০৪:৪৪ এম
জাতিসংঘের বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। দলটি বিশ্বের ৩৭টি দেশের মধ্যে কয়েক শ প্রতিযোগীকে পিছনে ফেলে এই সাফল্য অর্জন করেছে।
দলটির নেতৃত্বে রয়েছেন বিডিরেনের ব্যবস্থাপক (ইনোভেশন) ও এআই প্রকৌশলী আবু নাছের মুহা. নাফিউ। দলের অন্যান্য সদস্যদের মধ্যে বিডিরেনের সিনিয়র ডেভেলপার ও এআই প্রকৌশলী পুনম চৌধুরী, এআই প্রকৌশলী মো. সানিউল বাসির সাজ এবং আইনি পর্যালোচক মো. ইনসাফুল রহমান তুষার অন্তর্ভুক্ত রয়েছেন। উল্লেখ্য, ‘zAI BD’ দলের সদস্যরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পরিচালিত অলাভজনক প্রতিষ্ঠান বিডিরেনে কর্মরত।
বিজয়ী দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে ইউজিসির চেয়ারম্যান ও বিডিরেন ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মামুন আহমেদ মন্তব্য করেছেন, তরুণদের মেধা ও প্রযুক্তিগত সক্ষমতাকে দেশের গবেষণা ও উদ্ভাবনে কাজে লাগাতে এ ধরনের উদ্যোগে সহযোগিতা করবে ইউজিসি।
আরও পড়ুন: পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
এ কথা তিনি মঙ্গলবার ইউজিসিতে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) ৬৪তম ট্রাস্টি বোর্ড সভায় বলেন। সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনসহ বিডিরেন ও ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১৫ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশের দলটিকে বিজয়ী ঘোষণা করেন আন্তর্জাতিক বিচারকেরা। ‘ইউনাইটেড নেশনস গ্লোবাল হ্যাকাথন ২০২৬: ইউজিং এআই ফর ডিজিটাল ট্রেড রেগুলেটরি অ্যানালাইসিস’ শীর্ষক এ প্রতিযোগিতাটি জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনএসকাপ) আয়োজন করেছে। প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল বিভিন্ন দেশের ডিজিটাল বাণিজ্যবিষয়ক আইন ও বিধিমালা বিশ্লেষণের জন্য উন্মুক্ত উৎসের এআই প্রযুক্তি তৈরি করা।
দলটির তৈরি এআই প্ল্যাটফর্মের নাম ‘ক্লজচেইন’। এটি বিভিন্ন দেশের সরকারি পোর্টাল ও গেজেট থেকে আইন সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করে। পাশাপাশি আইনের ধারাগুলোর সঙ্গে জাতিসংঘের রিজিওনাল ডিজিটাল ট্রেড ইন্টিগ্রেশন ইনডেক্সের (আরডিটিআইআই) সূচকের সামঞ্জস্য যাচাই করে। প্ল্যাটফর্মটির বিশেষত্ব হলো, এআইয়ের দেওয়া প্রতিটি তথ্য ও উদ্ধৃতি মূল সরকারি নথির সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়। একই সঙ্গে আইনটি কার্যকর আছে কি না এবং তথ্যের উৎস সরকারি কি না, তাও পরীক্ষা করা হয়। নয়টি স্বয়ংক্রিয় যাচাইয়ের যেকোনো একটিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট তথ্য বাদ দেওয়া হয়।
বর্তমানে ক্লজচেইন ১১টি দেশের আইন বিশ্লেষণ করতে সক্ষম। ১ হাজার ৪৯টি সরকারি উৎস থেকে সংগৃহীত ৭৪৬টি আইন ও বিধিমালার ১ লাখ ৫৪ হাজারের বেশি ধারা এতে প্রক্রিয়াজাত করা হয়েছে। প্ল্যাটফর্মটি সম্পূর্ণ উন্মুক্ত উৎসের।
আরও পড়ুন: নামের ভুলে ১৮ বছর বন্দি বাদল ফরাজী ২৮ দিনের প্যারোলে মুক্তি পেলেন
দলনেতা আবু নাছের মুহা. নাফিউ জানিয়েছেন, তাঁদের লক্ষ্য ছিল এমন একটি ব্যবস্থা তৈরি করা, যার প্রতিটি তথ্য মূল সরকারি নথি থেকে যাচাই করা সম্ভব। বিডিরেনের প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশের নিজস্ব অবকাঠামোতেই বিশ্বমানের এআই পরিচালনার সক্ষমতা প্রমাণ করেছে। ক্লজচেইনকে আরও উন্নত করে পূর্ণাঙ্গ পণ্য হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে ইউএনএসকাপের ট্রেড পলিসি অ্যান্ড ফ্যাসিলিটেশন বিভাগ।
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন