ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মদের বোতল ধুয়ে পানি পান করা ইসলামে জায়েজ কি?


মদের বোতল ধুয়ে পানি পান করা ইসলামে জায়েজ কি?

ইসলামে মদ পান করা সম্পূর্ণ হারাম হিসেবে বিবেচিত। তবে, যে পাত্র বা বোতলে পূর্বে মদ রাখা হয়েছিল, সেটিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পর যদি সেখানে পানি বা অন্য কোনো হালাল পানীয় রাখা হয়, তাহলে শরিয়তের দৃষ্টিতে এর বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনে।

বিশেষত, হোটেল, রেস্তোরাঁ অথবা বিভিন্ন অনুষ্ঠানে মদের বোতলের আদলে তৈরি পাত্রে পানি পরিবেশন করার ঘটনা ঘটে। এ ধরনের বোতল ব্যবহারের বৈধতা নিয়ে ধর্মপ্রাণ মানুষের মধ্যে সংশয় সৃষ্টি হয়। ইসলামি শরিয়ত ও হাদিসের আলোকে বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।

ইসলামে মদ এবং সব ধরনের নেশাদ্রব্য পান করা নিষিদ্ধ। পবিত্র কোরআনে মহান আল্লাহ মদকে শয়তানের কাজ হিসেবে উল্লেখ করেছেন এবং তা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: ঢাকায় ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ২৫তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! মদ, জুয়া, মূর্তিপূজা ও ভাগ্য নির্ধারক তির অপবিত্র, শয়তানের কাজ। সুতরাং তোমরা এগুলো থেকে দূরে থাকো, যাতে সফলকাম হতে পারো।’ (সুরা মায়িদা, আয়াত: ৯০)

হাদিসেও মাদকদ্রব্যের ব্যাপারে কঠোর সতর্কবার্তা এসেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক নেশাদ্রব্যই মদ এবং প্রত্যেক মদই হারাম।’ (সহিহ মুসলিম)

ইসলামের প্রাথমিক যুগে মদ নিষিদ্ধ হওয়ার পর কিছু নির্দিষ্ট ধরনের পাত্র ব্যবহার করতেও নিষেধ করা হয়েছিল। মূলত মদ সংরক্ষণ ও পান করার কাজে ব্যবহৃত এসব পাত্র নিয়ে সতর্কতা অবলম্বনের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছিল।

তখন মুসলমানদের মধ্যে মদ্যপানের পুরোনো অভ্যাস দূর করার বিষয়টিও গুরুত্বপূর্ণ ছিল। মদ রাখার পাত্র ব্যবহারের মাধ্যমে যেন কেউ আবার পুরোনো অভ্যাসের প্রতি আকৃষ্ট না হয়, সে বিষয়েও সতর্কতা ছিল।

আরও পড়ুন: হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা বেঁধে দিল মন্ত্রণালয়

তবে পরবর্তী সময়ে রাসুলুল্লাহ (সা.) পাত্র ব্যবহারের ওপর আরোপিত সেই নিষেধাজ্ঞা তুলে নেন। তবে মদ ও নেশাদ্রব্যের নিষিদ্ধতা বহাল থাকে।

হজরত ইবনে বুরাইদা (রা.) তার পিতার সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমি তোমাদের কিছু পাত্র ব্যবহার করতে নিষেধ করেছিলাম। মূলত পাত্র কোনো কিছুকে হালালও করে না, আবার কোনো কিছুকে হারামও করে না। তবে প্রতিটি মাদকদ্রব্য হারাম।’ (সহিহ মুসলিম: ৫৩২৬)

ইসলামি শরিয়তের মূলনীতি অনুযায়ী, কোনো পাত্রে আগে মদ রাখা হয়েছিল বলেই সেটি স্থায়ীভাবে অপবিত্র বা ব্যবহার অনুপযোগী হয়ে যায় না। বরং যথাযথভাবে পরিষ্কার করে পবিত্র করা হলে সেটি পুনরায় ব্যবহার করা যায়।

অর্থাৎ, মদের বোতল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পর যদি তাতে মদের কোনো অবশিষ্টাংশ বা নাপাকির চিহ্ন না থাকে, তাহলে সেই বোতলে পানি কিংবা অন্য কোনো হালাল পানীয় রাখা এবং পান করা জায়েজ।

আরও পড়ুন: কুরআন হাত থেকে পড়ে গেলে ওজন করে সদকা দেয়া কি জরুরি?

এ ক্ষেত্রে বোতলটির আগের ব্যবহার পাত্রটিকে স্থায়ীভাবে হারাম করে দেয় না। পাত্রের পবিত্রতা নিশ্চিত হওয়াই মূল বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফকন শিরোপা নিয়ে সেনেগালের আপিলের রায় ২৪ নভেম্বর ঘোষণা হবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


আফকন শিরোপা নিয়ে সেনেগালের আপিলের রায় ২৪ নভেম্বর ঘোষণা হবে

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬ : আফ্রিকান নেশন্স কাপের (আফকন) শিরোপা মরক্কোকে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সেনেগালের করা আপিলের রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে বলে জানিয়েছে সর্বোচ্চ ক্রীড়া আদালত (সিএএস)।

গত জানুয়ারিতে সংঘটিত বিশৃঙ্খলাপূর্ণ আফকন ফাইনালের প্রেক্ষিতে করা এই মামলার শুনানি ৮ অক্টোবর সুইজারল্যান্ডের লুজানে সিএএসের সদর দপ্তরে রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত হয়।

সোমবার সিএএস এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ‘উভয় পক্ষকে জানানো হয়েছে যে, সিএএসের সিদ্ধান্ত ২০২৬ সালের ২৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে ঘোষণা করা হবে।’

গত ১৮ জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে পেপে গুয়েরের গোলে ১-০ ব্যবধানে জয়ী হয়েছিল সেনেগাল। তবে নির্ধারিত সময়ের শেষের দিকে ম্যাচে গোলশূন্য সমতা থাকা অবস্থায় মরক্কোকে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের অনেক খেলোয়াড় মাঠ ছেড়ে চলে গেলে ফাইনালটি বিতর্কিত হয়ে পড়ে।

সেনেগালের কয়েকজন সমর্থকও মাঠে ঢোকার চেষ্টা করেন। ফলে খেলা প্রায় ২০ মিনিট বন্ধ থাকে। পরে সেনেগালের খেলোয়াড়রা মাঠে ফিরে আসেন।

মার্চে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) ওই ফল বাতিল করে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে এবং শিরোপা তুলে দেয়।

এর প্রতিক্রিয়ায় সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ) ওই সিদ্ধান্তকে আফ্রিকান ফুটবল ইতিহাসে সবচেয়ে নির্লজ্জ প্রশাসনিক ডাকাতি বলে আখ্যা দেয়।

মার্চের শেষের দিকে প্যারিসে সমর্থকদের সামনে শিরোপাটি নিয়ে উদযাপনও করে সেনেগাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চৌদ্দগ্রামে ত্রিমুখী সংঘর্ষে সিএনজি চালকসহ ২ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


চৌদ্দগ্রামে ত্রিমুখী সংঘর্ষে সিএনজি চালকসহ ২ নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি পিকআপের ধাক্কায় লরির নিচে চাপা পড়ে সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত এবং অপর তিনজন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন হলেন সিএনজি অটোরিকশাচালক আবদুল মতিন (৩৫), যিনি বাতিসা ইউনিয়নের কালিকাপুরের শফিক মিয়ার ছেলে। অপরজন হলেন কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলার আমিনুল ইসলামের ছেলে আরিফ হোসেন (৪০)। সোমবার বিকেলে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কালিকসার রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন কুমার।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মহাসড়কের চিওড়া ও সুজাতপুর থেকে বসন্তপুর ও চৌদ্দগ্রাম বাজারের উদ্দেশ্যে সিএনজি অটোরিকশায় উঠে জগন্নাথদীঘি ইউনিয়নের সোনাপুর গ্রামের সুফিয়া বেগম, হিঙ্গুলার আরিফ হোসেন, চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. রাসেল ও মো. ইয়াকুব।

কিছু দূর এগিয়ে যাওয়ার পর মহাসড়কের কালিকসার এলাকায় পিকআপের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি লরির পিছনে ধাক্কা দেয়। এই ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজিচালক আবদুল মতিন, যাত্রী সুফিয়া বেগম, আরিফ হোসেন, রাসেল ও ইয়াকুব আহত হন।

স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুল মতিন ও আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ইয়াকুবকে কুমিল্লায় পাঠানো হয়েছে। অপর দুজন সুফিয়া বেগম ও রাসেলকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আরিফ হোসেন, তাঁর খালাতো ভাই মো. রাসেল ও মো. ইয়াকুবসহ খালাতো ভাই মামুনের বিয়েতে বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় মুহূর্তেই আনন্দ বিষাদে পরিণত হয়।

নিহত আরিফ হোসেনের খালাতো ভাই মো. মামুন জানান, "বর সেজে বিয়ের উদ্দেশ্যে বসন্তপুর গ্রামের কাজী বাড়িতে এসেছি। কিন্তু আমাদের নির্ধারিত গাড়িতে বসার জায়গা না থাকায় আপন ভাই রাসেল ও ইয়াকুব, খালাতো ভাই আরিফ হোসেন পরবর্তীতে সিএনজি অটোরিকশা করে রওয়ানা দেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় খালাতো ভাই আরিফ হোসেনের নিহত হয়েছেন এবং আপন ভাই রাসেল ও ইয়াকুব আহত হয়েছেন। এখন আমার বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়েছে।"

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাঈদ আল মনসুর বলেন, "সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর একজনকে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। অপর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।"

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন কুমার জানান, নিহত ও আহতদের উদ্ধার শেষে হাসপাতালে নেয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসাশিক্ষার্থী হত্যা: নাহিদের জামিন আবেদন নামঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসাশিক্ষার্থী হত্যা: নাহিদের জামিন আবেদন নামঞ্জুর

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানার এলাকায় মাদ্রাসাশিক্ষার্থী হাফেজ সাদিকুল ইসলামকে (২১) হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন আদালত নামঞ্জুর করেছে।

আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে জামিন আবেদনটি নামঞ্জুর করেন।

উত্তরা পশ্চিম থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা, পুলিশের উপপরিদর্শক হেলাল উদ্দিন বাসসকে এই তথ্য জানান।

এর আগে ১৯ নভেম্বর রাজধানীর উত্তরা পশ্চিম থানার একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। একই দিনে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জুলাই আন্দোলন চলছিল। এই সময় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এবং গুলি বর্ষণ করে। এতে জামিয়াছিন ইসলামীয়া মাদ্রাসার শিক্ষার্থী সাদিকুল ইসলাম পেটে গুলিবিদ্ধ হন। পরে তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাবিপ্রবির শাহপরান হলের খাবারে মিলছে পোকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


শাবিপ্রবির শাহপরান হলের খাবারে মিলছে পোকা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরান হলে খাবারের মূল্য বৃদ্ধি করা হলেও, মানের উন্নয়নে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। অভিযোগ উঠেছে, নতুন দামে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। এমনকি খাবারে পোকা পাওয়ার মতো ঘটনাও ঘটছে।

শিক্ষার্থী ও হলের সূত্রে জানা যায়, ১৫ নভেম্বর থেকে হল অফিসের নোটিশের মাধ্যমে প্রতিটি খাবারের দাম পুনঃনির্ধারণ করা হয়। এতে দেখা যায়, পূর্বের দামের তুলনায় প্রায় প্রতিটি খাবারে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। উদাহরণস্বরূপ, ডিম ও ভাতের দাম ৩৫ টাকা থেকে বেড়ে ৪০ টাকা হয়েছে। প্রতি শুক্রবার পরিবেশন করা চিকেন বিরিয়ানির দাম ৯০ টাকা থেকে ১০০ টাকা করা হয়েছে। ভাত ও শুঁটকির দামও ৩৫ টাকা থেকে ৪০ টাকা করা হয়েছে, তবে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, খাবারে ছোট ৩ পিসের বেশি শুঁটকি পাওয়া যাচ্ছে না।

এছাড়া, খাবার তালিকায় পাঙ্গাশ মাছ ও ভাতের নির্ধারিত মূল্য ৩৫ টাকা উল্লেখ থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে ৪০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, খাবারের দাম বৃদ্ধি পাওয়ার পরও মানের কোনো উন্নতি ঘটেনি। বরং খাবারে পোকা পাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। আবাসিক শিক্ষার্থীরা দ্রুত খাবারের মান নিশ্চিত করা এবং তালিকা অনুযায়ী ন্যায্য মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন।

শাহপরান হলের আবাসিক শিক্ষার্থী মিয়াদ ইসলাম বলেন, "খাবারে পোকা পাওয়া যাচ্ছে। তাদের ব্যবহারেও গা সারা ভাব। এমনকি সবগুলা খাবারের দাম বাড়ানো হয়েছে।" তিনি আরও জানান, "গত সপ্তাহেও ছোট এক পিস মুরগি ৩০ টাকা করে ছিল, এখন ৪০ টাকা। পাঙ্গাস মাছের তালিকায় নির্ধারিত ৩৫ টাকা হলেও আজ ৪০ টাকা নেয়া হচ্ছে।"

তিনি বলেন, "প্রতিটি খাবারের দাম বাড়ানো হলেও মানের কোনো পরিবর্তন হয়নি।"

খাবারের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে শাহপরান হলের আরেক আবাসিক শিক্ষার্থী ইয়াহিন সাজিদ বলেন, "দাম যদি ৩৫ থেকে ৪০ করা হয়, তাহলে স্বাদ এবং পরিমাণ দুটোই বাড়ার কথা ছিল। কিন্তু কোনো পরিবর্তন হয়নি। পরিমাণে যা আছে তাই, শুধু দাম বেড়েছে।"

এ বিষয়ে শাহপরান হলের শিক্ষার্থী আরমান বলেন, "গত সপ্তাহ থেকে ডাইনিংয়ে খাবারের দাম ৫ টাকা থেকে ১০ টাকা বেশি রাখা হচ্ছে, কিন্তু সেই তুলনায় খাবারের মানের কোনো পরিবর্তন হয়নি।"

তিনি আরও বলেন, "হল প্রশাসন যদি খাবারের দাম বাড়াতে চায়, তাহলে তাদের ভর্তুকি দেওয়া উচিত। কিন্তু দাম বাড়ানো হয়েছে অথচ খাবারের গুণগত মান ন্যূনতম বাড়েনি। উল্টো খাবারে পোকা পাওয়া যাচ্ছে। এসব বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।"

এ বিষয়ে শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, "আমি গতকালও ডাইনিং ঘুরে দেখেছি, শিক্ষার্থীরা অভিযোগ করেনি। আর খাবারের দাম বাড়ানো হয়নি। অন্য হলের সঙ্গে সমন্বয় করা হয়েছে।"

তিনি আরও বলেন, "আজকে আবার আমি হলে যাবো। বাকি দুই হলের খাবার তালিকা নিয়ে সমন্বয় করার চেষ্টা করব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%