ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ট্রাম্প প্রশাসনের শীর্ষ পদ ছাড়ছেন একের পর এক নারী


ট্রাম্প প্রশাসনের শীর্ষ পদ ছাড়ছেন একের পর এক নারী

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের পরের দিন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসের আকস্মিক পদত্যাগের ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে শীর্ষ পদে থাকা নারীদের বিদায়ের তালিকা আরও দীর্ঘ হয়েছে। চলতি বছরের শুরু থেকে একের পর এক নারী গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিয়েছেন।

ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরুতে গর্বের সঙ্গে বলেছিলেন, ‘আমাদের দেশের ইতিহাসে যেকোনো রিপাবলিকান প্রেসিডেন্টের মন্ত্রিসভার তুলনায় আমার মন্ত্রিসভায় বেশি নারী রয়েছেন। বিষয়টি জানাতে পেরে আমি আনন্দিত।’

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আরও পড়ুন: গ্লোবাল সাউথের প্রতিনিধিরা ঋণের বোঝা নয়, অনুদানভিত্তিক অর্থায়ন চান

তখন ২০টির বেশি শীর্ষ পদের মধ্যে আটটিতে নারী দায়িত্ব পালন করছিলেন। কিন্তু ১৮ মাস পর বর্তমানে সেই সংখ্যা কমে এসে দাঁড়িয়েছে মাত্র তিনে। তারা হলেন কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স, শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমোহন এবং ক্ষুদ্র ব্যবসা প্রশাসনের প্রধান কেলি লোফলার।

বসন্তে মাত্র তিন মাসের ব্যবধানে অর্ধেক নারী কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রথমে বিদায় নেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম, যিনি ট্রাম্পের কঠোর অভিবাসনবিরোধী অভিযানের প্রধান মুখ হয়ে উঠেছিলেন।

এরপর বিদায় নেন ট্রাম্পের শীর্ষ ফেডারেল কৌঁসুলি পাম বন্ডি, শ্রমমন্ত্রী লরি শাভেজ-ডিরেমার এবং জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড। সবশেষে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের এক দিন পর পদ ছাড়ার ঘোষণা দেন ওয়াইলস।

দ্বৈত নীতি

আরও পড়ুন: হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু

গত বসন্তে পরবর্তী কে পদ হারাতে পারেন, এমন প্রশ্নের জবাবে ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ মন্তব্য করেন, ‘তাহলে কি তার দলে আর কোনো নারী নেই?’ তিনি আরও বলেন, ‘ট্রাম্পের মনে হয় শুধু নারী মন্ত্রীদেরই বরখাস্ত করার সামর্থ্য রয়েছে।’ তার ভাষায়, ‘ট্রাম্প প্রশাসনে পুরুষ হলে অসদাচরণের পরও পুরস্কৃত হওয়ার সুযোগ রয়েছে।’

সাবেক সুন্দরী প্রতিযোগিতার আয়োজক ট্রাম্পের কাছে নারীদের গুরুত্ব মূলত তাদের বাহ্যিক উপস্থিতির ওপর নির্ভর করে বলে মনে করেন কলোরাডো স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ক্যারিন ভ্যাসবি অ্যান্ডারসন। তিনি এএফপিকে বলেন, ‘ট্রাম্প এমন নারীদের নিয়োগ দেন, যাদের মনে করেন তারা তার ভাবমূর্তি উজ্জ্বল করবেন। কিন্তু তারা তা করতে ব্যর্থ হলেই তাদের বিদায় নিতে হয়।’

অ্যান্ডারসন বলেন, ‘ইরান যুদ্ধ যে বিপর্যয়ে পরিণত হয়েছে, তা প্রায় সবাই স্বীকার করলেও তিনি (ট্রাম্প) প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন।’ তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, ট্রাম্প যেসব পুরুষ কর্মকর্তার পক্ষে সবচেয়ে জোরালোভাবে অবস্থান নেন, তাঁদের মধ্যে একটি বিশেষ ধরনের পুরুষতান্ত্রিক মাগা (মেক আমেরিকা গ্রেট এগেইন) মানসিকতা কাজ করে। এ ধরনের পুরুষদের পাশে থাকতেই ট্রাম্প স্বাচ্ছন্দ্যবোধ করেন।’

প্রশাসনের পুরুষ কর্মকর্তাদের বিরুদ্ধে দেশজুড়ে সমালোচনা ও বিতর্ক থাকলেও ট্রাম্প তাদের পাশে দাড়িয়েছেন। এর মধ্যে রয়েছেন চিফ অব স্টাফ স্টিফেন মিলার, যিনি কঠোর অভিবাসননীতির পক্ষে প্রকাশ্যে জোরালো অবস্থান নিয়েছেন। এ ছাড়া এফবিআই পরিচালক কাশ প্যাটেলের বিরুদ্ধেও একাধিক বিতর্ক রয়েছে। তার বিরুদ্ধে করদাতাদের অর্থে গঠিত গোপন তহবিল থেকে অনুগতদের পুরস্কৃত করার অভিযোগ উঠেছে। দায়িত্ব পালনে অন্যান্য ভুল নিয়েও তিনি সমালোচনার মুখে রয়েছেন।

আরও পড়ুন: পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে ১৪ বছর বয়সী কিশোর নিহত

নারীদের স্থলাভিষিক্ত পুরুষেরা

ট্রাম্প প্রশাসনে একমাত্র যে পুরুষ কর্মকর্তা পদ হারিয়েছিলেন, তিনি মাইক ওয়াল্টজ। ২০২৫ সালের মে মাসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি আলোচনাগোষ্ঠীতে ভুলবশত এক সাংবাদিককে যুক্ত করার কারণে তাকে এ পদ ছাড়তে হয়।

তবে অল্প সময়ের মধ্যেই ঘুরে দাঁড়ান ওয়াল্টজ। কিছুদিন পর তাকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে, যেসব নারী কর্মকর্তা পদ হারিয়েছেন, প্রত্যেকের জায়গায় নিয়োগ পেয়েছেন একজন পুরুষ। ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে কাজ করা টড ব্ল্যাঁচ বিচার বিভাগে পাম বন্ডির স্থলাভিষিক্ত হন।

আর হোয়াইট হাউসের ইতিহাসে প্রথম নারী চিফ অব স্টাফ সুজি ওয়াইলসের জায়গায় নিয়োগ পেয়েছেন কট্টর ডানপন্থী মতাদর্শের অনুসারী স্টিফেন মিলার। তিনি দীর্ঘদিন ধরে ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। অধ্যাপক অ্যান্ডারসনের মতে, ওয়াইলস ছিলেন ট্রাম্পের জন্য ব্যতিক্রমী এক নিয়োগ। কারণ, তাকে তার পেশাগত দক্ষতার কারণে বেছে নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: জিল ড্রেকের চিৎকারে গিনেসে সবচেয়ে জোরালো চিৎকারের রেকর্ড

তবে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর রিপাবলিকান প্রেসিডেন্টের মনে হতে পারে, ‘সুজি ওয়াইলসের চেয়ে স্টিফেন মিলারই ট্রাম্পকে আরও ভালোভাবে রক্ষা করতে পারবেন।’ তবে প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রশাসনের আরেক গুরুত্বপূর্ণ নারী মুখের বিকল্প খুঁজতে ট্রাম্পকে হিমশিম খেতে হচ্ছে বলে মনে হচ্ছে। তিনি হলেন ক্যারোলিন লেভিট।

হোয়াইট হাউসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি লেভিট গত আগস্টের শেষে দায়িত্ব ছেড়ে দেন। তার জায়গায় দায়িত্ব নিতে ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে মজা করে প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তবে সোমবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এই ক্রীড়া নির্বাহী বলেন, ‘আমি রাজনীতিতে আসতে চাই না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৪ এম


হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : সারাদেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে, সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৪ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৫৭ জন। ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৭ জন। ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা ২৪ হাজার ৬১০ জন।

১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন। একই সময়ে, সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু ঘটেছে এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১৮৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৫ এম


ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মূল্যসূচক এবং লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও বৃদ্ধি পেয়েছে।

দিনের লেনদেন শেষে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ দশমিক ৯২ পয়েন্ট বা শূন্য দশমিক ৮১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৪৩৬ দশমিক ৭৪ পয়েন্টে পৌঁছেছে।

অন্য সূচকগুলোর মধ্যে, ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৯৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ বেড়ে ২ হাজার ৫৭ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ৮ দশমিক ৯৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৫৩ দশমিক ৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ ২ লাখ ২ হাজার ৪৭৮টি ট্রেডের মাধ্যমে মোট ৩৮৪টি কোম্পানির ২১ কোটি ৫৮ লাখ ৮৩ হাজার ৩১টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দিন শেষে লেনদেনের পরিমাণ ৬৫৮ কোটি ৫০ লাখ ৩২ হাজার ৯৬০ টাকা দাঁড়িয়েছে। আজ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬৪টির শেয়ারের দাম বেড়েছে, ৬৮টির দাম কমেছে এবং ৫২টির দাম অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- শাহজিবাজার পাওয়ার, ইভিন্স টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস, এনভয় টেক্সটাইলস, ডরিন পাওয়ার, কর্ণফুলী ইন্স্যুরেন্স, বারাকা পতেঙ্গা পাওয়ার, সায়হাম টেক্সটাইল, ইন্ট্রাকো রিফুয়েলিং এবং বেক্সিমকো।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো- জেনেক্স ইনফোসিস, মেট্রো স্পিনিং, মুন্ন ফেব্রিকস, দি পেনিনসুলা চিটাগং, বঙ্গজ লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস, মাগুরাপ্লেক্স, বেক্সিমকো এবং কেটিএল।

অন্যদিকে, দর কমার শীর্ষ ১০ কোম্পানি হলো- সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, পিপলস লিজিং, হামিদ ফেব্রিকস, ফ্যামিলিটেক্স (বিডি), ফিনিক্স ফাইন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড, এটলাস বাংলাদেশ, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, মেঘনা পেট্রোলিয়াম এবং ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ড।

দিন শেষে, ডিএসইর মোট বাজার মূলধন ৬ লাখ ৬৮ হাজার ২৭৫ কোটি ১০ লাখ ২৩ হাজার ৪৫৬ টাকা দাঁড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরমী কবি ও সাহিত্যিকদের জন্য প্রসিদ্ধ সুনামগঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৭ এম


মরমী কবি ও সাহিত্যিকদের জন্য প্রসিদ্ধ সুনামগঞ্জ

সুনামগঞ্জ, ১০ নভেম্বর, ২০২৬ : সুনামগঞ্জ জেলা সাংস্কৃতিক ক্ষেত্রে দেশের মধ্যে সুপরিচিত। এই জেলা সাংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত। মরমী কবি ও সাহিত্যিকদের জন্য এটি বিখ্যাত। এর মধ্যে অন্যতম রাধারমণ দত্ত, যিনি অসংখ্য গানের রচয়িতা। ‘ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বিচ্ছেদে রাধার অঙ্গ যায় জ্বলিয়া’, ‘জবা কুসুম সন্ধ্যামালী আনরে তুলিয়া মনোরঙ্গে সাজাও কুঞ্জ সব সখি মিলিয়া’, ‘মুর্শিদ বলি নৌকা ছাড়ো তুফান দেখি ভয় করিও না, মুর্শিদ নামে ভাসালে তরী অকূলে ডুবিবে না’, ‘দেখলাম দেশের এই দুর্দশা, ঘরে ঘরে চোরের বাসা’ এই ধরনের কালজয়ী গান শুনলেই রাধারমণ দত্তের সংগীতের বৈচিত্র্য বোঝা যায়।

রাজবৈদ্য চক্রপাণি দত্তের অধস্তন পুরুষরা শ্রীহট্টের প্রাচীন সামন্ত বংশের সদস্য। ১৮৩৩ সালে এই বংশের প্রভাকর দত্তের দ্বাদশ পুরুষ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে দেশের লোক সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র গীতি কবি রাধারমণ দত্ত জন্মগ্রহণ করেন।

রাধারমণের পিতা রাধামাধব ছিলেন একজন পরম পন্ডিত এবং অসংখ্য গুণের অধিকারী। পিতার সংগীত ও সাহিত্য সাধনা রাধারমণকে গভীরভাবে প্রভাবিত করে। সময়ের সাথে সাথে তিনি একজন স্বভাব কবি হিসেবে আত্মপ্রকাশ করেন। সর্বজনীন গানের এই স্রষ্টা ১৯১৫ সালের ১০ নভেম্বর শুক্রবার পরলোকগমন করেন। সুমন কুমার দাস সম্পাদিত ‘অগ্রন্থিত রাধারমণ’ গ্রন্থসহ অন্যান্য প্রকাশিত লেখকদের গ্রন্থ থেকে জানা যায়, কবি রাধারমণ দত্ত একাধারে গীতিকার, সুরকার এবং শিল্পী ছিলেন। বিভিন্ন সংগ্রাহকের মতে, রাধারমণের গানের সংখ্যা তিন হাজারেরও বেশি। সাধক রাধারমণের গানের বেশ কিছু বই প্রকাশিত হয়েছে।

অধ্যাপক যতীন্দ্র মোহন ভট্টাচার্য প্রথমে রাধারমণ দত্তের গান সংগ্রহের উদ্যোগ নেন। কলকাতা থেকে ‘বাউল কবি রাধারমণ’ নামে ৮৯৮টি গান নিয়ে একটি গ্রন্থ প্রকাশিত হয়। মোহাম্মদ মনসুর উদ্দীন তার হারামনি গ্রন্থের সপ্তম খণ্ডে রাধারমণের ৫১টি গান অন্তর্ভুক্ত করেন।

এছাড়াও রাধারমণ সংগীত, সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন, সাহিত্য রত্ন, ভানুগাছ, শ্রীহট্ট, (দ্বিতীয় সংস্করণ), ‘ভাইকে রাধারমণ বলে’ সম্পাদনা মুহম্মদ আবদুল হাই, সুনামগঞ্জ, শ্রীহট্ট, সিলেটের মোদনমোহন কলেজের সাহিত্য পরিষদ থেকে ‘রাধারমণ সঙ্গীত’ নামে চৌধুরী গোলাম আকবর সাহিত্য ভূষনের সংগৃহীত একটি গ্রন্থ ১৯৮১ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।

অধ্যাপক নন্দলাল শর্মা ‘রাধারমণের হাজার কবিতা’ নামে একটি সংকলন প্রকাশ করেছেন। আরও অনেক বিদগ্ধজন রাধারমণ দত্তের গান সংগ্রহ করেছেন। সুমন কুমার দাস সম্পাদিত ‘অগ্রন্থিত রাধারমণ’ আরও অনেক বিদগ্ধজন রাধারমণ দত্তের গান সংগ্রহ করেছেন।

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার কবি বিজন কৃষ্ণ চৌধুরী সম্পাদিত ‘বাউল কবি রাধারমণ গীতি সংগ্রহ’ গ্রন্থে ‘রাধারমণের জীবনী’ বিষয়ক আলোচনা করা হয়েছে। যদিও রাধারমণের স্বগৃহে আমরা খুব বেশি সংখ্যক গান পাইনি, তবুও কেশবপুর গ্রামেই এখনো প্রচুর অসংগৃহীত গান ছড়িয়ে আছে। নানা কারণে আমরা মাত্র তার কিছু অংশ সংগ্রহ করতে পেরেছি। এমন অভিজ্ঞতা আমাদের অন্যত্রও হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, দেশ বিভাজনের পর তার ভক্তরা অনেকেই আসাম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গসহ অন্যান্য স্থানে সরে এসেছেন।

সুনামগঞ্জের জামাইপাড়ার জনৈক শ্রীযুক্ত সতীশ রায়ের সংগ্রহে একসময় সহস্রাধিক গান ছিল। জানা গেছে, শ্রীযুক্ত সতীশ রায় কাছাড়ের শিলচরে এসে কিছুকাল বসবাসের পরই লোকান্তরিত হন এবং তার আত্মীয় স্বজনরা কেউ সেই সংগৃহীত গীতরাশির কোনো খোঁজ দিতে পারেননি।

তার গানে প্রার্থনা, আত্মতত্ত্ব, দেহতত্ত্ব এবং পরমাত্মা বিষয়ক সঙ্গীত ছাড়াও তার স্বদেশ প্রেমের অনেক গান রয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় এবং ব্যতিক্রম হচ্ছে ধামাইল গান। রাধারমণের গানে শব্দ প্রয়োগের ক্ষেত্রে সাম্প্রদায়িকতা ছিল না। আল্লাহ্-ঈশ্বরে যেমন তিনি পার্থক্য দেখেননি, গুরু এবং মুর্শিদ শব্দের পার্থক্যও দেখাননি। তার গানের সুরে ভূবন মাতোয়ারা হলেও রাধারমণ দত্তের নিজের ভূ-সম্পতি অর্পিত হওয়ায় রাধারমণ গবেষক ও ভক্তদের মধ্যে ক্ষোভ রয়েছে।

সুনামগঞ্জে স্থানীয় শিল্পীরা বাসস’কে জানিয়েছেন, রাধারমণ দত্তের গানের চর্চা বাড়াতে রাধারমণের জন্ম ভিটায় রাধারমণ কমপ্লেক্স দ্রুত নির্মাণ করা অত্যন্ত জরুরি। তার জন্ম ভিটায় রাধারমণ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। কিন্তু তা আজও বাস্তবায়ন হয়নি। তবে, রাধারমণের ১ হাজার ৫০টি গান ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমি’র কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী বাসস’কে বলেন, রাধারমণ দত্তের অমূল্য সৃষ্টিকর্ম আমাদের লোক সাহিত্যের অমূল্য রত্ন। তার সৃষ্টিতে রয়েছে জীবনবোধের অন্য এক মায়াবী আধার। এর সংস্পর্শে এলেও আনন্দ লাগে। তার গানের ওপর ইউরোপের নামিদামি বিশ্ববিদ্যালয়ে থিসিস হচ্ছে।

কিন্তু দুঃখের বিষয় গানের কথা ও সুর বিকৃত করা হচ্ছে। এজন্যই হয়তো জীবনের শেষ পর্যায়ে এসে তিনি লিখেছিলেন, ‘আমার সাধনার ধন হইল চুরি, আমি কার পানে চাইরে।’ তাই সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগ নিতে হবে, যাতে রাধারমণ দত্তের গানের সঠিক চর্চা হয়। জেলা শিল্পকলা একাডেমিসহ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মঙ্গলবার উদযাপিত হবে ধামাইল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের বাজারে সবজি ও মুরগির দাম কমছে, মাছ-মাংসের দাম স্থিতিশীল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৮ এম


চট্টগ্রামের বাজারে সবজি ও মুরগির দাম কমছে, মাছ-মাংসের দাম স্থিতিশীল

চট্টগ্রাম, ১০ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রামের বাজারে শীতকালীন সবজি ও ব্রয়লার মুরগির দাম কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে বাজারে সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব দামেও পড়েছে। একই সময়ে মাছ ও মাংসের দাম স্থিতিশীল রয়েছে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম শহরের কাজীর দেউড়ি, বহদ্দারহাট ও চকবাজার কাঁচাবাজারের বিভিন্ন দোকানে খোঁজ নিয়ে এই তথ্য পাওয়া গেছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, গত সপ্তাহের তুলনায় সবজির দাম ৫ থেকে ১০ টাকা এবং ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে। বিক্রেতাদের আশা, আগামী দিনগুলোতে দাম আরও কমতে পারে।

এদিকে, দাম কিছুটা কমায় ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা দাবি করেছেন, অসাধু ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেট করে দাম বাড়াতে না পারে, সে জন্য সরকারি পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা প্রয়োজন।

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, শীতকালীন সবজির মধ্যে মুলা প্রতি কেজি ৪০-৫০ টাকা, ফুলকপি ৬০-৮০ টাকা, বাঁধাকপি (মানভেদে) ৫০-৬০ টাকা এবং শিম ২০০-২৪০ টাকা, বেগুন ৫০-৫৫ টাকা, ঝিঙা ও চিচিঙ্গা ৫০-৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩০-৪০ টাকা, দেশি গাজর ১২০ টাকা এবং চায়নিজ গাজর ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া শসা ৫০-৬০ টাকা, আর করলা ও বরবটি ৬০-৮০ টাকায় পাওয়া যাচ্ছে। গত সপ্তাহে এগুলোর দাম ৫ থেকে ১০ টাকা বেশি ছিল।

এছাড়া, প্রতি কেজি আলু ৩০-৪০ টাকা, পেঁপে ৩৫ টাকা, লাউ ৩০-৪০ টাকা এবং চাল কুমড়া ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো ৮০-৯০ টাকা এবং কাঁচা মরিচ ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা কলা প্রতি হালি (চারটি) ৪০ টাকা এবং লেবু প্রতি হালি ৩০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। শাকের মধ্যে কচু শাক ও পুঁই শাক আঁটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে, আর কুমড়া শাকের দাম পড়ছে ৫০ টাকা।

ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজিতে ১৬০-১৭০ টাকা, লেয়ার মুরগি ২৮০-৩০০ টাকা, সোনালি মুরগি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। গরু ও মহিষের মাংস প্রতি কেজি ৭৫০-৯৫০ টাকায় বিক্রি হচ্ছে, আর খাসির মাংসের দাম প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা। খামারের মুরগির ডিম প্রতি ডজন ১৩৫ টাকা এবং হাঁসের ডিম প্রতি ডজন ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে বাগদা চিংড়ি প্রতি কেজি ৯০০ টাকা, গলদা চিংড়ি ৮৫০ টাকা এবং ছোট চিংড়ি ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় রুই মাছ ৪০০-৫০০ টাকা এবং কাতলা মাছ ৩৬০-৪৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

অন্যান্য মাছের মধ্যে কোরাল মাছ প্রতি কেজি ৭০০-৯০০ টাকা, তেলাপিয়া ২৫০ টাকা, সিলভার কার্প ২৫০ টাকা, পাবদা ৪০০ টাকা, রূপচাঁদা ৮৫০ টাকা এবং টেংরা মাছ ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

চকবাজারে কেনাকাটা করতে আসা কলেজ শিক্ষক সেলিম আজাদ বাসসকে জানান, "হাতেগোনা কয়েকটি সবজি ছাড়া অধিকাংশ সবজির দাম এখন ৪০-৮০ টাকার মধ্যে নেমে এসেছে, যা আগে ৮০-১০০ টাকার ওপরে ছিল।" তিনি বলেন, ‘শীতকাল এগিয়ে আসায় মূলত সবজির দাম কমেছে। গত কয়েক মাস ধরে সবজির দাম অস্বাভাবিক বেশি ছিল।

অটোরিকশাচালক মো. ইউনুস জানান, গত রাতে কর্ণফুলী কাঁচাবাজারে গত সপ্তাহের তুলনায় কিছুটা কম দামে শাকসবজি কিনতে পেরেছেন।

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম নাজের হোসাইন বাসসকে বলেন, "শীতকালীন সবজি বাজারে এসেছে আরও ১৫-২০ দিন আগে কিন্তু ব্যবসায়ীদের সিন্ডিকেট দাম ধরে রেখে মুনাফা লুটেছে। এখন সরবরাহ আরও বাড়ায় দাম কমতে শুরু করেছে। দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার নিয়মিত বাজার মনিটরিং করতে হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%