০৭:০৮ পি.এম
এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা বছরের প্রতিটি মাসে স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন। নতুন মৌলিক গান এবং টেলিভিশন রিয়েলিটি শোর বিচারক হিসেবেও তার সময় কাটছে।
শীতকাল শুরু হওয়ার পর লিজার স্টেজ শোয়ের ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে। গত শনিবার তিনি রাজধানীর নিকটবর্তী সাভারে একটি স্কুলের অনুষ্ঠানে গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। আজ তিনি যশোর ক্যান্টনমেন্টে এবং আগামী ২১ নভেম্বর সিলেট ক্লাবে সংগীত পরিবেশন করবেন। লিজা জানিয়েছেন, সামনে আরও বেশ কিছু স্টেজ শো রয়েছে।
স্টেজ শোয়ের পাশাপাশি আরটিভির রিয়েলিটি শো ‘লিটল স্টার সিজন-২’ (আগামীর কণ্ঠস্বর)-এর প্রধান তিন বিচারকের একজন হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ইতোমধ্যে অনুষ্ঠানটির বিভিন্ন পর্ব নিয়মিতভাবে প্রচারিত হচ্ছে। লিজার মতে, এবারের আসরে তারা বেশ কিছু সম্ভাবনাময় নতুন কণ্ঠস্বর আবিষ্কার করেছেন, যারা ভবিষ্যতে দেশের সংগীতাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: জয়কে ‘ফ্যাসিস্ট’ বলায় মুখ খুললেন রোমানা নীড়
এছাড়া, নতুন মৌলিক গান নিয়েও কাজ করছেন লিজা। ইতোমধ্যে বেশ কিছু গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগগিরই তিনি মিউজিক ভিডিওর কাজ শুরু করে গানগুলো তার ইউটিউব চ্যানেল ‘লিজা’-তে প্রকাশ করবেন।
একসময় উপস্থাপনা করলেও গানে পূর্ণ মনোযোগ দিতে তিনি তা থেকে সরে এসেছিলেন। তবে মানসম্মত কোনো সংগীতানুষ্ঠান বা বিশেষ টিভি শো হলে উপস্থাপনায় ফেরার বিষয়টি ভেবে দেখবেন বলে জানান তিনি। লিজার মতে, সংগীতশিল্পী অতিথির অনুষ্ঠানে একজন শিল্পী উপস্থাপক থাকলে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
নিজের বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে লিজা বলেন, ‘স্টেজ শো এবং অন্যান্য কাজ নিয়ে বেশ ভালো ব্যস্ত আছি, আলহামদুলিল্লাহ। সামনে কিছু ভালো মৌলিক গান প্রকাশের ইচ্ছে আছে। এ বছর না হলেও আগামী বছরের শুরুতে গানগুলো প্রকাশ পাবে। আর বিচারক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আগামীর জন্য ভালো শিল্পী খুঁজে বের করার চেষ্টা করেছি।’
আরও পড়ুন: এ বছর আসছে না ‘পঞ্চায়েত ৫’, অপেক্ষা বাড়ল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন