১১:২১ পি.এম
পুলিশ একটি স্বর্ণালংকারের দোকান থেকে প্রায় ১৫ কোটি রুপির স্বর্ণ ও হীরার গয়না চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পলাতক ইউটিউবার নিশান্তের বাবা সুরেশ এবং তার প্রেমিকা মীনাক্ষী রয়েছেন। এই ঘটনায় প্রায় ৫ কেজি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ এখনো মূল অভিযুক্ত নিশান্তকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনাটি ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ে তানিষ্কে ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার সকালে মাদুরাইয়ের বাইপাস সড়কে অবস্থিত তানিষ্কের নতুন শোরুমে কর্মীরা চুরির বিষয়টি জানতে পারেন। আগের রাতে এক ব্যক্তি দোকানে ঢুকে বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরার গয়না নিয়ে পালিয়ে যায়। উল্লেখ্য, ১৪ অক্টোবর শোরুমটির উদ্বোধন করা হয়েছিল।
প্রাথমিক হিসাব অনুযায়ী, দোকানে বিক্রির জন্য প্রদর্শিত অলংকারের প্রায় ৩০ শতাংশ চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে কালো পোশাক ও মুখোশ পরা একজন ব্যক্তিকে দোকানের ভেতরে দেখা যায়। পুলিশ জানিয়েছে, চুরির ঘটনার মূল অভিযুক্ত নিশান্ত একজন ইউটিউবার এবং তিনি এখনো পলাতক রয়েছেন। নিশান্তের বিরুদ্ধে প্রেমিকা মীনাক্ষীর সঙ্গে মিলে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে পুলিশ তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা এড়াতে ইরাকি তেল পাচার ও মিশ্রণ ইরানে: গোপন তথ্য ফাঁস
তদন্তকারীরা ধারণা করছেন, ভবনটির লিফট স্থাপনের কাজ চলার কারণে তৈরি হওয়া একটি ফাঁকা স্থান ব্যবহার করে চোর ভেতরে প্রবেশ করেছে। এজন্য লিফটের কাজে ব্যবহৃত দড়ি এবং ভবনের পেছনে থাকা লোহার কাঠামোও পরীক্ষা করা হচ্ছে।
চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ এর আগে নয়টি বিশেষ দল গঠন করেছে। শোরুমের সাবেক কর্মী, নির্মাণকাজে যুক্ত শ্রমিক এবং সাজসজ্জার কাজে নিয়োজিত ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারীরা চুরির ঘটনায় দোকানের ভেতরের কারও সংশ্লিষ্টতা ছিল কি না, তা খতিয়ে দেখছেন।
এদিকে, চুরির ঘটনায় এক ক্রেতা বিপাকে পড়েছেন। পান্ডি নামের ওই ব্যক্তি বন্ধুর বিয়ের জন্য অলংকার কিনে মূল্য পরিশোধ করেছিলেন। পরদিন সেগুলো সংগ্রহ করতে গিয়ে জানতে পারেন, তার কেনা গয়না চুরি হয়েছে। শোরুম কর্তৃপক্ষ তাকে অন্য শাখা থেকে একই ধরনের অলংকার দেয়ার আশ্বাস দিয়েছে।
এ ঘটনার প্রেক্ষিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দল এআইএডিএমকের নেতা এদাপ্পাদি কে পালানিস্বামী। তিনি চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: ইয়েমেনে সউদী সেনা অবস্থানে হুথিদের ব্যালিস্টিক মিসাইল হামলা, হতাহতের অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন