ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে স্থান পাননি ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন


ফিফপ্রোর বর্ষসেরা একাদশে স্থান পাননি ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন

ঢাকা, ১০ নভেম্বর ২০২৬ : ২০২৬ সালের ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন ফিফপ্রোর বর্ষসেরা পুরুষ একাদশে স্থান পাননি। তবে ইংলিশ ফুটবলার জুড বেলিংহ্যাম এই একাদশে জায়গা করে নিয়েছেন। তাঁর সঙ্গে আছেন লিওনেল মেসি, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামাল।

কেইন ২৬ অক্টোবর ব্যালন ডি’অর অর্জন করেন। ফিফপ্রোর পুরুষদের বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকায় তাঁর নাম ছিল।

তবে ৭৩টি দেশের ১৯ হাজার ৮০৬ জন পুরুষ ফুটবলারের ভোটের গণনার পর বর্ষসেরা একাদশে কেইন স্থান পাননি। তাঁর সঙ্গে বাদ পড়েছেন বায়ার্ন মিউনিখের সতীর্থ মাইকেল ওলিসে এবং গত বছরের ব্যালন ডি’অরজয়ী ওসমান দেম্বেলেও।

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

মেসি তিন বছর পর আবারও ফিফপ্রোর বর্ষসেরা একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন। এটি তাঁর ১৮তমবারের মতো এই একাদশে স্থান পাওয়া। অন্যদিকে, এবারের ব্যালন ডি’অর ভোটে তৃতীয় হওয়া স্পেন ও বার্সেলোনার তারকা ইয়ামাল টিনএজার হিসেবে দ্বিতীয়বারের মতো এই একাদশে জায়গা পেয়েছেন। এই বয়সে দুবার বর্ষসেরা একাদশে জায়গা পাওয়া প্রথম খেলোয়াড় হিসেবে বিরল রেকর্ড গড়েছেন ইয়ামাল।

কেইনের পর এমবাপ্পে ব্যালন ডি’অর লড়াইয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। বর্ষসেরা একাদশের আক্রমণভাগে তাঁর স্থান নিশ্চিত হয়েছে। তাঁর সঙ্গে আছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার হালান্ড, মেসি ও ইয়ামাল।

মাঝমাঠে বেলিংহ্যামের সঙ্গে রয়েছেন বার্সেলোনার রদ্রি এবং প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া। ব্যালন ডি’অর ভোটে রদ্রি চতুর্থ স্থান অধিকার করেছিলেন।

রক্ষণভাগে বার্সেলোনার পাও কুবার্সির সঙ্গে পিএসজির দুই খেলোয়াড় আশরাফ হাকিমি ও নুনো মেন্দেস জায়গা পেয়েছেন।

আরও পড়ুন: সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

গোলরক্ষক হিসেবে আর্সেনাল ও স্পেনের ডেভিড রায়া একাদশে রয়েছেন।

কেইনের পাশাপাশি উল্লেখযোগ্য অনুপস্থিতদের মধ্যে পিএসজির খভিচা কাভারাসখেলিয়া ও দেম্বেলে রয়েছেন। তাঁরা যথাক্রমে ব্যালন ডি’অর ভোটে ষষ্ঠ ও সপ্তম স্থান অধিকার করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক এ-চালানে পরিশোধ করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩১ এম


আগামী ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক এ-চালানে পরিশোধ করতে হবে

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : আগামী ২০২৭ সালের ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধের জন্য সরকার স্বয়ংক্রিয় চালান পদ্ধতি (এ-চালান) বাধ্যতামূলক করেছে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পক্ষ থেকে আজ একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই বিষয়ে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ২০২৭ সালের ১ জুলাই থেকে সকল নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক ‘এ-চালান’ পদ্ধতির মাধ্যমে পরিশোধ করতে হবে। তবে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত পুরনো পদ্ধতিতেও শুল্ক পরিশোধের সুযোগ থাকবে।

এ-চালানের মাধ্যমে শুল্ক পরিশোধের জন্য দলিলের জন্য কার্টিজ পেপার ব্যবহার করা আবশ্যক। সংশ্লিষ্ট দলিলের সঙ্গে শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে এ-চালানের রসিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। দলিলের প্রথম পাতায় ‘এ-চালান’ নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক।

এছাড়া, বীমা পলিসির বিপরীতে প্রদেয় শুল্ক এ-চালানের মাধ্যমে পরিশোধের সময় সংশ্লিষ্ট বীমা পলিসির সঙ্গে এ-চালানের রসিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। এ-চালানের রসিদে বীমা পলিসির নম্বর এবং বীমা পলিসির প্রথম পৃষ্ঠায় স্ট্যাম্প শুল্ক সংক্রান্ত এ-চালানের নম্বর উল্লেখ করতে হবে।

একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে একযোগে শুল্ক পরিশোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রত্যেক প্রতিষ্ঠানের পৃথক পরিচিতি নম্বর উল্লেখ করতে হবে। এই ক্ষেত্রে টিআইএন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) বা ট্রেড লাইসেন্স নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক পরিশোধে ‘এ-চালান’ পদ্ধতি চালু হলে স্ট্যাম্পের ছাপ, সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও কমিশন বাবদ সরকারের বিপুল অর্থ সাশ্রয় হবে।

এছাড়া, জাল স্ট্যাম্প বিক্রির সুযোগও বন্ধ হবে এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

‘এ-চালান’ পদ্ধতিতে শুল্ক পরিশোধ করা যাবে (www.achallan.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে এলজিইডিকে ক্যাডারভুক্ত করার উদ্যোগ : মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩১ এম


প্রধানমন্ত্রীর নির্দেশে এলজিইডিকে ক্যাডারভুক্ত করার উদ্যোগ : মীর শাহে আলম

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, প্রকৌশলীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী এলজিইডিকে ক্যাডারভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে এবং ক্যাডারভুক্তির কার্যক্রম অনেক দূর এগিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, মুখ্য সচিবের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর আশ্বাস পাওয়া গেছে। ইতোমধ্যে প্রি-একনেক সভায় ক্যাডারভুক্তির প্রস্তাব প্রাথমিকভাবে অনুমোদনও পেয়েছে। তিনি আশ্বস্ত করেন যে, ক্যাডারভুক্তকরণের বিষয়টি দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে আন্তরিক উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এলজিইডি সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী ১৭৬ জন নবনিযুক্ত সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশ, পররাষ্ট্র, ভ্যাট বা অন্য ক্যাডারে চলে না যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রকৌশলীদের মেধা ও যোগ্যতা দিয়ে পড়াশোনা ও কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় অংশগ্রহণ অব্যাহত রাখতে হবে।

তিনি নবীন প্রকৌশলীদের মধ্যে নারীদের সংখ্যা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। নবীন প্রকৌশলীদের দায়িত্বের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলজিইডির মাধ্যমে সারা দেশে বর্তমানে ১ লাখ ২০ হাজার কোটি টাকার কাজ চলমান রয়েছে। কোন পক্ষ যেন প্রভাব খাটিয়ে তাদের স্বার্থ হাসিল করতে না পারে।

তিনি আরও বলেন, ৯০ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ পাইপলাইনে রয়েছে। আগামী তিন বা চার বছরব্যাপী মাঠ পর্যায়ে বাস্তবায়নে এই অর্থ ব্যয় হবে। প্রকৌশলীদের আরো দায়িত্বশীল হতে হবে এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে।

তিনি জনগণের অর্থে নির্মিত অবকাঠামোগুলো যেন টেকসই হয় এবং মানুষের প্রকৃত উপকারে আসে তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। নির্মাণকাজের গুণগত মান শতভাগ নিশ্চিত করতে হবে। ঠিকাদারদের সাথে পেশাদার সম্পর্ক বজায় রেখে নবনিযুক্ত প্রকৌশলীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী নবনিযুক্ত প্রকৌশলীদের উদ্দেশে বলেন, ‘কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে আপনারা যোগ্যতা প্রমাণ করে দেশের অন্যতম বৃহৎ এই সংস্থায় যোগ দিয়েছেন।

এলজিইডির মাধ্যমে সরাসরি মানুষের কল্যাণে কাজ করার এবং জনসেবা করার প্রচুর সুযোগ রয়েছে। বর্তমান সরকার তারুণ্যের শক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সরকারের ব্যয় সংকোচন নীতির সঙ্গে সঙ্গতি রেখে মিতব্যয়ী মনোভাব নিয়ে মাঠপর্যায়ের উন্নয়ন কাজ পরিচালনা করতে হবে।’

এ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে এলজিইডি আয়োজিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমানের দুটি উড়োজাহাজ কার্গো পরিবহনের উপযোগী করার পরিকল্পনা রয়েছে: পর্যটনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩২ এম


বিমানের দুটি উড়োজাহাজ কার্গো পরিবহনের উপযোগী করার পরিকল্পনা রয়েছে: পর্যটনমন্ত্রী

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, আকাশপথে পণ্য পরিবহনের বাড়তি চাহিদা পূরণের জন্য সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি বিদ্যমান উড়োজাহাজকে সম্পূর্ণরূপে পণ্য পরিবহনের উপযোগী কার্গো উড়োজাহাজে রূপান্তরের পরিকল্পনা করছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে, আন্তর্জাতিক এভিয়েশন কোম্পানি ‘হাইবারি গ্রুপ’-এর ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে আসলে মন্ত্রী এ তথ্য জানান। এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, উড়োজাহাজ দুটি সম্পূর্ণ কার্গো অপারেশনের উপযোগী করে রূপান্তরিত হলে দেশের বিপুল পরিমাণ পণ্য পরিবহনের চাহিদা পূরণ সম্ভব হবে। এর ফলে বাংলাদেশের আন্তর্জাতিক কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধি পাবে এবং বিমানের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।

বৈঠকের সময়, প্রোথেরো উড়োজাহাজ ইজারা এবং সেগুলোকে কার্গো উড়োজাহাজে রূপান্তরসহ বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। তিনি উড়োজাহাজ সংগ্রহ, অর্থায়ন ও ইজারা (লিজ) প্রদানের ক্ষেত্রে বৈশ্বিক বিনিয়োগ এবং সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে তাঁর কোম্পানির দীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করেন।

এ সময়, মন্ত্রী প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন যে, হাইবারি গ্রুপের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও বাস্তবায়নযোগ্য কোনো বিনিয়োগ প্রস্তাব এলে সরকার তা গুরুত্বসহকারে বিবেচনা করবে।

মন্ত্রী বলেন, সরকার জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিকায়ন এবং আন্তর্জাতিক এভিয়েশন শিল্পে এর অবস্থান আরও শক্তিশালী করার জন্য কাজ করছে। বিমানের শক্তিশালী ও লাভজনক এয়ারলাইন্সে পরিণত করার জন্য বহর সম্প্রসারণের উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নতুন উড়োজাহাজ সরবরাহের সময়সীমা বিবেচনা করে অন্তর্বর্তীকালীন চাহিদা মেটাতে উড়োজাহাজ ইজারা বা লিজ নেওয়ার বিষয়টি সরকার পর্যালোচনা করছে। তবে ইজারাসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে উড়োজাহাজের উড্ডয়ন সময় (ফ্লাইং আওয়ারস), রক্ষণাবেক্ষণের ইতিহাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কারিগরি ও পরিচালনগত সূচকগুলি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে।

বৈঠকে আন্তর্জাতিক বিনিয়োগের সম্ভাবনা, উড়োজাহাজ অর্থায়ন ও লিজিং এবং বাংলাদেশের কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করে যে, এ ধরনের পারস্পরিক সহযোগিতা দেশের বেসামরিক বিমান চলাচল খাতের আধুনিকায়ন ও অগ্রগতির জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপতথ্য প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হতে হবে: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩২ এম


অপতথ্য প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হতে হবে: তথ্যমন্ত্রী

ঢাকা, ১০ নভেম্বর ২০২৬ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য, অসত্য তথ্য ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার রোধ এবং সঠিক তথ্য প্রচারে তরুণদের ভূমিকা রাখার সুযোগ তৈরিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আজ এসব মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে বিশ্বব্যাপী একটি অত্যন্ত শক্তিশালী যোগাযোগমাধ্যম। সরকার এ বিষয়ে কাজ করছে যাতে কোনো অপপ্রচার বা অসত্য তথ্য ছড়িয়ে না পড়ে এবং বাংলাদেশের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা না হয়। একই সঙ্গে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, ফ্যাক্টচেকিং, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধে সরকার কার্যক্রম পরিচালনা করছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার সুযোগ রয়েছে।

ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মন্ত্রণালয় গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করছে যাতে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে। পাশাপাশি গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করা হচ্ছে।

দেশের সাংবাদিক ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতায় একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে পরিচিত একটি বিদেশি সম্প্রচারমাধ্যমের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করতে পারে কি না, সে বিষয়ে আলোচনা চলছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং কর্মরত সাংবাদিকেরা তিন থেকে ছয় মাস মেয়াদি দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের সুযোগ পাবেন।

প্রতিমন্ত্রী বলেন, এক-দুই দিনের প্রশিক্ষণের পরিবর্তে আন্তর্জাতিক মানের দীর্ঘমেয়াদি ও হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। এতে দেশের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়বে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করার যোগ্যতা অর্জনের সুযোগ তৈরি হবে।

নিজের পেশাগত অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, রাজনীতিতে আসার আগে তিনি যুক্তরাজ্যের বিবিসিতে আইটি ও ব্রডকাস্টিং বিভাগে দায়িত্ব পালন করেছেন। সেখানে কাজ করার অভিজ্ঞতা তাকে আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমের কর্মপদ্ধতি ও পেশাগত মান সম্পর্কে ধারণা দিয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের তরুণেরা যেন দেশি-বিদেশি গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবস্থানে যেতে পারেন। শুধু গণমাধ্যম নয়, তরুণেরা যে পেশায়ই যুক্ত হোন না কেন, দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে ভালো অবস্থানে পৌঁছে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন।

মতবিনিময়কালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক গণমাধ্যম ও সাংবাদিকতা খাতে প্রয়োগভিত্তিক গবেষণায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সম্পৃক্ত করার প্রস্তাব দেন। তিনি বলেন, গণমাধ্যম ও সাংবাদিকতার বিভিন্ন সমস্যা নিয়ে গবেষণা এবং বাস্তবভিত্তিক সমাধান খুঁজতে বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাকে কাজে লাগানো যেতে পারে। এ ক্ষেত্রে মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকালে শিক্ষার্থীরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ্য অধিদফতরের (পিআইডি) বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার অভিজ্ঞতা তুলে ধরেন। তারা গণমাধ্যমের কার্যক্রম, সংবাদ পরিবেশন, তথ্য সংগ্রহ ও সম্প্রচার ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

শিক্ষার্থীদের পক্ষে দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী সিজাতুল মুনতাহা বলেন, মন্ত্রণালয় ও তথ্য অধিদফতর পরিদর্শনের মাধ্যমে তারা গণমাধ্যমের এমন কিছু বাস্তব বিষয় সম্পর্কে জানতে পেরেছেন, যা শ্রেণিকক্ষে পড়াশোনার মাধ্যমে জানা সম্ভব হয় না। এ ধরনের অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে সহায়ক হবে।

সাক্ষাৎকালে শিক্ষার্থীরা সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময়ের সময় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%