ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

বনানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে তরুণ শাহরিয়ার রহমান শুভ্রের মৃত্যু


বনানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে তরুণ শাহরিয়ার রহমান শুভ্রের মৃত্যু

রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত সাত থেকে আটটি বসতঘর এবং একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটে টিএন্ডটি কলোনির পশ্চিম পাড়ায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা রাকিবুল হাসান জানান, ভোর ৪টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট পাঠানো হয়। পরে সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে

নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তিনি টিএন্ডটি কলোনির স্যাটেলাইট গেটে ইসলাম নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকতেন। তাঁর স্থায়ী ঠিকানা ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে অবস্থিত।

তবে, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরের সীমান্তে ৬ দিন ধরে শূন্যরেখায় বিএসএফের ঠেলে দেওয়া নারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


জামালপুরের সীমান্তে ৬ দিন ধরে শূন্যরেখায় বিএসএফের ঠেলে দেওয়া নারী

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় ছয় দিন ধরে অবস্থান করছে বিএসএফের ঠেলে দেওয়া এক নারী। এই পরিস্থিতিতে বিজিবি ও বিএসএফ উভয়ই সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিষয়টি সমাধানের চেষ্টা অব্যাহত থাকলেও, কবে নাগাদ এর সুরাহা হবে, তা এখনও নিশ্চিত নয়।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১০৭৬-এর কাছে বিএসএফ প্রায় ৩০ বছর বয়সী এক নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করে। এই সময় জামালপুর-৩৫ বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার কারণে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। এরপর ওই নারী দুই দেশের মধ্যবর্তী নো ম্যানস ল্যান্ড বা আন্তর্জাতিক শূন্যরেখায় অবস্থান নেন।

সেখান থেকে টানা ছয় দিন ধরে তিনি খোলা আকাশের নিচে রয়েছেন। প্রতিদিন প্রচণ্ড রোদ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাকে। পর্যাপ্ত খাবার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ছাড়াই এক কাপড়ে দিন কাটাচ্ছেন ওই নারী। দীর্ঘ সময় ধরে চলা এই অনিশ্চিত ও অমানবিক পরিস্থিতিতে তার শারীরিক নিরাপত্তা এবং মানবিক সুরক্ষা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের মধ্যে এই ঘটনার জন্য উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, একজন নারী এভাবে দিনের পর দিন দুই দেশের সীমান্তের মাঝখানে অবস্থান করলেও দ্রুত সমাধান না হওয়া দুঃখজনক। মানবিক দিক বিবেচনায় নিয়ে তার নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানিয়েছেন, ওই নারীকে নিয়ে সমাধান না হওয়া পর্যন্ত সীমান্তে বিজিবির সদস্যরা সতর্ক ও তৎপর থাকবেন।

তবে ছয় দিন ধরে শূন্যরেখায় অবস্থান করা ওই নারীর পরিচয়, জাতীয়তা এবং তাকে কোন দেশে গ্রহণ করা হবে—এসব বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সমাধান পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতিঝিলের হলিডে মার্কেটে কম দামে পণ্যের বিপুল পসরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১০ পি.এম


মতিঝিলের হলিডে মার্কেটে কম দামে পণ্যের বিপুল পসরা

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কটি সপ্তাহের বেশিরভাগ দিন ব্যস্ত থাকে। তবে শুক্রবার সেখানে দেখা যায় এক ভিন্ন দৃশ্য; সেটি হলো ‘হলিডে মার্কেট’। সড়কের দুই পাশে বিভিন্ন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ও ফুটপাতের দোকানি পসরা সাজিয়ে বসেন। এই অস্থায়ী মার্কেটে পোশাক, পর্দা, শিশুদের খেলনা, প্রসাধনী, বাদ্যযন্ত্র, গাছ, ফুল-ফল, মিষ্টি এবং ঘরের সাজসজ্জার যাবতীয় সামগ্রী পাওয়া যায়।

হলিডে মার্কেট সকাল থেকেই শুরু হয়। এখানে কেউ সংসারের প্রয়োজনীয় জিনিস কিনতে আসেন, কেউ কম দামে পছন্দের পণ্য খুঁজতে, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বাজারটির খবর পেয়ে প্রথমবারের মতো দর্শনার্থী হয়ে আসেন। উচ্চমূল্যের বাজারে এসব ক্রেতা-দর্শনার্থী পছন্দসই পণ্য সাধ্যের মধ্যে থাকলে কিনে নেন।

মার্কেটটি সকাল থেকে শুরু হলেও দুপুর গড়াতে ক্রেতাদের সমাগম বাড়তে থাকে। ধীরে ধীরে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে যেন পা ফেলার জায়গা থাকে না। অত্যাধুনিক শপিংমল, শোরুম ও বিপণিবিতানের তুলনায় কম দামে পণ্য পাওয়ার প্রত্যাশা এবং দরদাম করে কেনাকাটার সুযোগ থাকায় ক্রেতাদের কাছে বাজারটি জনপ্রিয় হয়ে উঠেছে।

মালিবাগের বাসিন্দা সঞ্জয় বিশ্বাস, যিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, পরিবারের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে এ বাজারে এসেছেন। তিনি বলেন, "বাড়িতে অতিথি আসবেন, তাই কিছু সাংসারিক প্রয়োজনীয় জিনিস কিনতে এসেছি। এখানে তুলনামূলক কম দামে সবকিছু পাওয়া যায়।" তিনি পানির পাত্র, লাইট ও ক্রোকারিজের মতো কিছু সামগ্রী কিনেছেন এবং আরো কি কি কেনা যায় তা দেখছেন।

মতিঝিলের টিঅ্যান্ডটি কলোনির বাসিন্দা গৃহিণী রুমানা বেগম প্রায়ই আসেন এ বাজারে। সবশেষ পণ্য এক কেজি কমলা কিনে রিকশা ধরছিলেন। তিনি বলেন, "শীতের প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি পর্দাও কিনেছি। এখানে দামটাও তুলনামূলক কম।" এর ফলে সাংসারিক কেনাকাটায় সুবিধা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত মিঠুন আলী গাবতলীর আমিনবাজার এলাকা থেকে এসেছেন। এ বাজারে তার প্রথম আসা। তিনি বিছানার চাদর ও জানালার পর্দা কিনেছেন এবং ভাগনির জন্য জামা কিনতে দোকানির সঙ্গে দরকষাকষি করছেন। তার ধারণা, নিউ মার্কেট, ধানমন্ডি কিংবা এলিফ্যান্ট রোডের তুলনায় এখানে কিছু পণ্য কম দামে পাওয়া যায়; তবে খুঁজে নিতে হয়।

ঢাকার বাইরের ক্রেতারাও আসছেন

এ মার্কেটে শুধু রাজধানীর বিভিন্ন প্রান্তের বাসিন্দারাই কেনাকাটা করতে আসেন না, পার্শ্ববর্তী মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, বরগুনা, ভোলা, চাঁদপুর প্রভৃতি জেলার মানুষও এখানে কেনাকাটা করতে আসেন। বিশেষ করে যাদের আত্মীয়-স্বজন ঢাকায় থাকেন, তাদের অনেকেই আত্মীয়র বাসায় বেড়াতে এসে এই মার্কেট থেকে পণ্য কেনার উদ্দেশ্যে আসেন।

ভোলার জাহাঙ্গীর আলম দক্ষিণ যাত্রাবাড়ীতে আত্মীয়র বাসায় বেড়াতে এসেছেন। প্রবাসী এই ক্রেতার দাবি, শোরুমে দুই হাজার টাকায় যে পণ্য পাওয়া যায়, তা এখানে ১,৪০০ থেকে ১,৫০০ টাকা। তিনি দুটি ভারী পর্দা কিনেছেন ২,৮০০ টাকায়। তার ধারণা, শোরুমে একই ধরনের পর্দার দাম হতে পারে প্রায় সাত হাজার টাকা। এছাড়া একটি বিছানার চাদর কিনেছেন এক হাজার টাকায়।

চাঁদপুরের মোহাম্মদ মুসলিম এ বাজারে প্রতি কেজি ৫৬০ টাকা এবং প্রতি পিস ৩০ টাকা দরে মিষ্টি বিক্রি করেন। তিনি বলেন, "বাড়িতে তৈরি মিষ্টি এনে এখানে বিক্রি করি। অন্য দিনগুলোয় বাংলামোটর এবং শুক্রবারে এই বাজারে বসি। এখানে ঢাকার বাইরেও বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে কেনাকাটা করতে।" তিনি জানান, এখানে আসা সব ব্যবসায়ীরই ভালো বিক্রি হয়।

এক দিনের লাভেই চলে জীবিকা

ক্রেতাদের জন্য কম দামে পণ্য কেনার জায়গা হলেও বিক্রেতাদের কাছে শুক্রবারের বাজারটি আয়ের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাদের অনেকেই সপ্তাহের বাকি দিনগুলোয় অন্য এলাকায় ব্যবসা করেন। কেউ প্রতিদিনের নির্দিষ্ট জায়গায় বসেন, আবার কেউ একাধিক স্থানে ঘুরে পণ্য বিক্রি করেন। সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে দোকান সাজিয়ে বসা বিক্রেতাদের কাছে এ বাজার শুধু বাড়তি আয়ের জায়গা নয়, বরং অনেকের জীবিকার গুরুত্বপূর্ণ অবলম্বনও। কারণ, এ মার্কেট থেকে এক দিনে যা আয় করা যায়, সপ্তাহের বাকি দিনগুলো থেকে তা অনেক বেশি।

ষাটোর্ধ্ব ফল বিক্রেতা কাজল মিয়া জানান, প্রায় এক যুগ ধরে তিনি এই হলিডে মার্কেটে ফল বিক্রি করছেন। এখানে তার বেচাকেনা বেশ ভালোই হয়। প্রতি কেজি ফলে ২০-৩০ টাকা লাভ করেন। অল্প লাভে বেশি বিক্রিতে বিশ্বাসী তিনি। তিনি পল্টন এলাকায় ফুটপাতে সপ্তাহের বাকি দিনগুলোয় ফল বিক্রি করেন। এ বাজারে দোকান বসাতে ফুটপাতের চেয়ে খরচ বেশি। কিন্তু অল্প লাভে বেশি বিক্রি করেন বলে খরচ বেশি হলেও তার দারুণ ব্যবসা হয়। এক দিন যা লাভ করেন, বাকি ছয় দিনেও তা হয় না বলে জানান কাজল।

দরদামে মেলে ভালো মানের পণ্য

এ বাজারে কেনাকাটার অন্যতম আকর্ষণ হলো দরদামের সুযোগ। তবে একদামের পণ্যও আছে। বাজার ঘুরে দেখা গেছে, বিক্রেতারা গলা মিলিয়ে পুরুষদের টি-শার্ট বিক্রির জন্য ক্রেতাদের আকর্ষণ করছেন : একদাম ২০০, এক পিস ২০০—এমন হাঁকডাকে। নারীদের থ্রি-পিস ৫৫০ বা ৮০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। তবে একদরের দোকান খুবই কম। বেশিরভাগ দোকানেই দরদাম ও পছন্দের মাধ্যমে পণ্য কেনা যায়।

পুলিশ সদস্য জামিল আহমেদ জানান, কদিন আগে ঢাকায় ট্রান্সফার হয়ে এসেছেন। এখানে দরদাম করলে অনেক পণ্যই কম দামে পাওয়া যায় শুনে তিনি স্ত্রী-সন্তানদের জন্য পোশাক কিনতে এসেছেন।

উত্তরা থেকে আসা অনিত ও রুনা, দুই ভাই-বোন, তারাও এ মার্কেটে কেনাকাটা করতে এসেছেন। বিভিন্ন দোকান ঘুরে তারা নানা পণ্য কিনেছেন। রুনা বলেন, "এখানে কম দামেই পণ্য পাওয়া যায়। কিন্তু দেখে-শুনে কিনলে অল্প দামে ভালো পণ্য পাওয়া যায়। আমিও কিনলাম; এখন বাসায় যাচ্ছি।"

আবুল হোসেন নামের এক ক্রোকারিজ ব্যবসায়ী বলেন, "আমি ছয় পিস চামচ ৬৮ টাকায় কিনে বিক্রি করছি ৮০ টাকা। অন্য দোকানে একই ধরনের চামচ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু আমি অল্প লাভে বিক্রি করি বলে সন্ধ্যা হওয়ার আগেই সব পণ্য শেষ হয়ে যায়। কোনো পণ্যেই ১৫-২০ টাকার ওপর লাভ করি না। অল্প লাভ করি বলে এক শুক্রবারেই আমার লাভ থাকে ২৫০০-৩০০০ টাকার মতো।"

দোকানপ্রতি দিতে হয় সর্বোচ্চ হাজার টাকা। ২০০৭ সালে তৎকালীন ঢাকা সিটি করপোরেশন মতিঝিলের এই স্থানটি হকারদের জন্য বরাদ্দ দেয়। পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ বাজারটির তদারকি শুরু করে। প্রায় দুই দশক ধরে প্রতি শুক্রবার বসা এ বাজারে পসরা সাজাতে ব্যবসায়ীদের ১০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত দেওয়া লাগে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, "আমি এই ফুটপাতেই প্রতিদিন ব্যবসা করে থাকি। শুক্রবারের জন্য আমার দেওয়া লাগে ৫০০ টাকা। বাকি দিনগুলোর জন্য ২৫০ টাকা করে দিতে হয়। এখানে এক দোকান বসাতে ৫০০ টাকা এবং দুই দোকান বসাতে এক হাজার টাকা দিতে হয়।"

তিনি বলেন, "এটা এক বছরের জন্য পার্কিংয়ের ইজারা দেওয়া হয়েছে। ইজারাদাররাই প্রতিদিন ফুটপাতের এবং শুক্রবার বাজারের টাকা তোলেন। বাজারে দুই হাজারের বেশি দোকান বসে বলে দাবি করেন তিনি।"

ঘুরে ঘুরে শিশুদের খেলনা বিক্রেতা শরীয়তপুরের দেলোয়ার মগবাজারে থাকেন। তিনি এ বাজারে ‘পেজ বল’ নামের একটি খেলনা বিক্রি করছিলেন। তিনি জানান, এখানে খেলনা বিক্রি করতে তাকে ১০০ টাকা দিতে হচ্ছে।

ক্রেতাদের মধ্যে শিক্ষার্থী, চাকরিজীবী, পুলিশসহ বিভিন্ন পেশার মানুষের উপস্থিতি যেমন রয়েছে, তেমনি এক দিনের বাজার হলেও এখানে অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকা জড়িয়ে আছে। ক্রেতারা কম দামে প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ খুঁজছেন, আর বিক্রেতারা সীমিত পুঁজি ও সামান্য লাভে ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা করছেন। শুক্রবারের এই বাজার তাই শুধু কেনাবেচার জায়গাই নয়; নগর জীবনের ব্যস্ততার মধ্যে স্বল্প আয়ের মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক লড়াইয়েরও একটি চিত্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরার তালায় প্রশাসনিক সংকট, বদলী হলেন ইউএনও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


সাতক্ষীরার তালায় প্রশাসনিক সংকট, বদলী হলেন ইউএনও

সাতক্ষীরার তালা উপজেলায় তীব্র প্রশাসনিক ও জনসেবা সংকট দেখা দিয়েছে। সহকারী কমিশনার (ভূমি) পদটি দীর্ঘ তিন মাস ধরে শূন্য থাকার কারণে এবং সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলি হওয়ায় পুরো উপজেলার প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। সাধারণ মানুষের দৈনন্দিন নাগরিক সেবা ও স্থানীয় সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রমে এর প্রভাব সরাসরি পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১১ নভেম্বর তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস জান্নাতুল আফরোজ স্বর্ণাকে নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি ও পদায়ন করা হয়। তালা পাটকেলঘাটার গুরুত্বপূর্ণ সহকারী কমিশনার (ভূমি) পদটি গত তিন মাস ধরে শূন্য রয়েছে। বিগত সময়ে দুবার কর্মকর্তা পদায়ন করা হলেও বিভিন্ন অনিবার্য কারণে তারা যোগদান করেননি। ফলে উপজেলার ভূমি প্রশাসনের কার্যক্রম চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সাবেক সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান ২০২৫ সালের ১১ আগস্ট তালায় যোগদান করেছিলেন। এক বছরেরও কম সময় দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ৩০ জুলাই তাকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর থেকেই পদটি শূন্য রয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আব্দুল আহাদকে তালা উপজেলায় পদায়ন করা হলেও তিনি যোগদান করেননি। পরবর্তীতে চলতি মাসে গত এক সপ্তাহ পূর্বে জনাব নাজমুস সাকিবকেও এই পদে পদায়ন করা হলেও তিনিও অজ্ঞাত কারণে তালাতে যোগদান নাকরে অন্যত্র চলে যান।

সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মকর্তা না থাকায় জমির নামজারি, খারিজ, ভূমি সংক্রান্ত শুনানি, খাসজমি সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নের মতো অতি জরুরি কাজগুলো থমকে গেছে। সাধারণ সেবাগ্রহীতারা দিনের পর দিন অফিসে ঘুরেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এসি ল্যান্ডের পদ দীর্ঘদিন শূন্য থাকায় এর বহুমুখী প্রভাব পড়েছে সাব-রেজিস্ট্রি অফিসগুলোতেও। যেকোনো জমি বেচাকেনা বা হস্তান্তরের পূর্বশর্ত হলো অনলাইনে নামজারি ও ভূমি সংক্রান্ত অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা, যা এসিল্যান্ডের এখতিয়ারভুক্ত।

তালা উপজেলার ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিস কর্তৃপক্ষ জানিয়েছেন, দীর্ঘ তিন মাস ধরে এসি ল্যান্ড না থাকায় এবং মিউটেশনসহ যাবতীয় কার্যক্রম বন্ধ থাকায় এই সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি কার্যক্রম বর্তমানে প্রায় বন্ধ রয়েছে। এর ফলে চরম আর্থিক ক্ষতির পাশাপাশি হুমকির মুখে পড়েছে এই অফিসের স্বাভাবিক কার্যক্রম।

একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রি অফিসের এই জটিলতায় উপজেলার সার্বিক কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল, সেবাগ্রহীতা ও এলাকাবাসী তালা উপজেলার ভূমি প্রশাসনে দ্রুত স্থায়ী সমাধান এবং একজন দায়িত্বশীল সহকারী কমিশনার (ভূমি) ও নতুন ইউএনও পদায়ন করে নিয়মিত কার্যক্রম চালুর জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৭০ জন গ্রেফতার, উদ্ধার বিপুল মাদক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৭০ জন গ্রেফতার, উদ্ধার বিপুল মাদক

রাজশাহী, ১৫ নভেম্বর ২০২৬ : রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৭০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে ১৭০ জনকে গ্রেফতার করা হয় এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, গতকাল ১৪ নভেম্বর (শনিবার) রাত ১২টা ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের সময় রাজশাহী রেঞ্জ এলাকায় খুন, ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন, চুরি এবং দ্রুত বিচার আইনে কোনো মামলা বা ঘটনা রেকর্ড হয়নি। তবে এই সময়ে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত ১টি এবং অন্যান্য খাতে ৫০টি, মোট ৫১টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি অপমৃত্যুর তিনটি ঘটনা রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে রাজশাহী রেঞ্জের পক্ষ থেকে ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন অপরাধে মোট ১৭০ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পরোয়ানা মূলে ৬২ জন, সাজাপ্রাপ্ত ১৪ জন, তদন্তাধীন মামলায় ৮২ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য খাতে ১২ জন রয়েছেন। এছাড়াও, পৃথক অভিযানে ৩২ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২৫৯ পিস ইয়াবা, ৫৮৮ পিস ট্যাপেন্টাডল, ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৩০ লিটার চোলাই মদ এবং ১৫ লিটার ওয়াশ। তবে এই সময়ে কোনো চোরাচালান পণ্য উদ্ধারের ঘটনা ঘটেনি।

রাজশাহী রেঞ্জ পুলিশ জানাচ্ছে, সাধারণ মানুষকে নির্বিঘ্নে পুলিশি সেবা প্রদানে তারা তৎপর রয়েছে। এ সময়ের মধ্যে মোট ৯০৪ জন সেবাগ্রহীতা পুলিশি সেবা গ্রহণ করেছেন এবং চলতি মাসে এই সেবার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪৭ জনে। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী রেঞ্জ পুলিশের এই ধরনের তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%