১১:১৭ পি.এম
দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ‘রাজনৈতিক বসদের’ খুশি করার প্রচলিত পন্থা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ও বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় নির্বাচন পদ্ধতি সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।
শনিবার (১৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে পঞ্চম তলায় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুজন’র দুই যুগ পূর্তি উপলক্ষে ‘মাদক কিশোর গ্যাং ছিনতাই ও সহিংসতামুক্ত নারায়ণগঞ্জ গঠনে করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। বিকেল পাঁচটার কিছুক্ষণ আগে এ সভা শুরু হয়ে চলে রাত আটটা পর্যন্ত। এতে স্থানীয় রাজনৈতিক, নাগরিক ও পেশাজীবী সংগঠনের সদস্যদের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তারাও বক্তব্য রাখেন।
আরও পড়ুন: চট্টগ্রামে প্রতিশ্রুতির চেয়ে বেশি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী
সুজন’র সমন্বয়কারী দিলীপ সরকারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল।
সভায় বদিউল আলম মজুমদার বলেন, “ত্বকী হত্যার যদি বিচার চান, অধিকার যদি নিশ্চিত করতে চান, তাহলে আপনাকে সক্রিয় হতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে অন্যায়-অবিচারকে আমরা প্রতিহত করতে পারবো। আইশৃঙ্খলা বাহিনীকেও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। শুধুমাত্র রাজনৈতিক বস যারা তাদের খুশি করার সেই প্রচলিত পন্থা থেকে বেরিয়ে আসেন, তাহলে এই সমস্যার সমাধান করতে পারবো।”
“তা নাহলে এই সমস্যা বেসামাল হবে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং আমাদের দেশটা বাসের অযোগ্য হয়ে যাবে। আমাদের সোচ্চার নয়, সক্রিয় হতে হবে,” যোগ করেন তিনি।
সুজন সম্পাদক বলেন, “প্রশাসন মাদক-সন্ত্রাস নির্মূলে আন্তরিক তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষের পারসেপশন খুবই গুরুত্বপূর্ণ। অতীতে যেভাবে চলেছে তারই ধারাবাহিকতা রক্ষা হচ্ছে। অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় যেসব অপকর্ম হয়েছে, বিভিন্ন ক্ষেত্র থেকে পৃষ্ঠপোষকতা, অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও যা ছিল, তা এখনো চলছে। হয়তো মাত্রায় ভিন্নতা থাকতে পারে, কিন্তু পরিস্থিতি বদলায় নাই।”
আরও পড়ুন: চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা বৃদ্ধি ও স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পরিবেশ সৃষ্টির উপর গুরুত্ব দেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, “কিন্তু একইসাথে পুলিশের মধ্যে সততা, আন্তরিকতা, মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টি সৃষ্টি করতে হবে। তারপরও বলবো, পুলিশের একার পক্ষে সব সম্ভব না। বিখ্যাত একজন বলেছিলেন, একটি রাষ্ট্রে নাগরিকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের মালিকের অবস্থান থেকে তারা যদি পদক্ষেপ নেয় তাহলেই পরিবর্তন আসবে। পুলিশ শত চেষ্টা করলেও পারবে না, যদি না নাগরিক তার ভূমিকা পালন করে।”
সমাজের সচেতন মানুষদের সামাজিক সমস্যাগুলো দূর করতে ‘কেবল আলোচনা নয়, সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন’, বলেন তিনি।
“শুধু কথা বললেই হবে না, সংগঠিত হতে হবে। আমরা কারো মানবাধিকার লঙ্ঘন করবো না, কিন্তু আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। নাগরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টায় এই সকল সমস্যার সমাধান হবে।”
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “নারায়ণগঞ্জের অনেক সুনাম আছে। একইসাথে নারায়ণগঞ্জের কিছুটা দুর্নামও আছে। সন্ত্রাসী জনপদ হিসেবে পরিচিতি, অন্যান্য অপকর্মের কেন্দ্রবিন্দু হিসেবে দুর্নাম। সেই জোট সরকারের আমলে র্যাব সৃষ্টি হয়েছিল, র্যাবের বিচার-বহির্ভূত হত্যার একজন ভিক্টিম ছিল এখানের ডেভিড। এছাড়া, সাত খুন, ত্বকী হত্যার মতো অনেকগুলো ঘটনা ঘটেছে, যা নারায়ণগঞ্জের জন্য দুর্নাম ডেকে আনে।”
আরও পড়ুন: বাংলার দামাল সন্তানরা পৃথিবীর যেকোনো জাতির চাইতে সাহসী : স্পিকার
সম্প্রতি কুমিল্লা থেকে ফেরার পথে কাঁচপুর সেতুর কাছাকাছি এলাকায় মহাসড়কে ডাকাতির ঘটনা প্রত্যক্ষ করেন বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, বর্তমান সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জামায়াতে ইসলামীর মহানগর শাখার আমীর মাওলানা আবদুল জব্বার, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, নাসিকের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ সহসভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সিপিবি’র জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নূরউদ্দিন, ন্যাপের জেলা কমিটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আহমেদুর রহমান তনু, এনসিপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শওকত আলী, সমমনার জেলা সভাপতি গোবিন্দ সাহা প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন