মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:২৪ পি.এম
খুলনা, ২৪ নভেম্বর ২০২৬ : দিঘলিয়া উপজেলার ফরমাইশখানার বার্মা শীল ঘাট (গোলারঘাট এলাকা) থেকে ১০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে সেনহাটি পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পুলিশ গ্রেফতারকৃত তিনজনের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার হোসেন শেখের পুত্র মো. সোহেল শেখ (৪০), সাহেব আলী মিনার পুত্র সুমন মিনা (৩০) এবং মৃত সুলতান হাওলাদারের পুত্র বিপ্লব হাওলাদার (২৭)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত তিনজনই দৌলতপুর এলাকার বাসিন্দা। ধারণা করা হচ্ছে, তারা স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহের উদ্দেশ্যে মাদক নিয়ে দিঘলিয়ার সেনহাটি এলাকায় এসেছিল। আটক হওয়ার সময় তারা একটি মোবাইল ফোন পানিতে ফেলে দেয়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী জানিয়েছেন, সেনহাটি পুলিশ ফাঁড়ির দক্ষ টিম ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধারকৃত গাজার উৎস এবং যাদের কাছে সরবরাহের জন্য তারা সেনহাটি এলাকায় অবস্থান করছিল, সেই তথ্য উদঘাটনের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনায় দুর্বৃত্তদের দ্বারা একটি প্রাইভেটকারে আগুন লাগানো হয়েছে। এই ঘটনায় প্রাইভেটকারের ইঞ্জিন পুরোপুরি পুড়ে গেছে।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত গভীর রাতে জেলা সদরের ধারিয়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাইভেটকারের চালক সাইফুল ইসলাম জানিয়েছেন, তিনি ১৪ বছর ধরে বেস্ট লাইফ ইন্সুইরেন্স কোম্পানির গাড়ির চালক হিসেবে কাজ করছেন। প্রতিদিনের মতো ডিউটি শেষ করে রাত সাড়ে আটটার দিকে একটি গ্যারেজের সামনে গাড়িটি রেখে বাসায় চলে যান। পরে রাত তিনটার দিকে দুর্বৃত্তরা গাড়িতে আগুন লাগায়। এ সময় স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন। আগুনের কারণে প্রাইভেটকারের ইঞ্জিন সম্পূর্ণ পুড়ে যায়, তবে গাড়ির পেছনের অংশ অক্ষত রয়েছে।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরার কালীগঞ্জে একটি সেপ্টিট্যাংকে নেমে অক্সিজেনের অভাবে দুজন মারা গেছেন। এ ঘটনায় তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেনসহ অন্য একজন গুরুতর আহত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে মহানন্দ সরকার (৩৫) এবং একই গ্রামের মনি পাড়ের ছেলে মো. আরাফাত (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বরেয়া গ্রামে যখন সেপ্টিট্যাংকের ভেতরে কাজ চলছিল, তখন অক্সিজেনের অভাবে ভেতরে থাকা ব্যক্তিরা অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করতে গিয়ে তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেনসহ আরও একজন গুরুতর অসুস্থ হয়ে যান।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২৪ নভেম্বর, ২০২৬ : দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে ৬ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ২৭৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে। অভিযোগটি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ।
মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন। এর আগে সোমবার, দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এ মামলাটি দায়ের করেন সংস্থাটির উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিন।
তিনি জানান, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, এম এ লতিফের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদকের প্রধান কার্যালয়। ২০২৫ সালের ৮ এপ্রিল থেকে এই অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানে তার নামে ১৪টি নিবন্ধিত দলিলের মাধ্যমে কেনা জমিসহ মোট ১০ কোটি ৮৬ লাখ ২৭ হাজার ৫১৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এর মধ্যে স্থাবর সম্পদের মূল্য ৩ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ২২৩ টাকা এবং ব্যবসার মূলধন, বিনিয়োগ, গাড়ি ক্রয় ও নগদ অর্থসহ অস্থাবর সম্পদের পরিমাণ ৬ কোটি ৮৯ লাখ ৯৫ হাজার ২৯০ টাকা।
দুদকের অনুসন্ধানে তার সম্মানী, ব্যবসা থেকে আয়, ব্যাংক সুদ ও অন্যান্য উৎস মিলিয়ে ৬ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৬০০ টাকার বৈধ আয়ের তথ্য পাওয়া গেছে। তবে পারিবারিক ও অন্যান্য খাতে তার ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬১ লাখ ৭১ হাজার ৩৬৫ টাকা। এসব ব্যয় বাদ দেওয়ার পর সম্পদ অর্জনের বিপরীতে তার বৈধ আয়ের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ১৬ লাখ ৮২ হাজার ২৩৫ টাকা। এই হিসাবে তার অর্জিত সম্পদের সঙ্গে বৈধ আয়ের ব্যবধান ৬ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ২৭৮ টাকা।
দুদকের অভিযোগ অনুযায়ী, এম এ লতিফ এই পরিমাণ সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জন করে ভোগদখলে রেখেছেন।
এজাহারে আরও বলা হয়েছে, আবদুল লতিফ আয়কর নথিতে হর্টিকালচার ও কৃষি খাতে ৩ কোটি ৭১ লাখ ৭৫ হাজার টাকা আয় দেখিয়েছেন। তবে অনুসন্ধানের সময় ওই আয়ের পক্ষে কোনো প্রামাণ্য কাগজপত্র বা তথ্য-উপাত্ত পাওয়া যায়নি। তিনি নিজেও এ-সংক্রান্ত গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ দিতে পারেননি। এ কারণে ওই আয়কে বৈধ আয় হিসেবে বিবেচনায় নেয়নি দুদক। এম এ লতিফের পরিবহন ও অন্যান্য ব্যবসার কথাও উল্লেখ করা হয়েছে। তিনি রিলায়েন্স লজিস্টিকসের মাধ্যমে পরিবহন ব্যবসা এবং রিলায়েন্স অ্যাসেটস অ্যান্ড ডেভেলপমেন্ট বিডি লিমিটেডের মাধ্যমে আবাসন ব্যবসা পরিচালনা করেন বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে যে, ২০১১ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ২৬ জুলাই পর্যন্ত সময়ে এসব সম্পদ অর্জনের ঘটনা ঘটেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাটোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ, যা ফ্যাসিষ্ট শেখ হাসিনার অপতৎপরতা ও অপরাজনীতির বিরুদ্ধে পরিচালিত হয়।
মঙ্গলবার বেলা ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নাটোর জেলার উদ্যোগে আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আইনজীবী সমিতির সামনে এসে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি রুহুল আমিন তালুকদার টগর, সাধারণ সম্পাদক শরীফুল হক মুক্তা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের পিপি আব্দুল কাদের মিয়া, এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব শহীদ মাহামুদ মিঠু।
বক্তারা এ সময় বলেন, সারা দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা অগ্নি সন্ত্রাসের মাধ্যমে অবরোধ সৃষ্টি করছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করার লক্ষ্যে গার্মেন্টস শিল্পে ষড়যন্ত্র করে শ্রমিকদের মাঠে নামানো হয়েছে। বক্তারা শেখ হাসিনার অপতৎপরতা ও অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার এবং গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় হওয়ার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ