০৯:৪৮ পি.এম
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমহনী বাজারে, দোকানে বসে থাকা অবস্থায় নুরুল আবছার চৌধুরী (৪০) নামের একজন ফার্নিচার ব্যবসায়ীর উপর দুর্বৃত্তরা চার রাউন্ড গুলি ছুড়েছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনার সূত্রপাত ঘটে। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তিনজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে করে তেমহনী বাজারে প্রবেশ করে এবং দোকানে বসা অবস্থায় নুরুল আবছার চৌধুরীকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুন: বেরোবিতে নিরাপদ ক্যাম্পাস ও জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এই হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
আরও পড়ুন: বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন