১১:২০ পি.এম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে যে, পূর্বনির্ধারিত অনুষ্ঠানে ঘটে যাওয়া ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন পলাশের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই অভিযোগ উত্থাপন করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এশার আজান শুরুর পূর্বে বন্ধ করে দেওয়া হয়। ধর্মীয় অনুভূতি ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশের প্রতি সম্মান জানিয়ে আয়োজকরা স্বতঃস্ফূর্তভাবে সাংস্কৃতিক পরিবেশনা বন্ধ করেন।
আরও পড়ুন: বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাসের কেন্দ্রবিন্দু উত্তরাঞ্চলের হারানো মসজিদ
তবে, পরিবেশনা বন্ধ হওয়ার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ আকস্মিকভাবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এতে আরও বলা হয়, একপর্যায়ে অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থীরা তাকে অন্যত্র সরিয়ে নেন। এই ঘটনার প্রেক্ষিতে একটি মহল রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে।
বিজ্ঞপ্তিতে সংগঠনটি স্পষ্ট করে জানায়, অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ অরাজনৈতিক, সৌহার্দ্যপূর্ণ এবং সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক মিলনমেলা। এর সঙ্গে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের বিরোধ কিংবা রাজনৈতিক উদ্দেশ্যের সংশ্লিষ্টতা নেই।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনে মতপার্থক্য থাকতেই পারে। তবে কোনো অবস্থাতেই অসৌজন্যমূলক আচরণ, অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ কিংবা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন: চট্টগ্রামে প্রতিশ্রুতির চেয়ে বেশি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী
অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট সবাইকে প্রকৃত ঘটনা বিবেচনায় নিয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অপপ্রচার বা রাজনৈতিক রং না দিয়ে ঘটনাটিকে প্রকৃত প্রেক্ষাপটে দেখার অনুরোধ করা হয়েছে।
সংগঠনটি জানায়, সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবেশ বজায় রাখার মূল্যবোধ ধারণ করেই ভবিষ্যতেও তাদের কার্যক্রম পরিচালিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন