ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

"অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ নিয়ে যেতে পারে": সৈয়দ এমরান সালেহ প্রিন্স


"অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ নিয়ে যেতে পারে": সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বিরোধী দলের নেতাদের অসহিষ্ণু, উস্কানিমূলক ও লাগামহীন বক্তব্য এবং কর্মকাণ্ড রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’ পর্যায়ে নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, “বিএনপি রাজনৈতিক প্রতিযোগিতা চায়, সংঘাত নয়; যুক্তিনির্ভর বিতর্ক চায়, উসকানি নয়। জনগণের অধিকার, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক ধারাবাহিকতার প্রশ্নে আমরা আপসহীন। জনগণই সকল ক্ষমতার উৎস—এই নীতির ভিত্তিতেই সকল রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের জয়িতা মহিলা মার্কেট প্রাঙ্গণে জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় জামায়াত-এনসিপি জোটের নেতাদের সাম্প্রতিক বক্তব্যের কঠোর সমালোচনা করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “তাদের লাগামহীন উসকানিমূলক বক্তব্য, রাজনৈতিক কর্মকাণ্ড ও অবস্থান থেকে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে যে, তারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে গভীর কোনো চক্রান্তে লিপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই পক্ষের এক হওয়ার বিষয়ে সতর্ক করার পর থেকেই তাদের বক্তব্যের ভাষা ও রাজনৈতিক আচরণ আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে। জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রীকে অবৈধ বলা, নির্বাচনকে অসাংবিধানিক আখ্যা দেওয়া এবং জনগণের রায়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা সেই সন্দেহকে আরও ঘনীভূত করছে।”

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, রাজনৈতিক প্রতিযোগিতা হবে জনগণের কল্যাণে, উন্নয়নের কর্মসূচিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায়। কিন্তু জনগণের ভোটের রায়কে অস্বীকার করে দেশকে সংঘাত ও অরাজকতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে তার শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলা হবে। গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রকেই ধ্বংস করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।”

বিএনপির এই নেতা বলেন, “বিএনপি প্রতিহিংসা কিংবা বিভাজনের রাজনীতি করে না। বিএনপি জনগণের অধিকার, গণতান্ত্রিক জবাবদিহি, আইনের শাসন ও জাতীয় ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করে। বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারকে আমরা সম্মান করি। কিন্তু বিরোধিতার নামে ভিত্তিহীন অভিযোগ, উসকানি এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা দায়িত্বশীল রাজনীতির পরিচয় নয়।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও যুবদল জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সরকারের মূল লক্ষ্য জনগণের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। কোনো রাজনৈতিক উসকানি বা ষড়যন্ত্র জনগণের কল্যাণে সরকারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। জনগণ ৫ বছরের জন্য তারেক রহমান ও বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনার জন্য। অথচ জামায়াত-এনসিপি জোটের নেতারা জনগণের ভোটে নির্বাচিত সরকারকে তুড়ি মেরে উড়িয়ে দিতে চায়।

তিনি বলেন, “তাদের জেনে রাখা ভালো, তারেক রহমান ও বিএনপি কচুপাতার ওপর পানি নয় যে, টোকা দিলেই গড়িয়ে পড়বে। বিএনপি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে গড়ে ওঠা রাজনৈতিক শক্তি নয়। বিএনপির শিকড় এ দেশের মাটি ও মানুষের গভীরে প্রোথিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে বিকশিত এই দলকে হুমকি, অপপ্রচার কিংবা রাজনৈতিক ষড়যন্ত্র দিয়ে দুর্বল করা যাবে না।”

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, “যারা জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ভোটবিহীন সরকারের সঙ্গে এক কাতারে দাঁড় করাতে চান, তাদের কাছে প্রশ্ন—নির্বাচিত, বৈধ এবং অনির্বাচিত, অবৈধ সরকারের মধ্যে পার্থক্য কি তারা বোঝেন না? নাকি জেনেশুনেই জনগণকে বিভ্রান্ত করছেন? রাজনৈতিক বিরোধিতার নামে জনগণের রায়কে অস্বীকার করা গণতান্ত্রিক রাজনীতি হতে পারে না। সরকারকে সমালোচনা করুন, ভুলত্রুটি তুলে ধরুন, বিকল্প কর্মসূচি দিন। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে সাংবিধানিক ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না।”

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সহ সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ, যুবদল নেতা নাজমুল হুদা, আসাদুজ্জামান আসিফ, আক্তার হোসেন, কামরুল ইসলাম, আবদুল মালেক সোহান, এম বি রায়হান, আবু নাসের, ফয়সাল আহমেদ রনি, আবু কাউসার, এনামুল হাসান লাভিন বক্তব্য রাখেন।

ডেঙ্গু রোগ প্রতিরোধে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটি আজ হালুয়াঘাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, পদযাত্রা, মানববন্ধন, লিফলেট বিতরণ, সতর্কতামূলক ব্রিফিং এবং মাইক যোগে প্রচারণা কার্যক্রম পরিচালনা করে।

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ দুপুরে পদযাত্রায় নেতৃত্ব দেন এবং মানববন্ধনে বক্তব্য রাখেন।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

দুপুরে হালুয়াঘাট মহিলা মার্কেট প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গরু বাজার মোড়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন এমরান সালেহ প্রিন্স। পরে তিনি হালুয়াঘাট বাজারে লিফলেট বিতরণ করেন।

এর আগে ও পরে রেডক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা হালুয়াঘাট পৌর শহরের বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সতর্কতামূলক ব্রিফিং, লিফলেট বিতরণ ও মাইক যোগে প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন।

উল্লেখ্য, ময়মনসিংহ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় জেলার ১৪ টি উপজেলায় ১২ দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শামা ওবায়েদের স্পেন ও ইইউর সহযোগিতার প্রশংসা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


শামা ওবায়েদের স্পেন ও ইইউর সহযোগিতার প্রশংসা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় স্পেনসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর সহযোগিতার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম প্রশংসা করেছেন।

তিনি স্পেনের মালাগা শহরের মেয়র ফ্রান্সিসকো দে লা তোরে প্রাদোসের সঙ্গে তার কার্যালয়ে এক বৈঠকে এই প্রশংসা জানান।

বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বৈঠকের সময় শামা ওবায়েদ ইসলাম মালাগার মেয়রকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সম্পর্কে অবহিত করেন এবং এ প্রক্রিয়ায় সহযোগিতার জন্য স্পেন ও ইইউর অন্যান্য সদস্য দেশের গঠনমূলক ভূমিকার কথা উল্লেখ করেন।

আলোচনায় বাংলাদেশ ও স্পেনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বিশেষ করে স্পেনের মালাগা শহরের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বৃদ্ধি করার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়।

উভয় পক্ষ কৃষি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), দক্ষতা উন্নয়ন, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়, পর্যটন এবং সৃজনশীল অর্থনীতিসহ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ ও মালাগার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একাডেমিক অংশীদারত্ব এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের সুযোগ নিয়েও তারা কথা বলেন।

মালাগার মেয়র বাংলাদেশের উদারতার প্রশংসা করেন, যেহেতু দেশটি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে।

তিনি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানের আশাও ব্যক্ত করেন।

আলোচনার বিষয়গুলোকে বাস্তব সহযোগিতায় রূপ দিতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মালাগার নগর প্রশাসনের মধ্যে আরও যোগাযোগ ও সম্পৃক্ততা সহজ করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনে হারের মুখে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ লিকুদ পার্টির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৪ পি.এম


নির্বাচনে হারের মুখে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ লিকুদ পার্টির

ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী দল লিকুদ পার্টি সাম্প্রতিক সংসদ নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলেছে। দলটির দাবি, আরব দলগুলো ভোট ‘চুরি’ করেছে এবং এর পেছনে রয়েছে ব্যাপক অনিয়ম ও কারচুপি। এই ঘটনার পর লিকুদ অবিলম্বে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এবারের নির্বাচনে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলো, যেমন—রাম এবং জয়েন্ট লিস্ট, রেকর্ডসংখ্যক ভোট পেয়ে কনেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) ইতিহাসের সর্বোচ্চ ১৯টি আসন অর্জনের পথে রয়েছে। আরব দলগুলোর এই অভাবনীয় উত্থান ইসরায়েলি রাজনীতিতে একটি বড় ধরনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এর ফলে নেতানিয়াহুর ব্লকের পাশাপাশি তার বিরোধী দলগুলোও এককভাবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে কাজ করছে।

ভোট জালিয়াতির অভিযোগ তুলে লিকুদ পার্টি জানিয়েছে, তারা পুলিশ, শিন বেত (অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা) এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (সিইসি) কাছে শত শত সাক্ষ্য-প্রমাণ জমা দিয়েছে। দলটির উত্থাপিত অভিযোগের মধ্যে রয়েছে—হাজার হাজার খামে নগদ অর্থ এবং নির্দিষ্ট দলের (রাম) ব্যালট স্লিপ বিতরণ। ভোটগ্রহণ কমিটির সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক সহিংসতা, গোপন বুথের আড়ালে একাধিক ব্যক্তির একসঙ্গে প্রবেশ এবং জাল ভোটদান। মোট খামের সংখ্যা এবং মোট ভোটারদের সংখ্যার মধ্যে গরমিল, অবৈধ ভোটার মোবিলাইজেশন বা দলবদ্ধ করার সফটওয়্যারের অপব্যবহার।

এসব গুরুতর অভিযোগের ভিত্তিতে লিকুদ পার্টি তাৎক্ষণিকভাবে একটি “পুঙ্খানুপুঙ্খ তদন্ত” এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্রুত পদক্ষেপ দাবি করেছে।

তবে নির্বাচন কমিশন লিকুদ পার্টির এসব অভিযোগ শুরুতেই নাকচ করে দিয়েছে। ইসরায়েলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচন কমিশনের এক শীর্ষ কর্মকর্তা চলমান নির্বাচনে বড় ধরনের জালিয়াতির দাবিকে উড়িয়ে দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আরব দলগুলোর এই রেকর্ড সাফল্য এবং লিকুদ পার্টির পক্ষ থেকে উত্থাপিত জালিয়াতির অভিযোগ ইসরায়েলের পরবর্তী সরকার গঠন প্রক্রিয়াকে আরও বেশি জটিল ও অনিশ্চিত করে তুলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৪ পি.এম


ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ

ইসরায়েলের সাম্প্রতিক নেসেট (সংসদ) নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় দেশটিতে তীব্র রাজনৈতিক সংকট ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প্রায় ৮৫ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন দক্ষিণপন্থী ও অতি-ডানপন্থী জোট ৫৩টি আসন পেয়েছে, যা ১২০ সদস্যের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন থেকে যথেষ্ট দূরে রয়েছে। অন্যদিকে, বিরোধী ‘পরিবর্তন ব্লক’ (Change Bloc)-ও জাদুকরী সংখ্যা থেকে পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা আগামী দিনে ইসরায়েলের রাজনীতি কোন দিকে মোড় নিতে পারে, তার তিনটি সম্ভাব্য দৃশ্যপট উপস্থাপন করেছেন।

১. পরিবর্তন ব্লক এবং আরব দলগুলোর জোট

নির্বাচনে রেকর্ড ১৯টি আসন পেতে চলেছে ইসরায়েলের আরব দলগুলো। অতীতে কট্টর ডানপন্থী বা কেন্দ্র ডানপন্থী দলগুলো আরব দলগুলোর সাথে জোট বাঁধার তীব্র বিরোধিতা করলেও বর্তমান সমীকরণে সরকার গঠনে তারা মূল চাবিকাঠি হয়ে উঠতে পারে। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের প্রধান ইয়োহান প্লেসনারের মতে, এটি গাণিতিক ও রাজনৈতিকভাবে একটি বিকল্প হতে পারে। তবে অক্টোবর ৭-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় ইহুদি জনগণের মধ্যে ইসলামপন্থী দলের সাথে কাজ করার মানসিক প্রস্তুতি কতটা রয়েছে, তা নিয়ে বড় সংশয় রয়েছে। এছাড়া আরব দলগুলোকে বাইরে রেখে বাইরে থেকে সমর্থন নিয়ে একটি সংখ্যালঘু সরকার গঠনের বিকল্পও টেবিলে রয়েছে।

২. জাতীয় ঐক্যের সরকার গঠন

আরেকটি সম্ভাব্য পথ হলো আদর্শগত বিরোধ ভুলে গিয়ে মধ্য-ডানপন্থী দলগুলোর মধ্যে ঐকমত্যের ভিত্তিতে একটি সরকার গঠন করা। নেতানিয়াহু তার জোটের সঙ্গীদের সাথে নিয়ে পরিবর্তন ব্লকের কোনো একটি দলকে নিজের দিকে টেনে ঐক্যের সরকার গঠনের চেষ্টা করতে পারেন। অন্যদিকে পরিবর্তন ব্লকের পক্ষ থেকেও একটি ‘বাস্তবভিত্তিক ঐক্যের সরকার’ গঠনের চাপ থাকতে পারে, যেখানে আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্নকারী চরম ডানপন্থী বা সামরিক বিল নিয়ে বিরোধিতাকারী অতি-ডানপন্থী কোনো দলের সদস্যদের বাইরে রাখা হতে পারে। তবে নেতানিয়াহুকে হটিয়ে পরিবর্তন আনাই যাদের মূল স্লোগান ছিল, সেই জোটের ভোটারদের কাছে এই ধরনের সমঝোতা কতটা গ্রহণযোগ্য হবে—তা নিয়ে প্রশ্ন রয়েছে।

৩. আরেকটি নতুন নির্বাচন

চলমান নির্বাচনে ভোটারদের রেকর্ড উপস্থিতি (৭৭.৭%) দেখা গেলেও কোনো ব্লকের পক্ষেই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তৃতীয় আরেকটি নির্বাচনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অতীতে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ইসরায়েলকে একাধিক নির্বাচনের মধ্য দিয়ে যেতে হয়েছিল। বর্তমানের গভীর রাজনৈতিক মেরুকরণ এবং রাজনৈতিক নেতাদের কঠোর অবস্থানের কারণে যদি কোনো সমঝোতা না হয়, তবে দেশটিকে আবারও নির্বাচনের মুখোমুখি হতে হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেষ পর্যন্ত কোন দল বা জোট সরকার গঠন করবে, তা নির্ধারণ করতে কয়েক সপ্তাহ কিংবা মাসও লেগে যেতে পারে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতারের নতুন প্রস্তাব ইরানকে, যুদ্ধ বন্ধের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৪ পি.এম


কাতারের নতুন প্রস্তাব ইরানকে, যুদ্ধ বন্ধের চেষ্টা

কাতার, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ বন্ধে একটি নতুন খসড়া প্রস্তাব পেশ করেছে। তবে, প্রস্তাবটি সম্পর্কে তেহরান ও মধ্যস্থতাকারীদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, রোববার ইরানের কাছে নতুন শান্তি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে এবং সপ্তাহের শেষ নাগাদ তেহরানের প্রতিক্রিয়া পাওয়ার আশা করা হচ্ছে। তবে, ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মন্তব্য করেছেন যে, কাতার কেবল কিছু ‘অগ্রহণযোগ্য ধারণা’ প্রদান করেছে, যা কোনো আনুষ্ঠানিক প্রস্তাব হিসেবে গণ্য করা যাবে না।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ওই কর্মকর্তার মতে, কাতারের খসড়ায় দুই পক্ষের উদ্বেগ মোকাবিলার জন্য সাত দিনের একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিনের জন্য আস্থা তৈরির পদক্ষেপ গ্রহণের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। আগামী সপ্তাহের শুরুতে এই প্রক্রিয়া কার্যকর হতে পারে। চুক্তি বাস্তবায়নে কয়েকটি দেশ গ্যারান্টর হিসেবে কাজ করবে বলেও তিনি জানান।

তবে, ইরান পরমাণু কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে। যুক্তরাষ্ট্র চায়, যুদ্ধ বন্ধের আলোচনা শুরুর পর্যায় থেকেই ইরানের দীর্ঘদিনের পারমাণবিক কর্মসূচি অন্তর্ভুক্ত করা হোক। অন্যদিকে, তেহরানের দাবি, মার্কিন অবরোধ প্রত্যাহার এবং দেশটির তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো শর্ত আগে পূরণ করতে হবে। ইরান বরাবরই তাদের পরমাণু কর্মসূচি সামরিক উদ্দেশ্যে পরিচালিত হওয়ার পশ্চিমা অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

এদিকে, যুদ্ধ নতুন করে তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আবার হামলার হুমকি দিয়েছেন। একই সময়ে, ইরানের নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফের হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের সমুদ্রতলের যোগাযোগকে লক্ষ্য করে আক্রমণের বিস্তারিত পরিকল্পনা করেছে তেহরান।

সোমবার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে মঙ্গলবার কাতার বলেছে, মধ্যস্থতার উদ্যোগ সফল করতে ইরানকে উপসাগরীয় আরব দেশগুলোর প্রতি হুমকি বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালি খুলে দিতে হবে।

এই সংঘাতের প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। যুদ্ধের পূর্ববর্তী পর্যায়ে উপসাগরীয় দেশগুলো ধারাবাহিক হামলার শিকার হয়েছিল। একই সঙ্গে, ইসরায়েল ও ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে লড়াইও নতুন করে শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণী মধ্যবর্তী নির্বাচনের আগে যুদ্ধটি ট্রাম্পের জনসমর্থনে নেতিবাচক প্রভাব ফেলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%