ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জিহাদ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক ও মামুন


জিহাদ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক ও মামুন

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬: রাজধানীর যাত্রাবাড়ীতে চব্বিশের জুলাই আন্দোলনের সময় জিহাদ হোসেন (২২) নামের এক যুবককে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৮ অক্টোবর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ, তিন দিনের রিমান্ড শেষ হওয়ার পর। মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার কর্মকর্তা, পুলিশের উপ-পরিদর্শক মাঈন উদ্দিন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় ওই সময় রিমান্ডে নেওয়া সম্ভব হয়নি। গত ১৪ অক্টোবর রিমান্ড কার্যকরের জন্য তদন্তকারী কর্মকর্তা আদালতে আবেদন করেন। আদালত ১০ কার্যদিবসের মধ্যে রিমান্ড কার্যকরের নির্দেশ দেন। এরপর রোববার তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করা হয়।

আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ

মামলার এজাহার থেকে জানা যায়, চব্বিশের জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে আন্দোলনে অংশগ্রহণ করেন জিহাদ হোসেন। সে সময় তিনি গুলিবিদ্ধ হন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের বাবা নুরুল আমিন মোল্লা ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

রাজবাড়ীর প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


বালিয়াকান্দিতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
রাজবাড়ীর বালিয়াকান্দিতে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় ছাব্বির মৃধা (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
 
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার জামালপুর ফুটবল মাঠ এলাকায় কালুখালী-ভাটিয়াপাড়া রেলসড়কে এ দু*র্ঘটনা ঘটে।
 
নি*হত ছাব্বির মৃধা উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন গ্রামের সহিদ মৃধার ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাব্বির কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে জামালপুর বাজারের ফুটবল মাঠসংলগ্ন রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালীগামী ট্রেনটি দ্রুতগতিতে এগিয়ে আসে। কানে হেডফোন থাকায় ট্রেনের হুইসেল শুনতে না পাওয়ায় তিনি ট্রেনের ধা*ক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
 
 
রাজবাড়ী রেলওয়ে পুলিশ স্টেশনের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়া সদর হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, ভর্তি ৬৭ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


কুষ্টিয়া সদর হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, ভর্তি ৬৭ জন

কুষ্টিয়া, ২৮ অক্টোবর, ২০২৬ : ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ইজালউদ্দিন (৬৫) নামের একজনের মৃত্যু ঘটেছে।

গতকাল মঙ্গলবার রাতের দিকে তিনি কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কুষ্টিয়া সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর ঘটনা এটি প্রথমবারের মতো ঘটল। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৬৭ জন।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার সময় কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তির পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, ইজালউদ্দিন কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর দেড়িপাড়া এলাকার মৃত ওহাব আলীর পুত্র। তিনি ২৩ অক্টোবর জ্বর, শ্বাসকষ্ট, ডায়াবেটিস ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন।

চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর গতকাল রাত ১১টার দিকে তিনি মারা যান।

মৃতের স্বজনরা জানান, ইজালউদ্দিন ডেঙ্গুর পাশাপাশি নিউমোনিয়া, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে তাকে অন্যত্র নিয়ে চিকিৎসা করানো সম্ভব হয়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৬৭ জন। উন্নত চিকিৎসার জন্য আটজন রোগীকে অন্যত্র রেফার করা হয়েছে।

চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ১ হাজার ৪০৬ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩২৬ জন।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান বাসসকে জানান, ইজালউদ্দিন নামের ওই ব্যক্তি ২৩ অক্টোবর হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার সময় তার ডায়াবেটিসসহ আরটিআই (শ্বাসতন্ত্রের সংক্রমণ) ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্বধলায় অটোভ্যানের গোপন চেম্বারে ৮৮ বোতল ভারতীয় মদ, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


পূর্বধলায় অটোভ্যানের গোপন চেম্বারে ৮৮ বোতল ভারতীয় মদ, আটক ১

নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোভ্যানের সিটের নিচে ও পেছনের গোপন চেম্বারে লুকিয়ে রাখা ৮৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মো. আনোয়ার হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার বাড়হা বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।

বুধবার সন্ধ্যায় নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে জারিয়া থেকে শ্যামগঞ্জগামী পাকা সড়কে বাড়হা বোর্ড বাজারের মাসুম টেলিকমের সামনে অবস্থান নেয় ডিএনসির একটি দল। দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে সেখানে সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোভ্যান পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে ভ্যানটির চালকের আসনের নিচে ও পেছনের অংশে বিশেষ কৌশলে তৈরি করা গোপন চেম্বারের সন্ধান পান কর্মকর্তারা। সেখান থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ব্র্যান্ডের ৮৮ বোতল ভারতীয় বিদেশি মদ, যার মোট পরিমাণ ৬৬ লিটার।

জব্দ করা মদের মধ্যে রয়েছে ৭৫০ মিলিলিটারের ৪৬ বোতল আইকনিক হোয়াইট, ২২ বোতল রয়্যাল স্ট্যাগ এবং ২০ বোতল ব্লেন্ডার্স প্রাইড। মদের পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত অটোভ্যান ও আটক ব্যক্তির ব্যবহৃত একটি টিসিএল ব্র্যান্ডের মুঠোফোন জব্দ করা হয়েছে।

আটক আনোয়ার হোসেন দুর্গাপুর উপজেলার চন্দ্রকোনা গ্রামের আবু বক্কর ও মোছা. আনোয়ার খাতুনের ছেলে।

ডিএনসি কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বধলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডিএনসির পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে মামলাটি করবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাল্যবিবাহ প্রতিরোধে কিশোর-কিশোরী ক্লাবের ভূমিকা গুরুত্বপূর্ণ: সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


বাল্যবিবাহ প্রতিরোধে কিশোর-কিশোরী ক্লাবের ভূমিকা গুরুত্বপূর্ণ: সমাজকল্যাণমন্ত্রী

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নারী ও শিশুর অধিকার সুরক্ষায় ইউনিয়ন পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এমনটি জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি গিলিয়ান মেলসপের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন।

এ সময় নারীর ক্ষমতায়ন, নারী অধিকার সুরক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুশ্রম নিরসন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর টেকসই উন্নয়ন, বিদ্যালয়ে মিড-ডে মিল চালু, কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম, মনোসামাজিক সহায়তা, ফ্যামিলি কার্ড এবং নারী ও শিশুবিষয়ক বিভিন্ন আইন নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, ইউনিসেফ বাংলাদেশ একটি নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বাংলাদেশের স্বাধীনতার পর বিভিন্ন সময়ে সংস্থাটির উন্নয়ন সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনি ইশতেহারে নারী ও শিশুর কল্যাণ, পুষ্টি, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে যে অঙ্গীকার করা হয়েছে, সেগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নে কাজ করছে সরকার।

মন্ত্রী বলেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকারের সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে। একই সঙ্গে সব শিশুর জন্য নিরাপদ, বাসযোগ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা অর্জন এবং বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সরকারের বিভিন্ন উদ্যোগ ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%