০১:০৮ পি.এম
ভারতের মুম্বাই এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আবারও বৃদ্ধি পেয়েছে সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম। প্রতি কেজিতে ১ দশমিক ৫০ রুপি বৃদ্ধি করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯১ দশমিক ৫০ রুপি।
শনিবার (১৪ নভেম্বর) গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান মহানগর গ্যাস লিমিটেড (এমজিএল) দাম বৃদ্ধির ঘোষণা দেয়। নতুন দাম ১৫ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে মুম্বাইয়ে প্রতি কেজি সিএনজির দাম ছিল ৮০ দশমিক ৫০ রুপি। সর্বশেষ মূল্যবৃদ্ধির পর ১১ মাসের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়ে দাঁড়িয়েছে ১১ রুপি, যা প্রায় ১৪ শতাংশ বৃদ্ধি।
আরও পড়ুন: যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের উদ্ধারে উড়ন্ত ড্রোনের ওপর ভরসা ইউক্রেনের
এবারের এই মূল্যবৃদ্ধির ফলে চলতি বছরে এমজিএল মোট আটবার সিএনজির দাম বৃদ্ধি করল। সর্বশেষ এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে অটোরিকশা ও ট্যাক্সিচালকদের পাশাপাশি ব্যক্তিগত গাড়িতে সিএনজি ব্যবহারকারীদের ওপর। জ্বালানি খরচ বৃদ্ধি পাওয়ার কারণে তাদের মাসিক ব্যয়ও বৃদ্ধি পাবে।
এমজিএল এর দাবি, গ্যাস সংগ্রহের ব্যয় বেড়ে যাওয়ার কারণে দাম সমন্বয় করা হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংকট, দেশের উৎপাদিত গ্যাসের বরাদ্দ কমে যাওয়া এবং ব্যয়বহুল আমদানি করা গ্যাসের ওপর নির্ভরতা বৃদ্ধিকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।
এছাড়া, আন্তর্জাতিক বাজারের সঙ্গে দামের সম্পর্ক থাকায় আমদানি করা পুনরায় গ্যাসে রূপান্তরিত তরল প্রাকৃতিক গ্যাসের (আরএলএনজি) ব্যবহার বৃদ্ধি পাওয়ায় সিএনজি উৎপাদনের ব্যয় বেড়েছে। একই সঙ্গে সিএনজির চাহিদা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতির ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।
প্রতিষ্ঠানটির ভাষ্য, উৎপাদন ও সংগ্রহ ব্যয়ের বাড়তি চাপের একটি অংশ গ্রাহকদের ওপর সমন্বয় করতেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর ফলে সিএনজির নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল সরবরাহ বজায় রাখা সম্ভব হবে।
আরও পড়ুন: বাহরাইনে বিমান হামলার সাইরেন, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ
এমজিএল আরও জানিয়েছে, ব্যয় কমানোর বিভিন্ন উপায় খুঁজে দেখছে তারা। এর মাধ্যমে ভবিষ্যতে গ্রাহকদের কিছুটা স্বস্তি দেওয়ার পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার উৎসাহিত করতে চায় প্রতিষ্ঠানটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন