ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৯ মাসেও প্রকাশ হয়নি নৃবিজ্ঞান বিভাগের ফল


নজরুল বিশ্ববিদ্যালয়ে ৯ মাসেও প্রকাশ হয়নি নৃবিজ্ঞান বিভাগের ফল

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার প্রায় নয় মাস পেরিয়ে গেলেও ফল এখনো প্রকাশিত হয়নি। এর মধ্যে শিক্ষার্থীরা দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা সম্পন্ন করে তৃতীয় সেমিস্টারে উঠেছেন। কিন্তু প্রথম সেমিস্টারের ফল প্রকাশ না হওয়ায় তাঁদের একাডেমিক অগ্রগতির পাশাপাশি আবাসিক হলে আসন বরাদ্দ নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, একই শিক্ষাবর্ষে ভর্তি হওয়া অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা একাধিক সেমিস্টারের ফল পেয়ে পরবর্তী একাডেমিক কার্যক্রমে এগিয়ে গেছেন। অথচ নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এখনও প্রথম সেমিস্টারের ফলের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এই দীর্ঘ অনিশ্চয়তা তাঁদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

শিক্ষার্থীরা জানান, প্রথম সেমিস্টারের ফল প্রকাশ না হওয়ায় তাঁরা আবাসিক হলে আসনের জন্য আবেদন করতে পারছেন না। একই শিক্ষাবর্ষের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা ইতিমধ্যে হলে আসন পেয়েছেন, কিন্তু নৃবিজ্ঞান বিভাগের অনেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের বাইরে মেস বা ভাড়া বাসায় থাকতে হচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারে পররাষ্ট্রমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক

এতে তাঁদের প্রতি মাসে অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এই ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি দীর্ঘ সময় ধরে ফল আটকে থাকার কারণে তাঁদের মধ্যে সেশনজটের আশঙ্কাও তৈরি হয়েছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান (ছদ্মনাম) জানান, ‘ফেব্রুয়ারি মাসে প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ করেছি, কিন্তু এখনো ফল পাইনি। এতে আমরা নানা ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছি। ফল না পাওয়ার কারণে হলে আসনের জন্য আবেদন করতে পারছি না। বাইরে মেসে থাকা আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।’

একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাইসা (ছদ্মনাম) বলেন, ‘আমাদের সঙ্গে একই সময়ে ভর্তি হওয়া অন্য বিভাগের শিক্ষার্থীরা প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের ফল পেয়েছেন। তাঁরা এখন তৃতীয় সেমিস্টারের পরীক্ষাও দিচ্ছেন। অথচ আমাদের এখনো প্রথম সেমিস্টারের ফলই প্রকাশ করা হয়নি।’

এ বিষয়ে বিভাগীয় প্রধান স্বপ্না পাপুল জানান, “আমরা খাতা মূল্যায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন এক্সটার্নালের কাছে পাঠিয়েছিলাম। কিন্তু তিনি দেশের বাইরে চলে যাওয়ায় তাঁর কাছ থেকে খাতা পেতে দেরি হয়। তবে গত আগস্ট মাসেই আমরা ফল পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠাই। কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের বিভিন্ন জটিলতার কারণে বারবার সংশোধনী দিতে হয়েছে। ফলে পুরো প্রক্রিয়াটি দীর্ঘায়িত হয়েছে। আমিও বিষয়টি নিয়ে অত্যন্ত হতাশ। আমিও চাই, আমার শিক্ষার্থীরা দ্রুত ফল পাক।”

আরও পড়ুন: কেরাণীগঞ্জে তিন হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হুমায়ুন কবির প্রথমে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন। পরে নথিপত্র যাচাই করে তিনি দেখতে পান, নৃবিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টারের ফল এখনো চূড়ান্তভাবে প্রকাশিত হয়নি। এ বিষয়ে বিভাগীয় প্রধানের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করলে তিনি জানান, গত আগস্ট মাসেই ফল পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠানো হয়েছে।

এরপর দপ্তরের কর্মকর্তাদের কাছে ফল প্রকাশে বিলম্বের কারণ জানতে চাইলে তাঁরা কারিগরি সমস্যার কথা জানান। পরে পরীক্ষা নিয়ন্ত্রক পরদিন সকাল ১১টায় বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিষয়টি সমাধান এবং দ্রুত ফল প্রকাশের আশ্বাস দেন।

এদিকে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের নির্দেশনা সূত্রে জানা যায়, প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ না হলে তৃতীয় সেমিস্টারের কার্যক্রম শুরু হওয়ার কথা নয়। নিয়ম অনুযায়ী, জোড় সেমিস্টারের ফল প্রকাশের আগে পরবর্তী সেমিস্টারের কার্যক্রম শুরু করা যায় না।

বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে জটিলতা নিরসন করে ফল প্রকাশের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে দীর্ঘদিন ধরে ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা কবে নাগাদ ফল হাতে পাবেন, তা এখনো নিশ্চিত নয়।

আরও পড়ুন: দুর্নীতি মামলার আসামি হাসিনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে দুদক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিফ প্রসিকিউটর জিয়াউল আহসানের নির্মমতা তুলে ধরলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


চিফ প্রসিকিউটর জিয়াউল আহসানের নির্মমতা তুলে ধরলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানকে ‘মনস্টার’ আখ্যা দিয়ে তার ভয়াবহ নির্মমতার চিত্র তুলে ধরেন চিফ প্রসিকিউটর, যিনি শতাধিক গুম-খুনের অভিযোগে অভিযুক্ত।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়কালীন শতাধিক ব্যক্তির গুম-খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ (আর্গুমেন্ট) প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন শুরু হয়।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন।

জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস এবং মামলার আরেক সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি উপস্থাপন করে চিফ প্রসিকিউটর জিয়াউল আহসানের গুম-খুনের নির্মমতা তুলে ধরেন। এছাড়া, এই মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্যও উপস্থাপন করা হয়, যেখানে জিয়াউল আহসানের সেনাবাহিনীতে বেপরোয়া কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়।

চিফ প্রসিকিউটর বলেন, "রক্ত যেন গায়ে না লাগে সে জন্য বালিশ ঠেকিয়ে মাথায় গুলি করে হত্যা করা। হত্যার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে মরদেহ নদীতে ফেলে দেওয়া।" সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ জিয়াউল আহসানের নেতৃত্বে সংঘটিত নির্মম ও নৃশংস হত্যার সব ঘটনা ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি।

এক পর্যায়ে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, "আমি আমার ৩৮ বছরের আইন পেশার জীবনে তিন খুন, সাত খুন, বিডিআর বিদ্রোহের মামলাসহ নির্মম ও ভয়াবহ অনেক মামলার অপরাধী দেখেছি। কিন্তু জিয়াউল আহসানের মতো এরকম ‘মনস্টার’ কাউকে দেখিনি। তার নির্মমতার বর্ণনা দিতে গেলে গা শিউরে ওঠে।"

এই মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান আজ ভার্চুয়ালি কারাগার থেকে বিচারকাজে অংশ নেন। আজকের যুক্তি উপস্থাপনটি ট্রাইব্যুনালের ‘অনুমতি সাপেক্ষে’ সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

জিয়াউল আহসানের গুম-খুনের মামলার কার্যক্রম চলাকালে ট্রাইব্যুনালে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। আগামীকাল অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনালে সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন।

উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে গুমের অভিযোগে হওয়া মানবতাবিরোধী অপরাধের প্রথম এই মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার হুমকি হাসনাতের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার হুমকি হাসনাতের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে ‘ওয়েলকাম’ জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে।

তিনি মন্তব্য করেন, "আসতে বলেন তাকে— আমরা তো চাই উনি ফেরত আসুক। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। এখন এগুলা যা হচ্ছে, সব নাটক।"

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির মোটরসাইকেল র‍্যালিতে অংশগ্রহণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আলাপকালে তিনি শীতকালীন ঐক্য, গ্রীষ্মকালীন ঐক্য বা শরৎকালীন ঐক্য— এই ধরনের মাস বা ঋতুকেন্দ্রিক ঐক্যকে টেকসই নয় বলেও উল্লেখ করেন।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, "হাসিনার রাষ্ট্রের কাছে বিমান চেয়েছে এবং একই দিনে থার্ড টার্মিনাল উদ্বোধন, ডিসেম্বর, আবার বিজয় দিবস— সবকিছু ম্যাচ করে। কী বলবেন, উনি মেহমান নাকি? উনি সারাজীবন বলতেন, ‘আমরা পালিয়ে যাব না’। সে আসলে আসি আসি বলেও আসবে না।"

তিনি বলেন, "এখানে তার কিছু আওয়ামী ধর্মে দীক্ষিত কিছু লোক আছে, উনাদেরকে উজ্জীবিত করার জন্য এসব নাটক করে। উনার জন্য একবার বিমান পাঠাও, একবার গাড়ি পাঠাও, একবার বর্ডার চেক করো— সব নাটক।"

হাসনাত আরও বলেন, "যদি আসতেই হয়, বর্ডার চেক করতে হয়, বর্ডারের ফাঁকফোকর চেক করতে হয়! এগুলা হলো মাদকের ডিলারদের মতো কাজ, মাদকের ডিলাররা বর্ডারের ফাঁক দিয়ে কীভাবে আসা যায়, এগুলা চেক করেন। এগুলা স্ট্যান্ডবাজি এবং মিডিয়া স্ট্যান্ডবাজি। দিনশেষে একটা বিষয় হচ্ছে, সে আসবে না। আর আসলেও তো আমরা ওয়েলকাম করি। আমরা ফুল নিয়ে যাব তার জন্য। যে আসুক এবং ওখান থেকে বাংলাদেশের সব মানুষ গিয়ে তাকে ফাঁসির মঞ্চে আগায় দেবে।"

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, "সোমবার (২৩ নভেম্বর) আমাদের আহ্বায়ক বলেছিলেন যে, আওয়ামী লীগের পরাজয় ৫ই আগস্ট হয়েছে এবং আওয়ামী লীগের বিষয়ে যে ঐক্য, আওয়ামী লীগের এই ফ্যাসিবাদের বিষয়ে যে ঐক্য, সেটা ৫ আগস্টে চূড়ান্ত হয়েছে।"

তিনি আরও বলেন, "এখন এই যে কার্যক্রমগুলো করছে, এর মধ্য দিয়ে আওয়ামী লীগের কোনোভাবেই বাংলাদেশে পুনর্বাসন তো দূরের কথা, তারা যে ফ্যাসিবাদী এবং গণবিমুখ একটা শক্তি, সেটাই বারবার প্রমাণ হচ্ছে।"

হাসনাত বলেন, "শুধুমাত্র ডিসেম্বরকেন্দ্রিক ঐক্য বা মাসকেন্দ্রিক ঐক্য, শীতকালীন ঐক্য, গ্রীষ্মকালীন ঐক্য, শরৎকালীন ঐক্য— ওইভাবে আসলে ঐক্য সাস্টেনেবল না। বরং দীর্ঘমেয়াদি দেশের স্থিতিশীলতা, দেশের অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলার ও উন্নতির জন্য আমাদের স্থায়ী ঐক্য হতে হবে।"

তিনি বলেন, "আমাদের যে ভিত্তি— গণরায়ের, গণভোটের ভিত্তিতে এবং সংস্কারের ভিত্তিতে প্রাতিষ্ঠানিক যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে গিয়েছে, এই প্রতিষ্ঠানগুলোকে আবার সুদৃঢ় করার মধ্যে দিয়েই আবার ঐক্যটাকে সুদৃঢ় করতে হবে।"

প্রধানমন্ত্রীর নতুনভাবে ঐক্যের ডাক প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, "সোমবার এ বিষয়ে বলেছি যে, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং এই পুরো ষড়যন্ত্রটা হচ্ছে ভারতের ষড়যন্ত্র। এই পুরো ষড়যন্ত্র বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য ভারত তার সর্বশক্তি দিয়ে একদম—ভারতীয় আধিপত্যবাদ।"

হাসনাত বলেন, "ভারতের জনগণের সঙ্গে আমাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। সাংস্কৃতিক, সামাজিক, ব্যবসায়িক- রিসিপ্রোকাল একটা সম্পর্ক রয়েছে আমাদের। কিন্তু ভারত যে একটা আধিপত্যবাদের মধ্য দিয়ে বাংলাদেশকে নির্যাতন, নিপীড়ন এবং কন্ট্রোল করার যে মনোভাব রয়েছে, সেটার বিরুদ্ধেই ৫ই আগস্ট।"

হাসনাত বলেন, "আমরা সরকারের কাছে জানতে চেয়েছি, এটা আসলে কোন মাত্রায়; তারা এই বিষয়টি নিয়ে কী চিন্তা করছে। একই সঙ্গে সঙ্গে গণভোটের গণরায়ের বাস্তবায়ন নিয়ে তাদের পরিকল্পনা কী?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


খুলনায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

খুলনা, ২৪ নভেম্বর ২০২৬ : দিঘলিয়া উপজেলার ফরমাইশখানার বার্মা শীল ঘাট (গোলারঘাট এলাকা) থেকে ১০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে সেনহাটি পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পুলিশ গ্রেফতারকৃত তিনজনের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার হোসেন শেখের পুত্র মো. সোহেল শেখ (৪০), সাহেব আলী মিনার পুত্র সুমন মিনা (৩০) এবং মৃত সুলতান হাওলাদারের পুত্র বিপ্লব হাওলাদার (২৭)।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত তিনজনই দৌলতপুর এলাকার বাসিন্দা। ধারণা করা হচ্ছে, তারা স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহের উদ্দেশ্যে মাদক নিয়ে দিঘলিয়ার সেনহাটি এলাকায় এসেছিল। আটক হওয়ার সময় তারা একটি মোবাইল ফোন পানিতে ফেলে দেয়।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী জানিয়েছেন, সেনহাটি পুলিশ ফাঁড়ির দক্ষ টিম ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধারকৃত গাজার উৎস এবং যাদের কাছে সরবরাহের জন্য তারা সেনহাটি এলাকায় অবস্থান করছিল, সেই তথ্য উদঘাটনের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় দুর্বৃত্তের আগুনে পুড়ল প্রাইভেটকার, চালকের ইঞ্জিন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


নেত্রকোনায় দুর্বৃত্তের আগুনে পুড়ল প্রাইভেটকার, চালকের ইঞ্জিন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত

নেত্রকোনায় দুর্বৃত্তদের দ্বারা একটি প্রাইভেটকারে আগুন লাগানো হয়েছে। এই ঘটনায় প্রাইভেটকারের ইঞ্জিন পুরোপুরি পুড়ে গেছে।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত গভীর রাতে জেলা সদরের ধারিয়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাইভেটকারের চালক সাইফুল ইসলাম জানিয়েছেন, তিনি ১৪ বছর ধরে বেস্ট লাইফ ইন্সুইরেন্স কোম্পানির গাড়ির চালক হিসেবে কাজ করছেন। প্রতিদিনের মতো ডিউটি শেষ করে রাত সাড়ে আটটার দিকে একটি গ্যারেজের সামনে গাড়িটি রেখে বাসায় চলে যান। পরে রাত তিনটার দিকে দুর্বৃত্তরা গাড়িতে আগুন লাগায়। এ সময় স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন। আগুনের কারণে প্রাইভেটকারের ইঞ্জিন সম্পূর্ণ পুড়ে যায়, তবে গাড়ির পেছনের অংশ অক্ষত রয়েছে।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%