০৭:৪৪ পি.এম
জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পরবর্তী সিজনের জন্য দর্শক দিন গুনছেন। গ্রাম্য রাজনীতির টানাপোড়েন, সহজ-সরল মানুষের জীবনযাপন এবং সচিবের সঙ্গে ফুলেরা গ্রামের বাসিন্দাদের সম্পর্ক—এই সব বিষয় মিলিয়ে সিরিজটি দর্শকদের মনে একটি বিশেষ স্থান করে নিয়েছে। চতুর্থ সিজনের পর থেকেই পঞ্চম কিস্তি নিয়ে কৌতূহল বৃদ্ধি পেয়েছে। তবে নতুন সিজনের জন্য অপেক্ষা এখন আরো দীর্ঘ হতে পারে।
‘পঞ্চায়েত ৫’ কবে মুক্তি পাবে, এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে প্রাইম ভিডিওর একটি বার্তায় ইঙ্গিত পাওয়া গেছে যে, ২০২৬ সালে সিরিজটির নতুন সিজন মুক্তি পাচ্ছে না। এই পরিস্থিতিতে, দর্শকদের পঞ্চম সিজনের জন্য অপেক্ষা করতে হতে পারে ২০২৭ সাল পর্যন্ত। নির্মাতাদের পক্ষ থেকে এখনো মুক্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
‘পঞ্চায়েত ৪’-এর শেষ পর্বে গল্পে একটি বড় পরিবর্তন ঘটে। এতদিন ফুলেরা গ্রামের প্রধানের দায়িত্ব পালন করেছেন প্রধানজি (রঘুবীর যাদব) এবং মঞ্জু দেবী (নীনা গুপ্ত)। তবে চতুর্থ সিজনে ক্ষমতার পালাবদল ঘটে। নতুন প্রধানের দায়িত্ব গ্রহণ করেন ক্রান্তি দেবী (সুনীতা রাজওয়ার)। তার পাশে রয়েছেন স্বামী ভূষণ শর্মা, যিনি বনরাকস (দুর্গেশ কুমার) নামে পরিচিত। ফলে গ্রামের ক্ষমতার সমীকরণে পরিবর্তন আসে।
আরও পড়ুন: জয়কে ‘ফ্যাসিস্ট’ বলায় মুখ খুললেন রোমানা নীড়
এবার ফুলেরা গ্রামে বনরাকসের প্রভাব কতটা বৃদ্ধি পায়, নতুন পরিস্থিতিতে প্রধানজি ও মঞ্জু দেবী কীভাবে নিজেদের অবস্থান রক্ষা করেন, এবং সচিবের (জিতেন্দ্র কুমার) জীবনে কী পরিবর্তন আসে—এসব প্রশ্নের উত্তর জানার জন্য দর্শক অপেক্ষা করছেন। নতুন সিজনে গল্প কোন দিকে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন