০৭:৫৬ পি.এম
বরিশালে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা ধসে সরাসরি এক শিক্ষকের মাথায় পড়ার ঘটনা ঘটে। এতে ওই শিক্ষক আহত হন। চোখের সামনে এমন দৃশ্য দেখে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রাণ বাঁচাতে তারা দ্রুত হুড়োহুড়ি করে ক্লাস থেকে বেরিয়ে যায়।
ঘটনাটি ঘটে সোমবার (১০ আগস্ট) বরিশালের উজিরপুর সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ওইদিন বিদ্যালয়ের দ্বিতল ভবনের ষষ্ঠ শ্রেণির কক্ষে পাঠদান করছিলেন সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম। হঠাৎ করে ছাদের পলেস্তারা খসে তাঁর মাথার ওপর পড়ে যাওয়ায় তিনি আহত হন। পরে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সময় শ্রেণিকক্ষে উপস্থিত শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দ্রুত বাইরে বেরিয়ে যাওয়ার কারণে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাথী জানান, 'স্যার ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ ওপর থেকে ছাদের পলেস্তারা খুলে স্যারের মাথায় পড়েছে। আমরা সবাই ভয়ে পড়ে যাই।'
অন্য একজন শিক্ষার্থী সিমা বলেন, 'পলেস্তারা পড়ার সময় আমরা ক্লাসে ছিলাম। স্যার আহত হয়েছেন। আমাদেরও খুব ভয় লেগেছে।'
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, 'ভবনটি ১৯৬০ সালে নির্মিত। এটি অনেক পুরোনো ভবন। ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খুলে পড়ে একজন শিক্ষক আহত হয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।'
দীর্ঘদিন আগে নির্মিত বিদ্যালয়ের দ্বিতল ভবনটি বর্তমানে বেশ জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন করে নিরাপত্তার শঙ্কা তৈরি হয়েছে।
আরও পড়ুন: বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ড্রেন পরিষ্কার কার্যক্রম
অভিভাবকরা জানাচ্ছেন, পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনে প্রতিদিন শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে। শিক্ষক আহত হওয়ার এই ঘটনা বড় ধরনের সতর্কবার্তা। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।
তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত বিদ্যালয় ভবনটি পরিদর্শন করে এর ঝুঁকি নিরূপণের ব্যবস্থা করা হোক। ঝুঁকিপূর্ণ ভবনে শ্রেণি কার্যক্রম পরিচালনা বন্ধ করে দ্রুত নতুন ভবন নির্মাণের ব্যবস্থা করারও দাবি জানাচ্ছেন অভিভাবক ও স্থানীয়রা। শিক্ষার্থীদের নিরাপদে পাঠদানের পরিবেশ নিশ্চিত করার জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন