ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

৪০ বছর বয়সেও অদম্য ভোজিনিয়া, চিলির লিগ চ্যাম্পিয়ন কোলো কোলো


৪০ বছর বয়সেও অদম্য ভোজিনিয়া, চিলির লিগ চ্যাম্পিয়ন কোলো কোলো

কেপ ভার্দের অভিজ্ঞ গোলকিপার ভোজিনিয়া আবারও প্রমাণ করলেন যে বয়স শুধুই একটি সংখ্যা। ৪০ বছর বয়সেও তিনি দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন। তার ক্লাব কোলো কোলো চিলির ঘরোয়া ফুটবল লিগের শিরোপা জিতে নিয়েছে। নিউব্লেনসকে ২-১ গোলে পরাজিত করে তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দলটি।

এই রোমাঞ্চকর ম্যাচে কোলো কোলোর জয়ের নায়ক ছিলেন মারকোস বোলাদোস। যোগ করা সময়ের ৯২তম মিনিটে তার করা গোল দলের শিরোপা নিশ্চিত করে। তবে শেষ মুহূর্তে প্রতিপক্ষের সমতায় ফেরার সম্ভাবনা দক্ষতার সঙ্গে নস্যাৎ করেন ভোজিনিয়া।

ম্যাচের ৯৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নিউব্লেনসের নেওয়া শক্তিশালী শট অবিশ্বাস্য দক্ষতায় রুখে দেন এই কেপ ভার্দিয়ান গোলকিপার। তার সেই দুর্দান্ত সেভের মাধ্যমে কোলো কোলো জয় নিশ্চিত করে। চিলানের এস্তাদিও নেলসন ওয়ারজুনে শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠেন দলের খেলোয়াড় ও সমর্থকেরা।

আরও পড়ুন: জানুয়ারিতে আর্জেন্টিনার মাঠে ফিরছেন মেসি, প্রতিপক্ষ রিভার প্লেট?

কোলো কোলোর এই শিরোপা জয়ের মাধ্যমে ক্লাবটির ট্রফির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫-এ। ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছিল। ১৪তম মিনিটে দুর্দান্ত ভলিতে দলকে এগিয়ে দেন আর্তুরো ভিদাল। তবে ২৯তম মিনিটে লুকাস মোলিনার গোলে নিউব্লেনস সমতায় ফেরে। দীর্ঘ সময় দুই দল গোলের দেখা না পেলেও শেষ পর্যন্ত বোলাদোসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কোলো কোলো।

ভোজিনিয়ার এই সাফল্যের পেছনে রয়েছে দুর্দান্ত এক বিশ্বকাপ অভিযান। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়ে কেপ ভার্দে নজর কাড়ে। দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স করে আলোচনায় উঠে আসেন অভিজ্ঞ এই গোলকিপার। স্পেন ও আর্জেন্টিনার বিপক্ষে তার পারফরম্যান্স তাকে বিশ্ব ফুটবলে পরিচিত মুখ করে তোলে।

বিশ্বকাপের পর নতুন চ্যালেঞ্জ নিতে গত আগস্টে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর সঙ্গে যোগ দেন ভোজিনিয়া। তবে নতুন ক্লাবে শুরুটা সহজ ছিল না। একাদশে জায়গা করে নিতে এবং নিয়মিত খেলার সুযোগ পেতে অপেক্ষা করতে হয়েছে তাকে। কিন্তু কয়েক মাসের মধ্যেই বিদেশের মাটিতে নিজের প্রথম লিগ শিরোপা জয়ের স্বাদ পেলেন এই গোলকিপার।

শিরোপা জয়ের পর সতীর্থ, কোচিং স্টাফ ও ক্লাবের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভোজিনিয়া। তিনি তার এই অর্জন উৎসর্গ করেছেন পরিবার ও মাতৃভূমির মানুষদের।

আরও পড়ুন: দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ, প্রয়োজন ৩২০ রান

ভোজিনিয়া বলেন, ‘আমি এই শিরোপা আমার পরিবার এবং পুরো কেপ ভার্দেবাসীকে উৎসর্গ করছি।’

প্রাথমিকভাবে ছয় মাসের চুক্তিতে কোলো কোলোর সঙ্গে যুক্ত হয়েছিলেন ভোজিনিয়া। চুক্তিতে আরও এক মৌসুম বাড়ানোর সুযোগ রয়েছে। তার ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও আপাতত ৪০ বছর বয়সে নতুন এক সাফল্যের আনন্দে ভাসছেন এই অভিজ্ঞ গোলকিপার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলের বাজার ধরতে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি রাষ্ট্রদূতের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


ব্রাজিলের বাজার ধরতে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি রাষ্ট্রদূতের আহ্বান

ব্রাজিলের দ্রুত পরিবর্তনশীল অর্থনীতিতে বাংলাদেশের জন্য বাণিজ্য ও বিনিয়োগের বড় সম্ভাবনা বিদ্যমান। তবে, এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য বাংলাদেশি ব্যবসায়ীদের ব্রাজিলের বাজারে প্রবেশ, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে অংশীদারি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পলো ফার্নান্দো দিয়াস।

রাষ্ট্রদূত সোমবার রাজধানীর বারিধারায় হোটেল অ্যাসকট প্যালেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস বলেন, "ব্রাজিলকে শুধু ফুটবল, সমুদ্রসৈকত ও কৃষিনির্ভর দেশ হিসেবে দেখার সুযোগ নেই।" তিনি উল্লেখ করেন, দেশটির অর্থনীতি বর্তমানে দ্রুত পরিবর্তিত হচ্ছে। কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি গাড়ি, ইলেকট্রনিকস, উড়োজাহাজ, প্রতিরক্ষা, স্বাস্থ্যসেবা, ওষুধ ও জৈবপ্রযুক্তিতে ব্রাজিলের উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। এসব খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সুযোগ সৃষ্টি হতে পারে।

রাষ্ট্রদূত আরও বলেন, "ব্রাজিলের অনেক প্রযুক্তি তুলনামূলক কম খরচে বাংলাদেশে ব্যবহার করা সম্ভব।" তিনি উল্লেখ করেন, দুই দেশের শিল্প ও অর্থনৈতিক কাঠামোর মধ্যে মিল থাকার কারণে প্রযুক্তি বিনিময় ও যৌথ উদ্যোগের সম্ভাবনাও রয়েছে।

বাংলাদেশি ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ব্রাজিলের বাজারে শুল্ক ও অন্যান্য বাণিজ্যিক বাধা দূর করতে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলা জরুরি। কারণ, শুল্ক কমানোর সিদ্ধান্ত দূতাবাসের হাতে নেই। স্থানীয় অংশীদার থাকলে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যবসায়িক স্বার্থ তুলে ধরতে পারবেন।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে রাতারাতি বেশি মুনাফা করার চিন্তা না করে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। ব্যবসায়ীদের নিজ উদ্যোগে ব্রাজিলের বাজার ঘুরে দেখা, যোগাযোগ তৈরি এবং সম্ভাব্য অংশীদার খুঁজে বের করতে হবে।

বাংলাদেশে ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যক্রম পুনর্গঠন এবং ব্রাজিলে এর শাখা চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এ ধরনের প্রাতিষ্ঠানিক যোগাযোগ দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ ও বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে। ব্রাজিলের রপ্তানি উন্নয়ন সংস্থা অ্যাপেক্স ব্রাজিলের সঙ্গেও কাজ করার সুযোগ রয়েছে।

রাষ্ট্রদূত বলেন, "সরকার পরিবর্তন হলেও দেশগুলোর সম্পর্ক থেকে যায়।" তাই বাংলাদেশ ও ব্রাজিলের ব্যবসায়ীদের স্বল্পমেয়াদি লাভের পরিবর্তে দীর্ঘমেয়াদি আমদানি-রপ্তানি ও বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণতান্ত্রিক কঙ্গোতে ৬৬ সেনাকে মৃত্যুদণ্ড, অভিযোগ বিদ্রোহ ও নির্দেশ অমান্যের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


গণতান্ত্রিক কঙ্গোতে ৬৬ সেনাকে মৃত্যুদণ্ড, অভিযোগ বিদ্রোহ ও নির্দেশ অমান্যের

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) সামরিক আদালত ৬৬ সেনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে, যাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে কাপুরুষতা, বিদ্রোহ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অমান্য করার অভিযোগ রয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে রোববার (৮ নভেম্বর) এ তথ্য প্রকাশিত হয়।

জাতিসংঘের সংবাদমাধ্যম রেডিও ওকাপির তথ্য অনুযায়ী, উত্তর কিভু প্রদেশের গোমা গ্যারিসন সামরিক আদালতে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ৭০ জনেরও বেশি সেনা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে চারজনকে খালাস করা হয়েছে এবং একজনকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আদালত অভিযুক্তদের বিরুদ্ধে বিদ্রোহ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অমান্য এবং শত্রুর মুখোমুখি হয়ে কাপুরুষতা প্রদর্শনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেনারা কঙ্গো সেনাবাহিনীর ৩৪১৫তম রেজিমেন্টের সদস্য। গত ২০ অক্টোবর ওয়ালিকালে এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছিল। সেখানে তারা এসব অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক হন।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, পূর্ব কঙ্গোর চলমান নিরাপত্তা সংকটের প্রেক্ষাপটে সশস্ত্র বাহিনীর শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা জোরদার করতেই এ বিচার কার্যক্রমের অন্যতম লক্ষ্য ছিল।

এর আগে অক্টোবর মাসে কঙ্গোর একটি সামরিক আদালত ২৭ সেনাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। যুদ্ধের সম্মুখসারির অবস্থান ছেড়ে পিছু হটার কারণে তাদের বিরুদ্ধে কাপুরুষতার অভিযোগ আনা হয়েছিল। তারা এএফসি/এম২৩ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছিলেন।

এদিকে পূর্ব কঙ্গোতে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রগুলোর বরাতে জানা গেছে, এম২৩-সহ একাধিক বিদ্রোহী গোষ্ঠীর সমন্বয়ে গঠিত রিফাউন্ডেশন অব দ্য নেশন (এফআরএন) জোটের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই চলছে।

এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কঙ্গো সরকার।

তথ্যসূত্র: আনাদোলু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু তোলা চলছেই, ঝুঁকিতে সড়ক ও সেতু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু তোলা চলছেই, ঝুঁকিতে সড়ক ও সেতু

প্রশাসনের অভিযান সত্ত্বেও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু তোলার জন্য সক্রিয় একটি চক্র কাজ করে যাচ্ছে। এই কার্যক্রমের ফলে পরিবেশের পাশাপাশি এলাকার কৃষিজমি, সড়ক, সেতু ও বসতবাড়ি ঝুঁকির মধ্যে পড়েছে।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শ্রীমঙ্গলে মোট ২৮টি বালুর কোয়ারি ও মহালের মধ্যে মাত্র দুটি সাধারণ বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। বাকি ২৬টি সিলিকা বালুর কোয়ারি ইজারার বাইরে রয়েছে। এই এলাকায় অবৈধভাবে বালু তোলার অভিযোগ উঠেছে।

চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা সংক্রান্ত আইনে ১৬টি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে এক লাখ ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে, পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জব্দ করা বালু নিলামে বিক্রি করে দুই লাখ ৭০ হাজার ২৫০ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। গত ৩১ অক্টোবর ও ২ নভেম্বর এই অভিযান দুটি পরিচালিত হয়।

সর্বশেষ দুই অভিযানে মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে প্রায় ২৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। ২ নভেম্বর মুড়াছড়া ও বৌলাছড়া ভাঙা পুলসংলগ্ন এলাকা থেকে ১০ হাজার এবং ৩১ অক্টোবর রায়পরান পশ্চিমপাড়া মসজিদসংলগ্ন এলাকা থেকে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

অভিযানগুলোর নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুল ইসলাম। তিনি জানান, "অভিযানের সময় ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। তাই কাউকে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড বা কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি।"

জব্দকৃত বালু আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে এবং জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার।

শ্রীমঙ্গলে ৩০টির বেশি পাহাড়ি ছড়া হাইল হাওরে গিয়ে মিলিত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সদর, সিন্দুরখান, আশিদ্রোন, সাতগাঁও, ভূনবীর, মির্জাপুর ও কালাপুর ইউনিয়নের বিভিন্ন ছড়া থেকে নিয়মিত বালু তোলা হচ্ছে। এর আগে সিন্দুরখান, ভূনবীর, মতিগঞ্জ ও কালাপুরেও অভিযান চালিয়ে বালু তোলায় ব্যবহৃত ভেকু ও অন্যান্য সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়েছে।

এদিকে, অবৈধভাবে বালু তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও সড়ক দুর্ঘটনার ঘটনাও ঘটছে। সম্প্রতি বালুবাহী ডায়না গাড়ির চাপায় অটোরিকশা ও টমটমের চালকসহ ছয়জন আহত হন। পরে উত্তেজিত জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় এবং শ্রীমঙ্গল-মির্জাপুর সড়ক প্রায় চার ঘণ্টা ধরে অবরোধ করে রাখে।

এ ছাড়া গত ২ মে ভূনবীর ও মির্জাপুর এলাকায় অবৈধভাবে বালু তোলা ও পরিবেশের ক্ষতির অভিযোগে ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অপরিকল্পিত ও অবৈধভাবে বালু তোলা বন্ধে পরিবেশবাদী সংগঠনগুলোর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে আসার কথা জানান সংশ্লিষ্টরা। তবে এসব উদ্যোগের পরও বালু তোলা বন্ধ না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা।

জীববৈচিত্র্য রক্ষা কমিটি, পাহাড় রক্ষা উন্নয়ন কমিটিসহ কয়েকটি পরিবেশবাদী সংগঠনের নেতারা বলেন, আন্দোলন করেও অবৈধভাবে বালু তোলা বন্ধ করতে না পারা তাদের জন্য ব্যর্থতারই শামিল। তারা চান, সরকার কঠোরভাবে আইন প্রয়োগ করে এসব কর্মকাণ্ড বন্ধ করুক। অন্যথায় পাহাড়, ছড়া, কৃষিজমি ও জীববৈচিত্র্য ধ্বংস হয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর জাতীয় পরিষদের সাবেক সদস্য আ স ম ছালেহ সোহেল বলেন, পাহাড়ি ছড়া থেকে অপরিকল্পিতভাবে বালু তোলায় ছড়ার স্বাভাবিক প্রবাহ ও তলদেশের গঠনে পরিবর্তন আসতে পারে। এতে তীরভাঙন, কৃষিজমির ক্ষয় এবং সড়ক, সেতু ও বসতবাড়ি ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে। যেভাবে বালু তোলা হচ্ছে, তা কোনোভাবেই কাম্য নয়।

তিনি আরো বলেন, প্রশাসন নিয়মিত অভিযান চালালেও অবৈধভাবে বালু তোলা বন্ধ করতে পারছে না, যা অত্যন্ত দুঃখজনক। শুধু সরকারি ইজারার বাইরে নয়, অবৈধভাবে বালুর টিলা ও কৃষিজমি থেকেও বালু তোলা হচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধ করা না গেলে পরিবেশের ব্যাপক ক্ষতি হবে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। অবৈধভাবে বালু তোলা বন্ধে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু তোলা দীর্ঘদিনের সমস্যা। এটি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হচ্ছে, কিন্তু শাস্তির পরও অনেকে জামিনে বেরিয়ে এসে আবার একই কাজে জড়িয়ে পড়ছে। ফলে অভিযান চালিয়েও এ প্রবণতা পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

ইউএনও বলেন, অবৈধভাবে বালু তোলার বিরুদ্ধে প্রশাসনের অভিযানে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। আইন অমান্য করে বালু তোলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পল্টনে রিকশাশ্রমিকদের সড়ক অবরোধ, সৃষ্টি হলো তীব্র যানজট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২০ পি.এম


পল্টনে রিকশাশ্রমিকদের সড়ক অবরোধ, সৃষ্টি হলো তীব্র যানজট

রাজধানীর পল্টন মোড় অবরোধ করেছেন শ্রমিকেরা, যাদের দাবি ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের জীবিকা ও ক্ষুদ্র পুঁজি রক্ষার জন্য ১২ দফা।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টা থেকে তারা সড়ক অবরোধ করে সমাবেশে অংশগ্রহণ করেন। এই অবস্থার কারণে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

শ্রমিকদের দাবির মধ্যে অন্যতম হলো- ব্যাটারিচালিত রিকশা নীতিমালা-২০২৫ সংশোধন করে শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন করা, যানবাহনের নিবন্ধন ও লাইসেন্স প্রদান করা এবং চালকদের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণ করা।

সমাবেশ থেকে বিআরটিএর মাধ্যমে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও বৈধ কাগজপত্র দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া নিবন্ধন ও নবায়ন ফি কমিয়ে সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ এবং প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স নিশ্চিত করতে কমপক্ষে দুই বছর সময় দেওয়ার দাবি তোলেন শ্রমিকেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%