০৯:৪৭ পি.এম
ঝিনাইদহে ডাকাতির কবলে পড়ে এক প্রসূতি অ্যাম্বুলেন্সের মধ্যে সন্তান প্রসব করেন। তবে নবজাতকটি মারা গেছে।
শনিবার (২১ নভেম্বর) দিনগত রাত তিনটার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংদহ গ্রামে এই ঘটনা ঘটে।
ডাকাতির শিকার পরিবারটি চুয়াডাঙ্গা পোস্ট অফিস পাড়ার আবদুল্লা আল নোমানের। তিনি ‘চুয়াডাঙ্গা পোস্ট’ নামে একটি অনলাইন পোর্টালের উপদেষ্টা সম্পাদক। ডাকাতরা নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুটে নেয়।
আরও পড়ুন: বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের
ভুক্তভোগী আবদুল্লা আল নোমান জানান, তার স্ত্রী, সন্তানসম্ভবা অবস্থায় এবং পরিবারের আরও তিন সদস্যকে নিয়ে যশোর যাচ্ছিলেন। যখন অ্যাম্বুলেন্সটি কালীগঞ্জের গান্না–নীমতলা সড়কের সিংদহ গ্রামে পৌঁছায়, তখন আনুমানিক ৭–৮ জন মুখোশধারী ডাকাত গাছ কেটে রাস্তার পাশে ব্যারিকেড দেয়। তারা অ্যাম্বুলেন্সটি থামিয়ে প্রসূতির স্বামী, মা ও শাশুড়ির কাছ থেকে নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
তিনি বলেন, "ডাকাতির ঘটনায় আমার স্ত্রী ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েন। সেই আতঙ্কের মধ্যেই তিনি অ্যাম্বুলেন্সের মধ্যে সন্তান প্রসব করেন, কিন্তু নবজাতককে আর বাঁচানো সম্ভব হয়নি।" পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল করেন, এরপর ঘটনাস্থলে পুলিশের একটি টিম আসে এবং তারা বিষয়টি জেনে চলে যান।
ঝিনাইদহ সদর উপজেলার বেতাই চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) হাসান আলী বলেন, "খবর পেয়ে আমি গিয়ে পরিস্থিতি দেখি এবং বিস্তারিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই।"
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, ঘটনাস্থলে টহল টিম গিয়েছিল। রাস্তার উপর গাছ ফেলা ছিল। একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতি হয়েছে। কিছু টাকা ও সোনাদানা নিয়ে গেছে।
আরও পড়ুন: কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
তিনি বলেন, "অ্যাম্বুলেন্সে গর্ভবতী রোগী ছিল। তার প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। প্রসূতির বাচ্চাটা মারা গেছে কিনা তা জানা নেই।"
ঝিনাইদহ পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, ডাকাতির ঘটনা সত্য। প্রসূতির নবজাতক শিশুটিও মারা গেছে বলে শুনেছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে জেলা পুলিশ ও গোয়েন্দা একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। কালীগঞ্জ থানায় মামলা করার কথা বলেছি। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন