০২:১৫ পি.এম
নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক সাদ্দাম হোসেন এই নির্দেশনা প্রদান করেন।
মামলার দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম জানান, আদালত থেকে মঞ্জুর হওয়া তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে মিন্টুকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন: নতুন পে স্কেলে তিন মাসের বর্ধিত বেতন কবে পাবেন সরকারি কর্মচারীরা?
এর আগে ২৬ অক্টোবর রাতে শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। পরদিন তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৪ অক্টোবর বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফেরার পথে শাকিলকে লক্ষ্য করে গুলি ছোড়েন মোটরসাইকেলে থাকা দুই যুবক। শাকিল গুলি থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় মোটরসাইকেল নিয়ে ধাওয়া দেয় তারা। এ সময় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির সামনে তাকে ধরে চাপাতি ও চায়নিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায় দুবৃত্তরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় শাকিলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় তাকে। সেখানে সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: শ্রমিকদের বিক্ষোভের প্রেক্ষিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন