০৮:২২ পি.এম
ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নারী ও শিশুর অধিকার সুরক্ষায় ইউনিয়ন পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এমনটি জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি গিলিয়ান মেলসপের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন।
এ সময় নারীর ক্ষমতায়ন, নারী অধিকার সুরক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুশ্রম নিরসন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর টেকসই উন্নয়ন, বিদ্যালয়ে মিড-ডে মিল চালু, কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম, মনোসামাজিক সহায়তা, ফ্যামিলি কার্ড এবং নারী ও শিশুবিষয়ক বিভিন্ন আইন নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: জাতীয় শ্রমিক শক্তির নতুন বেতন কাঠামো কার্যকরের জন্য তিন দিনের আল্টিমেটাম
মন্ত্রী বলেন, ইউনিসেফ বাংলাদেশ একটি নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বাংলাদেশের স্বাধীনতার পর বিভিন্ন সময়ে সংস্থাটির উন্নয়ন সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনি ইশতেহারে নারী ও শিশুর কল্যাণ, পুষ্টি, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে যে অঙ্গীকার করা হয়েছে, সেগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নে কাজ করছে সরকার।
মন্ত্রী বলেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকারের সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে। একই সঙ্গে সব শিশুর জন্য নিরাপদ, বাসযোগ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা অর্জন এবং বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সরকারের বিভিন্ন উদ্যোগ ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন।
আরও পড়ুন: দেশের স্বাধীনতা রুখে দিতে হবে: এমপি এরশাদ উল্লাহ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন