১১:৩০ এম
॥ আব্দুর রউফ ॥
ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : ডাক বিভাগের ১৪টি মেইল প্রসেসিং সেন্টার (এমপিসি) সৌরবিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ বিলে প্রায় ১৩ লাখ টাকা সাশ্রয় করতে সক্ষম হয়েছে।
সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে এই কেন্দ্রগুলোর বিদ্যুৎ বিল দাঁড়াত প্রায় ২০ লাখ ৮৬ হাজার টাকা। তবে, নিজস্ব চাহিদা পূরণ করে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করার ফলে নেট মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল নেমে এসেছে ৭ লাখ ৯৪ হাজার টাকায়। এইভাবে সম্ভাব্য ব্যয়ের প্রায় ৬২ শতাংশ সাশ্রয় হয়েছে।
আরও পড়ুন: রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান, বিদ্যুৎ মিলবে চলতি মাসে
ডাক অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সময়ে এই সাশ্রয় হয়েছে। যখন সরকার সব সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর জোর দিচ্ছে, তখন ডাক বিভাগের এই ১৪টি কেন্দ্রের অভিজ্ঞতা সরকারি স্থাপনায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের একটি বাস্তব উদাহরণ হয়ে উঠেছে।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, "সৌরবিদ্যুতের ব্যবহার শুধু বিদ্যুৎ সাশ্রয় নয়, বরং টেকসই ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"
তিনি আরও বলেন, "নেট মিটারিংয়ের মাধ্যমে বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করে সরকারি স্থাপনাগুলোকে আরও জ্বালানিসাশ্রয়ী ব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলা সম্ভব।"
কাজী আসাদুল ইসলাম উল্লেখ করেন, "আমাদের ১৪টি কেন্দ্রের অভিজ্ঞতা প্রমাণ করেছে, সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ শুধু পরিবেশের জন্য নয়, সরকারি অর্থ সাশ্রয়ের জন্যও কার্যকর।"
আরও পড়ুন: জামায়াত আমির মস্তিষ্ক বিকলাঙ্গ হলে সংসদে ফালতু কথা বলতেন না: রাশেদের মন্তব্য
মহাপরিচালক আরও বলেন, "একটি সরকারি প্রতিষ্ঠান নিজের বিদ্যুৎ নিজে উৎপাদন করছে, আবার উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছে। এটি অন্য সরকারি দপ্তরের জন্যও অনুসরণযোগ্য হতে পারে।"
ডাক অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে ১৪টি এমপিসির সৌর প্যানেল থেকে মোট ৮৬ হাজার ১৪১ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৪১৭ ইউনিট কেন্দ্রগুলোর নিজস্ব চাহিদা পূরণে সরাসরি ব্যবহার করা হয়েছে।
অধিদপ্তর আরও জানায়, বাকি ৪৮ হাজার ৭২৪ ইউনিট নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। অর্থাৎ উৎপাদিত সৌরবিদ্যুতের প্রায় ৪৩ শতাংশ কেন্দ্রগুলো নিজেরা ব্যবহার করেছে এবং বাকি প্রায় ৫৭ শতাংশ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু থাকা কেন্দ্রগুলো হলো— তেজগাঁও, চট্টগ্রাম, নোয়াখালী, হবিগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, ঈশ্বরদী, রংপুর, দিনাজপুর, বরিশাল, যশোর, খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জ এমপিসি।
আরও পড়ুন: ১৪ নভেম্বর ২০২৬: স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা
মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের আওতায় ৭৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এসব কেন্দ্রের ভবন নির্মাণ করা হয়েছে। সেই সঙ্গে ৩৫ ধরনের আধুনিক আসবাব ও প্রয়োজনীয় যন্ত্রপাতি বসিয়ে কেন্দ্রগুলোকে পুরোপুরি চালু করা হয়েছে।
এই অবকাঠামো উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো নেট মিটারিং সুবিধাসহ সৌর প্যানেল।
ডাক অধিদপ্তর আরও জানায়, জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ও দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিল সাশ্রয়ের লক্ষ্যেই কেন্দ্রগুলোতে এই ব্যবস্থা স্থাপন করা হয়েছে। কেন্দ্রগুলোর সক্ষমতা আরও বাড়াতে ‘মেইল প্রসেসিং অ্যান্ড লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের টেকসই সহায়তা’ নামে একটি নতুন উন্নয়ন প্রকল্পও গ্রহণ করা হয়েছে।
অধিদপ্তরের হিসেবে, সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে ১৪টি কেন্দ্রকে গ্রিড থেকে মোট ১ লাখ ৩৯ হাজার ৯৭ ইউনিট বিদ্যুৎ নিতে হতো। ইউনিটপ্রতি ১৫ টাকা ধরে এর বিল দাঁড়াত ২০ লাখ ৮৬ হাজার ৪৫৫ টাকা।
আরও পড়ুন: আর্থিক অংশীদারিত্ব জোরদার করার পথে নতুন চুক্তি স্বাক্ষরিত
কিন্তু, সৌরবিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহের পর নেট মিটারিংয়ের মাধ্যমে সমন্বয় করে কেন্দ্রগুলোর প্রকৃত প্রদেয় বিদ্যুতের পরিমাণ দাঁড়িয়েছে ৫২ হাজার ৯৫৬ ইউনিট। এর বিপরীতে বিল এসেছে ৭ লাখ ৯৪ হাজার ৩৪০ টাকা। ফলে বিদ্যুৎ বিল বাবদ সাশ্রয় হয়েছে ১২ লাখ ৯২ হাজার ১১৫ টাকা, যা সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে সম্ভাব্য ব্যয়ের ৬১ দশমিক ৯৩ শতাংশ।
একই হার ধরে হিসাব করলে, সৌরবিদ্যুতের নিজস্ব ব্যবহার থেকে প্রায় ৫ লাখ ৬১ হাজার টাকা এবং গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ থেকে প্রায় ৭ লাখ ৩১ হাজার টাকা বিলের সঙ্গে সমন্বয় হয়েছে। এ হিসাবে প্রতিটি কেন্দ্রে গড়ে প্রায় ৯২ হাজার টাকা সাশ্রয় হয়েছে।
পরিবেশের দিক থেকেও এই উদ্যোগের সুফল রয়েছে। দেশের গ্রিড বিদ্যুতের বেশিরভাগ আসে জীবাশ্ম জ্বালানি থেকে। আন্তর্জাতিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম লো কার্বন পাওয়ারের হিসেবে, ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত দেশের গ্রিডে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড়ে প্রায় ৫৮২ গ্রাম কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয়েছে। এ হার ধরলে ১৪টি এমপিসির উৎপাদিত সৌরবিদ্যুৎ আনুমানিক ৫০ টন কার্বন নিঃসরণ কমিয়েছে।
তবে সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা আবহাওয়ার ওপর নির্ভরশীল হওয়ায় বৃষ্টির দিন ও ঘন কুয়াশার সময় উৎপাদন কমে যায়। তখন কার্যক্রম সচল রাখতে কেন্দ্রগুলোকে জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভর করতে হয়। ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে কেন্দ্রগুলো গ্রিড থেকে মোট ১ লাখ ১ হাজার ৬৮০ ইউনিট বিদ্যুৎ গ্রহণ করেছে।
আরও পড়ুন: মোংলা বন্দরকে আধুনিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ
ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ বাসসকে বলেন, "সৌরবিদ্যুৎ আবহাওয়ার ওপর নির্ভরশীল, তাই বৃষ্টি ও কুয়াশার দিনে আমাদের গ্রিডের বিদ্যুৎ নিতে হয়। তবুও উৎপাদিত বিদ্যুতের বড় অংশ গ্রিডে সরবরাহ করতে পারায় কেন্দ্রগুলোর বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে।"
তিনি বলেন, "নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে দীর্ঘমেয়াদে এই সাশ্রয় আরও বাড়বে।"
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে কেন্দ্রগুলোর সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরুর পরিকল্পনা ছিল। তবে প্রযুক্তিটি দেশে নতুন হওয়ায় প্যানেল স্থাপনের পর চালু অবস্থায় সরকারি বিভিন্ন সংস্থার ছাড়পত্র নিতে হয়েছে। স্থাপনের আগে এসব ছাড়পত্র নেওয়া সম্ভব হয়নি।
একইসাথে নেট মিটারিং পদ্ধতি বিদ্যুৎ বিভাগের জন্যও নতুন হওয়ায় বিদ্যুতের হিসাবরক্ষণ ও জাতীয় গ্রিডের সঙ্গে আর্থিক সমন্বয়ের প্রক্রিয়া ঠিক করতে সময় লেগেছে। এসব কারণে ২০২৩ সাল থেকে কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরু হয়।
আরও পড়ুন: ২৭ দিন পর উৎপাদনে ফিরেছে চিটাগাং ইউরিয়া সার কারখানা
মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, "নতুন প্রযুক্তি হওয়ায় শুরুতে ছাড়পত্র ও আর্থিক সমন্বয়ের প্রক্রিয়ায় আমাদের কিছুটা সময় লেগেছে। এখন সেই পথ তৈরি হয়ে গেছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে ডাক বিভাগের অন্যান্য স্থাপনায় আরও দ্রুত ও পরিকল্পিতভাবে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা সম্ভব হবে।"
দেশে জ্বালানি সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার সম্প্রতি বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
গত ৩ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেন। এর আওতায় বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়।
পরে ১০ আগস্টের সিদ্ধান্তের ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগ গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ে দাপ্তরিক কাজে সৌরবিদ্যুতের সর্বাধিক ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেয়।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা ছিল ৪১৮ দশমিক ১ মেগাওয়াট। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতেও এ উদ্যোগ এগোচ্ছে। সম্প্রতি খুলনায় বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডে এক মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন বিজ্ঞান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
এ সময় তিনি সরকারি প্রতিষ্ঠানগুলোকে অব্যবহৃত ছাদ ও অন্যান্য উপযোগী জায়গা সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানোর আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন