকেলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১১ এম


ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ বিকেলে

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হতে যাচ্ছে সোমবার (৯ নভেম্বর) বিকেলে। এ অধিবেশনের কার্যক্রম শুরু হবে বিকেল সাড়ে ৩টায়, যেখানে সভাপতিত্ব করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অধিবেশনটি চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।

সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে নতুন অধিবেশন আহ্বান করা বাধ্যতামূলক। এই সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের জন্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ১৪ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয়ের সূত্রে জানা গেছে, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। জানুয়ারিতে পরবর্তী অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায়, এবারের অধিবেশনের মেয়াদ সীমিত রাখা হয়েছে। অধিবেশনে নিয়মিত প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ ও সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

অধিবেশনের কার্যক্রম ও সময়সূচি নির্ধারণের জন্য গত রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক শুরু হবে। অধিবেশনটি আগামী ১৮ নভেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।

এদিকে, এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে সংসদ সদস্যদের পক্ষ থেকে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা দেওয়া হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দেন। বৈঠকে উপস্থিত সদস্যরা তার এ প্রস্তাবে স্বতঃস্ফূর্ত সমর্থন জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%