০৪:২৩ পি.এম
রাজধানীর মিরপুরে ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণ করার অভিযোগে তানভীর জোমাদ্দার নামে এক ছাত্রলীগ নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে মিরপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তানভীর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে যান। এই সময় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের নেতাকর্মীদের পাশাপাশি ওই ছাত্রলীগ নেতা। পরিদর্শনের এক পর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে তার কাছে যাওয়ার চেষ্টা করেন।
আরও পড়ুন: ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে বিএনপি, নৈরাজ্য করতে দেওয়া হবে না: ইশরাক
ঘটনার ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই ছাত্রলীগ নেতাকে খুঁজতে শুরু করেন। পরে মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় ওই ছাত্রলীগ নেতা পুলিশ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ডিঙিয়ে প্রধানমন্ত্রীকে অনুসরণ করতে থাকেন। এক পর্যায়ে অন্যদের পেছনে ফেলে তিনি প্রধানমন্ত্রীর কাছাকাছি পৌঁছে যান।
মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান গত শনিবার মিরপুরে ফুটপাত পরিদর্শনে আসেন। এ সময় এক ছাত্রলীগ নেতা তাকে অনুসরণ করেন। ঘটনার ভিডিও যাচাই-বাছাই করে তানভীরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"
আরও পড়ুন: ভূমি ব্যবস্থাপনায় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন