ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

দুনিয়ার সংকট ও পরকালে অন্ধত্বের শিকার হবে যারা


দুনিয়ার সংকট ও পরকালে অন্ধত্বের শিকার হবে যারা

মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য কী? মহান আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে, মানুষের সৃষ্টির মূল উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তাঁর আনুগত্যের মাধ্যমে জীবন পরিচালনা করা। তবে দুনিয়ার চাকচিক্য, ধন-সম্পদ, ক্ষমতা, ভোগবিলাস ও ক্ষণস্থায়ী মোহের কারণে মানুষ অনেক সময় তার সৃষ্টিকর্তাকে ভুলে যায়। আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করার পরও, তার স্মরণ ও বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়।

কিন্তু মানুষ ভুলে যায়, আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়ার পরিণতি অত্যন্ত ভয়াবহ। এর প্রভাব কেবল পরকালেই সীমাবদ্ধ নয়; বরং দুনিয়ার জীবনেও অস্থিরতা, হতাশা ও অন্তরের সংকীর্ণতা নেমে আসে। আখিরাতে কঠিন জবাবদিহি ও লাঞ্ছনাকর পরিণতি অপেক্ষা করে। পবিত্র কুরআনের সুরা ত্বাহায় মহান আল্লাহ এমন মানুষদের পরিণতি সম্পর্কে সুস্পষ্ট সতর্কবার্তা প্রদান করেছেন।

আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়ার ভয়াবহ পরিণতি

আরও পড়ুন: জুমাবারে গুনাহ মাফের জন্য ১৫টি বিশেষ আমল

আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেওয়া একটি সাধারণ অবহেলা নয়; বরং এটি মানুষের দুনিয়া ও আখিরাতের জীবনে মারাত্মক প্রভাব ফেলে। যারা আল্লাহর দেয়া হেদায়েত, কুরআনের বিধান ও তাঁর স্মরণকে অবহেলা করে নিজেদের খেয়াল-খুশিমতো জীবন পরিচালনা করে, তাদের জন্য রয়েছে কঠিন পরিণতি। এ সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেন—

وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى ۝ قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَىٰ وَقَدْ كُنْتُ بَصِيرًا ۝ قَالَ كَذَٰلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَٰلِكَ الْيَوْمَ تُنْسَىٰ

‘আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন হবে সংকীর্ণ ও সংকটময় এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাব। সে বলবে, ‘হে আমার রব! আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন কেন? অথচ আমি তো দৃষ্টিশক্তিসম্পন্ন ছিলাম!’ আল্লাহ বলবেন, ‘এভাবেই। তোমার কাছে আমার নিদর্শনসমূহ এসেছিল, কিন্তু তুমি সেগুলো ভুলে গিয়েছিলে। আজ তোমাকেও সেভাবেই ভুলে যাওয়া হলো।’ (সুরা ত্বাহা: আয়াত ১২৪-১২৬)

এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা তাঁর স্মরণ থেকে বিমুখ মানুষের দুনিয়া ও আখিরাতের দুটি ভয়াবহ পরিণতি তুলে ধরেছেন। প্রথমত: দুনিয়ার জীবন হবে সংকটময়। দ্বিতীয়ত: কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠানো হবে। অর্থাৎ দুনিয়াতে আল্লাহর হেদায়েত ও নিদর্শনের প্রতি যে অবহেলা প্রদর্শন করেছে, আখিরাতে তার জন্য অপেক্ষা করবে লাঞ্ছনাকর পরিণতি।

আরও পড়ুন: জনমনে আতঙ্ক সৃষ্টি করা নিন্দনীয়: ইসলামের দৃষ্টিতে নিরাপত্তা ও শান্তির গুরুত্ব

আল্লাহর স্মরণবিমুখতার ফলে দুনিয়ার জীবনে সংকট

অনেকে মনে করেন, ধন-সম্পদ, বাড়ি-গাড়ি, ক্ষমতা ও বিলাসবহুল জীবন থাকলেই মানুষ সুখী। কিন্তু বাস্তবতা হলো, বাহ্যিক প্রাচুর্য থাকলেই অন্তরের প্রশান্তি নিশ্চিত হয় না। মানুষের অন্তরের প্রকৃত প্রশান্তি আসে আল্লাহর স্মরণ, তাঁর আনুগত্য ও তাঁর ওপর পূর্ণ ভরসা রাখার মাধ্যমে।

যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, তার অন্তরে একধরনের শূন্যতা, অস্থিরতা ও অতৃপ্তি তৈরি হতে পারে। দুনিয়ার যত সম্পদই সে অর্জন করুক না কেন, অন্তরের প্রকৃত তৃপ্তি তার কাছে অধরাই থেকে যায়। এটাই আল্লাহর স্মরণবিমুখতার কারণে সংকীর্ণ জীবনের অন্যতম তাৎপর্য। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন—

الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

আরও পড়ুন: ঢাকায় ১৩ নভেম্বর ২০২৬ এর নামাজের সময়সূচি প্রকাশ

‘যারা ঈমান এনেছে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়। জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। (সুরা আর-রা'দ: আয়াত ২৮)

এই আয়াত থেকে স্পষ্ট হয়, মানুষের অন্তরের প্রকৃত শান্তি ও প্রশান্তির অন্যতম প্রধান উৎস হলো আল্লাহর জিকির। তাই দুনিয়ার জীবনে প্রকৃত সুখী হতে হলে আল্লাহর স্মরণ ও আনুগত্যের সঙ্গে সম্পর্ক গভীর করতে হবে।

আখিরাতে অন্ধ অবস্থায় উঠানো হবে

আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়ার দ্বিতীয় পরিণতি হলো কিয়ামতের দিন অন্ধ অবস্থায় পুনরুত্থিত হওয়া। দুনিয়াতে মানুষ চোখ দিয়ে সবকিছু দেখলেও যদি আল্লাহর নিদর্শন, তাঁর হেদায়েত ও সত্যের আহ্বান গ্রহণ না করে, তাহলে আখিরাতে তাকে অপমানজনক পরিণতির মুখোমুখি হতে হবে।

আরও পড়ুন: কোরআন-সুন্নাহর আদর্শে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান : রাষ্ট্রপতি

সুরা ত্বাহার উল্লিখিত আয়াতগুলোতে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন এমন ব্যক্তি অন্ধ অবস্থায় উঠিয়ে দেওয়ার পর বিস্মিত হয়ে আল্লাহর কাছে প্রশ্ন করবে, দুনিয়াতে তো তার চোখ ছিল, তাহলে আজ কেন তাকে অন্ধ অবস্থায় উঠানো হলো?

জবাবে আল্লাহ তাআলা জানিয়ে দেবেন, দুনিয়াতে তার আয়াত ও নিদর্শন মানুষের কাছে পৌঁছেছিল; কিন্তু সে সেগুলোকে অবহেলা করে ভুলে গিয়েছিল। তাই আজ তার প্রতিও অনুরূপ আচরণ করা হচ্ছে।

এখানে ‘ভুলে যাওয়া’ বলতে আল্লাহর পক্ষ থেকে অবহেলা ও অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়ার কথা বোঝানো হয়েছে; আল্লাহর কোনো কিছু বিস্মৃত হওয়ার অর্থ নয়। কারণ মহান আল্লাহ সবকিছুর জ্ঞান রাখেন।

আল্লাহর স্মরণ থেকে বিমুখতার বিষয়ে রাসুলুল্লাহ (সা.)-এর সতর্কবাণী

আরও পড়ুন: ফটিকছড়িতে আবদুল গনি চৌধুরী মাইজভাণ্ডারীর ৯২তম ওরশ শনিবার

আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকা মানুষের অন্তরকে ধীরে ধীরে কঠিন করে তোলে। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) একটি গুরুত্বপূর্ণ উপমা দিয়েছেন। হজরত আবু মুসা আশআরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لَا يَذْكُرُ رَبَّهُ مَثَلُ الْحَيِّ وَالْمَيِّتِ

‘যে ব্যক্তি তার রবকে স্মরণ করে এবং যে ব্যক্তি তার রবকে স্মরণ করে না, তাদের দৃষ্টান্ত জীবিত ও মৃত ব্যক্তির মতো।’ (বুখারি ৬৪০৭)

এই হাদিসের মাধ্যমে রাসুলুল্লাহ (সা.) বুঝিয়েছেন, আল্লাহর জিকির মানুষের অন্তরকে জীবন্ত ও আলোকিত রাখে। আর আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা অন্তরকে প্রাণহীন ও কঠিন করে দেয়। অন্যদিকে আল্লাহর স্মরণে অভ্যস্ত মুমিনের জীবন হয় আল্লাহমুখী। তার চিন্তা, কাজ ও আচরণে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষা কাজ করে।

আরও পড়ুন: যুক্তরাজ্যে ইসরাইলের বিরুদ্ধে খুতবা দেওয়ায় মসজিদকে কমিশনের সতর্কতা

আল্লাহর স্মরণ থেকে বিমুখতা থেকে বাঁচার উপায়

আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে পড়া থেকে বাঁচতে প্রত্যেক মুসলমানের উচিত নিজের দৈনন্দিন জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে পরিচালনা করা। এ জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ আমল হলো—

১. পাঁচ ওয়াক্ত নামাজ আদায়: নিয়মিত সময়মতো নামাজ আদায় করতে হবে। কারণ নামাজ মানুষকে আল্লাহর স্মরণে অবিচল রাখে।

২. কুরআন তিলাওয়াত: প্রতিদিন কুরআন তিলাওয়াত করা এবং এর অর্থ ও শিক্ষা বোঝার চেষ্টা করতে হবে।

৩. সকাল-সন্ধ্যার জিকির: রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো মাসনুন দোয়া ও জিকির নিয়মিত পাঠ করতে হবে।

৪. সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ: শুধু নামাজ বা নির্দিষ্ট সময়েই নয়; বরং জীবনের প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টির কথা মনে রাখতে হবে।

৫. গুনাহ ও অহংকার পরিহার: পাপাচার, অহংকার, অন্যায় ও প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে রক্ষা করতে হবে।

৬. তওবা ও ইস্তিগফার: ভুল-ত্রুটি হয়ে গেলে আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইতে হবে এবং তাঁর দিকে ফিরে আসতে হবে।

দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। অথচ মানুষ অনেক সময় সাময়িক সুখ, ভোগবিলাস ও দুনিয়ার মোহে পড়ে নিজের প্রকৃত গন্তব্যের কথা ভুলে যায়। ভুলে যায় সেই মহান সত্তাকে, যিনি তাকে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন এবং অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ করেছেন।

পবিত্র কুরআনের সতর্কবার্তা আমাদের জানিয়ে দেয়, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিলে দুনিয়ার জীবন সংকটময় হয়ে ওঠে এবং আখিরাতে অপেক্ষা করে ভয়াবহ পরিণতি। অন্যদিকে আল্লাহর স্মরণেই রয়েছে অন্তরের প্রশান্তি, জীবনের বরকত এবং পরকালীন মুক্তির পথ।

তাহলে আসুন, দুনিয়ার মোহে পড়ে মহান আল্লাহকে ভুলে না যাই। প্রতিটি মুহূর্তে তাঁর স্মরণে নিজেদের হৃদয়কে সজীব রাখি। কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ে তুলি এবং আখিরাতের প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার স্মরণে অবিচল থাকার, গাফিলতি থেকে বেঁচে থাকার এবং দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জনের তৌফিক দান করুন। আমিন।

লেখক: ইসলামিক স্কলার, মুফাচ্ছিরে কুরআন ও পীর সাহেব, শাজুলিয়া দরবার শরিফ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ব্যয় সংকোচনের উদ্যোগ নিয়েছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ এম


চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ব্যয় সংকোচনের উদ্যোগ নিয়েছে সরকার

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : চলতি ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নের অংশ হিসেবে সরকার নতুন সরকারি ভবন নির্মাণ, যানবাহন কেনা এবং সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ গ্রহণের ওপর বিধিনিষেধ আরোপ করেছে।

এ লক্ষ্যে অর্থ বিভাগ গত ৯ নভেম্বর একটি বাজেট পরিপত্র জারি করেছে। পরিপত্রে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে ব্যয় সংকোচন, উন্নয়ন প্রকল্পের সংখ্যা সীমিত রাখা এবং অত্যাবশ্যকীয় খাতগুলোকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সংশোধিত বাজেটের মোট ব্যয় কোনোভাবেই ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেটে নির্ধারিত সীমা অতিক্রম করতে পারবে না। একই সঙ্গে উন্নয়ন বাজেটের অর্থ পরিচালন বাজেটে স্থানান্তর করা যাবে না।

শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন স্থাপনা ছাড়া অন্য সব ধরনের নতুন আবাসিক, অনাবাসিক ও সরকারি ভবন নির্মাণের বরাদ্দ স্থগিত করা হয়েছে। তবে যেসব প্রকল্পের অন্তত ৭০ শতাংশ ভৌত কাজ সম্পন্ন হয়েছে, সেগুলো অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে বরাদ্দ পেতে পারে। অন্যান্য জরুরি নির্মাণকাজের ক্ষেত্রেও পৃথক অনুমোদন নিতে হবে।

সব ধরনের যানবাহন কেনার বরাদ্দও স্থগিত করা হয়েছে। তবে টিওঅ্যান্ডই তালিকাভুক্ত ১০ বছরের বেশি পুরোনো যানবাহন প্রতিস্থাপন এবং নতুন প্রতিষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানের জরুরি প্রয়োজনে যানবাহন কেনার ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে এ বিধিনিষেধ শিথিল করা যাবে।

অ্যাম্বুলেন্স ও নিরাপত্তার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া নতুন কেনা বা প্রতিস্থাপন করা সব গাড়ি ও জিপ সম্পূর্ণ বৈদ্যুতিক হতে হবে। তবে ২০২৬ সালের ৮ জুলাইয়ের আগে অনুমোদিত উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে এ শর্ত শিথিল করা যেতে পারে।

এ ছাড়া পরিচালন বাজেটের আওতায় জমি অধিগ্রহণ এবং সরকারি কর্মচারীদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত অগ্রিম অর্থ বরাদ্দ বন্ধ করা হয়েছে।

সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালা আয়োজন স্থগিত করা হয়েছে। তবে অত্যাবশ্যকীয় বিদেশ সফর ও প্রশিক্ষণের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সীমিত বরাদ্দ রাখা যাবে। পাশাপাশি আপ্যায়ন, সেমিনার ও সরকারি অনুষ্ঠান আয়োজনের ব্যয় কমিয়ে মিতব্যয়ী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশোধিত রাজস্ব ও পরিচালন ব্যয়ের প্রাক্কলন তৈরির ক্ষেত্রে মন্ত্রণালয়গুলোকে আগের দুই অর্থবছরের প্রথম ছয় মাসের প্রকৃত রাজস্ব আদায় ও ব্যয়ের চিত্র এবং চলতি অর্থবছরের প্রথম চার মাসের হিসাব বিবেচনায় নিতে হবে। বেতন-ভাতার প্রাক্কলন করতে হবে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী।

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রণয়নের ক্ষেত্রে প্রকল্পের সংখ্যা সীমিত রেখে সরকারের কৌশলগত লক্ষ্য, নির্বাচনী ইশতেহার এবং অত্যাবশ্যকীয় উন্নয়ন চাহিদাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

এ ক্ষেত্রে বৈদেশিক ঋণ ও অনুদাননির্ভর প্রকল্প, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, বিদ্যুৎ উৎপাদন, কৃষিভিত্তিক শিল্প, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসনসংক্রান্ত প্রকল্প অগ্রাধিকার পাবে। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে, এমন প্রকল্পগুলোকেও অগ্রাধিকার দেওয়া হবে।

একই উদ্দেশ্য সম্পন্ন ছোট প্রকল্পগুলো একীভূত করে গুচ্ছ প্রকল্প হিসেবে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। যেসব প্রকল্পের বিপরীতে কোনো বরাদ্দ নেই, সেগুলো সংশোধিত মূল এডিপি থেকে বাদ দিতে বলা হয়েছে।

ধীরগতির প্রকল্পগুলোর বরাদ্দ কমিয়ে দ্রুত বাস্তবায়নযোগ্য অগ্রাধিকার প্রকল্পে সেই অর্থ স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করতে প্রয়োজনীয় স্থানীয় মুদ্রার বরাদ্দ নিশ্চিত করতে বলা হয়েছে।

সংশোধিত বাজেটের সব প্রস্তাব সংশি¬ষ্ট বাজেট ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে যাচাই ও অনুমোদন করতে হবে। প্রস্তাবের সঙ্গে কমিটির সভার কার্যবিবরণীও জমা দিতে হবে। অনুমোদনের পর মন্ত্রণালয়গুলোকে রাজস্ব আদায়, ব্যয় এবং বার্ষিক ক্রয় পরিকল্পনা হালনাগাদ করতে হবে।

অর্থ বিভাগ আগামী ২৬ নভেম্বরের মধ্যে সংশোধিত পরিচালন বাজেট ও এডিপিবহির্ভূত প্রকল্পের প্রাক্কলন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছে। একই তারিখের মধ্যে সংশোধিত এডিপি ও প্রকল্পসংক্রান্ত প্রাক্কলন অর্থ বিভাগ এবং পরিকল্পনা কমিশনের সংশি¬ষ্ট বিভাগে পাঠাতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা ইমরান হোসেন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ এম


বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা ইমরান হোসেন গ্রেফতার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন সালামকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা পর্যায়ের এক নেতার বাড়িতে আত্মগোপন করে ছিলেন, গ্রেফতার এড়াতে। সেখান থেকে পুলিশ তাকে আটক করে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান গ্রেফতার সালামের বাবা মো. বেলায়েত হোসেন খান। ডা. সুরঞ্জিত দাসের কক্ষে অন্য রোগী থাকায়, বেলায়েত খানকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়। এরপর তিনি বিষয়টি তার ছেলেকে জানান। কিছুক্ষণ পর ইমরান হোসেন সালাম তিন-চারজনকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কক্ষে প্রবেশ করেন।

চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ, গালাগাল ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে, আত্মরক্ষার্থে ডা. সুরঞ্জিত নিজের চেম্বার ছেড়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন।

এদিকে, হামলার ঘটনায় হাসপাতালের চিকিৎসকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা সাময়িকভাবে রোগী দেখা বন্ধ রাখেন। পরে জরুরি বিভাগের চিকিৎসাসেবা চালু রাখা হয়।

ভুক্তভোগী চিকিৎসক ডা. সুরঞ্জিত দাস বলেন, "সরকারি কাজে বাধা ও তাকে অশ্লীল ভাষায় গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তিনি মামলা করেছেন।"

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত সালামকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, ঘটনার পর গ্রেফতার এড়াতে ইমরান হোসেন সালাম উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানার বাড়িতে আত্মগোপনে যান। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম বলেন, "হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে মনিটরিং জোরদার: তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৮ এম


নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে মনিটরিং জোরদার: তথ্য উপদেষ্টা

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : এলপিজি বা বাসাবাড়ির সিলিন্ডার গ্যাসের সরকার নির্ধারিত দাম বজায় রাখার পাশাপাশি খোলাবাজারে মূল্যবৃদ্ধি প্রতিরোধের জন্য বাজার মনিটরিং ও নজরদারি কার্যক্রমকে আরও শক্তিশালী করা হচ্ছে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য প্রদান করেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের উত্তরে তথ্য উপদেষ্টা বলেন, সরকার যে দাম নির্ধারণ করে, তা অনেক সময় বাজারে তার চেয়ে বেশি দামে বিক্রি হতে দেখা যায়।

তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির অনিশ্চয়তা ও সরবরাহজনিত কিছু ঘাটতি যেমন বিদ্যমান, তেমনি স্পেকুলেশন বা সুযোগসন্ধানী মনোভাবও কাজ করে। তবে ভোক্তাদের নির্ধারিত দামে এলপি গ্যাস নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং তা আরও জোরদার করা হবে।

তথ্য উপদেষ্টা জানান, সরকার বাজারে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে বাফার স্টক (জরুরি মজুদ) বৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে, যাতে কৃত্রিম সংকট সৃষ্টি না হয়।

ভারতে পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ফরমাল চ্যানেলে একাধিকবার আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি (শেখ হাসিনা) শুধুমাত্র অভিযুক্ত নন, বরং দণ্ডপ্রাপ্ত (কনভিক্টেড) অপরাধী। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে সংবিধান অনুযায়ী কিছু মৌলিক অধিকার স্থগিত থাকে।

এ সময় তথ্য উপদেষ্টা স্পষ্টভাবে উল্লেখ করেন, সরকার দণ্ডপ্রাপ্ত আসামিকে এক্সট্রাডাইট (প্রত্যর্পণ) করতে চায়। আর শেখ হাসিনা নিজেও যেহেতু প্রত্যর্পণ করতে চান, তাহলে এ ক্ষেত্রে ভারত সরকারের কোনো সমস্যা থাকার কথা নয়।

শরীয়তপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচি ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডা. জাহেদ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি ও কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। কেউ যদি দলীয় ব্যানার ব্যবহার করে সভা বা কর্মসূচি পালনের চেষ্টা করে, তবে তা স্পষ্টতই নিষেধাজ্ঞা লঙ্ঘন এবং এ বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকার জনগণের নিরাপত্তায় সজাগ রয়েছে এবং অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

ব্রিফিংয়ের সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৮ এম


ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। খসড়া চূড়ান্ত হলে উচ্চপর্যায়ে আনুষ্ঠানিক স্বাক্ষরের জন্য প্রস্তুতি নেওয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুনের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে মতৈক্য গড়ে ওঠে।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করে।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী কোরিয়ান বিনিয়োগকারীদের পরিচালনাগত এবং আমদানি সংক্রান্ত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। তিনি একইসঙ্গে জাহাজ নির্মাণ খাতে যৌথ বিনিয়োগ এবং স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগাতে বাংলাদেশে বিশেষায়িত ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ে তোলার প্রস্তাব দেন।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে সিইপিএ দ্রুত চূড়ান্ত করার আগ্রহ প্রকাশ করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। তিনি জানান, চুক্তির খসড়া এবং বিস্তারিত প্রশ্নমালার বিষয়ে দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে বাংলাদেশকে তাদের অবস্থান জানিয়েছে। বৈঠকে চুক্তি চূড়ান্তকরণ এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

কোরিয়ান বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করতে গিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির দেশটিকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, বিনিয়োগকারীদের নীতিগত সমস্যা দ্রুত সমাধানে শিগগিরই বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ মন্ত্রণালয় এবং কোরিয়ান বিনিয়োগকারীদের নিয়ে যৌথ সমন্বয় সভা আয়োজন করা হবে।

রাষ্ট্রদূত বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী প্রায় ২০০ কোরিয়ান কোম্পানির বিভিন্ন পরিচালনাগত চ্যালেঞ্জ তুলে ধরেন। বিশেষ করে স্যামসাং এর গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সেন্টারের গবেষণাসামগ্রী এবং নমুনা আমদানিতে প্রশাসনিক জটিলতা, আমদানি পারমিট (আইপি) ছাড়করণে দীর্ঘসূত্রতা এবং কাস্টমস নীতিমালা সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার অনুরোধ জানান তিনি।

এ পরিপ্রেক্ষিতে স্যামসাংসহ কোরিয়ান বিনিয়োগকারীদের আমদানি সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেন খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি আইপি ইস্যুর কার্যক্রম সম্পূর্ণ অনলাইন এবং রিয়েল টাইমে সম্পন্ন করার কাজ চলছে।

জাহাজ নির্মাণ খাতে সহযোগিতা বাড়াতে বাণিজ্যমন্ত্রীর প্রস্তাবিত ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার নিয়েও আলোচনা হয়। তিনি স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগিয়ে যৌথ উদ্যোগে বৈশ্বিক চাহিদা পূরণের সম্ভাবনা তুলে ধরেন।

এ প্রস্তাবে রাষ্ট্রদূত ইতিবাচক সাড়া দেন। দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হানওয়া ওশান এবং হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে সমন্বয় করে দীর্ঘমেয়াদি প্রযুক্তি হস্তান্তর ও যৌথ বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন তিনি। বৈঠকে এলএনজি সরবরাহ নিয়েও আলোচনা হয়।

বৈঠকে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%