০৯:৫০ পি.এম
ইউক্রেনের ২০টি অঞ্চলে রাশিয়ার ভয়াবহ হামলার পর যুক্তরাষ্ট্রের কাছে দ্রুত ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রোববার (২২ নভেম্বর) টেলিগ্রামে একটি পোস্টে জেলেনস্কি জানান, গত এক সপ্তাহে ইউক্রেনে রাশিয়া প্রায় ২ হাজার ৭০০টি ড্রোন, ১ হাজার ৪৬০টি গাইডেড এরিয়াল বোমা এবং ১৬৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি বড় অংশ ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার মধ্যে উত্তর কোরিয়ার সরবরাহ করা ক্ষেপণাস্ত্রও অন্তর্ভুক্ত রয়েছে।
জেলেনস্কি ক্ষোভ প্রকাশ করে বলেন, "এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও ইউক্রেনে অ্যান্টি-ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে বিলম্ব হওয়াটা সত্যিই বোধগম্য নয়।"
আরও পড়ুন: গাজায় এতিম শিশুদের মৌলিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম, বর্তমানে ইউক্রেনের জন্য তীব্র সংকট সৃষ্টি করেছে। জেলেনস্কি উল্লেখ করেন, ন্যাটোর সমন্বিত তহবিলের মাধ্যমে ইউক্রেনের মিত্ররা ইতিমধ্যে এসব ক্ষেপণাস্ত্রের অর্থ পরিশোধ করেছে। তবে ওয়াশিংটনের চূড়ান্ত অনুমোদনের অভাবে সেগুলোর সরবরাহ আটকে রয়েছে।
এদিকে, রোববার ভোরে রাজধানী কিয়েভের উত্তরে ডাইমার গ্রামের একটি পাঁচতলা আবাসিক ভবনে রাশিয়ার হামলায় ভবনটির একাংশ ধসে পড়ে। জেলেনস্কি প্রাথমিকভাবে জানান, সেখান থেকে ৯ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১৪ জন নিখোঁজ রয়েছেন। পরবর্তীতে রেডিও লিবার্টির বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স জানায়, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছেন এবং দুই শিশুসহ নিখোঁজ ১১ জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।
অন্যদিকে, জাপোরিঝিয়া আঞ্চলিক সামরিক প্রশাসনের ভারপ্রাপ্ত প্রধান মাইখাইলো সেমিকিন জানিয়েছেন, জাপোরিঝিয়া শহরে রুশ গোলাবর্ষণে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন।
আরও পড়ুন: থাইল্যান্ড মিয়ানমারে বিরল মৃত্তিকা খননের রাসায়নিক রপ্তানি বন্ধ করছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন