ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

চট্টগ্রাম নগরের ৩ সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণে স্পিড ক্যামেরা স্থাপন


চট্টগ্রাম নগরের ৩ সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণে স্পিড ক্যামেরা স্থাপন

মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ তিনটি প্রবেশদ্বারের সড়কের মুখে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের জন্য স্পিড ক্যামেরা ব্যবহার করতে যাচ্ছে। প্রাথমিকভাবে বায়েজিদ লিংক রোড, সিটি আউটার রিং রোড এবং শাহ আমানত সেতু সংযোগ সড়কে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম পরিচালিত হবে। এই উদ্দেশ্যে সিএমপিকে সাতটি অত্যাধুনিক লেজার স্পিড ক্যামেরা প্রদান করেছে গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি)।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিএমপি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে যে, চট্টগ্রামে ৪৪ শতাংশের বেশি যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করে চলাচল করছে। অতিরিক্ত গতির কারণে সড়ক দুর্ঘটনা এবং প্রাণহানি কমানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত ১০ থেকে ১২ নভেম্বর পুলিশ সদস্যদের তিন দিনব্যাপী স্পিড ক্যামেরা পরিচালনার প্রশিক্ষণ প্রদান করেছে জিআরএসপি। প্রশিক্ষণে এলটিআই ২০/২০ ট্রুক্যাম-২ মডেলের ক্যামেরা পরিচালনা, রক্ষণাবেক্ষণ, ত্রুটি শনাক্তকরণ এবং সড়কে ব্যবহারিক প্রয়োগ শেখানো হয়েছে।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী মন্তব্য করেন, "আইন প্রয়োগে পুলিশ সদস্যদের নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। গতিসীমা নিয়ন্ত্রণ কার্যক্রম প্রাণঘাতী দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক হবে।" তিনি আরও জানান, সাতটি স্পিড ক্যামেরা সিএমপির সক্ষমতা বাড়াবে এবং এর মাধ্যমে অতিরিক্ত গতি শনাক্ত ও নিয়ন্ত্রণ করা সহজ হবে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের রায়ে ট্রাক চালকের ৭ দিনের কারাদণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশসহ ৬ দেশ পাচ্ছে ৩০ মিলিয়ন ডলার ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড থেকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৫ এম


বাংলাদেশসহ ৬ দেশ পাচ্ছে ৩০ মিলিয়ন ডলার ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড থেকে

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) থেকে বাংলাদেশসহ ছয়টি দেশের জন্য ৩০ মিলিয়ন অথবা ৩ কোটি ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। বাংলাদেশ সরকার আশা করছে, শিগগিরই এ অর্থ ছাড় করা হবে।

বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উল্লেখ করেন, বাংলাদেশের তরুণ জলবায়ুকর্মীদের প্রচেষ্টার ফলস্বরূপ এই অনুদানের প্রতিশ্রুতি অর্জন করা সম্ভব হয়েছে। তিনি আশাবাদী যে, খুব শিগগিরই এ অর্থ ছাড় করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শেখ ফরিদুল ইসলাম বলেন, অনুদানের অর্থ প্রাপ্ত হলে উপকূলীয় জনগণের দুর্যোগঝুঁকি কমানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। সরকার চাইলে এ অর্থ সবুজায়নের কাজেও ব্যয় করতে সক্ষম হবে। তবে ক্ষতিগ্রস্ত জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে অর্থ ব্যয় করা হবে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজও বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদক পরিচালকের পদোন্নতি, যোগ্যদের বঞ্চিত করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৬ এম


দুদক পরিচালকের পদোন্নতি, যোগ্যদের বঞ্চিত করেছে

দুর্নীতি দমন কমিশনে (দুদক) পরিচালক পদে পদোন্নতি নিয়ে আলোচনা, সমালোচনা ও অস্থিরতা সৃষ্টি হয়েছে। যারা দুর্নীতির অনুসন্ধান, মামলা, তদন্ত, চার্জশিট প্রদান এবং আদালতে বিচারিক কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। অন্যদিকে, দুর্নীতির দমন ও প্রতিরোধের কাজে দুর্বল ভূমিকা পালনকারী কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।

এতে কমিশনের বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি (ডিপিসি) ও কমিশনের এ ধরনের সিদ্ধান্ত দক্ষ ও চৌকস কর্মকর্তাদের মধ্যে হতাশা তৈরি করেছে। এর ফলে দুর্নীতি দমন ও প্রতিরোধের কাজে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

ডিপিসির সভায় ২৬ জন উপপরিচালকের মধ্যে সাতজনকে পরিচালক পদে পদোন্নতির জন্য সুপারিশ করা হয়। গতকাল এই সুপারিশ কমিশনে জমা দেওয়া হয়। একইসঙ্গে চারজন পরিচালক থেকে একজনকে মহাপরিচালক পদে পদোন্নতির সুপারিশও করা হয়। আজ বৃহস্পতিবার দুদক কার্যালয়ে দুদক সচিব মো. সাইদুর রহমান খানের সভাপতিত্বে দুটি সভায় এ সুপারিশ তৈরি করা হয়।

কমিশন সাতজন পরিচালক ও একজন মহাপরিচালককে পদোন্নতির অনুমোদন দেওয়ার পর দুদক পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. মহিউদ্দিন জাহাঙ্গীর স্বাক্ষরিত দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

দুদক সচিব সাইদুর রহমান খান সমকালকে জানান, "যাদের সম্পর্কে কোনো ধরনের ত্রুটি-বিচ্যুতি পাওয়া যায়নি- এমন সাতজনকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।" তিনি আরও বলেন, "চারজন পরিচালকের মধ্য থেকে একজনকে মহাপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।"

তিনি উল্লেখ করেন, পদোন্নতিপ্রত্যাশী ১৯ জন উপপরিচালকের তালিকা বাতিল করা হয়নি। এই কর্মকর্তাদের বিষয়ে শিগগির অন্য একটি গোয়েন্দা সংস্থা দ্বারা যাচাই করা হবে। এরপর তাদের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, দুদকে বর্তমানে ১৫টি শাখার পরিচালকের পদ শূন্য রয়েছে। আজ পদোন্নতি পাওয়া সাতজনকে সাতটি শাখার দায়িত্ব দেওয়া হবে। বাকি সাতটি শাখার পরিচালকের পদ শূন্য থাকবে। পদোন্নতিপ্রত্যাশী ২৬ জনের মধ্যে বাকি ১৯ জনের মধ্যে আরও সাতজন যোগ্য বাছাই করতে পারেনি ডিপিসি।

নাম প্রকাশে অনিচ্ছুক পদোন্নতিপ্রত্যাশী একজন উপপরিচালক সমকালকে বলেন, "এটি দুদকের জন্য দুর্ভাগ্য। দক্ষ কর্মকর্তাদের রেখে অদক্ষ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।" তিনি আরও বলেন, "যারা প্রকৃতপক্ষে দক্ষ, তাদের মধ্য থেকে খুব সহজেই আরও সাতজন বাছাই করা সম্ভব ছিল। সেটি করা হয়নি। এটি কীসের ইঙ্গিত তা বোধগম্য নয়।"

দুদকের অভ্যন্তরের একটি সূত্র জানায়, পদোন্নতি পাওয়া সাতজনের মধ্যে কার জন্য কোন মন্ত্রণালয় থেকে তদবির করা হয়েছে, কেউ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের প্রিয়ভাজন, আবার কেউ শীর্ষ পর্যায়ে তদবির করে পদোন্নতি বাগিয়ে নিয়েছেন।

দুদকের একাধিক সূত্র জানায়, পরিচালক পদে যারা পদোন্নতি পেয়েছেন, ১-২ জন বাদে বাকিদের কাজের দক্ষতা অত্যন্ত দুর্বল। তাদের চ্যালেঞ্জ, ঝুঁকি নিয়ে বড় বড় দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্তের অভিজ্ঞতা নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন পদস্থ কর্মকর্তা সমকালকে বলেন, "যারা ঝুঁকি নিয়ে বড় বড় কাজ করেন, তাদের বিরুদ্ধে শত্রুও তৈরি হয়।" তিনি আরও বলেন, "এমন কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে গণমাধ্যমে নেতিবাচক খবর প্রকাশের ব্যবস্থা করা হয়।" সম্প্রতি পদোন্নতি প্রত্যাশী দক্ষ উপপরিচালক মো. মশিউর রহমানের বিরুদ্ধে একটি গণমাধ্যমে নেতিবাচক খবর প্রকাশ করা হয়, যা সত্য নয় বলে জানিয়েছেন দুদকের একাধিক কর্মকর্তা।

চলতি বছরের ১০ ফেব্রুয়ারি মো. মশিউর রহমান বাদী হয়ে ২৬ উপপরিচালকের মূল্যায়ন করা গোয়েন্দা সংস্থার একজন সহকারী পরিচালক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন। অনুসন্ধানে ওই কর্মকর্তা ও তার স্ত্রীর নামে ৫ কোটি ২৯ লাখ টাকার সম্পদ পাওয়া যায়, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।

পদোন্নতি প্রত্যাশী ওই ২৬ কর্মকর্তার বিষয়ে গোয়েন্দা সংস্থার মূল্যায়ন নিয়ে দুদকের ওই পদস্থ কর্মকর্তা আরও বলেন, "দুদকের কর্মকর্তাদের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে হয়।" তিনি উল্লেখ করেন, "যে গোয়েন্দা সংস্থায় দুদকের মামলার আসামি রয়েছে, সেই সংস্থার থেকে পদোন্নতি প্রত্যাশী কর্মকর্তাদের মূল্যায়ন প্রতিবেদন আসলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষোভের শিকার হতে পারেন।"

আজ জারি করা একটি প্রজ্ঞাপনে মোহাম্মদ মোরশেদ আলমকে পরিচালক থেকে মহাপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়। আরেকটি প্রজ্ঞাপনে যে সাতজন উপ-পরিচালককে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে তারা হলেন, এ এস এম সাজ্জাদ হোসেন, মো. মাসুদুর রহমান, মোছা. সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত, মো. ফয়সাল।

বঞ্চিত ১৯ জন উপপরিচালক হলেন মনিরুজ্জামান, মো. মশিউর রহমান, মো. ফারুক আহমেদ, কামরুজ্জামান, আবু হেনা আশিকুর রহমান, মো. জাকারিয়া, মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মাহমুদুর রহমান, মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মো. নুর-ই-আলম, দেবব্রত মন্ডল, মো. মোস্তাফিজুর রহমান, মো. নাজমুল হাসান, মো. গুলশান আনোয়ার প্রধান, মো. সালাহ উদ্দিন, মো. শাওন মিয়া, সুমিত্রা সেন, এস এম রাশেদুর রেজা ও মো. ইকবাল হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৭ এম


সরকার সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে: তথ্যমন্ত্রী

সরকার সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে। এর জন্য ‘দ্য প্রেস কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া তৈরি করা হয়েছে, যাতে সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের জন্য একটি অনলাইন ডেটাবেজ তৈরির বিধান অন্তর্ভুক্ত রয়েছে। প্রস্তাবিত আইনে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং পরিচিতি নিশ্চিত করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিনের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান সংসদে এসব তথ্য তুলে ধরেন। মন্ত্রী বলেন, প্রস্তাবিত সংশোধনী আইনে বার কাউন্সিলের আদলে সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের জন্য একটি অনলাইন ডেটাবেজ তৈরির এখতিয়ার দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর ফলে সাংবাদিকদের পরিচিতি নিশ্চিত করা এবং পেশাগত মানোন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।

প্রস্তাবিত আইনে সংবাদপত্র, সংবাদ সংস্থা, সম্পাদক, প্রকাশক এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক সংবাদ প্রকাশের অভিযোগে আর্থিক জরিমানা এবং শাস্তির বিধান রাখার প্রস্তাব রয়েছে। সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও জনরুচিবিরোধী সংবাদ এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাস্তির ব্যবস্থা করার কথাও উল্লেখ করা হয়েছে।

এছাড়া, সাংবাদিকতার আচরণবিধি লঙ্ঘন, জনস্বার্থ ক্ষুণ্ন হয় এমন সংবাদ প্রকাশ, গুজব, ভুয়া খবর বা ঘৃণামূলক বক্তব্য প্রচারের বিরুদ্ধে প্রেস কাউন্সিলের স্বতঃপ্রণোদিত তদন্ত, আদেশ প্রদান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবদুস সাত্তারের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট বিধান যুক্ত করে প্রেস কাউন্সিল আইনের সংশোধনী খসড়া তৈরি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

বর্তমানে দেশে ৩৯টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার চলছে। বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বর্তমানে সরকারি মালিকানাধীন টেলিভিশন চ্যানেল চারটি রয়েছে। বেসরকারি ৫৬টি টেলিভিশন চ্যানেলকে অনাপত্তি দেওয়া হয়েছে, যার মধ্যে ৩৯টি সম্প্রচারে রয়েছে। এছাড়া ১৬টি আইপি টিভিকে অনাপত্তি দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমোদন একটি চলমান প্রক্রিয়া। নতুন আবেদন আসলে তা যাচাই-বাছাই করে সরকারের নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে অনুমতি দেওয়া হয়।

বিএনপির সংসদ সদস্য রেজা আহাম্মেদের প্রশ্নের জবাবে বিটিভিকে লাভজনক করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, বিটিভিতে প্রচারের জন্য জনপ্রিয় অভিনয়শিল্পীদের অভিনীত বিশেষ ও ধারাবাহিক নাটক, দেশীয় ও ডাবিং করা কার্টুন এবং তুর্কি ও ইরানি সিরিয়াল সংগ্রহ বা কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। পেশাদার অনুষ্ঠান নির্মাতা ও সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে এসব অনুষ্ঠান কিনে প্রচার করা হলে বিটিভির দর্শকপ্রিয়তা এবং রাজস্ব আয় বাড়বে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে তথ্য কমিশন গঠন করা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, গত ১৮ অক্টোবর প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনাররা দায়িত্ব গ্রহণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলমডাঙ্গায় সারের কৃত্রিম সংকটের বিরুদ্ধে অভিযান, ৪ হাজার বস্তা সার জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৭ এম


আলমডাঙ্গায় সারের কৃত্রিম সংকটের বিরুদ্ধে অভিযান, ৪ হাজার বস্তা সার জব্দ

আলমডাঙ্গায় সারের কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা ও অবৈধ মজুদদারির বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার উপজেলার হাটবোয়ালিয়া ও খাসকররা বাজারে আলাদা দুটি অভিযানে প্রায় ৪ হাজার বস্তা সরকারি ও রাসায়নিক সার জব্দ করা হয়েছে। এই বৃহৎ অভিযানে এলাকার অসাধু সার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ হাটবোয়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হুসাইন ট্রেডার্সের বিভিন্ন গোডাউন ও বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করা এক হাজার ৩৭৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।

একই দিনে উপজেলার খাসকররা বাজারেও উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে পৃথক অভিযান পরিচালিত হয়। সম্প্রতি বাজারে সারের কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দাম আদায়ের চেষ্টা চালাচ্ছে একটি চক্র। এ সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে খাসকররা বাজারে ভ্রাম্যমাণ টিম অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, কৃষকদের জিম্মি করে কৃত্রিম সংকট তৈরিরোধে গত চার দিন ধরে আলমডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে গত তিন দিনে উপজেলার ভাংবাড়িয়া গ্রামের মিনারুল স্টোর ও মারফুল ট্রেডার্সের গোডাউন থেকে এক হাজার ৪০৮ বস্তা সরকারি সার জব্দ করা হয়েছিল। সবমিলিয়ে গত চার দিনে পুলিশের অভিযানে প্রায় ৩ হাজার বস্তা অবৈধ সার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দিনভর আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ হোসেন পলাশের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলার খাসকররা বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তির ৫টি গোপন গুদামে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করা ৯৬৩ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত সারের মধ্যে রয়েছে মেসার্স সঞ্চিতা ট্রেডার্স থেকে ৩৬৭ বস্তা, হাবিবুর রহমানের গুদাম থেকে ২৫৩ বস্তা, মেসার্স কৃষি কল্যাণ এগ্রো থেকে ২২৯ বস্তা, মেসার্স রিয়া ট্রেডার্স থেকে ৬৪ বস্তা এবং মেসার্স শারমিন ট্রেডার্স থেকে ৩০ বস্তা সার। জব্দ করা সারগুলো বাজার কমিটি ও স্থানীয় পুলিশ ফাঁড়ির যৌথ হেফাজতে রাখা হয়েছে।

এছাড়া উপজেলার হাটবোয়ালিয়া বাজারের হুসাইন ট্রেডার্সের বিভিন্ন গোডাউন ও বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করা এক হাজার ৩৭৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।

অভিযান শেষে আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ হোসেন পলাশ সাংবাদিকদের জানান, ‘কৃষকদের অধিকার রক্ষায় এবং সারের অবৈধ মজুতদারি রুখতেই এই অভিযান চালানো হয়েছে। জব্দ করা সারগুলো দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অসাধু মজুতদারদের বিরুদ্ধে আমাদের এই নজরদারি ও আইনি ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

আলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, ‘কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে ও সহজে সার পান এবং কোনো চক্র যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%