মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:২৩ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে ‘ওয়েলকাম’ জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে।
তিনি মন্তব্য করেন, "আসতে বলেন তাকে— আমরা তো চাই উনি ফেরত আসুক। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। এখন এগুলা যা হচ্ছে, সব নাটক।"
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির মোটরসাইকেল র্যালিতে অংশগ্রহণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আলাপকালে তিনি শীতকালীন ঐক্য, গ্রীষ্মকালীন ঐক্য বা শরৎকালীন ঐক্য— এই ধরনের মাস বা ঋতুকেন্দ্রিক ঐক্যকে টেকসই নয় বলেও উল্লেখ করেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, "হাসিনার রাষ্ট্রের কাছে বিমান চেয়েছে এবং একই দিনে থার্ড টার্মিনাল উদ্বোধন, ডিসেম্বর, আবার বিজয় দিবস— সবকিছু ম্যাচ করে। কী বলবেন, উনি মেহমান নাকি? উনি সারাজীবন বলতেন, ‘আমরা পালিয়ে যাব না’। সে আসলে আসি আসি বলেও আসবে না।"
তিনি বলেন, "এখানে তার কিছু আওয়ামী ধর্মে দীক্ষিত কিছু লোক আছে, উনাদেরকে উজ্জীবিত করার জন্য এসব নাটক করে। উনার জন্য একবার বিমান পাঠাও, একবার গাড়ি পাঠাও, একবার বর্ডার চেক করো— সব নাটক।"
হাসনাত আরও বলেন, "যদি আসতেই হয়, বর্ডার চেক করতে হয়, বর্ডারের ফাঁকফোকর চেক করতে হয়! এগুলা হলো মাদকের ডিলারদের মতো কাজ, মাদকের ডিলাররা বর্ডারের ফাঁক দিয়ে কীভাবে আসা যায়, এগুলা চেক করেন। এগুলা স্ট্যান্ডবাজি এবং মিডিয়া স্ট্যান্ডবাজি। দিনশেষে একটা বিষয় হচ্ছে, সে আসবে না। আর আসলেও তো আমরা ওয়েলকাম করি। আমরা ফুল নিয়ে যাব তার জন্য। যে আসুক এবং ওখান থেকে বাংলাদেশের সব মানুষ গিয়ে তাকে ফাঁসির মঞ্চে আগায় দেবে।"
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, "সোমবার (২৩ নভেম্বর) আমাদের আহ্বায়ক বলেছিলেন যে, আওয়ামী লীগের পরাজয় ৫ই আগস্ট হয়েছে এবং আওয়ামী লীগের বিষয়ে যে ঐক্য, আওয়ামী লীগের এই ফ্যাসিবাদের বিষয়ে যে ঐক্য, সেটা ৫ আগস্টে চূড়ান্ত হয়েছে।"
তিনি আরও বলেন, "এখন এই যে কার্যক্রমগুলো করছে, এর মধ্য দিয়ে আওয়ামী লীগের কোনোভাবেই বাংলাদেশে পুনর্বাসন তো দূরের কথা, তারা যে ফ্যাসিবাদী এবং গণবিমুখ একটা শক্তি, সেটাই বারবার প্রমাণ হচ্ছে।"
হাসনাত বলেন, "শুধুমাত্র ডিসেম্বরকেন্দ্রিক ঐক্য বা মাসকেন্দ্রিক ঐক্য, শীতকালীন ঐক্য, গ্রীষ্মকালীন ঐক্য, শরৎকালীন ঐক্য— ওইভাবে আসলে ঐক্য সাস্টেনেবল না। বরং দীর্ঘমেয়াদি দেশের স্থিতিশীলতা, দেশের অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, আইনশৃঙ্খলার ও উন্নতির জন্য আমাদের স্থায়ী ঐক্য হতে হবে।"
তিনি বলেন, "আমাদের যে ভিত্তি— গণরায়ের, গণভোটের ভিত্তিতে এবং সংস্কারের ভিত্তিতে প্রাতিষ্ঠানিক যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে গিয়েছে, এই প্রতিষ্ঠানগুলোকে আবার সুদৃঢ় করার মধ্যে দিয়েই আবার ঐক্যটাকে সুদৃঢ় করতে হবে।"
প্রধানমন্ত্রীর নতুনভাবে ঐক্যের ডাক প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, "সোমবার এ বিষয়ে বলেছি যে, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং এই পুরো ষড়যন্ত্রটা হচ্ছে ভারতের ষড়যন্ত্র। এই পুরো ষড়যন্ত্র বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য ভারত তার সর্বশক্তি দিয়ে একদম—ভারতীয় আধিপত্যবাদ।"
হাসনাত বলেন, "ভারতের জনগণের সঙ্গে আমাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। সাংস্কৃতিক, সামাজিক, ব্যবসায়িক- রিসিপ্রোকাল একটা সম্পর্ক রয়েছে আমাদের। কিন্তু ভারত যে একটা আধিপত্যবাদের মধ্য দিয়ে বাংলাদেশকে নির্যাতন, নিপীড়ন এবং কন্ট্রোল করার যে মনোভাব রয়েছে, সেটার বিরুদ্ধেই ৫ই আগস্ট।"
হাসনাত বলেন, "আমরা সরকারের কাছে জানতে চেয়েছি, এটা আসলে কোন মাত্রায়; তারা এই বিষয়টি নিয়ে কী চিন্তা করছে। একই সঙ্গে সঙ্গে গণভোটের গণরায়ের বাস্তবায়ন নিয়ে তাদের পরিকল্পনা কী?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা, ২৪ নভেম্বর ২০২৬ : দিঘলিয়া উপজেলার ফরমাইশখানার বার্মা শীল ঘাট (গোলারঘাট এলাকা) থেকে ১০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে সেনহাটি পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পুলিশ গ্রেফতারকৃত তিনজনের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার হোসেন শেখের পুত্র মো. সোহেল শেখ (৪০), সাহেব আলী মিনার পুত্র সুমন মিনা (৩০) এবং মৃত সুলতান হাওলাদারের পুত্র বিপ্লব হাওলাদার (২৭)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত তিনজনই দৌলতপুর এলাকার বাসিন্দা। ধারণা করা হচ্ছে, তারা স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহের উদ্দেশ্যে মাদক নিয়ে দিঘলিয়ার সেনহাটি এলাকায় এসেছিল। আটক হওয়ার সময় তারা একটি মোবাইল ফোন পানিতে ফেলে দেয়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী জানিয়েছেন, সেনহাটি পুলিশ ফাঁড়ির দক্ষ টিম ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধারকৃত গাজার উৎস এবং যাদের কাছে সরবরাহের জন্য তারা সেনহাটি এলাকায় অবস্থান করছিল, সেই তথ্য উদঘাটনের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনায় দুর্বৃত্তদের দ্বারা একটি প্রাইভেটকারে আগুন লাগানো হয়েছে। এই ঘটনায় প্রাইভেটকারের ইঞ্জিন পুরোপুরি পুড়ে গেছে।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত গভীর রাতে জেলা সদরের ধারিয়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাইভেটকারের চালক সাইফুল ইসলাম জানিয়েছেন, তিনি ১৪ বছর ধরে বেস্ট লাইফ ইন্সুইরেন্স কোম্পানির গাড়ির চালক হিসেবে কাজ করছেন। প্রতিদিনের মতো ডিউটি শেষ করে রাত সাড়ে আটটার দিকে একটি গ্যারেজের সামনে গাড়িটি রেখে বাসায় চলে যান। পরে রাত তিনটার দিকে দুর্বৃত্তরা গাড়িতে আগুন লাগায়। এ সময় স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন। আগুনের কারণে প্রাইভেটকারের ইঞ্জিন সম্পূর্ণ পুড়ে যায়, তবে গাড়ির পেছনের অংশ অক্ষত রয়েছে।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরার কালীগঞ্জে একটি সেপ্টিট্যাংকে নেমে অক্সিজেনের অভাবে দুজন মারা গেছেন। এ ঘটনায় তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেনসহ অন্য একজন গুরুতর আহত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে মহানন্দ সরকার (৩৫) এবং একই গ্রামের মনি পাড়ের ছেলে মো. আরাফাত (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বরেয়া গ্রামে যখন সেপ্টিট্যাংকের ভেতরে কাজ চলছিল, তখন অক্সিজেনের অভাবে ভেতরে থাকা ব্যক্তিরা অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করতে গিয়ে তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেনসহ আরও একজন গুরুতর অসুস্থ হয়ে যান।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২৪ নভেম্বর, ২০২৬ : দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে ৬ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ২৭৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে। অভিযোগটি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ।
মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন। এর আগে সোমবার, দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এ মামলাটি দায়ের করেন সংস্থাটির উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিন।
তিনি জানান, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এম এ লতিফের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদকের প্রধান কার্যালয়। ২০২৫ সালের ৮ এপ্রিল থেকে এই অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানে তার নামে ১৪টি নিবন্ধিত দলিলের মাধ্যমে কেনা জমিসহ মোট ১০ কোটি ৮৬ লাখ ২৭ হাজার ৫১৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে স্থাবর সম্পদের মূল্য ৩ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ২২৩ টাকা এবং ব্যবসার মূলধন, বিনিয়োগ, গাড়ি ক্রয় ও নগদ অর্থসহ অস্থাবর সম্পদের পরিমাণ ৬ কোটি ৮৯ লাখ ৯৫ হাজার ২৯০ টাকা।
দুদকের অনুসন্ধানে তার সম্মানী, ব্যবসা থেকে আয়, ব্যাংক সুদ ও অন্যান্য উৎস মিলিয়ে ৬ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৬০০ টাকার বৈধ আয়ের তথ্য পাওয়া গেছে। তবে পারিবারিক ও অন্যান্য খাতে তার ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬১ লাখ ৭১ হাজার ৩৬৫ টাকা। এসব ব্যয় বাদ দেওয়ার পর সম্পদ অর্জনের বিপরীতে তার বৈধ আয়ের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ১৬ লাখ ৮২ হাজার ২৩৫ টাকা। এই হিসাবে তার অর্জিত সম্পদের সঙ্গে বৈধ আয়ের ব্যবধান ৬ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ২৭৮ টাকা।
দুদকের অভিযোগ অনুযায়ী, এম এ লতিফ এই পরিমাণ সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জন করে ভোগদখলে রেখেছেন।
এজাহারে আরও বলা হয়েছে, আবদুল লতিফ আয়কর নথিতে হর্টিকালচার ও কৃষি খাতে ৩ কোটি ৭১ লাখ ৭৫ হাজার টাকা আয় দেখিয়েছেন। তবে অনুসন্ধানের সময় ওই আয়ের পক্ষে কোনো প্রামাণ্য কাগজপত্র বা তথ্য-উপাত্ত পাওয়া যায়নি। তিনি নিজেও এ-সংক্রান্ত গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ দিতে পারেননি। এ কারণে ওই আয়কে বৈধ আয় হিসেবে বিবেচনায় নেয়নি দুদক। এম এ লতিফের পরিবহন ও অন্যান্য ব্যবসার কথাও উল্লেখ করা হয়েছে। তিনি রিলায়েন্স লজিস্টিকসের মাধ্যমে পরিবহন ব্যবসা এবং রিলায়েন্স অ্যাসেটস অ্যান্ড ডেভেলপমেন্ট বিডি লিমিটেডের মাধ্যমে আবাসন ব্যবসা পরিচালনা করেন বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে যে, ২০১১ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ২৬ জুলাই পর্যন্ত সময়ে এসব সম্পদ অর্জনের ঘটনা ঘটেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ