০১:৫২ এম
চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীর একটি বাসা থেকে পুলিশ ছন্দা শর্মা কান্তা (৩৭) নামে এক কলেজশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে। সোমবার রাতে জাকির হোসেন বাই লেনের চৌধুরী ভিলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। ৩৫তম বিসিএসের শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা স্বামীকে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন।
ছন্দার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্য কাঞ্চনার শর্মাপাড়ায়। তার স্বামী মলয় কান্তি শর্মা একটি বেসরকারি ব্যাংকের নির্বাহী কর্মকর্তা। ১৩ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। দীর্ঘ ১৩ বছরের সংসার নিমিষেই শেষ হয়ে যায়।
সোমবার সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে স্ত্রী তাকে বাসার জন্য বাজার করে আনতে বলেন। রাত ৮টার দিকে বাজার নিয়ে বাসায় ফিরে দরজায় ডাকাডাকি করেও স্ত্রীর সাড়া পাননি মলয়। পরে ভবনের ব্যবস্থাপক ও এক মিস্ত্রির সহায়তায় দরজা খুলে ভেতরে ঢুকে স্ত্রীর মরদেহ দেখতে পান।
আরও পড়ুন: রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৭
স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে খুলশী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ছন্দাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর দিবাগত রাত ১টা ৫২ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মঙ্গলবার বেলা ৩টার দিকে ছন্দার বড় ভাই মনোজ শর্মা খুলশী থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, এক স্বজনের মাধ্যমে বোনের খবর পেয়ে ছোট ভাই রাজেশ শর্মাকে সঙ্গে নিয়ে তিনি বাসায় যান। ছন্দার মৃত্যুর ঘটনায় পরিবারের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ নেই বলে লিখিত বক্তব্যে জানিয়েছেন মনোজ শর্মা।
ছন্দার স্বামী মলয় শর্মা বলেন, সন্ধ্যায় বাসায় ফেরার সময় স্ত্রী বাজার নিয়ে যেতে বলেছিলেন। বাসায় ফিরে স্ত্রীর মরদেহ দেখতে পান তিনি। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খুলশী থানার এসআই গোলাম মোহাম্মদ নাসিম বলেন, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছন্দার মরদেহ পাওয়া যায়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হয়।
আরও পড়ুন: আ.লীগ সরকার ৩৫ বিলিয়ন ডলার পাচার করেছে : শিক্ষামন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন