শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০২:১৭ এম
আলমডাঙ্গায় সারের কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা ও অবৈধ মজুদদারির বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার উপজেলার হাটবোয়ালিয়া ও খাসকররা বাজারে আলাদা দুটি অভিযানে প্রায় ৪ হাজার বস্তা সরকারি ও রাসায়নিক সার জব্দ করা হয়েছে। এই বৃহৎ অভিযানে এলাকার অসাধু সার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ হাটবোয়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হুসাইন ট্রেডার্সের বিভিন্ন গোডাউন ও বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করা এক হাজার ৩৭৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।
একই দিনে উপজেলার খাসকররা বাজারেও উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে পৃথক অভিযান পরিচালিত হয়। সম্প্রতি বাজারে সারের কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দাম আদায়ের চেষ্টা চালাচ্ছে একটি চক্র। এ সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে খাসকররা বাজারে ভ্রাম্যমাণ টিম অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, কৃষকদের জিম্মি করে কৃত্রিম সংকট তৈরিরোধে গত চার দিন ধরে আলমডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে গত তিন দিনে উপজেলার ভাংবাড়িয়া গ্রামের মিনারুল স্টোর ও মারফুল ট্রেডার্সের গোডাউন থেকে এক হাজার ৪০৮ বস্তা সরকারি সার জব্দ করা হয়েছিল। সবমিলিয়ে গত চার দিনে পুলিশের অভিযানে প্রায় ৩ হাজার বস্তা অবৈধ সার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দিনভর আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ হোসেন পলাশের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলার খাসকররা বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তির ৫টি গোপন গুদামে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করা ৯৬৩ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত সারের মধ্যে রয়েছে মেসার্স সঞ্চিতা ট্রেডার্স থেকে ৩৬৭ বস্তা, হাবিবুর রহমানের গুদাম থেকে ২৫৩ বস্তা, মেসার্স কৃষি কল্যাণ এগ্রো থেকে ২২৯ বস্তা, মেসার্স রিয়া ট্রেডার্স থেকে ৬৪ বস্তা এবং মেসার্স শারমিন ট্রেডার্স থেকে ৩০ বস্তা সার। জব্দ করা সারগুলো বাজার কমিটি ও স্থানীয় পুলিশ ফাঁড়ির যৌথ হেফাজতে রাখা হয়েছে।
এছাড়া উপজেলার হাটবোয়ালিয়া বাজারের হুসাইন ট্রেডার্সের বিভিন্ন গোডাউন ও বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করা এক হাজার ৩৭৭ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।
অভিযান শেষে আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ হোসেন পলাশ সাংবাদিকদের জানান, ‘কৃষকদের অধিকার রক্ষায় এবং সারের অবৈধ মজুতদারি রুখতেই এই অভিযান চালানো হয়েছে। জব্দ করা সারগুলো দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অসাধু মজুতদারদের বিরুদ্ধে আমাদের এই নজরদারি ও আইনি ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
আলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, ‘কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে ও সহজে সার পান এবং কোনো চক্র যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ