০৭:২৪ পি.এম
স্কুলশিক্ষিকা আসমা বেগম (৩৫) তার ছোট্ট মেয়েকে কোলে নিয়ে বামনা-পাথরঘাটা সড়ক পার করার সময় একটি দ্রুতগতির টমটম তাকে ধাক্কা দেয়। আসমা সড়কে ছিটকে পড়েন মেয়েকে নিয়ে। শেষ মুহূর্তে তিনি নিজের জীবন নয়, তার ছোট্ট মেয়ের জীবন বাঁচানোর সিদ্ধান্ত নেন। ঘটনাস্থলেই টমটমের চাপায় আসমা মারা যান।
বরগুনার বামনা উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজসংলগ্ন বামনা-পাথরঘাটা সড়কে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত জনতা টমটমটিতে আগুন ধরিয়ে দেন এবং চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
নিহত আসমা বেগম বামনা উপজেলার গুদিঘাটা এলাকার মো. মন্নান মিয়ার কন্যা। তিনি ডৌয়াতলা এলাকার গাজী প্রিক্যাডেট স্কুলের শিক্ষিকা ছিলেন।
আরও পড়ুন: মাদারীপুরে অনুমোদনহীন মশার কয়েল কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে আসমা বেগম তার ছোট মেয়েকে কোলে নিয়ে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজসংলগ্ন বামনা-পাথরঘাটা সড়ক পার হচ্ছিলেন। এ সময় ওই সড়ক দিয়ে দ্রুতগতিতে আসা একটি টমটম তাকে ধাক্কা দেয়। এতে আসমা এবং তার মেয়ে সড়কে ছিটকে পড়েন। মেয়েকে বাঁচাতে গিয়ে টমটমের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
স্থানীয় বাসিন্দারা পরবর্তীতে ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা টমটমের চাকায় আগুন জ্বালানোর পাশাপাশি চালক জাহিদকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং টমটম চালক জাহিদকে আটক করে।
বামনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে টমটম চালককে আটক করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত আসমা স্কুলের শিক্ষক হওয়ায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা সড়কে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আইনগত ব্যবস্থা নিতে থানায় মামলা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, অনুমোদনহীন রঙের ব্যবহারসহ মিলেছে নানা অনিয়ম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন