ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে: অর্থমন্ত্রী


ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে: অর্থমন্ত্রী

সংসদ ভবন, ১৬ নভেম্বর, ২০২৬ : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ সম্পূর্ণ মেধার ভিত্তিতে হচ্ছে, এবং কোনো রাজনৈতিক বিবেচনা এখানে প্রযোজ্য নয়।

তিনি উল্লেখ করেন, ব্যাংক খাতের সংকট মোকাবেলার জন্য দক্ষ ও যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে নিয়োগ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না।

আজ জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য মো. আবুল হাসনাতের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব মন্তব্য করেন।

আরও পড়ুন: শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হতে আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে অনিয়মের অভিযোগ সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উচ্চপর্যায়ের পদে বেসরকারি খাত থেকে যোগ্য ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই। প্রার্থীর যোগ্যতা নিয়োগের একমাত্র বিবেচ্য বিষয়। প্রার্থী সরকারি ব্যাংক থেকে আসছেন, নাকি বেসরকারি খাত থেকে, তা বিবেচনায় নেওয়া হয় না।

তিনি জানান, একটি প্যানেলের মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয় এবং তাদের জীবনবৃত্তান্ত যাচাই করা হয়। এরপর যাদের সবচেয়ে যোগ্য মনে করা হয়, তাদের নিয়োগ দেওয়া হয়। একইভাবে ব্যাংকের পরিচালনা পর্ষদেও মেধার ভিত্তিতে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে।

ব্যাংক খাতের অগ্রগতি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, দেশের ব্যাংকিং ব্যবস্থার ওপর মানুষের আস্থা পুনরুদ্ধার হয়েছে। একসময় ব্যাংক থেকে গ্রাহকদের ব্যাপক অর্থ উত্তোলন বা ব্যাংক রান হওয়ার আশঙ্কা ছিল। তবে বর্তমানে এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে। ব্যাংক খাতে আমানত বৃদ্ধি পাচ্ছে এবং এ খাত পুনরুদ্ধারের পথে রয়েছে।

তিনি আরও বলেন, ব্যাংকের পুনঃমূলধনীকরণ ও পুনরুদ্ধার কার্যক্রম ভালোভাবে এগিয়ে চলছে। চলমান এ কার্যক্রমের সুফল আগামী দিনে দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: বিএনপির সমস্যা আ.লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখা

গোপালগঞ্জ-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য এস এম জিলানীর অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গোপালগঞ্জে আপাতত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে এ বিষয়ে সম্ভাবনা যাচাই করা হবে।

এছাড়া, জীর্ণ ও ক্ষতিগ্রস্ত নোট বিনিময়ের বিষয়ে তিনি বলেন, বিনিময়যোগ্য পুরোনো নোট ব্যাংকের মাধ্যমে পরিবর্তন করা যায়। ক্ষতিগ্রস্ত ও ব্যবহারের অনুপযোগী নোট প্রতিস্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজের বর্ধিত কোটায় নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


হজের বর্ধিত কোটায় নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর

ধর্মবিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের হজের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা ১৬ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ২৬ সেপ্টেম্বর তারিখে ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। বাংলাদেশের জন্য অনুমোদিত হজযাত্রীর মোট কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। পরবর্তীতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়িয়েছে।

নতুন সময়সীমা বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে।

হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বর্ধিত ও অব্যবহৃত কোটা পূর্ণ হলে নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের আবেহাও
 সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার বাস্তবতা, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ স্বপ্ন তুলে ধরতে উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হাল্ট প্রাইজ ২০২৬-২৭। সংগঠনটির সামাজিক উদ্যোগ প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব আবেহাও-এর মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
 
এ উদ্যোগের আওতায় সাঁওতাল সম্প্রদায়ের মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও সম্পৃক্ততার মাধ্যমে তাদের শিক্ষাক্ষেত্রের চ্যালেঞ্জ, দৈনন্দিন প্রতিকূলতা এবং প্রত্যাশার কথা জানার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য ও প্রতিবন্ধকতাগুলো তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
 
উদ্যোক্তারা মনে করেন, কোনো শিশুর সামাজিক পরিচয় কিংবা আর্থিক অবস্থা যেন তার শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়। শিক্ষা কোনো বিশেষ সুযোগ নয়, বরং প্রতিটি শিশুর মৌলিক অধিকার। তাই সবার জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাস্তবতা জানা ও তাদের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
 
আবেহাও উদ্যোগের মাধ্যমে এমন একটি সমাজ গড়ার প্রত্যাশা করা হচ্ছে, যেখানে প্রতিটি শিশু সমানভাবে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পাবে এবং সুযোগের অভাবে কোনো শিশুর স্বপ্ন থেমে যাবে না।#
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক: ডা. শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


সরকারের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, দেশের কিছু স্থানে যা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। তবে, বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক বলে তিনি উল্লেখ করেন।

সোমবার (১৬ নভেম্বর) আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন, বৈঠকটি পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

তিনি আরও বলেন, সরকারকে অবিলম্বে জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জাতি চায়, এ দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান থাকবে না।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও জাতি বর্তমানে একটি কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন। একই সঙ্গে আমাদের সংগঠনও বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর জন্য আমাদের কাজ করে যেতে হবে।

তিনি উল্লেখ করেন, দুনিয়া আমাদের লক্ষ্য নয়, বরং আখিরাত আমাদের প্রধান লক্ষ্য। মু’মিন হিসেবে আমাদের এ বিষয়টি সবসময় মনে রেখে দৈনন্দিন জীবনযাপন করতে হবে। সংগঠনের সকল কর্মকাণ্ডে এর প্রতিফলন ঘটাতে হবে। জীবন পরিচালনার ক্ষেত্রে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণ করা জরুরি। আমাদের প্রত্যেক দায়িত্বশীলকে সংগঠন পরিচালনায় ও দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সক্ষমতার মাত্রা বাড়াতে হবে।

ডা. শফিকুর রহমান আবারও বলেন, দেশের কিছু স্থানে যা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক। অবিলম্বে সরকারকে জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতি চায়, এ দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান থাকবে না।

তিনি আরও যোগ করেন, গত চব্বিশের জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর বেশি শহীদ এবং হাজার হাজার আহতের বিনিময়ে অর্জিত এ বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি। তিনি বলেন, আমরা বরাবরই বলেছি, সংসদে আমাদের অবস্থান হবে একটি দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হয়ে সবসময় ভূমিকা রাখব। কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় বাস্তবায়নে আমাদের যে দাবি, তাতে আমাদের অনড় অবস্থান অটুট থাকবে।

বিরোধীদলীয় নেতা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জাতি জানতে চায়। তিনি স্পষ্ট করে বলেন, আমরা জাতির গুরুত্বপূর্ণ বিষয়গুলোয় ইতোমধ্যে নোটিশ দিয়েছি। যদি নোটিশের বিষয়গুলোয় সংসদে আমরা জবাব না পাই, তাহলে জনগণের আদালতে আমাদের কথা বলতে হবে। এজন্য আমাদের দায়িত্বশীলদের সামগ্রিকভাবে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে দেশ ও জাতির খেদমতে প্রস্তুতি নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির সমস্যা আ.লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


বিএনপির সমস্যা আ.লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখা

বিএনপির প্রধান সমস্যা হলো আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখা। এনসিপির সাবেক নেত্রী সামান্তা শারমিন মন্তব্য করেছেন যে, গণতান্ত্রিক ব্যবস্থা নিরূপণের জন্য দেশে আওয়ামী লীগের প্রয়োজন নেই। তিনি সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন।

সামান্তা শারমিন বলেন, "আমরা আওয়ামী লীগকে কি একটি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখব, নাকি একটি ফ্যাসিবাদী চরিত্র হিসেবে দেখব—এটা আমাদের চিহ্নিত করতে হবে।" তিনি আরও বলেন, বিএনপির প্রধান সমস্যা হচ্ছে তারা আওয়ামী লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখে। যাঁরা জীবন দিয়ে লড়াই করেছেন, তাঁরা একে ফ্যাসিবাদ হিসেবে দেখেন।

তিনি এ বিষয়ে অবস্থান স্পষ্ট করার তাগিদ দিয়ে বলেন, "এই জায়গাগুলো খুব পরিষ্কার হওয়া প্রয়োজন।" তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে বিএনপি একটি দোদুল্যমানতার সুযোগ নিচ্ছে, তবে এই সুযোগ হয়তো আর কিছুদিন থাকবে না।

সরকারের উদ্দেশে তিনি ভয়ের সংস্কৃতি পরিহার করে রাজনৈতিকভাবে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, "ভয়ের মাধ্যমে জাতীয় ঐক্য প্রক্রিয়া না করে রাজনৈতিকভাবে জাতীয় ঐক্য প্রক্রিয়া করুন।" তিনি উল্লেখ করেন, "আপনাদের আসলে পুরো বাংলাদেশের, প্রত্যেকটি রাজনৈতিক দলের এবং প্রতিটি রাজনৈতিক ব্যক্তি ও পক্ষের সহায়তা প্রয়োজন।" কিন্তু সরকার রাষ্ট্রযন্ত্রকে ভেঙে দিয়ে ভয়ের সংস্কৃতির মাধ্যমে জনগণকে ভয় দেখাচ্ছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার সংস্কারের দাবি জানিয়ে সামান্তা শারমিন বলেন, "সরকারকে সাহায্য করতে চাওয়ার কথা বারবার বলতে আর ভালো লাগছে না; বরং সরকার যেন তাদের রাষ্ট্রযন্ত্রকে কার্যকর করে, পুলিশ সংস্কার করে এবং স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার করে।" তিনি দলীয় প্রশাসক ও নিয়োগের সমালোচনা করে বলেন, "আজকেই খবর এসেছে যে হাজারীবাগ এবং রামপুরায় ককটেল বিস্ফোরণ হয়েছে এবং অফিসে আক্রমণ ও ভাঙচুর করা হয়েছে।" তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, "ককটেল বিস্ফোরণ ও চাঁদাবাজির মতো ঘটনাগুলো দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত ও আহত করছে।"

বক্তব্যের শেষে ২০২৬ সালের নির্বাচনের উদাহরণ টেনে সামান্তা শারমিন বলেন, "২৬-এর নির্বাচনটাকে আপনারা দয়া করে খুব ভালো করে লক্ষ্য করবেন। ২৬-এর নির্বাচনে এক ফোঁটা রক্তপাত হয়নি। এক ফোঁটা রক্তপাত ছাড়াও আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে পারি।" তিনি পুনরায় মন্তব্য করেন যে, "এ দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের কোনো প্রয়োজন নেই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%