০২:৪৭ এম
বাদল ফরাজী, বাগেরহাটের মোংলা উপজেলার যুবক, তাজমহল দেখার স্বপ্ন নিয়ে ভারতে গিয়েছিলেন। কিন্তু নামের মিলের কারণে তাকে হত্যামামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়, ফলে তিনি ১৮ বছর ধরে বন্দিজীবন কাটান। দেশে ফিরে আসার পরও তিনি মুক্তি পাননি। অবশেষে, দীর্ঘ অপেক্ষার পর ২৮ দিনের প্যারোলে মুক্তি পেয়েছেন বাদল। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। ওই দিন রাত ১২টায় তিনি তার পরিবারের কাছে পৌঁছান।
পরিবারের সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৩ জুলাই মোংলার বাসিন্দা আব্দুল খালেক ফরাজীর ছেলে বাদল ফরাজী পর্যটক ভিসায় বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। তার উদ্দেশ্য ছিল তাজমহল দেখা। কিন্তু বিএসএফ তাকে হত্যামামলার আসামি বাদল সিং হিসেবে আটক করে।
বাদলের পরিবার দাবি করে, যে হত্যাকাণ্ডের অভিযোগে তাকে আটক করা হয়েছিল, সেই ঘটনার দুই মাস সাত দিন পর তিনি ভারতে প্রবেশ করেন। তাই ওই হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না বলে দাবি করেন স্বজনরা।
আরও পড়ুন: রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৭
২০১৫ সালের ২১ জুলাই দিল্লির আদালত বাদল ফরাজীকে দোষী সাব্যস্ত করে। একই বছরের ২২ আগস্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে দিল্লি হাইকোর্টও তার সাজা বহাল রাখে। তিহার কারাগারে বন্দি থাকা অবস্থায় বাদল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন।
২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। প্রথমে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং পরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। নিজ দেশে ফিরে আসার পরও মুক্তি না পাওয়ায় তার পরিবার দীর্ঘদিন অপেক্ষা করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখার মাধ্যমে বাদলের প্যারোলে মুক্তির প্রক্রিয়া শুরু হয়। ২৫ অক্টোবর বাদলের বোন আকলিমা বেগম তার ভাইয়ের প্যারোলের জন্য আবেদন করেন। পরে ১৬ নভেম্বর চার সপ্তাহের প্যারোল কার্যকরের জন্য গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ জানানো হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে তাকে কারাগার থেকে মুক্তি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে ফেরানোর ব্যবস্থা করা হয়।
বাদলের মা দীর্ঘ ১৮ বছর পর তার ছেলেকে কাছে পাওয়ার অপেক্ষায় ছিলেন। বোন আকলিমা বেগমের প্রত্যাশা, তার ভাই যেন আর কখনো কারাগারে ফিরে না যান। পরিবারের চাওয়া, সাময়িক এই মুক্তি যেন স্থায়ী মুক্তির পথ তৈরি করে।
আরও পড়ুন: আ.লীগ সরকার ৩৫ বিলিয়ন ডলার পাচার করেছে : শিক্ষামন্ত্রী
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, বাদল ফরাজীর পরিবারের কাছে ফেরার বিষয়টি অত্যন্ত আবেগঘন ও মানবিক। প্যারোলের শর্ত ও আইনগত বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করা হবে। তার স্থায়ী মুক্তির বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার সমাধান হোক, সেটিও প্রত্যাশা করেন তিনি।
তবে বাদল ফরাজীর মুক্তি স্থায়ী নয়। ২৮ দিনের প্যারোল শেষে তার ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। দীর্ঘ ১৮ বছর পর স্বজনদের কাছে ফেরার আনন্দের পাশাপাশি পরিবারের একটাই প্রত্যাশা—বাদল যেন এবার স্থায়ীভাবে মুক্ত জীবনে ফিরতে পারেন।
এআরবি
আরও পড়ুন: নারীদের স্বাবলম্বী হতে হবে, ঘরে বসে থাকলে চলবে না: আফরোজা আব্বাস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন