মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:২৬ পি.এম
দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনা যদি আইনি প্রক্রিয়ায় ফিরে না আসেন, তবে তাকে ফেরাতে বাধ্য করা হবে বলে জানায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুদকের সচিব সাইদুর রহমান খান বলেন, তিনি যেভাবেই দেশে ফিরুক না কেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, আজ এক হাজার কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের মামলায় বরগুনার সাবেক এমপির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক।
গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। ইতোমধ্যে শেখ হাসিনা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ২৪টি মামলা এবং ৭টি মামলার চার্জশিট দাখিল করেছে দুদক। আদালতের রায়ে তাকে ৩৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে তার ফেরার গুঞ্জন নিয়ে দুদক সচিবের স্পষ্ট বার্তা হলো, ফিরতে হলে আইনি প্রক্রিয়ায় আসতে হবে। অন্যথায়, তাকে বাধ্য করে আইনের মুখোমুখি করা হবে।
এদিকে, বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে ১ হাজার ২৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ার পর চার্জশিট দাখিল করেছে সংস্থাটি।
এদিন গ্রাহকের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে সুবাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের এমডি নাজমুল হককে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। একই অভিযোগে সুবাস্তুর চেয়ারম্যান আবিদুর রহমান ও পরিচালক রেজাউল হক সিরাজীকে তলব করা হলেও তারা আসেননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
১৫৫টিরও বেশি শিশু সুরক্ষা সংস্থা ও বিশেষজ্ঞের একটি আন্তর্জাতিক জোট অ্যামাজন ও ইবেকে চ্যাটবটযুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খেলনা বিক্রি অবিলম্বে বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে। তারা শিশুদের নিরাপত্তা, গোপনীয়তা এবং মানসিক বিকাশের ওপর এসব খেলনার সম্ভাব্য ক্ষতিকর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
সোমবার (২৩ নভেম্বর) অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি এবং ইবের প্রধান নির্বাহী জেমি ইয়ানোনকে পাঠানো একটি খোলা চিঠিতে এ আহ্বান জানানো হয়। চিঠিতে স্বাক্ষরকারী সংস্থাগুলোর মধ্যে ফেয়ারপ্লে, অ্যালায়েন্স ৪ চিলড্রেন এবং দ্য অ্যাংজাইটি জেনারেশন মুভমেন্টসহ বিভিন্ন শিশু সুরক্ষা সংগঠন অন্তর্ভুক্ত রয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৬ বছরের কম বয়সি শিশুদের জন্য বাজারজাত করা জেনারেটিভ এআই চ্যাটবটযুক্ত খেলনার বিক্রি স্থগিত রাখতে হবে। স্বাধীন পরীক্ষার মাধ্যমে এসব খেলনার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল রাখার দাবি জানানো হয়েছে।
এছাড়া, ইতোমধ্যে এসব খেলনা কিনেছেন এমন গ্রাহকদের সতর্ক করার পাশাপাশি অর্থ ফেরত দেয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি অ্যামাজনের যুক্তরাষ্ট্রের অনলাইন মার্কেটপ্লেসে ৫০টির বেশি এবং যুক্তরাজ্যের প্ল্যাটফর্মে ২৮টি এআই খেলনার সন্ধান পাওয়া গেছে। এসব পণ্যের তথ্য গত অক্টোবরের শেষ দিকে শনাক্ত করা হয়।
কিছু খেলনা তিন বছর বয়সি শিশুদের জন্য বাজারজাত করা হলেও সেগুলোতে সংযুক্ত ছিল সাধারণ কাজে ব্যবহারের উপযোগী চ্যাটবট, যা মূলত বেশি বয়সীদের জন্য তৈরি। আবার কিছু খেলনায় কণ্ঠস্বর নকল করা এবং শিশুদের আবেগীয় বিকাশ পর্যবেক্ষণের সুবিধার বিজ্ঞাপন দেয়া হয়েছে।
শিশু সুরক্ষা সংস্থা ও বিশেষজ্ঞদের দাবি, পরীক্ষায় দেখা গেছে, কিছু এআই খেলনা শিশুদের অনুপযুক্ত যৌন বিষয়বস্তু সম্পর্কে উত্তর দিয়েছে। এমনকি দিয়াশলাই ও ছুরি ব্যবহারের নির্দেশনাও দিয়েছে। পাশাপাশি শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এছাড়া, এসব খেলনার সঙ্গে শিশুদের অস্বাস্থ্যকর আবেগীয় সম্পর্ক তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ ধরনের সম্পর্ক শিশুদের মানসিক স্বাস্থ্য ও দীর্ঘমেয়াদি বিকাশে কী প্রভাব ফেলতে পারে, তা এখনও অজানা।
চিঠিতে বলা হয়েছে, ‘শিশুদের হাতে পৌঁছানোর আগেই এসব পণ্যের নিরাপত্তা প্রমাণ করতে হবে। ক্ষতি শনাক্ত হওয়ার পর একেকটি পণ্য বাজার থেকে সরিয়ে নেয়া যথেষ্ট নয়।’
ফেয়ারপ্লের ইয়াং চিলড্রেন থ্রাইভ অফলাইন কর্মসূচির পরিচালক র্যাচেল ফ্রাঞ্জ বলেন, ‘সমালোচনার মুখে পড়ার পর খুচরা বিক্রেতারা একে একে এআই খেলনা সরিয়ে নিচ্ছে। কিন্তু এ পদক্ষেপ যথেষ্ট নয়।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জেলা প্রশাসন, পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাণিজ্য মেলার আয়োজন চলছে। সরকারি নির্দেশনা উপেক্ষা করে শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠে স্টল নির্মাণ ও মালামাল আনা হচ্ছে, তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এখনো কোনো আবেদনই পায়নি। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
সরেজমিনে ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবদুর রশিদের মালিকানাধীন ‘মেসার্স আবদুল্লাহ ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই মেলার আয়োজন করছে। উদ্বোধনের তারিখ এখনও ঘোষণা করা হয়নি, কিন্তু মাঠে স্টল নির্মাণ ও ট্রাকে করে মালামাল আনার কাজ চলছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের এই মাঠটি শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠ। মাঠটির চারপাশে ওয়াকওয়ে থাকায় প্রতিদিন হাজার হাজার নারী-পুরুষ সেখানে হাঁটাহাঁটি করেন। শিশুদের খেলার সরঞ্জাম, বসার স্থান, শহীদ মিনার ও সুইমিং পুল থাকায় বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত শিশু ও অভিভাবকদের পদচারণায় মাঠটি মুখর থাকে।
সরকারি নীতিমালা অনুযায়ী, ২০২৪ সালের স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন-৫ পরিপত্রের (চ) ধারায় স্পষ্ট উল্লেখ রয়েছে, ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে মেলার আয়োজন করা যাবে না।’ এই বিধান থাকা সত্ত্বেও গত বছরও একই মাঠে মেলা বসানোর অভিযোগ রয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী তন্ময়, তালহা, সামিক ও হীরা জানিয়েছে, খেলাধুলার জন্য এটিই তাদের একমাত্র মাঠ। সামনে বৃত্তি পরীক্ষা, বই উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে। মাঠে মেলার আয়োজন হলে এসব সহশিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। গত বছরও তারা এর বিরোধিতা করে মেলা বন্ধ করতে পারেনি।
এদিকে এ আয়োজনে স্থানীয় ব্যবসায়ীরাও ক্ষতির আশঙ্কা করছেন। ভোলা জিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেছেন, ‘শীতের মৌসুমে স্থানীয় ব্যবসায়ীরা কিছুটা লাভের আশা করেন। কিন্তু বাইরে থেকে লোকজন এসে এভাবে মেলা বসালে ভোলার ব্যবসায় ধস নামবে। গত বছরও আমরা ব্যাপক লোকসানের মুখে পড়েছিলাম। আমরা এই মেলা বন্ধের দাবি জানাই।’
অনুমতি ছাড়া কীভাবে মেলার প্রস্তুতি চলছে—জানতে চাইলে আয়োজকদের একজন মাহবুব কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি বলেন, ‘আমি ঢাকায় আছি, ভোলায় ফিরে সরাসরি কথা বলব।’
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান জানিয়েছেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার বিষয়ে আমাদের মতামত চাওয়া হয়েছিল। সামনে বার্ষিক পরীক্ষা, বই উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতা থাকায় আমরা স্পষ্টভাবে ‘না’ লিখে দিয়েছি।’
ভোলা প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক অ্যাডভোকেট নজরুল হক অনু বলেছেন, ‘আইন অমান্য করে স্কুল মাঠে মেলার আয়োজন অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সবার এগিয়ে আসা উচিত।’
এ বিষয়ে ভোলার পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার জানিয়েছেন, ‘জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে। আমরা এখনো কোনো মতামত দিইনি।’
ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেছেন, ‘নিয়ম অনুযায়ী আমরা এখনো মেলা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আবেদনই পাইনি, তাই অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। আবেদন পেলে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।’ অনুমতি ছাড়া কীভাবে স্টল নির্মাণ চলছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবকিছু তো আমার নিয়ন্ত্রণে নয়। বলতে পারেন অনুমতি ছাড়াই আয়োজন হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের প্রখ্যাত আলেম শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানী দীনি মাদরাসাগুলোকে দারুল উলুম দেওবন্দের উসুল ও আদর্শ অনুসরণ করে পরিচালনার আহ্বান জানিয়েছেন।
তিনি সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘৭০ সালা ফুজালা সম্মেলনে’ ভার্চুয়ালি যুক্ত হয়ে হাদিসের দরসে এসব কথা বলেন।
মুফতি তাকি উসমানী বলেছেন, "দেওবন্দের আদর্শ অনুসরণ করলে মাদরাসাগুলো দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জন করবে। তাই সব পরিস্থিতিতে আকাবিরের দেখানো পথ আঁকড়ে থাকতে হবে।"
সম্মেলনে সরাসরি উপস্থিত হওয়ার ইচ্ছা ছিল বলে বক্তব্যের শুরুতে জানান মুফতি তাকি উসমানী। তবে অনাকাঙ্ক্ষিত কারণে তা সম্ভব না হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। ভার্চুয়ালি যুক্ত হওয়ার সুযোগ করে দেয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
এ সময় জামিয়া ফরিদাবাদের প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি মাওলানা শামছুল হক ফরিদপুরী (রহ.)-কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। মুফতি তাকি উসমানী বলেন, "ছদর সাহেবের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার সঙ্গে বহুবার সাক্ষাতের সুযোগ হয়েছে। তার ইখলাস, লিল্লাহিয়াত ও দীনের জন্য ত্যাগের কথা স্মরণ করে আমি গভীর শ্রদ্ধা জানাই।"
শিক্ষার্থীদের উদ্দেশে মুফতি তাকি উসমানী বলেন, "দীনি মাদরাসাগুলোর প্রাণ হচ্ছে দারুল উলুম দেওবন্দ। তাই দেওবন্দের উসুল ও আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না। আকাবিরের দেখানো পথ অনুসরণ করলেই মাদরাসাগুলো প্রকৃত সফলতা অর্জন করতে পারবে।"
এ সম্মেলন আগামী বুধবার (২৫ নভেম্বর) পর্যন্ত চলবে। এতে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় আলেম, ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদরা বক্তব্য দেবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং লাইসেন্স নবায়ন না থাকার মতো বিভিন্ন অনিয়মের কারণে তিনটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিককে মোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে দক্ষিণ কেরাণীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হল স্বদেশ জেনারেল হাসপাতাল, জাহানারা জেনারেল হাসপাতাল এবং নয়নতারা আই হসপিটাল অ্যান্ড ফ্যাকো সেন্টার।
অভিযানের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতাল ও ক্লিনিকগুলোর লাইসেন্স নবায়ন, প্রয়োজনীয় জনবল, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অন্যান্য কাগজপত্র পরীক্ষা করেন। এ সময় তিনটি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অনিয়ম এবং প্রয়োজনীয় কাগজপত্রের অভাব দেখা যায়।
পরে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারার আওতায় প্রতিষ্ঠানগুলোকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে সতর্ক করে আগামী এক মাসের মধ্যে লাইসেন্স নবায়নসহ প্রয়োজনীয় ঘাটতি পূরণের নির্দেশনা প্রদান করা হয়।
কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান মন্তব্য করেন, ‘বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর সেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্যসেবার নামে কোনো প্রতিষ্ঠান যেন নিয়মবহির্ভূত কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে বিষয়ে নজরদারি বাড়ানো হবে।’
অভিযানে নেতৃত্বদানকারী কেরাণীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ-উল-মাহমুদ বলেন, ‘হাসপাতাল ও ক্লিনিক পরিচালনায় প্রয়োজনীয় নিয়মকানুন মেনে চলতে হবে। যেসব প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেছে, তাদের জরিমানার পাশাপাশি সংশোধনের জন্য এক মাস সময় দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ