শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
১২:১৬ এম
বাংলাদেশে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, প্রবণতা, ডেঙ্গু প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় মশাবাহক নিয়ন্ত্রণের উদ্ভাবনী কৌশল নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারটি বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে নগর ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খয়বর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. হামিদা খানম।
সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল— “Current Trends of Dengue in Bangladesh: Prevention and Innovative Vector Control for Public Health Challenges”। এতে বাংলাদেশে ডেঙ্গুর সাম্প্রতিক প্রবণতা, কার্যকর উদ্যোগ, মশার প্রজননস্থল নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় আধুনিক ও বিজ্ঞানভিত্তিক মশক নিয়ন্ত্রণ কৌশল নিয়ে আলোচনা করা হয়।
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সমান দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব গ্রহণের পর থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। গত মার্চ ও অক্টোবর মাসে পরিচালিত জরিপের তুলনামূলক চিত্রে দেখা গেছে, বিশেষ কার্যক্রমের ফলে আগের ঝুঁকিপূর্ণ কয়েকটি ওয়ার্ডের পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে উদ্বেগজনক বিষয় হলো, জরিপে পরিদর্শিত প্রায় ৫০ শতাংশ এডিস মশার লার্ভা বসতবাড়ির আশপাশের বিভিন্ন স্থানে পাওয়া গেছে। তাই ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাইকিং, লিফলেট বিতরণ, মসজিদে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে শুধু প্রচারণার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ির ছাদ, আঙিনা, নির্মাণাধীন ভবন, এসির পানি জমার স্থানসহ কোথাও যেন পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের ৫০ শতাংশ এবং নাগরিকদের ৫০ শতাংশ দায়িত্ব রয়েছে। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের, সিটি কর্পোরেশন, সামাজিক সংগঠন এবং নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে প্রশাসক উল্লেখ করেন। এ সময় জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনকে জনসচেতনতামূলক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি এ ধরনের উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহযোগী হিসেবে পাশে থাকবে বলেও আশ্বাস দেন।
সেমিনারে বক্তারা জনসচেতনতাকে গুরুত্ব দিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এ লক্ষ্যে প্রতি শনিবার নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব।
সেমিনারে মশার জীবনচক্র এবং মশক নিয়ন্ত্রণবিষয়ক বৈজ্ঞানিক উপস্থাপনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, আইসিডিডিআর'বির সিনিয়র সায়েন্টিস্ট ড. শফিউল আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসির সিনিয়র এন্টোমোলজিস্ট (পিআরএল) মো. রেজাউল করিম খান।
সেমিনারটির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক গবেষণা, অভিজ্ঞতা ও বাস্তবভিত্তিক উদ্যোগের সমন্বয় ঘটবে বলে আশা করা হয়। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, গবেষক ও নগর ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারে এ আয়োজন ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধ ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর মশক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়মিতভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব মো. মশিউর রহমান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ১২ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেলে নৌ-চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং লাইটার জাহাজে অবৈধভাবে পণ্য গুদামজাতকরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ অভিযানের ফলে চারটি লাইটার জাহাজ পরিদর্শন করা হয় এবং বিধি লঙ্ঘনের কারণে তিনটি জাহাজকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্ণফুলী চ্যানেলে এই অভিযান কার্যকর করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড সহায়তা প্রদান করে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানের সময় চ্যানেলে অবস্থানরত চারটি লাইটার জাহাজের পরিদর্শন করা হয়। এর মধ্যে তিনটি জাহাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬-এর ৬৭(ক) ধারা অনুযায়ী প্রতিটি জাহাজকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান মন্তব্য করেন, "দেশের আমদানি-রপ্তানি ও সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে বন্দরের প্রধান নৌপথে নিরাপদ ও নির্বিঘ্ন নৌ-চলাচল নিশ্চিত করা জরুরি।" তিনি আরও বলেন, কর্ণফুলী চ্যানেলে নৌ-চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং লাইটার জাহাজে অবৈধভাবে পণ্য গুদামজাতকরণ প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান চলাকালীন নৌযান চালক ও মাঝিমাল্লাদের নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি অনুমোদনহীনভাবে পণ্য গুদামজাতকরণ এবং নৌ-চলাচলে বাধা সৃষ্টি না করার জন্য সতর্ক করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের সার্বিক নিরাপত্তা ও সামুদ্রিক বাণিজ্যের স্বার্থে এ ধরনের অভিযান এবং নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ