০৭:৪৭ পি.এম
প্রায় দুই দশক ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর হাজারবিঘী গ্রামের মো. আব্দুর রহীম, যিনি শাহজাহান আলী নামে পরিচিত, বিভিন্ন এলাকায় কলা, আম, বরই, স্ট্রবেরি সহ নানান ধরনের ফল ও ফসল চাষ করে আসছেন। তিনি প্রায় ৫০ বিঘা জমিতে কলাসহ মোট ৭০ বিঘা জমিতে বিভিন্ন ফসল চাষ করে সফল কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচিতি অর্জন করেছেন। তার পরামর্শে উপজেলার প্রায় দেড় শতাধিক ক্ষুদ্র কৃষকও চাষাবাদে যুক্ত হয়েছেন।
তবে বর্তমানে রাসায়নিক সারের অভাবে তিনি চরম বিপাকে পড়েছেন। পদ্মা নদীর চরাঞ্চলে ৫০ বিঘা জমিতে প্রায় ১৫ হাজার কলাগাছ চাষ করেছেন তিনি। কিন্তু প্রয়োজনীয় সার না পাওয়ার কারণে বড় ধরনের লোকসানের শঙ্কা করছেন।
শাহজাহান আলী জানান, সার প্রয়োগের জন্য তার ৬০ বস্তা সার প্রয়োজন। বিভিন্ন ডিলারের কাছে ঘুরে সার না পেয়ে শেষে কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকেও তিনি মাত্র এক বস্তা সার পেয়েছেন। এই পরিস্থিতিতে তিনি হতাশ।
আরও পড়ুন: কপ৩১ সম্মেলনে কৃষকের জন্য অর্থায়নের অনিশ্চয়তা, সিলেটে প্রতিবাদস্বরূপ সাইকেল র্যালি
তিনি বলেন, "সরকার বলছে, দেশে সারের সংকট নেই এবং কৃষি বিভাগের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে। তাহলে আমার ৬০ বস্তা সার প্রয়োজন হলেও দিনের পর দিন ঘুরে মাত্র এক বস্তা পেলাম কেন?" কৃষকদের প্রকৃত চাহিদা সম্পর্কে কৃষি কর্মকর্তাদের অবগতির বিষয়েও তিনি প্রশ্ন তুলেছেন।
শাহজাহান আলী আরও জানান, লক্ষাধিক টাকা বিনিয়োগ করে তিনি কলা চাষ করেছেন। বর্তমানে সার প্রয়োগের উপযুক্ত সময়। প্রয়োজনীয় পরিমাণ সার না পেলে কলার উৎপাদন ব্যাপকভাবে কমে যেতে পারে, যা তার মূলধন হারানোর পাশাপাশি কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্নও ভেঙে দিতে পারে। একই সঙ্গে ক্ষুদ্র কৃষকদেরও চাষাবাদে উৎসাহ হারানোর আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা জানান, শাহজাহান আলী শিবগঞ্জ উপজেলার অন্যতম বড় কলাচাষি। দুর্গম চরাঞ্চলে বিপুল পরিমাণ জমিতে কলা চাষের পাশাপাশি তিনি অসংখ্য বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। দীর্ঘদিন ধরে তিনি ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে কলা সরবরাহ করে আসছেন। এছাড়া খুলনা, ফেনী, সিলেট, কুমিল্লা এবং ঢাকার বাদামতলী, যাত্রাবাড়ী, কারওয়ান বাজার ও মিরপুরে বিভিন্ন ফল ও ফসল সরবরাহ করেন।
স্থানীয়দের মতে, শাহজাহান আলীর মতো একজন আদর্শ কৃষক ও উদ্যোক্তার পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা উচিত সরকার ও কৃষি বিভাগের।
আরও পড়ুন: কেন্দুয়ায় বাহারাইল বিল উপ-প্রকল্পে কৃষকদের আপত্তি, ফসলি জমি রক্ষায় লাল নিশান
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া বলেন, একজন চাষি ৫০ বিঘা জমিতে কলা চাষ করেও সার পাচ্ছেন না, এমন তথ্য পাওয়ার পর তাকে ডেকে দুই দফায় কিছু সারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সাধ্যমতো ওই কৃষকের পাশে থাকবে শিবগঞ্জ কৃষি বিভাগ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন