ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জসীমউদ্দীন, ফররুখ ও আল মাহমুদের দেশজ কাব্যধারা


জসীমউদ্দীন, ফররুখ ও আল মাহমুদের দেশজ কাব্যধারা

জসীমউদ্‌দীন, ফররুখ আহমদ এবং আল মাহমুদের কবিতায় গ্রাম, প্রকৃতি, দেশজ ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ এবং সামাজিক-রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটেছে। বাংলাদেশের কবিতায় তিনজনই নিজস্ব ধারা প্রতিষ্ঠা করেছেন। তারা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে কবিতার মূল উপাদান হিসেবে তুলে ধরেছেন। চর্যাপদ থেকে শুরু করে রাখালী-সোজন বাদিয়ার ঘাট এবং সাত সাগরের মাঝি থেকে সোনালী কাবিনÑ বাংলাদেশের কবিতার মূলধারার প্রতিনিধিত্ব করে।

চর্যাপদের ১১নং পদের কর্তা কাহ্নপা বলেন,

‘মা আমোহ সমুদারে অন্ত ন বুঝসি থাহা।
আগে নাবণ ভেলা দীসই ভান্তি ন পূছসি নাহা॥’

আরও পড়ুন: বুকার পুরস্কার পেলেন ৮১ বছর বয়সী ব্রিটিশ লেখক জন হ্যারিসন

এই পদে কামলা অর্থাৎ শ্রমজীবীদের শোষণ ও অত্যাচারের একটি চিত্র ফুটে উঠেছে। তারা নৌকার হাল টেনে মাছ ধরার সময় অত্যাচারের শিকার হতেন। মানুষের অধিকার ও বৈষম্যমুক্তির বাণী জসীমউদ্‌দীন, ফররুখ এবং আল মাহমুদের সৃষ্টিতে উচ্চকিত হয়েছে, যার প্রথম বিবরণ চর্যাপদে পাওয়া যায়।

জসীমউদ্‌দীন গ্রাম ও প্রকৃতির মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে চিত্রিত করেছেন। তিনি কাহিনিকাব্যের রীতিতে জনপ্রিয় কাব্য ‘নকশী কাঁথার মাঠ’ রচনা করেছেন। তার কবিতা বাংলাদেশের রূপে রূপময়।

ফররুখ আহমদ বাংলাদেশের একজন কবি। তার কবিতায় বাংলাদেশের আত্মপ্রতিষ্ঠা ও ভবিষ্যৎ স্বপ্নের প্রতীক হিসেবে বিভিন্ন ঐতিহাসিক ও পৌরাণিক চরিত্র উপস্থাপন করেছেন। আল মাহমুদের কবিতায়ও বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির গভীর প্রকাশ দেখা যায়। বিশেষ করে ‘সোনালী কাবিন’, ‘পাখির কাছে ফুলের কাছে’ ও ‘আরব্য রজনীর রাজহাঁস’ প্রভৃতিতে। তাছাড়া আল মাহমুদ নতুন প্রজন্মকে জসীমউদ্‌দীনকে অনুসরণের জন্য প্রেরণা দিতেন।

সোজন বাদিয়ার ঘাট ১৯৩৩ সালে প্রকাশিত হয়। বইটির প্রচারে দীনেশচন্দ্র সেনের অবদান উল্লেখযোগ্য। তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন, ‘এই পুস্তকে গ্রাম্য কাহিনীর বর্ণনা করিতে লেখক অনেক ভূতপ্রেতের নাম উল্লেখ করিয়া নূতন প্রকাশভঙ্গিতে যে বীররসের সমাবেশ করিয়াছেন, তাহা বাংলা-সাহিত্যে অভিনব।… আমি হিন্দু। আমার কাছে বেদ পবিত্র, ভাগবত পবিত্র। কিন্তু ‘সোজন বাদিয়ার ঘাট’ পুস্তকখানি তাহার চাইতেও পবিত্র, কারণ ইহাতে আমার বাংলাদেশের মাটির মানুষগুলির কাহিনী আছে।’

আরও পড়ুন: সময়ের সাক্ষী বিউটি বোর্ডিং: হারানো সাহিত্য-আড্ডার ঠিকানা

অথচ জসীমউদ্‌দীনকে আমরাই অতটা বাংলাদেশের করে বুকে তুলে নিতে পারিনি, যতটা নিয়েছি তিরিশের আন্দোলনকারীদের। জসীমউদ্‌দীন আমাদের জাতীয় জীবনের কবি, বাংলাদেশের সত্তার কবি, আমাদের চেতনার কবি। তিনি বাংলাদেশের চিরদিনের কবি, বাংলাদেশি রুচিবোধের কবি।

সমালোচকের ভাষায়—‘জসীমউদ্‌দীন যে সমস্ত উপমা ব্যবহার করেছেন, সেগুলোর উপাদান গ্রাম থেকে সংগৃহীত, কিন্তু উপমার ব্যাখ্যাসূত্র প্রধানত নাগরিক। সেদিক থেকে জসীমউদ্‌দীন আধুনিক কবি, মোটেও পল্লীকবি নন।’

আবু সয়ীদ আইয়ুব আধুনিক শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘এক হিসাবে যারাই আধুনিক কালে কবিরূপে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন প্রতিভা ও সাধনার যুগ্ম অধিকারে, তারাই আধুনিক কবি—যুগলক্ষণ অধিকৃত না হলেও।’

এছাড়া তার কবিতার উপাদান দেশজ, বুনন-বয়ন চিরায়ত বাংলা কবিতার। কয়েকটি উদাহরণ—

আরও পড়ুন: কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস আজ

কাঁচা ধানের পাতার মত কচি-মুখের মায়া

তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া।
জালি লাউয়ের ডগার মত বাহু দুখান সরু
গা-খানি তার শাঙন মাসের যেমন তমাল তরু।

(নক্সী-কাঁথার মাঠ)

কাল সে আসিবে, মুখখানি তার নতুন চরের মত
চখা আর চখী নরম ডানায় মুছায়ে দিয়াছে কত।

আরও পড়ুন: ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডস ২০২৬ পেলেন যারা

(কাল সে আসিবে)

ওগো কল্যাণী! কহ কহ তুমি কেবা দরবেশ
তোমার লাগিয়া মন-মোমবাতি পুড়ায়ে করিল শেষ!

(রূপবতী)

লাল মোরগের পাখার মত ওড়ে তাহার শাড়ী
ভোরের হাওয়া যায় যেন গো প্রভাতী মেঘ নাড়ী।

আরও পড়ুন: শ্রদ্ধাঞ্জলি: নাই নাই কোথাও সে নাই, আছে শুধু হৃৎ-কমলে

(নক্সী-কাঁথার মাঠ)

নজরুল বিশ্বযুদ্ধ চলাকালে বাংলার তরুণদের রক্তে এনে দিয়েছিলেন উদ্দামতা। আর জসীমউদ্‌দীন যুদ্ধ-পরবর্তী সময়ে তরুণদের মনে এনে দিয়েছিলেন শান্তির কোমলতা, যার উপকরণ ছিল বাংলাদেশের পল্লিপ্রকৃতি। চিরায়ত পল্লিজনদের সংসারের নানা কথা গ্রথিত হয়েছে তার নানা কাব্যে।

ফররুখ আহমদের ‘বৃষ্টি’ কবিতায় প্রকৃতি—

বৃষ্টি এল... বহু প্রতীক্ষিত বৃষ্টি! Ñপদ্মা মেঘনার
দুপাশে আবাদী গ্রামে, বৃষ্টি এল পুবের হাওয়ায়,
বিদগ্ধ আকাশ, মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়:
বিদ্যুৎ-রূপসী পরী মেঘে মেঘে হয়েছে সওয়ার।

আরও পড়ুন: বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনের তারিখ ও পুরস্কার ঘোষণা

দিকদিগন্তের পথে অপরূপ আভা দেখে তার

বর্ষণ-মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়,

রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়,
নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার।

আল মাহমুদের কবিতায় গ্রামীণ জীবন, প্রকৃতি ও মানুষের অভিজ্ঞতার প্রভাবই প্রধান। তার কাব্যিক জীবনে গ্রামীণ জীবনের প্রতি গভীর অনুরাগ এবং দেশজ উপাদানকে ব্যবহার করার প্রবণতা বিশেষভাবে উল্লেখযোগ্য।

সোনালী কাবিনে চিরায়ত বাংলার দেশজ শব্দচয়নের যে ব্যবহার, তা চর্যাপদের ধারা বহন করে। চর্যাপদে বৌদ্ধ সহজিয়াদের জীবন ও দর্শন এবং সোনালী কাবিনে বাংলাদেশের মানুষের জীবন ফুটিয়ে তোলা হয়েছে।

ভারতীয় বাঙালি লেখক অনুপম মুখোপাধ্যায় ‘আল মাহমুদ এবং সোনালী কাবিন’ প্রবন্ধে লিখেছেন, “আল মাহমুদ এমনই একজন কবি। এরকমই কবি হুইটম্যান, হোসে মার্তি, লোরকা, পাবলো নেরুদা, নজরুল ইসলাম। হ্যাঁ, আমাদের সৌভাগ্য, আমাদের সমসময়ে আল মাহমুদ এমনই একজন কবি। এবং ‘সোনালী কাবিন’ হল সেই কাব্যগ্রন্থ, যা ভাষা এবং সংস্কৃতিকে একীকৃত করেছে।”

কিন্তু ‘সোনালী কাবিন’ যে বাংলায় লেখা, সেখানে কৃষ্ণনগরীয় প্রাতিষ্ঠানিক বাংলা ভাষার লেনদেন আছে। স্বীকৃত সামাজিক বাক্যবিধি ও শব্দসংস্থান আমরা পাই এই বইটিতে। যে ভাষায় লিখেছেন প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, সমর সেন বা যে কোনো কবিই, এ হল সেই ভাষার ধারা।

‘পৃথিবীর সবকটি সাদা কবুতর/ইহুদি মেয়েরা রেঁধে পাঠিয়েছে মার্কিন জাহাজে’...এ আন্তর্জাতিক উচ্চারণ আল মাহমুদের।

‘সোনালী কাবিন’ একজন বাঙালি বেদুইনের মুখোমুখি করে দেয় আমাদের। একই সঙ্গে মরু-সরলতা ও শ্যামল অলজ্জতা আমরা দেখতে পাই কবির চরিত্রে। এই ঘটনা একমাত্র নজরুল ইসলামের মধ্যে ঘটতে পেরেছিল, কিন্তু তা অন্য মাত্রায় ও গুণে। আল মাহমুদ একজন পুরুষজাতীয় কবি, ঠিক ততটাই যতটা একজন ওমর খৈয়াম। সেই পুরুষ, যাদের বঙ্কিমচন্দ্রের উপন্যাসে আমরা রোদন করতে দেখি বটে, কিন্তু কাঁদতে দেখি না। পুরুষের কামনা যে আদতে এক অর্ঘ্য, ‘সোনালী কাবিন’ পড়ে বুঝতে পারি।

তুলসীতলার প্রদীপ আর পারস্য প্রদীপের মিলন ‘সোনালী কাবিন’-এর প্রতিটি কবিতায় ঘটতে পেরেছে। আজানের সঙ্গে মিলে গেছে আবাহনের সুর। অপরিসীম বিষাদের অভিজ্ঞতা এবং আনন্দের বাস্তব ও কাল্পনিক স্মৃতিগুলো এখানে মুখর হয়েছে।

আল মাহমুদের কবিতাগুলোর মূল উপজীব্য ছিল বাংলাদেশের চিরায়ত সৌন্দর্য, যেখানে সবুজ ধানক্ষেত, নদী এবং নির্মল জীবন বিশেষভাবে উল্লেখযোগ্য।

জসীমউদ্‌দীন-ফররুখ-আল মাহমুদের কাব্যধারায় কিছু মৌলিক পার্থক্য থাকলেও বাংলাদেশের কবিতার মূলধারায় তারা অভিন্ন এবং সমন্বয়ের ছাপ দুর্লক্ষ্য নয়। চর্যাপদ থেকে সোনালী কাবিন পর্যন্ত কাব্যাবর্তনধারা একই সমরেখায় প্রবহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচবিবিতে তিল চাষে কৃষকদের বাড়তি আয়ের স্বপ্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৫ এম


পাঁচবিবিতে তিল চাষে কৃষকদের বাড়তি আয়ের স্বপ্ন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষকরা পতিত জমি, রাস্তার পাশে এবং ফসলের জমির আইলসহ অব্যবহৃত জায়গায় তিল চাষের মাধ্যমে বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন। স্বল্প খরচ, কম পরিচর্যা এবং ভালো বাজারদরের কারণে তিল চাষে তাদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে বাগজানা, ধরঞ্জী, আয়মারসুলপুর ও বালিঘাটা ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ১৫ হেক্টর জমিতে তিলের আবাদ করা হয়েছে। সাধারণত বসতবাড়ির আশপাশে, পুকুরপাড়ে, রাস্তার ধারে এবং জমির আইলে এই ফসল চাষ করা হয়ে থাকে। অনুকূল আবহাওয়া থাকলে কৃষকরা এবারের মৌসুমে বাম্পার ফলনের আশা করছেন। তিল শুধু ভোজ্যতেলের উৎস নয়, খাদ্য ও প্রসাধনী শিল্পেও এর ব্যাপক ব্যবহার রয়েছে। তিলের খাজা, লাড্ডু, বিস্কুট, মোয়া ও ভর্তার চাহিদা থাকার কারণে স্থানীয় বাজারের পাশাপাশি বাইরের জেলাগুলোতেও তিলের ভালো দাম পাওয়া যাচ্ছে।

কৃষকদের তথ্য অনুযায়ী, প্রতি বিঘা জমিতে তিল চাষে সার ও অন্যান্য বাবদ খরচ হয় মাত্র তিন থেকে চার হাজার টাকা। বিপরীতে ফলন পাওয়া যায় তিন থেকে চার মণ। বর্তমানে মানভেদে প্রতি মণ তিল ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে খরচ বাদ দিয়ে বিঘাপ্রতি ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত লাভের সম্ভাবনা রয়েছে। মাত্র ৮০ থেকে ১০০ দিনের মধ্যে ফসল ঘরে তোলা সম্ভব। এছাড়া শুকনো তিলগাছ জ্বালানি হিসেবেও কাজে লাগে।

উপজেলার দমদমা গ্রামের কৃষক আনিছুর রহমান বলেন, ‘তিল চাষে সার ও কীটনাশক তেমন লাগে না। গরু-ছাগল তিলগাছ খায় না বলে বাড়তি পাহারার খরচ নেই। তাই প্রতি বছরের মতো এবারও তিন বিঘা অনাবাদি জমিতে তিল বুনেছি।’ ধরঞ্জী গ্রামের আমিনুল ইসলাম এক বিঘা সবজি ক্ষেতের চারপাশের আইলে তিল চাষ করেছেন।

তিনি জানান, তিলগাছ জমির প্রাকৃতিক বেড়া হিসেবে কাজ করে, ফলে গরু-ছাগল ক্ষেতে ঢুকতে পারে না। এতে আলাদাভাবে বেড়া দেওয়ার খরচ বেঁচে গেছে। কাঁচনা গ্রামের ইমরান আলী ১৬ শতক জমিতে তিল বুনেছেন পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আয়ের আশায়। অন্যদিকে, নিজের জমি না থাকায় চকশিমুলিয়া গ্রামের নরেশ দাস প্রায় আধা কিলোমিটার রাস্তার দুই পাশে তিল চাষ করে ভালো ফলন পেয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রাণী সেহানবীশ জানান, পতিত ও অব্যবহৃত জমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং কৃষকদের বাড়তি আয়ের সুযোগ করে দিতে তিল চাষে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

সম্পাদনা: তামান্না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রস সংগ্রহের মৌসুমে গাছে গাছে ব্যস্ত সময় গাছিদের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৫ এম


রস সংগ্রহের মৌসুমে গাছে গাছে ব্যস্ত সময় গাছিদের

দিগন্তজোড়া মাঠের দৃশ্য। মাঠের মাঝখানে একটি মেঠো পথ। এই পথের দুই পাশে সারি সারি খেজুরগাছ দাঁড়িয়ে আছে। গাছের এক পাশে ডাল ছেঁটে এবং বাকল চেঁছে রস সংগ্রহের জন্য প্রস্তুতি নিচ্ছেন ষাটোর্ধ একজন ব্যক্তি। তার নাম মুজিবর মোল্যা।

শরীরে প্যাঁচানো মোটা দড়ি রয়েছে। কোমরের পেছনে ঝুলছে বাঁশের তৈরি একটি লম্বা ঝুড়ি। হাতে রয়েছে ধারালো গাছি দা। তিনি তরতর করে গাছে উঠছেন এবং এক-একটি গাছকে পরিষ্কার করে রস বের করার উপযোগী করছেন। স্থানীয় ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় ‘গাছ তোলা’।

মুজিবর মোল্যার বাড়ি নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে। তিনি প্রায় ২৫ বছর ধরে বংশ পরম্পরায় খেজুর গাছ তুলছেন। শীত মৌসুম এলেই যেন তার জন্য দম ফেলার সময় নেই। রস সংগ্রহের পর সেই রস থেকে গুড় তৈরি করে তা বিক্রি করেন তিনি।

রবিবার (১৫ নভেম্বর) সকালে শেখহাটি মালিয়াট সড়কের পাশে খেজুর গাছ কাটছিলেন মুজিবর। সেখানেই তার সঙ্গে কথা হয়। তিনি জানান, তিনি প্রায় ৩৫ বছর ধরে খেজুর গাছ থেকে রস সংগ্রহের কাজ করছেন। তার বড় ভাইও প্রায় ৪০ বছর ধরে এ কাজ করেছেন এবং তার দাদা করতেন। তার বাবা অন্তত ৪০ বছর ধরে এ কাজে যুক্ত ছিলেন।

মুজিবর বলেন, “বংশ পরম্পরায় আমরা এ কাজ করছি। খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে নিজেই গুড় তৈরি করে তা বিক্রি করি।” তিনি আরও জানান, এবছর তিনি ৫৩টি গাছ তুলেছেন। তিনি বলেন, “চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রস তোলা যাবে।” এ মৌসুমে কাঁচা রস ছাড়াও দুই লাখ টাকার গুড় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন এই গাছি।

মুজিবরের মতো অন্য গাছিরাও বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নড়াইলে। তাদের বেশিরভাগ সময় কাটছে খেজুর গাছের মাথায়।

গাছিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার অনেক গাছির জন্য কৃষিকাজ জীবিকার প্রধান উৎস। তবে শীত মৌসুমে তারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন। অনেকের নিজের খেজুর গাছ না থাকায় তারা অন্যের গাছ ইজারা নিয়ে থাকেন। মৌসুমে ইজারা নিয়ে গাছগুলো কেটে বাড়তি আয় করেন।

গাছিরা জানান, অগ্রহায়ণের মাঝামাঝি সময়ের মধ্যে রস সংগ্রহের জন্য খেজুর গাছ প্রস্তুত করেন। চৈত্রের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলে রস সংগ্রহের কার্যক্রম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, জেলায় মোট ২৩ হাজার ৫৫০টি খেজুর গাছ রয়েছে। সেখান থেকে এ বছর ৩৫৪ মেট্রিক টন রস সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে গুড় উৎপাদিত হবে ৫৩ মেট্রিক টন।

সরর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত রস সংগ্রহের জন্য কৃষি বিভাগ উদ্যোগ নিয়েছে। প্রত্যেক ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত গাছিদের পরামর্শ প্রদান করছেন।

বিশেষ করে উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ, শেখহাটি, আফরা এলাকায় খেজুর গাছের সংখ্যা বেশি হওয়ায় শীত মৌসুমে সেখানে খেজুর গাছ কাটার ধুম পড়ে যায়।

কৃষি বিভাগ থেকে খেজুর গাছের রস সংগ্রহকারীদের খাঁটি রস ও গুড় প্রস্তুতে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হন্ডুরাসের আদালতে তিন মার্কিন নাগরিককে যৌন পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৬ এম


হন্ডুরাসের আদালতে তিন মার্কিন নাগরিককে যৌন পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : নারীদের প্রলুব্ধ করে যৌনতার উদ্দেশ্যে পাচার চক্রের সাথে যুক্ত থাকার অভিযোগে তিন মার্কিন নাগরিক এবং এক হন্ডুরাসের নাগরিককে দোষী সাব্যস্ত করেছে হন্ডুরাসের একটি আদালত। এই রায়ের তথ্য প্রকাশ করেছে দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, যা শুক্রবার জানানো হয়েছে।

২০২২ সালে নিখোঁজ হওয়া এক তরুণীর ঘটনার প্রেক্ষাপটে এ পাচার চক্রের কার্যক্রম সামনে আসে।

খবরটি জানায় আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। নিখোঁজ তরুণীর নাম অ্যাঞ্জি পেনা। ২২ বছর বয়সী এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ২০২২ সালের ১ জানুয়ারি হন্ডুরাসের উপকূলবর্তী ক্যারিবীয় দ্বীপ রোয়াতানে জেটস্কি চালানোর সময় নিখোঁজ হন।

প্রাথমিকভাবে পুলিশ জানায়, তিনি পানিতে ডুবে মারা গেছেন। তবে পরিবারের সদস্যরা সন্দেহ করেন যে, তাকে অপহরণ করা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। পরে বেলিজে তার ব্যবহৃত জেটস্কি এবং ব্যক্তিগত কিছু জিনিস উদ্ধার করা হয়।

পরবর্তী তদন্তে জানা যায়, তিনি ‘ডেল্টা টিমস’ নামে একটি যৌন পাচার চক্রের শিকার হয়েছিলেন। এরপর চক্রটি ভেঙে দেওয়া হয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তদন্তে উঠে আসে, পাচারের শিকার ব্যক্তিদের মধ্যে অপ্রাপ্তবয়স্করাও ছিল।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির প্রসিকিউটর কার্যালয় জানায়, আদালত ‘ডেল্টা টিমস’ নামে পরিচিত চক্রটির চার সদস্যকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত করেছে।

দোষী সাব্যস্ত ব্যক্তিদের মধ্যে তিন মার্কিন নাগরিক হ্যারল্ড গ্রিন, উইলিয়াম মারডক ও গ্যারি লি জনস্টন এবং হন্ডুরাসের নাগরিক রামন ত্রেহো অন্তর্ভুক্ত রয়েছেন।

তদন্তের মাধ্যমে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নারীদের খুঁজে বের করা, তাদের প্রলুব্ধ করে চক্রে যুক্ত করা এবং এক স্থান থেকে অন্য স্থানে পাচার করা হচ্ছিল।

তবে প্রমাণের অভাবে মার্কিন নাগরিক গ্রিন ও মারডককে মানব পাচারের অভিযোগ থেকে খালাস দিয়েছে আদালত।

মামলার অভিযোগ অনুযায়ী, পাচারের শিকার নারীদের আসামিদের পাশাপাশি তাদের মালিকানাধীন বারের খদ্দেরদের সাথে যৌন কর্মকাণ্ডে বাধ্য করা হতো।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জানিয়েছেন, আসামিদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড নিশ্চিত করার জন্য তারা আদালতে আবেদন করবেন। আগামী ৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

নিখোঁজ অ্যাঞ্জি পেনার খালা ইয়েনেলি দিয়াজ এএফপিকে বলেন, ‘আমাদের বলা হয়েছিল, এটি একটি দুর্ঘটনা। কিন্তু পুরো ঘটনাটি সংঘবদ্ধ অপরাধী চক্রের মাধ্যমে পরিচালিত হয়েছিল।’

রাষ্ট্রপক্ষের অভিযোগ, তদন্তের সময় হন্ডুরাসের কয়েকজন সরকারি কর্মকর্তা আসামিদের সুরক্ষা দিয়েছেন। তাদের মধ্যে পুলিশ কর্মকর্তা এবং একজন বিচারকও ছিলেন। তারা সাজানো আইনি প্রক্রিয়া ও জাল নথিপত্র তৈরির মাধ্যমে আসামিদের সহায়তা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে হন্ডুরাসে নারীদের হত্যার (ফেমিসাইড) হার সবচেয়ে বেশি।

জাতিসংঘের লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশনের (ইসিএলএসি) তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতি ১ লাখ মানুষের বিপরীতে ফেমিসাইডের ঘটনা ৪ দশমিক ৩টি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘ সভাপতি: রোহিঙ্গাদের দেশে ফেরার পথ শুরু হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫০ এম


জাতিসংঘ সভাপতি: রোহিঙ্গাদের দেশে ফেরার পথ শুরু হয়েছে

ইতিহাসের প্রথমবারের মতো আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করে রায় দেওয়ার একদিন পর শুক্রবার বাংলাদেশের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। ভারতীয় সংবাদসংস্থা এএনআই নিউজের তথ্য অনুযায়ী, এ সময় তিনি ঘোষণা করেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দেশে ফেরার পথ শুরু হয়েছে। একই সঙ্গে তিনি মিয়ানমারকে আদালতের এই বাধ্যতামূলক রায় মেনে চলার আহ্বান জানান।

আইসিজের রায়ে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে উত্তর রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর ‘নিরাপত্তা অভিযানের’ সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে। জাতিসংঘের গণহত্যা সনদের অধীনে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় মিয়ানমারকে এর জন্য দায়ী করেছে আদালত।

উখিয়ার রোহিঙ্গা শিবিরে সরাসরি শরণার্থীদের সামনে বক্তব্য রাখেন খলিলুর রহমান। তিনি এর আগে রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি বলেন, নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বসে না থেকে এই ঐতিহাসিক মুহূর্তে সরাসরি শিবিরে এসে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে চেয়েছেন।

গাম্বিয়ার দায়ের করা মামলায় বৃহস্পতিবার এই ঐতিহাসিক রায় প্রদান করে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। রায়ে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হামলায় মানুষ গুলিবিদ্ধ হন, ছুরিকাঘাতের শিকার হন এবং আগুনে পোড়েন। ব্যাপক ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণসহ নানা ধরনের যৌন সহিংসতা চালানো হয়। এর সঙ্গে মারধর ও শরীরের অঙ্গ বিকৃত করার মতো গুরুতর নির্যাতনের ঘটনাও ঘটে।

শিবিরে রোহিঙ্গাদের উদ্দেশে খলিলুর রহমান বলেন, হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং বহু প্রজন্ম ধরে মিয়ানমারের সঙ্গে তাদের সম্পর্কের কথা মেনে নিয়েছে। তিনি মন্তব্য করেন, "কোনো রায় মৃতদের ফিরিয়ে আনতে বা সব ক্ষত সারাতে পারে না, তবে সত্যের স্বীকৃতি থেকেই ন্যায়বিচার শুরু হয়।"

মিয়ানমারের রাজধানী নেপিডোকে সতর্ক করে খলিলুর রহমান বলেন, এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই। মিয়ানমার নিজেদের বক্তব্য ও প্রমাণ উপস্থাপনের পূর্ণ সুযোগ পেয়েছে। তাই রায় মেনে চলা ঐচ্ছিক নয়, এটি অবশ্যই বাস্তবায়ন করতে হবে।

রায় বাস্তবায়নে চারটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন খলিলুর রহমান:

বিচার ও আইনি সংস্কার : গণহত্যাসংক্রান্ত অপরাধে জড়িত থাকার যৌক্তিক সন্দেহ রয়েছে—এমন ব্যক্তিদের দ্রুত তদন্ত, বিচার ও শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি প্রচলিত আইনের ঘাটতি দূর করে ভবিষ্যতে এমন অপরাধ না ঘটার নিশ্চয়তা দিতে হবে।

নিরাপদ প্রত্যাবাসন ও নাগরিকত্ব : জোর করে বা বিপদের মুখে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না। নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসনের জন্য সুরক্ষা, চলাচলের স্বাধীনতা, বৈষম্য থেকে মুক্তি এবং নাগরিকত্বের অধিকার নিশ্চিত করতে হবে। নিজেদের ভবিষ্যৎ সিদ্ধান্তে রোহিঙ্গাদের, বিশেষ করে নারী ও তরুণদের মতামত থাকতে হবে।

ক্ষতিপূরণ : ব্যক্তি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর আর্থিক ও অন্যান্য ক্ষতি পূরণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা দুই বছরের মধ্যে আদালতকে জানাতে হবে মিয়ানমারকে।

দীর্ঘমেয়াদি সুরক্ষা : ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে, নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিতে হবে এবং তাদের ওপর কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে।

খলিলুর রহমান সতর্ক করেন, জাতিসংঘ সনদের ৯৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো দেশ রায় না মানলে বিষয়টি নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ রয়েছে। নিরাপদে ফেরার পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত শিবিরে খাবার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আশ্রয়ের জন্য আন্তর্জাতিক সহায়তা চালিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি।

নির্যাতন থেকে বেঁচে যাওয়া ব্যক্তি ও নারী সাক্ষীদের প্রতি শ্রদ্ধা জানান খলিলুর রহমান। পাশাপাশি গাম্বিয়া, ওআইসি, মামলায় অংশ নেওয়া ১১টি দেশ এবং উখিয়া ও টেকনাফের স্থানীয় বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ১৯৪৮ সালের গণহত্যা সনদ এই প্রথম রোহিঙ্গাদের পক্ষে কাজ করেছে এবং ১৯ নভেম্বরকে তিনি রোহিঙ্গাদের দেশে ফেরার পথ শুরুর দিন হিসেবে দেখছেন। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের কাছে রোহিঙ্গাদের কথা তুলে ধরার প্রতিশ্রুতিও দেন তিনি।

রায়ে আদালত উল্লেখ করেছে, বেসরকারি ব্যক্তিদের গণহত্যায় উসকানি দেওয়ার সরাসরি ও প্রকাশ্য কোনো প্রমাণ মিয়ানমারের বিরুদ্ধে পাওয়া যায়নি। তবে ২০২০ সালের ২৩ জানুয়ারি দেওয়া আদালতের নির্দেশ লঙ্ঘন করে প্রমাণ সংরক্ষণ ও নষ্ট হওয়া ঠেকাতে ব্যর্থ হয়েছে মিয়ানমার। তাই চলমান সব লঙ্ঘন বন্ধ করা, অভিযুক্তদের তদন্ত ও বিচার এবং ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আইসিজে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%