সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:৫৩ এম
সপনা চৌধরী বীর সাহুর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন। তিনি এবার নিজের দাম্পত্যজীবন সম্পর্কে বক্তব্য রেখেছেন।
দাম্পত্যজীবন নিয়ে সপনা চৌধরী মুখ খুলেছেন।
বিনোদন জগতে আবারও দুঃসংবাদ। ছ’বছরের দাম্পত্যে ভাঙনের সুর শোনা যাচ্ছে। বিচ্ছেদের পথে রয়েছেন হরিয়ানার জনপ্রিয় নৃত্যশিল্পী ও গায়িকা সপনা চৌধরী এবং গায়ক বীর সাহূ। খবর রয়েছে যে, সপনা ইতিমধ্যেই বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন। এবার তিনি নিজের দাম্পত্যজীবন নিয়ে কথা বলেছেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সপনাকে বিবাহবিচ্ছেদ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যখন সব ভাল ছিল, তখন একসঙ্গে ছিলাম। এখন আর ভাল নেই, তাই একসঙ্গেও নেই।” তিনি জানান, তাঁদের সম্পর্কের সমীকরণ সম্পর্কে উভয়েই সচেতন। বাইরের কেউ এ বিষয়ে মন্তব্য করার অধিকার রাখে না।
সপনা সরাসরি স্বামীর বিরুদ্ধে অভিযোগ না করলেও, তিনি একাধিক ইঙ্গিত দেন। তাঁর মন্তব্য, “যাঁর এক জায়গায় পেট ভরে না, তিনি ভিন্ন জায়গায় ঘুরলেও তৃপ্তি পান না।” তিনি মনে করেন, ভালবাসা শুধুমাত্র শারীরিক আকর্ষণের বিষয় নয়। ভালবাসা আত্মার সঙ্গে জড়িত থাকে এবং সেখানে আবেগের গুরুত্ব অনেক বেশি। তিনি আরও বলেন, পুরুষেরা অনেক সময় বাস্তববাদী হয়ে যান, কিন্তু মহিলারা আবেগের বশে অনেক কিছু করে ফেলেন।
নিজের বিয়ের প্রসঙ্গে সপনা অতীতে ফিরে তাকিয়েছেন। ‘বিগ বস’ থেকে বেরোনোর পরেই তাঁর বিয়ে হয়েছিল। সে সময় তিনি জনপ্রিয়তার শিখরে ছিলেন। সপনার বক্তব্য, তিনি একজন ভাল স্ত্রী এবং মা হওয়ার দায়িত্ব পালন করেছেন। কিন্তু এক সময় তাঁর মনে হয়েছিল, অন্যের পরিচয়ের আড়ালে নিজের সত্তাটাই হারিয়ে ফেলছেন। সপনার মতে, কারও স্ত্রী, কারও মা, কারও বৌদি— এই পরিচয়গুলির মধ্যেই তিনি আটকে পড়েছিলেন। নিজের ব্যক্তিত্ব এবং পেশাগত জীবনে উন্নতি করার সুযোগ তিনি পাননি। সম্পর্কের টানাপড়েনে নিজের পরিচর্যা এবং কেরিয়ারের দিকে নজর দেওয়া থেকে সরে গিয়েছিলেন।
সপনা জানিয়েছেন, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু জোর করে কোনো সম্পর্ক বাঁচিয়ে রাখা সম্ভব নয়। এখন তিনি নিজের দিকে মনোযোগ দিতে চান। ব্যক্তিগত জীবন নিয়ে বিচার না করে তাঁর কাজের ভিত্তিতে তাঁকে মূল্যায়ন করার আবেদনও জানিয়েছেন তিনি।
বিবাহবিচ্ছেদের পরে কি তিনি আবার নতুন করে সংসার পাতবেন? এই প্রশ্নের উত্তরে সপনা স্পষ্ট জানিয়ে দেন, তিনি এখনই দ্বিতীয় বিয়ের কথা ভাবছেন না। তাঁর কথায়, “আমার মতো মেয়ের সহজে বা চলতে-ফিরতে প্রেম হয় না। আমি খুব আবেগপ্রবণ। গভীর ভাবে ভালবাসি।” ভবিষ্যতে যদি এমন কাউকে পান, যিনি তাঁর ভালবাসার যোগ্য, তখন তিনি ভেবে দেখবেন। তবে আপাতত দ্বিতীয় বিয়ের কোনো পরিকল্পনা নেই। সম্পর্কের অভিজ্ঞতা থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলেও জানিয়েছেন সপনা।
উল্লেখ্য, ২০২০ সালে অভিনেতা-গায়ক বীরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সপনা। তাঁদের দুই সন্তানও রয়েছে। বিয়ের ছ’বছর পরে সেই সম্পর্ক এখন বিচ্ছেদের মুখে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ