সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৪২ পি.এম
ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬ : আজ সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ চারজন বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নেমেছে। এটি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য প্রথমবারের মতো সম্পূর্ণ পেসনির্ভর আক্রমণ গঠন করার ঘটনা।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচের কারণে টস হতে সাড়ে তিন ঘণ্টা দেরি হয়। বাংলাদেশের পেস আক্রমণে খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম রয়েছেন। সুপারস্পোর্ট পার্কের পেসসহায়ক পরিবেশের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশের ইতিহাসে আগে চার পেসার নিয়ে টেস্ট খেলার ঘটনা ঘটেছে। তবে সেসব ম্যাচে পেস বোলিং অলরাউন্ডার বা খন্ডকালীন পেসার ছিলেন।
২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে এর সর্বশেষ উদাহরণ দেখা যায়। ওই ম্যাচে আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার পেস আক্রমণে ছিলেন। সৌম্য মূলত ব্যাটিং অলরাউন্ডার হিসেবে ২১ ওভার বোলিং করেছিলেন।
বাংলাদেশের সাবেক অলরাউন্ডার আফতাব আহমেদও বেশ কিছু টেস্টে চতুর্থ পেস বোলিংয়ের বিকল্প হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেয়ার্নস টেস্টে চার নিয়মিত পেসার নিয়ে মাঠে নেমেছিল। ওই দলে ছিলেন মাশরাফি বিন মুর্তজা, তাপস বৈশ্য, আনোয়ার হোসেন এবং খালেদ মাহমুদ। খালেদ ছিলেন মিডিয়াম পেসার ও বোলিং অলরাউন্ডার।
২০০১ সালে বুলাওয়ে টেস্টেও চার পেস বোলিংয়ের বিকল্প ব্যবহার করা হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে হাসিবুল হোসেন শান্ত, মঞ্জুরুল ইসলাম এবং মোহাম্মদ শরীফের সঙ্গে ছিলেন পেস বোলিং অলরাউন্ডার মুশফিক বাবু।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ৯ জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১তম সাক্ষী হিসেবে জবানবন্দি প্রদান করেছেন নিহত রনির মা, পারভীন আক্তার।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তার জবানবন্দি রেকর্ড করা হয়। এই মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মোট ২৮ জনকে আসামি করা হয়েছে।
জবানবন্দিতে ৪৭ বছর বয়সী পারভীন আক্তার জানান, তার ছেলে রনি পেশায় রিকশাচালক ছিলেন। ২০২৪ সালের ১৮ জুলাই রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে রনি রিকশা নিয়ে বাসা থেকে বের হন। রাত ১টা থেকে দেড়টার দিকে এক প্রতিবেশী দরজায় কড়া নেড়ে তাকে জানান, রনির শরীরে সাত-আটটি গুলি লেগেছে। এই কথা বলতে গিয়ে ট্রাইব্যুনালে কান্নায় ভেঙে পড়েন তিনি।
পারভীন আক্তার তার জবানবন্দিতে বলেন, খবর পেয়ে বাসা থেকে বের হয়ে তিনি লোকজনের ভিড় দেখতে পান এবং সেখানে উপস্থিত ব্যক্তিরা তাকে রনির গুলিবিদ্ধ হওয়ার ভিডিও দেখান। পরে তিনি তার শাশুড়ি ও ননদকে নিয়ে রিকশাযোগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে একটি ট্রলিতে ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
হাসপাতালের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে সাক্ষী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পর তারা ময়নাতদন্তের কথা বলে। তবে কোনো ধরনের কাগজপত্র দিতে অস্বীকৃতি জানিয়ে লাশ নিয়ে যেতে বলে। পরে তার ভাতিজা সারোয়ার ও ননদের স্বামী হারুন রনির মরদেহ বাসায় নিয়ে আসেন এবং পরদিন দাফন সম্পন্ন হয়।
জবানবন্দির শেষ পর্যায়ে পারভীন আক্তার অভিযোগ করেন, জাহাঙ্গীর কবির নানক, ফজলে নূর তাপস, আসিফ, বিপ্লব, রাজীব, ইউনুস, রুবেল ও সাজ্জাদসহ আরও অনেকে মিলে তার ছেলেকে হত্যা করেছেন। তিনি এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) দাবি করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ