ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না: হামিদুর রহমান


জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না: হামিদুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ বলেছেন, জামায়াতে ইসলামী কখনো আধিপত্যবাদ মেনে নেবে না। তিনি উল্লেখ করেন যে, যারা বিদেশি প্রেসক্রিপশন নিয়ে দেশের রাজনীতি ও স্বার্থকে প্রভাবিত করতে চায়, তাদের অপতৎপরতা রুখে দিতে হবে। জামায়াতের নেতাকর্মীরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই কাজ করেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুনামগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত নবনির্বাচিত জেলা আমিরের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ২০২৭-২৮ সেশনের জন্য নবনির্বাচিত জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিনকে শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি ড. এএইচএম হামিদুর রহমান আজাদ।

আরও পড়ুন: ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে বিএনপি, নৈরাজ্য করতে দেওয়া হবে না: ইশরাক

নবনির্বাচিত জেলা আমিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট অঞ্চল টিমের সদস্য অধ্যাপক আব্দুল হান্নান এবং উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান আজাদ আরও বলেন, আল্লাহকে সাক্ষী রেখে যারা দ্বীনি দায়িত্ব পালনের শপথ নিয়েছেন, তাদের শপথের মর্যাদা রক্ষা করতে হবে। দায়িত্ব ও কর্তব্য পালনে সততা, নিষ্ঠা এবং ত্যাগের মানসিকতা থাকতে হবে। তিনি উল্লেখ করেন, শুধুমাত্র সংগঠনের রুকন বা সদস্য হলেই প্রকৃত মুমিন হওয়া যায় না; এর জন্য আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে। তিনি সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা এবং মানুষের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মোহাম্মদ ফখরুল ইসলাম আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার প্রতিটি এলাকায় প্রার্থী দেওয়া এবং তাদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি এর মাধ্যমে সুনামগঞ্জে দৃশ্যমান পরিবর্তন আনার প্রত্যাশাও ব্যক্ত করেন।

শপথগ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা জামায়াতের ২০২৭-২৮ সেশনের নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

আরও পড়ুন: সরকার জনগণের নিরাপত্তা দিতে না পারলে ফাঁদে পড়বে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমির মমতাজুল হাসান আবেদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল কবির ও অ্যাডভোকেট নুরুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, মাস্টার নুরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুস সাত্তার, মো. শাহ আলম ও ডা. হারুনুর রশিদসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভা জামায়াতের আমির, নায়েবে আমির, সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, শূরা ও কর্মপরিষদ সদস্যরা। এছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের পুরুষ ও নারী রুকনরা অনুষ্ঠানে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড, ‘শিশুমাতার’ পরিবার সন্তোষ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৩ এম


‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড, ‘শিশুমাতার’ পরিবার সন্তোষ প্রকাশ

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী, যিনি ‘সাগর হুজুর’ নামে পরিচিত, তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

ভুক্তভোগী শিশুমাতার পরিবারের পক্ষ থেকে আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নূরুল কবীর রুবেল ট্রাইব্যুনালে রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার অপর আসামি শিক্ষক সাগরের ভাই মামুন মিয়াকে আদালত খালাস দিয়েছে।

ভুক্তভোগী মেয়েটির মা মোবাইল ফোনে জানান, ‘আমি আমার মেয়ে ও নাতনিকে নিয়ে সিলেটে বসবাস করছি। বুধবার আদালত থেকে আমাকে মোবাইল ফোনে জানানো হয়েছে, সাগরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ কথা শোনার পর আলহামদুলিল্লাহ বলি এবং রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করি। আমি সরকারের প্রতি কৃতজ্ঞ। ন্যায়বিচারের আশায় অপেক্ষা করছিলাম, আজ তা কার্যকর হয়েছে।’ তবে তিনি এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার দাবি জানান।

গত ২৮ অক্টোবর উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেন। যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর তার জীবনের সমস্ত সম্পত্তি (১২ শতাংশ জমি) লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তির আকুতি জানালেও আদালত তা কঠোরভাবে নাকচ করে দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর ওই শিশুটিকে নিজ মাদ্রাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। তিনি বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের ভয় দেখান। ভয়ে শিশুটি ঘটনা গোপন রাখে এবং একপর্যায়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয়।

পরবর্তীকালে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার পরিবার। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মাত্র ১১ বছর বয়সি শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। ঘটনার ছায়াতদন্ত শুরু করে এসআরবি-১৪ এবং গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে মূল অভিযুক্ত আমান উল্লাহ সাগরকে গ্রেফতার করা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়।

আইনি প্রক্রিয়া চলাকালে গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয়। পরে আদালতের নির্দেশে সিআইডির একটি দল নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠায়।

ডিএনএ প্রোফাইলিংয়ের চূড়ান্ত ফলাফলে নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯.৯৯ শতাংশ মিলে যায়, যা আসামির পিতৃত্ব ও অপরাধ নিশ্চিত করে। বর্তমানে শিশুটির বয়স প্রায় ৫ মাস (৪ মাসের বেশি) এবং সে মায়ের সঙ্গেই বসবাস করছে। এ ঘটনার পর থেকেই ওই মাদ্রাসাটি বন্ধ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুজাইরাহ আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে ১৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৩ এম


ফুজাইরাহ আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে ১৪ জন নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতে ১৮টি যানবাহন এবং পাঁচটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ফলে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার মধ্যরাতের কিছু আগে ফুজাইরাহ আমিরাতের প্রবেশমুখে এই দুর্ঘটনা ঘটে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুসারে, একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি অন্য একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এই সংঘর্ষের ফলে ট্রাক দুটি সড়ক থেকে ছিটকে গিয়ে যানজটের কারণে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। পরে একটি ট্রাকে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কয়েকটি যানবাহনে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার পর পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা ও বিশেষায়িত দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে। আহতদের মধ্যে ১৫ জন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, কিন্তু বাকি ১৫ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ১৪ জনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক এবং কয়েকজন বিদেশি রয়েছেন। নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

মন্ত্রণালয় আরও জানায়, আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান এবং মিসরের নাগরিক রয়েছে। সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অফিসে সাংবাদিক এলেই বেঁধে পেটানোর হুমকি!

আন্তর্জাতিক ডেস্ক

রবিন বরকত উল্যাহ ব্যুরো চিফ, তালাশ বিডি

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৪ এম


অফিসে সাংবাদিক এলেই বেঁধে পেটানোর হুমকি!

“ভূমি অফিসে সাংবাদিক আসলেই বাইন্ধা পিটানো হবে”—এমন হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহ সদর ভূমি অফিসের নায়েব আবুল কালাম আজাদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তাঁর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হলে কোনো সাংবাদিক বাড়িতে থাকতে পারবেন না বলেও হুমকি দিতেন তিনি।
বিগত সরকারের আমলে ভূমি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে রাজনৈতিক প্রভাববলয়ের সঙ্গে সংশ্লিষ্ট থেকে ময়মনসিংহের আকুয়া মৌজায় ভূমি-সংক্রান্ত অনিয়ম ও অপরাধের বলয় গড়ে তোলার সঙ্গে নায়েব আবুল কালাম আজাদের সম্পৃক্ততার অভিযোগও সামনে এসেছে। এসব অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট ভূমির নথিপত্র, সরকারি রেকর্ড এবং ভুক্তভোগীদের বক্তব্য যাচাই করে নিরপেক্ষ তদন্ত করা জরুরি।
স্থানীয়ভাবে আরও ভুক্তভোগী রয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে প্রভাব-প্রতিপত্তির ভয়ে তাঁদের অনেকে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি বলে জানা গেছে। ফলে ভূমি-সংক্রান্ত অভিযোগগুলো এবং ব্যক্তিগত নামে বেনামে সম্পদের প্রকৃত চিত্র উদ্‌ঘাটন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নির্ধারণে যথাযথ তদন্তের দাবি উঠেছে।
বিশিষ্টজনদের মতে, এ ধরনের অভিযোগের সত্যতা যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা জরুরি। সাংবাদিকের কাজ প্রশ্ন করা, অনিয়ম অনুসন্ধান করা এবং জনস্বার্থে তথ্য-প্রমাণের ভিত্তিতে সত্য তুলে ধরা। সেই পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।
এখন প্রশ্ন—ভূমি অফিস কি জনগণের সেবা পাওয়ার জায়গা, নাকি সেখানে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করতে গেলেই সাংবাদিকদের হুমকির মুখে পড়া? আরোও প্রশ্ন থাকে বর্তমান অফিসে বহিরাগত দালালদের অবাধ যাতায়াত এবং যারা গুরুত্বপূর্ণ অফিস ফাইল আনা নেওয়া করছেন তারা কারা?
নায়েবের ব্যক্তিগত অফিস কর্মী নাকি বেতনভুক্ত লাঠিয়াল ?
এখানে জনগণের ভূমি-সংক্রান্ত সেবা নিশ্চিত করে এবং সরকারি দপ্তরের স্বচ্ছতা বজায় রাখা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। নায়েব আবুল কালাম আজাদের বিরুদ্ধে ওঠা হুমকির অভিযোগ এবং আকুয়া মৌজার ভূমি-সংক্রান্ত অভিযোগ বা ব্যক্তিগত সম্পদের তথ্য নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা জনসমক্ষে তুলে ধরার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমি ব্যবস্থাপনায় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৪ এম


ভূমি ব্যবস্থাপনায় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি

সরকার জমির খতিয়ান সংগ্রহ, নামজারি এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগকে সহজতর করতে ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় করার উদ্যোগ গ্রহণ করেছে। ভূমি অফিসে না গিয়েই এই সুবিধা পাওয়া যাবে। দেশের ৬১ জেলার ভূমি অফিসকে একটি কেন্দ্রীয় ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জমির রেকর্ড, খতিয়ান ও হোল্ডিংয়ের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, যাচাই ও সংশোধনের দায়িত্বে থাকবে। এই কাজের জন্য সরকারের ব্যয় হবে ৩৬২ কোটি টাকা।

ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ইউএনডিপি ভূমি ব্যবস্থাপনা অটোমেশন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় কাজ করবে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়।

২০২০ সালের জুলাইয়ে প্রকল্পটি গ্রহণের পর দেশের ভূমি প্রশাসনকে কাগজবিহীন ও দালালমুক্ত করার উদ্দেশ্যে কাজ শুরু হয়। ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের ৬১টি জেলার সব ভূমি অফিসকে কেন্দ্রীয় ডিজিটাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে, তবে তিন পার্বত্য জেলা বাদ থাকবে। এই উদ্যোগের মাধ্যমে নাগরিকদের হয়রানি ও সময়ক্ষেপণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এক তথ্যভান্ডারে জমির রেকর্ড

প্রকল্পের আওতায় জমির রেকর্ড, খতিয়ানসহ ভূমিসংক্রান্ত বিভিন্ন তথ্য ডিজিটাল তথ্যভান্ডারে সংরক্ষণ করা হবে। প্রতিটি খতিয়ানের সঙ্গে জমির মালিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মোবাইল নম্বর যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে জমির মালিকানা যাচাইয়ের প্রক্রিয়া সহজ হবে এবং জমি কেনার আগে সংশ্লিষ্ট জমির মালিক সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানা যাবে। পাশাপাশি জাল খতিয়ান ও ভুয়া দলিল তৈরির ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে নাগরিকদের জমির নামজারি, খতিয়ান সংগ্রহ কিংবা ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য সরাসরি ভূমি অফিসে যেতে হয়। অনেক ক্ষেত্রে একাধিকবার অফিসে যাতায়াত করতে হয়, যা অর্থ ও সময়ের অপচয় করে এবং মধ্যস্বত্বভোগীদের সহায়তা নেওয়ার প্রয়োজন দেখা দেয়। নতুন ডিজিটাল ব্যবস্থা চালু হলে এসব সেবা অনলাইনে পাওয়ার সুযোগ তৈরি হবে, ফলে জমির মালিকেরা ঘরে বসেই প্রয়োজনীয় আবেদন, তথ্য সংগ্রহ ও কর পরিশোধ করতে পারবেন।

তবে এই উদ্যোগ বাস্তবায়নে ডিজিটাল সেবা ব্যবহারের সক্ষমতার বিষয়টি বিবেচনায় রাখা জরুরি। বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষ, ইন্টারনেট ব্যবহারে অনভিজ্ঞ নাগরিক এবং স্মার্টফোন বা প্রয়োজনীয় প্রযুক্তিসুবিধা নেই এমন ব্যক্তিদের জন্য অনলাইননির্ভর সেবা গ্রহণ কঠিন হতে পারে। তাদের জন্য বিকল্প সহায়তামূলক ব্যবস্থা নিশ্চিত করা না গেলে নতুন পদ্ধতিতে ভোগান্তির আশঙ্কা থেকে যাবে।

প্রাথমিকের বই ছাপাতে বাড়তি ২৪ কোটি টাকা

সরকারি ক্রয়সংক্রান্ত বৈঠকে ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যবই মুদ্রণের ব্যয় বাড়ানোর প্রস্তাবও অনুমোদিত হয়েছে। ৯৪টি লটে ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি বইয়ের বর্ধিত ফর্মা ছাপাতে অতিরিক্ত ২৩ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, এসব বই মুদ্রণের মূল চুক্তিমূল্য ছিল ১৮৭ কোটি ১০ লাখ ৯১ হাজার ৭৬৪ টাকা। বাড়তি ব্যয় যুক্ত হওয়ায় সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ২২৮ টাকা। মূল চুক্তির তুলনায় ব্যয় বাড়ছে প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ।

জন্মনিয়ন্ত্রণে ৯৭ কোটি টাকার খাবার বড়ি

পরিবার পরিকল্পনা কার্যক্রমের জন্য ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল তৃতীয় প্রজন্মের খাবার বড়ি কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এসব বড়ি কিনতে ব্যয় হবে ৯৬ কোটি ৫৪ লাখ টাকা। দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি সরবরাহ করবে পণ্যগুলো।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাব অনুযায়ী, ‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব খাবার বড়ি কেনা হবে।

টিসিবির জন্য ১৮১ কোটি টাকার চিনি-ডাল

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১৮০ কোটি ৭২ লাখ টাকা।

এর মধ্যে ১০ হাজার টন চিনি কিনতে ব্যয় হবে ১০৩ কোটি ৯৫ লাখ টাকা। প্রতি কেজির দাম পড়বে ১০৩ টাকা ৯৫ পয়সা। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এ চিনি সরবরাহের কাজ পেয়েছে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড। অন্যদিকে ১০ হাজার টন মসুর ডাল কিনতে ব্যয় হবে ৭৬ কোটি ৭৭ লাখ টাকা। প্রতি কেজি ডালের দাম পড়বে ৭৬ টাকা ৭৭ পয়সা। এ পণ্য সরবরাহ করবে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ জাহাজ এলএনজি

২০২৭ সালে ওমান ও মালয়েশিয়া থেকে পাঁচ জাহাজ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ওমানের ওকিউ ট্রেডিং লিমিটেডের কাছ থেকে তিন জাহাজ এবং মালয়েশিয়ার পেন্টিটিউড এনার্জির কাছ থেকে দুই জাহাজ কেনার প্রস্তাব রয়েছে। মালয়েশিয়ার এলএনজির দাম প্রতি এমএমবিটিইউতে জাপান-কোরিয়া মার্কারের (জেকেএম) চেয়ে ১৮ সেন্ট কম নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে নতুন ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের পরিকল্পনা রয়েছে। চীনের প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। ১৫ বছর মেয়াদে এর ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা। ২০ বছর মেয়াদে তা বেড়ে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা হবে।

একই দিন অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জাপানের জেরা গ্লোবাল মার্কেটস ও সংযুক্ত আরব আমিরাতের এডনক ট্রেডিংয়ের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত এডনক ২৪ থেকে ৩০ কার্গো এলএনজি সরবরাহের প্রস্তাব দিয়েছে। নাইজেরিয়ার দুটি প্রতিষ্ঠান থেকেও সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

সড়ক নির্মাণে বাড়ছে ব্যয়, হবে বন্যা আশ্রয়কেন্দ্র

কর্ণফুলী টানেল থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক চার লেনে উন্নীত করতে ২৬৬ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৯৪৯ টাকার কাজ পেয়েছে রানা বিল্ডার্স।

অন্যদিকে শিকলবাহা-আনোয়ারা সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ব্যয় বাড়ছে ৫৬ কোটি ৯০ লাখ টাকা। এতে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ৩২৩ কোটি ৪ লাখ ৭০ হাজার ২৬৫ টাকা। মূল চুক্তিমূল্যের তুলনায় ব্যয় বাড়ছে ২১ দশমিক ৩৭৯ শতাংশ। প্রকল্পটি বাস্তবায়ন করছে যৌথভাবে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স, হাসান টেকনো বিল্ডার্স ও তাহের ব্রাদার্স।

এদিকে ২০২৭ সালের রমজান উপলক্ষে টিসিবির জন্য ৬ হাজার ২০০ টন খেজুর আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে দরপত্র প্রস্তুত ও দাখিলের সময়সীমা কমানোর প্রস্তাবও অনুমোদন পেয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এ ছাড়া বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে মাদারীপুর জেলায় ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রিভার প্রকল্পের আওতায় এসব স্থাপনা নির্মাণে ব্যয় হবে ৩২৬ কোটি টাকা। কাজটি পেয়েছে ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেড।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জন্য পাঁচটি প্যাকেজে কম্বল কেনার প্রস্তাবও অনুমোদনের সুপারিশ করা হয়েছে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব কম্বল কিনতে ব্যয় হবে ১০ কোটি ৫৩ লাখ টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%