ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

৭ নভেম্বর যুগে যুগে আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা: রিজভী


৭ নভেম্বর যুগে যুগে আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রকামী মানুষ, ছাত্র ও সাধারণ জনগণের জন্য অত্যাচারীর বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা জুগিয়েছে। এই দিনটি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন হিসেবেও চিহ্নিত।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, ১৯৭১ সালে দেশের জনগণ নয় মাস যুদ্ধ করে ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলেও জনগণের স্বাধীনতা ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেই স্বাধীনতা রক্ষা পেয়েছিল। ৭ নভেম্বরের চেতনা ছিল যে, বাংলাদেশের রাষ্ট্রনীতি ও পররাষ্ট্রনীতি কারও নির্দেশে পরিচালিত হবে না। বাংলাদেশের জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই রাষ্ট্র পরিচালিত হবে।

আরও পড়ুন: পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন জাহাঙ্গীর মোল্লা

তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমানকে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছিল। এরপর সামরিক আইন জারি করে গণতন্ত্রকে হত্যা করা হয়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন। দেশের স্বাধীনতা ও মর্যাদা ফিরিয়ে আনা এবং কোনো প্রভুর শাসন মেনে না নেওয়াই ছিল সেই সংগ্রামের মূল চেতনা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পরবর্তী সময়ে শেখ হাসিনার শাসনামলে গুম, খুন ও গুপ্তহত্যা গোটা রাষ্ট্রের চরিত্র হয়ে উঠেছিল। বেগম খালেদা জিয়া এ পরিস্থিতির বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম চালিয়ে গেছেন।

তারেক রহমানের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান লন্ডন থেকে প্রযুক্তির সহায়তায় গোটা দেশকে ঐক্যবদ্ধ করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছেন। সেই আন্দোলনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিলেন। তরুণদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার শাসনের অবসান ঘটে। এই জুলাই অভ্যুত্থানের অন্তর্নিহিত প্রেরণা ছিল ৭ নভেম্বর।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে রিজভী বলেন, ‘প্রত্যাবর্তন’ ও ‘প্রত্যর্পণ’ দুটি ভিন্ন বিষয়। প্রত্যাবর্তন হচ্ছে কেউ দেশের বাইরে থেকে নিজ দেশে ফিরে আসা। আর প্রত্যর্পণ হচ্ছে অপরাধের অভিযোগ, মামলা বা দণ্ডের মুখোমুখি কোনো ব্যক্তিকে দুই দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সে অনুযায়ী আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাকে ফিরিয়ে আনার বিষয়টি নিষ্পত্তি হতে হবে।

আরও পড়ুন: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল দাবিদাওয়া

তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আবু সাঈদ, ফাইয়াজসহ বিভিন্ন হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। চট্টগ্রামে ১০ জনকে হত্যা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় ১ হাজার ৪০০ জনের মৃত্যুর প্রসঙ্গেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে মামলা চলছে এবং অনেক মামলায় সাজা হয়েছে। তাকে সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনার পরিবর্তে বিচারের আওতায় আনতে হবে। যে বিচারিক প্রক্রিয়া চলছে, তার মুখোমুখি হতে হবে এবং যে দণ্ড দেওয়া হয়েছে, তা ভোগ করতে হবে।

মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, গণতন্ত্রের আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পুলিশি ব্যারিকেড অতিক্রম করে তারা মিছিল করেছেন, গ্রেপ্তারের ঝুঁকি নিয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের প্রত্যাবর্তনের দাবিতে তারা রাজপথে আন্দোলন করেছেন। তাদের এই অবদান যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। শুধু কারও স্ত্রী, বোন বা ভাবি হিসেবে নয়, তাদের স্বীকৃতি দিতে হবে নিজস্ব রাজনৈতিক সংগ্রাম ও অবদানের জন্য।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য দীর্ঘদিন রাজনৈতিক আন্দোলন করেছেন মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় অনেকে গ্রেপ্তার হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন এবং অনেক নারীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, এখন নারীর ক্ষমতায়ন ও আধুনিক সমাজব্যবস্থা গড়ে তুলতে তাদেরকে সামাজিক আন্দোলনে ভূমিকা রাখতে হবে।

আরও পড়ুন: জলবায়ু সম্মেলনে বাংলাদেশের কূটনীতিতে নতুন মাত্রা যোগ করলেন ডা. জুবাইদা

রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়া মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে মেয়েদের শিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি সাত জেলার প্রশাসন ১৩২টি বাল্যবিবাহ বন্ধ করেছে। গোপনে নানা কৌশলে বাল্যবিবাহ হচ্ছে। এসবের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক আন্দোলনের পর এখন মেয়েদের শিক্ষিত করা, নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি, কর্মসংস্থান এবং পরিবার ও সমাজে তাদের ভূমিকা বাড়াতে কাজ করতে হবে।

নারী উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্ব দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ দেবে। এ ঋণের সুযোগকে কাজে লাগিয়ে নারী উদ্যোক্তারা হাঁস-মুরগি, ছাগল ও গরু পালনসহ বিভিন্ন ক্ষুদ্র উদ্যোগ গড়ে তুলতে পারবেন। উৎপাদিত পণ্য বিক্রি করে তারা নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারবেন।

এ সময় তিনি ৭ নভেম্বর উপলক্ষে কর্মসূচি আয়োজনের জন্য জাতীয়তাবাদী মহিলা দলকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন: ক্ষমতা ছাড়ার আগে কি ইরানে নতুন হামলা চালাতে পারেন নেতানিয়াহু?

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চালু মাইক্রোফোনে অশালীন রসিকতা, সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৩ এম


চালু মাইক্রোফোনে অশালীন রসিকতা, সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং দেশটির জলবায়ুবিষয়ক মন্ত্রী ক্রিস বোয়েন সম্প্রতি চালু মাইক্রোফোনে অশালীন রসিকতা করে সমালোচনার মুখে পড়েছেন। তাদের কথোপকথন একটি ভিডিওতে ধরা পড়েছে, যা শুক্রবার অস্ট্রেলিয়ার চ্যানেল সেভেনে প্রথম প্রচারিত হয়।

এ ঘটনা তুরস্কের আনতালিয়ায় চলমান কপ৩১ জলবায়ু সম্মেলনের সময় ঘটে। ভিডিওতে দেখা যায়, আলবানিজ এবং বোয়েনের মধ্যে মুঠোফোন ব্যবহারের বিষয় নিয়ে আলোচনা চলছিল। আলবানিজ বোয়েনকে বলেন, হৃদ্‌যন্ত্রের কাছাকাছি মুঠোফোন রাখা উচিত নয়, কারণ এতে হৃদ্‌যন্ত্রের স্বাভাবিক ছন্দে সমস্যা হতে পারে। বোয়েন জবাবে বলেন, মুঠোফোন পকেটে রাখলে কী প্রভাব পড়ে, তা নিয়ে তিনি বেশি চিন্তিত। তখন আলবানিজ তাকে প্রশ্ন করেন, ‘তোমার গোপনাঙ্গের কারণে?’ বোয়েন হাসতে হাসতে বলেন, ‘যুক্তি দিয়ে বলতে গেলে, হৃদ্‌যন্ত্রের চেয়েও এটি বেশি গুরুত্বপূর্ণ।’ আলবানিজের এক মুখপাত্র এএফপিকে জানান, বৈঠকের বিরতিতে তারা মজা করছিলেন।

অস্ট্রেলিয়া কপ৩১ সম্মেলনে জলবায়ু নিয়ে আলোচনায় নেতৃত্ব দিচ্ছে। তবে দেশটি বিশ্বের অন্যতম বড় জীবাশ্ম জ্বালানি রপ্তানিকারক হওয়ার কারণে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্বিচারিতার অভিযোগ রয়েছে। এর আগে অশালীন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন আলবানিজ। এই বছর একটি পডকাস্টে গায়িকা কাইলি মিনোগকে নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি এবং সুযোগ পেলে ওই গায়িকার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে চান বলে জানান।

এছাড়া জাপানের প্রধানমন্ত্রীর উপহার দেওয়া একটি তরমুজ নিয়েও তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। এসব মন্তব্যের কারণে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সমালোচনার শিকার হন। তবে চালু মাইক্রোফোনে কথা বলে বিতর্কে জড়ানো আলবানিজ প্রথম প্রধানমন্ত্রী নন। ২০১৫ সালে তৎকালীন রক্ষণশীল প্রধানমন্ত্রী টনি অ্যাবটও একই ধরনের ঘটনার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন। সে সময় তার অভিবাসনমন্ত্রী প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর ভবিষ্যৎ নিয়ে রসিকতা করেন, যা জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে এসব দ্বীপ ডুবে যাওয়ার আশঙ্কার সঙ্গে সম্পর্কিত ছিল। অ্যাবট সেই রসিকতা শুনে হেসেছিলেন।

তৎকালীন অভিবাসনমন্ত্রী পিটার ডাটন বলেছিলেন, ‘আপনার দরজার কাছে যখন পানি এসে পড়ার আশঙ্কা, তখন সময়ের আর কোনো গুরুত্ব থাকে না।’ পরে তাকে জানানো হয়, ওই সময় মাইক্রোফোন চালু ছিল, যার ফলে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর নেতারা ক্ষুব্ধ হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কপ সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তি নিশ্চিত করতে কঠোর দর-কষাকষির গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৪ এম


কপ সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তি নিশ্চিত করতে কঠোর দর-কষাকষির গুরুত্ব

প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরের মাধ্যমে ঢাকা-আঙ্কারা সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বিশ্লেষকদের মতে, দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তারা মনে করেন, কপ-৩১ সম্মেলন থেকে ঋণ বা অনুদান পাওয়ার বিষয়টি নির্ভর করছে দর-কষাকষির ওপর। সম্মেলনের সাইডলাইনে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকগুলোতে বিনিয়োগ এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা ইতিবাচক ছিল।

বৈশ্বিক উষ্ণায়নে দায় কম, তবে ক্ষতি বেশি। এই ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সংকটের সমাধান খুঁজতে প্রতিবছর জাতিসংঘের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিভিন্ন ঘোষণা আসে এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষার অঙ্গীকার নেয়া হয়।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এই কারণে সম্মেলন থেকে বাংলাদেশের প্রত্যাশা অনেক। তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ আয়োজিত জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ ২১ সদস্যের একটি প্রতিনিধি দল।

সম্মেলনে প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন, যা ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে। সম্মেলন থেকে উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য ৩ কোটি ডলার সহায়তার ঘোষণা এসেছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের অবস্থান এবং দাবি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার ক্ষেত্রে এসব প্রস্তাব গুরুত্বপূর্ণ।

তবে বিশ্লেষকদের মতে, সম্মেলন শেষ হতে এখনও প্রায় এক সপ্তাহ বাকি আছে। এই সময়ে বিভিন্ন বিষয়ে দর-কষাকষি এবং আলোচনা চলবে। ফলে সম্মেলন থেকে বাংলাদেশের প্রকৃত অর্জন কী হবে, তা জানতে অপেক্ষা করতে হবে চূড়ান্ত আলোচনা পর্যন্ত।

পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, ‘কপ সম্মেলনে কোর থিম আটটি। সেখান থেকে পাঁচটি থিমের ওপর প্রধানমন্ত্রী তারেক রহমান আলোকপাত করেছেন। বাংলাদেশের যে অর্জন, সেটা কিন্তু তিনি তুলে ধরেছেন। এই কপ-৩১ এর পাওয়ার বিষয়টি সম্মেলনের পরবর্তীতে জানা যাবে।’

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক উষ্ণায়ন কমাতে সাম্প্রতিক কয়েকটি কপ সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দেয়া হয়েছে। তবে এবারের সম্মেলনের আয়োজক তুরস্ক হলেও আলোচনার দর-কষাকষিতে নেতৃত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। দেশটি কয়লা রফতানিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। ফলে জলবায়ু সংকট মোকাবিলার আলোচনায় বিভিন্ন দেশের স্বার্থ কীভাবে সমন্বিত হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

সাবেক রাষ্ট্রদূত কামরুল আহসান বলেন, ‘কপ সম্মেলনে প্রধানমন্ত্রী তার বক্তব্যে পাঁচটি লক্ষ্যের কথা বলেছেন, এটা হলো রাষ্ট্রীয় অবস্থান। কিন্তু আলোচনার টেবিলে সবার প্রস্তাবই যাবে। সেখানে বাংলাদেশ থেকে যারা টেকনিক্যাল কমিটিতে প্রতিনিধিত্ব করছেন, তারা বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য প্রকল্প নিয়ে যদি এগোন, অবশ্যই অনুদান আসবে। আমার মনে হয় না এটা নিয়ে কোনো সংশয় রয়েছে।’

এই কূটনীতিক মনে করেন, জলবায়ু সম্মেলনকে ঘিরে বাংলাদেশ শুধু জলবায়ু ইস্যুতেই নয়, দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অগ্রগতির সুযোগ তৈরি করেছে। তুরস্ক, উজবেকিস্তান এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠকে সমরাস্ত্র কারখানা স্থাপন, বিনিয়োগ সম্প্রসারণসহ ভূরাজনৈতিক নানা বিষয় গুরুত্ব পেয়েছে।

কামরুল আহসান আরও বলেন, ‘সাইডলাইনের বৈঠকগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়। আগে একটা আলোচনা হলো, সেটাকে পুনরাবৃত্তি করা দরকার। আমার মনে হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের বৈঠকটি আগের আলোচনাগুলোর একধরনের পুনরাবৃত্তি হয়েছে। এর মানে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক একটা নতুন কৌশলগত পর্যায়ে। আমার মনে হয় এটা উত্তীর্ণ হওয়ার পথে।’

তুরস্কের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ককে স্থায়ী কাঠামো দিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করছেন দুই বিশ্লেষক। এ ক্ষেত্রে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিষয়গুলো নিয়ে কাজ করতে পারে বলেও মত দিয়েছেন দুই বিশ্লেষক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৪ এম


ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ দক্ষিণ বাজারে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে। ব্যবসায়ীদের মতে, এই ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ভোরের দিকে, আনুমানিক ৪টা ১০ মিনিটের সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে তেল, গ্যাস সিলিন্ডার, স্টুডিওসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় দোকানগুলোর মালামালসহ সবকিছু পুড়ে যায়।

খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসে।

বুড়িচং ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল দাবিদাওয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৫ এম


ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল দাবিদাওয়া

ইসরাইলের আরব জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন দেশটির পার্লামেন্ট নেসেটে ইহুদি বিরোধী দলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা শুরু করার ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে জোটটি জানায়, বিরোধীদের বিভিন্ন প্রস্তাবে তাদের আইনপ্রণেতাদের ভোটের বিষয়ে আলোচনা চলমান রয়েছে।

আলোচনার মধ্যে রয়েছে নেসেটের স্পিকার নির্বাচন, বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত আইন বাতিল এবং নতুন সংসদীয় কমিটি গঠনের বিষয়।

জয়েন্ট লিস্টের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে বাড়িঘর উচ্ছেদ সহজ করার কামিনিতজ আইন বাতিল, আরব অধ্যুষিত এলাকায় সহিংসতা ও অপরাধ দমনে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ এবং আরব শহরগুলোর উন্নয়নে পাঁচ বছরের জন্য একটি অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন।

এছাড়া নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিল্পাঞ্চল গড়ে তোলা, তরুণ দম্পতিদের জন্য আবাসন প্রকল্প গ্রহণ এবং আরব সমাজের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে একটি পৃথক সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়েছে দলটি। প্রস্তাবিত কমিটির নেতৃত্ব জয়েন্ট লিস্টের হাতে রাখার দাবিও রয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, নেসেট ও সংসদীয় কমিটিগুলোর নিয়ন্ত্রণ নিতে বিরোধী জোটের জয়েন্ট লিস্টের সমর্থন প্রয়োজন। ১২০ আসনের নেসেটে বিরোধী ‘চেঞ্জ ব্লক’-এর আসন সংখ্যা ৪৮টি। জয়েন্ট লিস্টের আসন সংখ্যা ১১টি এবং মানসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্টের আসন সংখ্যা আটটি।

এদিকে, গত ৮ নভেম্বর ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটকে দেন। গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার গঠনের জন্য আইজেনকটকে ৬ ডিসেম্বর পর্যন্ত ২৮ দিনের সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে এই সময় ১৪ দিন বাড়ানো যাবে।

সূত্র: আনাদোলু

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%