ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া


ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। খসড়া চূড়ান্ত হলে উচ্চপর্যায়ে আনুষ্ঠানিক স্বাক্ষরের জন্য প্রস্তুতি নেওয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুনের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে মতৈক্য গড়ে ওঠে।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করে।

আরও পড়ুন: ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ৫৩ জন বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়া পেলেন

বৈঠকে বাণিজ্যমন্ত্রী কোরিয়ান বিনিয়োগকারীদের পরিচালনাগত এবং আমদানি সংক্রান্ত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। তিনি একইসঙ্গে জাহাজ নির্মাণ খাতে যৌথ বিনিয়োগ এবং স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগাতে বাংলাদেশে বিশেষায়িত ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ গড়ে তোলার প্রস্তাব দেন।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে সিইপিএ দ্রুত চূড়ান্ত করার আগ্রহ প্রকাশ করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। তিনি জানান, চুক্তির খসড়া এবং বিস্তারিত প্রশ্নমালার বিষয়ে দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে বাংলাদেশকে তাদের অবস্থান জানিয়েছে। বৈঠকে চুক্তি চূড়ান্তকরণ এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

কোরিয়ান বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করতে গিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির দেশটিকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, বিনিয়োগকারীদের নীতিগত সমস্যা দ্রুত সমাধানে শিগগিরই বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ মন্ত্রণালয় এবং কোরিয়ান বিনিয়োগকারীদের নিয়ে যৌথ সমন্বয় সভা আয়োজন করা হবে।

রাষ্ট্রদূত বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী প্রায় ২০০ কোরিয়ান কোম্পানির বিভিন্ন পরিচালনাগত চ্যালেঞ্জ তুলে ধরেন। বিশেষ করে স্যামসাং এর গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সেন্টারের গবেষণাসামগ্রী এবং নমুনা আমদানিতে প্রশাসনিক জটিলতা, আমদানি পারমিট (আইপি) ছাড়করণে দীর্ঘসূত্রতা এবং কাস্টমস নীতিমালা সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন: চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ব্যয় সংকোচনের উদ্যোগ নিয়েছে সরকার

এ পরিপ্রেক্ষিতে স্যামসাংসহ কোরিয়ান বিনিয়োগকারীদের আমদানি সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেন খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি আইপি ইস্যুর কার্যক্রম সম্পূর্ণ অনলাইন এবং রিয়েল টাইমে সম্পন্ন করার কাজ চলছে।

জাহাজ নির্মাণ খাতে সহযোগিতা বাড়াতে বাণিজ্যমন্ত্রীর প্রস্তাবিত ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার নিয়েও আলোচনা হয়। তিনি স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগিয়ে যৌথ উদ্যোগে বৈশ্বিক চাহিদা পূরণের সম্ভাবনা তুলে ধরেন।

এ প্রস্তাবে রাষ্ট্রদূত ইতিবাচক সাড়া দেন। দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হানওয়া ওশান এবং হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে সমন্বয় করে দীর্ঘমেয়াদি প্রযুক্তি হস্তান্তর ও যৌথ বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন তিনি। বৈঠকে এলএনজি সরবরাহ নিয়েও আলোচনা হয়।

আরও পড়ুন: ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

বৈঠকে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি: অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৯ এম


রাষ্ট্রপতি: অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে, তারা অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশের ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

তিনি উল্লেখ করেন, "নিজের অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।" দেশের সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যাদের শ্রম ও অবদানে দেশের অর্থনীতি সচল থাকে, তাদেরকে গুরুত্ব দিতে হবে। সাফল্যের প্রকৃত মূল্যায়ন হবে কেবল ব্যক্তিগত অর্জনে নয়, বরং অন্যের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন তার ওপর।

আজ সকালে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (আই ইউ বি)-এর ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) হিসেবে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, "সমাবর্তন শুধু সনদ অর্জনের আনুষ্ঠানিকতা নয়। এটি দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি।" তিনি আরও বলেন, সমাবর্তন হল নতুন দায়িত্ব গ্রহণের এবং অর্জিত জ্ঞানকে ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর অঙ্গীকার। মনে রাখতে হবে, সনদ অর্জনের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হতে পারে, কিন্তু মানুষ হয়ে ওঠার শিক্ষা কখনো শেষ হয় না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের এই সমাবর্তন শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রতি তাদের নতুন দায়িত্বও অর্পণ করছে। তিনি বলেন, "কেবল সনদসর্বস্ব জ্ঞান দিয়ে ব্যক্তি বা দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।" এর জন্য প্রয়োজন অন্তর্গত প্রেরণা, সুগভীর দেশপ্রেম এবং মানবিক ও নৈতিক মূল্যবোধ।

তিনি আরও বলেন, উচ্চশিক্ষার সাফল্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কিংবা ডিগ্রিধারীর সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না। শিক্ষার গুণগত মান, সময়োপযোগী পাঠ্যক্রম, যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন এবং শোভন কর্মসংস্থানই একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্যের মাপকাঠি।

সময়ের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী শিক্ষা ও দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য বলেন, "আমরা এমন এক সময়ে বাস করছি, যখন বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতি মানুষের জীবনযাত্রা, অর্থনীতি ও কর্মসংস্থানের প্রচলিত ধারণাকে বদলে দিচ্ছে।" কৃত্রিম বুদ্ধিমত্তা, জীবপ্রযুক্তি ও রোবটিকসসহ উদীয়মান প্রযুক্তি কর্মজগতের ধরন পরিবর্তন করছে।

তিনি আরও বলেন, আজ যে জ্ঞান ও দক্ষতা দিয়ে আমরা কাজ করছি, আগামী কয়েক বছরে সেই কাজের জন্য হয়তো সম্পূর্ণ নতুন দক্ষতার প্রয়োজন হবে।

রাষ্ট্রপতি ডিগ্রী অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত নতুন কিছু শেখা, স্বাধীনভাবে চিন্তা করা, সমস্যা সমাধানের দক্ষতা ও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মত মন মানসিকতা তৈরির আহ্বান জানান।

এ সময় তিনি উল্লেখ করেন, বিগত দেড় দশকে শিক্ষাখাতে অনিয়মের মাধ্যমে সম্ভাবনাময় বিশাল এক তরুণ সমাজকে হতাশার অতলে ঠেলে দেয়া হয়েছিল।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বিগত দেড় দশকে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাব্যবস্থাও ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল। কোনো রকম বাছ-বিচার ছাড়াই বিশ্ববিদ্যালয় করার অনুমতি দেওয়া হয়েছিল। এসব মানহীন প্রতিষ্ঠান উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে এবং সম্ভাবনাময় বিশাল এক তরুণ সমাজকে হতাশার অতলে ঠেলে দিয়েছে। এতে ব্যক্তির পাশাপাশি দেশের মেধা ও সম্ভাবনারও বিশাল অপচয় ঘটেছে।

তিনি এ অবস্থা থেকে বের হয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতি বহুশিক্ষাধারার মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের শিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। তবে এই অগ্রযাত্রায় নিজেদের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে ভুলে গেলে চলবে না। নিজের শিকড়ের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থেকে বিশ্বের জ্ঞান ও অভিজ্ঞতাকে গ্রহণ করতে হবে।

উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী, কর্মমুখী ও দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, ব্যবহারিক ও কারিগরি শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে। আমাদের তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ কর্মী, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির নৈতিক ব্যবহার ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, "মনে রাখতে হবে, প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, মানুষের বিবেক, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না।"

এ সময় তিনি শিক্ষার্থীদেরকে জীবনের প্রতিটি পর্যায়ে সততা ও ন্যায় অবলম্বনের আহ্বান জানান এবং একইসাথে তাদের মেধা, দক্ষতা ও নেতৃত্বে একটি জ্ঞানভিত্তিক, ন্যায়নিষ্ঠ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্যের আগে রাষ্ট্রপতির সামনে আই ইউ বির উপ-উপাচার্য প্রফেসর ড্যানিয়াল ডব্লিউ লান্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনে উপযোগী শিক্ষার্থীদেরকে আচার্যের সামনে পেশ করলে আচার্য মির্জা ফখরুল ইসলাম তাদেরকে ডিগ্রি প্রদান করেন।

আচার্যের পদকপ্রাপ্ত তিনজন শিক্ষার্থীসহ কৃতিত্বের সাথে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদেরকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করেন রাষ্ট্রপতি।

এ সময় রাষ্ট্রপতি ২০২৪-এর গণঅভ্যুত্থানে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিসহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাহসী ও গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন।

এর আগে, রাষ্ট্রপতি সকাল ১১টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে সমাবর্তন উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশোবিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড ম. তামিম এবং সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড আইনুন নিশাত।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা মামুন আহমদ, বিশ্ববিদ্যালয়ের এডুকেশন, সায়েন্স, টেকনলজি এন্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান মো জাকারিয়া খান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আসিফ পারভেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম ও প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩০ এম


গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম ও প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন যে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রচার-প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের ১২ মে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার মধ্যে গণমাধ্যম, অনলাইন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশনা ও প্রচার-প্রচারণা অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, "বিষয়টি গণমাধ্যমের বিবেচনায় রাখা উচিত।"

আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরও জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পাশাপাশি তাদের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ। তিনি মনে করেন, "বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত।"

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে তিনি বলেন, যারা এই ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে, তাদের রাজনীতি ধ্বংসের রাজনীতি। তিনি উল্লেখ করেন, "এটি নতুন কিছু নয়। তাদের জন্মলগ্ন থেকেই অগ্নিসন্ত্রাস, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।"

তথ্য প্রতিমন্ত্রী বলেন, রাতের অন্ধকারে বিচ্ছিন্নভাবে কয়েকজন এসে স্লোগান দিয়ে চলে যেতে পারে অথবা কোথাও গাড়ি বা বাসে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে তৎপর রয়েছে।

তিনি জানান, ইতোমধ্যেই বিভিন্ন এলাকায় সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, "অগ্নিসন্ত্রাসের মূল হোতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে। বাংলাদেশের জনগণ এই বিচার দেখতে চায়।"

মতবিনিময় সভায় সম্প্রচার সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যা নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদল টেলিভিশন চ্যানেলগুলোর আর্থিক সংকট, সাংবাদিকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি, পেশাগত স্বাধীনতা এবং সম্প্রচারমাধ্যমের আধুনিকায়নের বিষয়গুলো তুলে ধরে।

ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তিনি বলেন, "আমরা দায়িত্বশীল সাংবাদিকতা চাই। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের জনগণ যাতে সঠিক তথ্য পায়, সেটিই আমাদের প্রত্যাশা।"

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার এখন পর্যন্ত কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার কাজে হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের কোনো প্রশ্নই ওঠে না।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিনিধিদল টেলিভিশন চ্যানেলগুলোর আয় বাড়ানো, ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন এবং নীতিমালার প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে বিভিন্ন প্রস্তাব দিয়েছে।

তারা লিখিতভাবে দাবিগুলো মন্ত্রণালয়ে জমা দেবে। সেগুলো পর্যালোচনা ও বিবেচনা করে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

টেলিভিশন চ্যানেলগুলোর আয়ের উৎস বাড়ানোর বিষয়ে প্রতিনিধিদলের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, গ্রাহকপর্যায়ের সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

মতবিনিময় সভায় প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়, দেশের টেলিভিশন চ্যানেলগুলো মূলত বিজ্ঞাপননির্ভর। বিজ্ঞাপনের বর্তমান হার দিয়ে অনেক টেলিভিশন চ্যানেলের পরিচালন ব্যয় নির্বাহ এবং সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা দেওয়া কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে কেবল অপারেটরদের কাছ থেকে গ্রাহকপর্যায়ের সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়ার প্রস্তাব বাস্তবায়ন করা প্রয়োজন।

প্রতিনিধিদল জানায়, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে ডিজিটালাইজেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ ধরনের একটি অন্তর্বর্তী ব্যবস্থা চালুর সুপারিশ রয়েছে। কমিশন প্রায় ৫৫টি অংশীজনের সঙ্গে আলোচনা করে বিভিন্ন সুপারিশ প্রণয়ন করেছে।

সেখান থেকে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় বার কাউন্সিলের আদলে একটি গণমাধ্যম কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রতিনিধিদলের মতে, এ ধরনের কমিশন গঠিত হলে সংবাদপত্র, টেলিভিশন এবং ডিজিটাল গণমাধ্যমের সমস্যাগুলো সমন্বিতভাবে সমাধানের সুযোগ তৈরি হবে।

সাংবাদিকদের বেতন-ভাতা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে গণমাধ্যম মালিকদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা।

তারা বলেন, যথাযথ বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে সাংবাদিকদের পক্ষে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা করা কঠিন হয়ে পড়ে।

প্রতিনিধিদল বর্তমান সরকারের সময়ে গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার যে পরিবেশ তৈরি হয়েছে, তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫৯৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩০ এম


ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫৯৫

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টার মধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশে আটজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে, সারা দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে আজ মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ২০৬ জন, খুলনা বিভাগে ২২০ জন, রাজশাহী বিভাগে ২২৯ জন, রংপুর বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ২১১ জন এবং সিলেট বিভাগে ২০ জন রয়েছেন।

এখন পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মোট ৪৭৪ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে আটজনের মৃত্যু গত ২৪ ঘণ্টায় হয়েছে।

চলতি বছরের ৭ নভেম্বর পর্যন্ত, সারা দেশে মোট ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে ৬ হাজার ১৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

গত বছর ২০২৫ সালে দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু ঘটেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে স্থান পাননি ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩০ এম


ফিফপ্রোর বর্ষসেরা একাদশে স্থান পাননি ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন

ঢাকা, ১০ নভেম্বর ২০২৬ : ২০২৬ সালের ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন ফিফপ্রোর বর্ষসেরা পুরুষ একাদশে স্থান পাননি। তবে ইংলিশ ফুটবলার জুড বেলিংহ্যাম এই একাদশে জায়গা করে নিয়েছেন। তাঁর সঙ্গে আছেন লিওনেল মেসি, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামাল।

কেইন ২৬ অক্টোবর ব্যালন ডি’অর অর্জন করেন। ফিফপ্রোর পুরুষদের বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকায় তাঁর নাম ছিল।

তবে ৭৩টি দেশের ১৯ হাজার ৮০৬ জন পুরুষ ফুটবলারের ভোটের গণনার পর বর্ষসেরা একাদশে কেইন স্থান পাননি। তাঁর সঙ্গে বাদ পড়েছেন বায়ার্ন মিউনিখের সতীর্থ মাইকেল ওলিসে এবং গত বছরের ব্যালন ডি’অরজয়ী ওসমান দেম্বেলেও।

মেসি তিন বছর পর আবারও ফিফপ্রোর বর্ষসেরা একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন। এটি তাঁর ১৮তমবারের মতো এই একাদশে স্থান পাওয়া। অন্যদিকে, এবারের ব্যালন ডি’অর ভোটে তৃতীয় হওয়া স্পেন ও বার্সেলোনার তারকা ইয়ামাল টিনএজার হিসেবে দ্বিতীয়বারের মতো এই একাদশে জায়গা পেয়েছেন। এই বয়সে দুবার বর্ষসেরা একাদশে জায়গা পাওয়া প্রথম খেলোয়াড় হিসেবে বিরল রেকর্ড গড়েছেন ইয়ামাল।

কেইনের পর এমবাপ্পে ব্যালন ডি’অর লড়াইয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। বর্ষসেরা একাদশের আক্রমণভাগে তাঁর স্থান নিশ্চিত হয়েছে। তাঁর সঙ্গে আছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার হালান্ড, মেসি ও ইয়ামাল।

মাঝমাঠে বেলিংহ্যামের সঙ্গে রয়েছেন বার্সেলোনার রদ্রি এবং প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া। ব্যালন ডি’অর ভোটে রদ্রি চতুর্থ স্থান অধিকার করেছিলেন।

রক্ষণভাগে বার্সেলোনার পাও কুবার্সির সঙ্গে পিএসজির দুই খেলোয়াড় আশরাফ হাকিমি ও নুনো মেন্দেস জায়গা পেয়েছেন।

গোলরক্ষক হিসেবে আর্সেনাল ও স্পেনের ডেভিড রায়া একাদশে রয়েছেন।

কেইনের পাশাপাশি উল্লেখযোগ্য অনুপস্থিতদের মধ্যে পিএসজির খভিচা কাভারাসখেলিয়া ও দেম্বেলে রয়েছেন। তাঁরা যথাক্রমে ব্যালন ডি’অর ভোটে ষষ্ঠ ও সপ্তম স্থান অধিকার করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%