প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জসীমউদ্দীন, ফররুখ আহমদ এবং আল মাহমুদের কবিতায় গ্রাম, প্রকৃতি, দেশজ ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ এবং সামাজিক-রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটেছে। বাংলাদেশের কবিতায় তিনজনই নিজস্ব ধারা প্রতিষ্ঠা করেছেন। তারা বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে কবিতার মূল উপাদান হিসেবে তুলে ধরেছেন। চর্যাপদ থেকে শুরু করে রাখালী-সোজন বাদিয়ার ঘাট এবং সাত সাগরের মাঝি থেকে সোনালী কাবিনÑ বাংলাদেশের কবিতার মূলধারার প্রতিনিধিত্ব করে।
চর্যাপদের ১১নং পদের কর্তা কাহ্নপা বলেন,
‘মা আমোহ সমুদারে অন্ত ন বুঝসি থাহা।
আগে নাবণ ভেলা দীসই ভান্তি ন পূছসি নাহা॥’
এই পদে কামলা অর্থাৎ শ্রমজীবীদের শোষণ ও অত্যাচারের একটি চিত্র ফুটে উঠেছে। তারা নৌকার হাল টেনে মাছ ধরার সময় অত্যাচারের শিকার হতেন। মানুষের অধিকার ও বৈষম্যমুক্তির বাণী জসীমউদ্দীন, ফররুখ এবং আল মাহমুদের সৃষ্টিতে উচ্চকিত হয়েছে, যার প্রথম বিবরণ চর্যাপদে পাওয়া যায়।
জসীমউদ্দীন গ্রাম ও প্রকৃতির মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে চিত্রিত করেছেন। তিনি কাহিনিকাব্যের রীতিতে জনপ্রিয় কাব্য ‘নকশী কাঁথার মাঠ’ রচনা করেছেন। তার কবিতা বাংলাদেশের রূপে রূপময়।
ফররুখ আহমদ বাংলাদেশের একজন কবি। তার কবিতায় বাংলাদেশের আত্মপ্রতিষ্ঠা ও ভবিষ্যৎ স্বপ্নের প্রতীক হিসেবে বিভিন্ন ঐতিহাসিক ও পৌরাণিক চরিত্র উপস্থাপন করেছেন। আল মাহমুদের কবিতায়ও বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির গভীর প্রকাশ দেখা যায়। বিশেষ করে ‘সোনালী কাবিন’, ‘পাখির কাছে ফুলের কাছে’ ও ‘আরব্য রজনীর রাজহাঁস’ প্রভৃতিতে। তাছাড়া আল মাহমুদ নতুন প্রজন্মকে জসীমউদ্দীনকে অনুসরণের জন্য প্রেরণা দিতেন।
সোজন বাদিয়ার ঘাট ১৯৩৩ সালে প্রকাশিত হয়। বইটির প্রচারে দীনেশচন্দ্র সেনের অবদান উল্লেখযোগ্য। তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন, ‘এই পুস্তকে গ্রাম্য কাহিনীর বর্ণনা করিতে লেখক অনেক ভূতপ্রেতের নাম উল্লেখ করিয়া নূতন প্রকাশভঙ্গিতে যে বীররসের সমাবেশ করিয়াছেন, তাহা বাংলা-সাহিত্যে অভিনব।… আমি হিন্দু। আমার কাছে বেদ পবিত্র, ভাগবত পবিত্র। কিন্তু ‘সোজন বাদিয়ার ঘাট’ পুস্তকখানি তাহার চাইতেও পবিত্র, কারণ ইহাতে আমার বাংলাদেশের মাটির মানুষগুলির কাহিনী আছে।’
অথচ জসীমউদ্দীনকে আমরাই অতটা বাংলাদেশের করে বুকে তুলে নিতে পারিনি, যতটা নিয়েছি তিরিশের আন্দোলনকারীদের। জসীমউদ্দীন আমাদের জাতীয় জীবনের কবি, বাংলাদেশের সত্তার কবি, আমাদের চেতনার কবি। তিনি বাংলাদেশের চিরদিনের কবি, বাংলাদেশি রুচিবোধের কবি।
সমালোচকের ভাষায়—‘জসীমউদ্দীন যে সমস্ত উপমা ব্যবহার করেছেন, সেগুলোর উপাদান গ্রাম থেকে সংগৃহীত, কিন্তু উপমার ব্যাখ্যাসূত্র প্রধানত নাগরিক। সেদিক থেকে জসীমউদ্দীন আধুনিক কবি, মোটেও পল্লীকবি নন।’
আবু সয়ীদ আইয়ুব আধুনিক শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘এক হিসাবে যারাই আধুনিক কালে কবিরূপে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন প্রতিভা ও সাধনার যুগ্ম অধিকারে, তারাই আধুনিক কবি—যুগলক্ষণ অধিকৃত না হলেও।’
এছাড়া তার কবিতার উপাদান দেশজ, বুনন-বয়ন চিরায়ত বাংলা কবিতার। কয়েকটি উদাহরণ—
কাঁচা ধানের পাতার মত কচি-মুখের মায়া
তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া।
জালি লাউয়ের ডগার মত বাহু দুখান সরু
গা-খানি তার শাঙন মাসের যেমন তমাল তরু।
(নক্সী-কাঁথার মাঠ)
কাল সে আসিবে, মুখখানি তার নতুন চরের মত
চখা আর চখী নরম ডানায় মুছায়ে দিয়াছে কত।
(কাল সে আসিবে)
ওগো কল্যাণী! কহ কহ তুমি কেবা দরবেশ
তোমার লাগিয়া মন-মোমবাতি পুড়ায়ে করিল শেষ!
(রূপবতী)
লাল মোরগের পাখার মত ওড়ে তাহার শাড়ী
ভোরের হাওয়া যায় যেন গো প্রভাতী মেঘ নাড়ী।
(নক্সী-কাঁথার মাঠ)
নজরুল বিশ্বযুদ্ধ চলাকালে বাংলার তরুণদের রক্তে এনে দিয়েছিলেন উদ্দামতা। আর জসীমউদ্দীন যুদ্ধ-পরবর্তী সময়ে তরুণদের মনে এনে দিয়েছিলেন শান্তির কোমলতা, যার উপকরণ ছিল বাংলাদেশের পল্লিপ্রকৃতি। চিরায়ত পল্লিজনদের সংসারের নানা কথা গ্রথিত হয়েছে তার নানা কাব্যে।
ফররুখ আহমদের ‘বৃষ্টি’ কবিতায় প্রকৃতি—
বৃষ্টি এল... বহু প্রতীক্ষিত বৃষ্টি! Ñপদ্মা মেঘনার
দুপাশে আবাদী গ্রামে, বৃষ্টি এল পুবের হাওয়ায়,
বিদগ্ধ আকাশ, মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়:
বিদ্যুৎ-রূপসী পরী মেঘে মেঘে হয়েছে সওয়ার।
দিকদিগন্তের পথে অপরূপ আভা দেখে তার
বর্ষণ-মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়,
রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়,
নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার।
আল মাহমুদের কবিতায় গ্রামীণ জীবন, প্রকৃতি ও মানুষের অভিজ্ঞতার প্রভাবই প্রধান। তার কাব্যিক জীবনে গ্রামীণ জীবনের প্রতি গভীর অনুরাগ এবং দেশজ উপাদানকে ব্যবহার করার প্রবণতা বিশেষভাবে উল্লেখযোগ্য।
সোনালী কাবিনে চিরায়ত বাংলার দেশজ শব্দচয়নের যে ব্যবহার, তা চর্যাপদের ধারা বহন করে। চর্যাপদে বৌদ্ধ সহজিয়াদের জীবন ও দর্শন এবং সোনালী কাবিনে বাংলাদেশের মানুষের জীবন ফুটিয়ে তোলা হয়েছে।
ভারতীয় বাঙালি লেখক অনুপম মুখোপাধ্যায় ‘আল মাহমুদ এবং সোনালী কাবিন’ প্রবন্ধে লিখেছেন, “আল মাহমুদ এমনই একজন কবি। এরকমই কবি হুইটম্যান, হোসে মার্তি, লোরকা, পাবলো নেরুদা, নজরুল ইসলাম। হ্যাঁ, আমাদের সৌভাগ্য, আমাদের সমসময়ে আল মাহমুদ এমনই একজন কবি। এবং ‘সোনালী কাবিন’ হল সেই কাব্যগ্রন্থ, যা ভাষা এবং সংস্কৃতিকে একীকৃত করেছে।”
কিন্তু ‘সোনালী কাবিন’ যে বাংলায় লেখা, সেখানে কৃষ্ণনগরীয় প্রাতিষ্ঠানিক বাংলা ভাষার লেনদেন আছে। স্বীকৃত সামাজিক বাক্যবিধি ও শব্দসংস্থান আমরা পাই এই বইটিতে। যে ভাষায় লিখেছেন প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, সমর সেন বা যে কোনো কবিই, এ হল সেই ভাষার ধারা।
‘পৃথিবীর সবকটি সাদা কবুতর/ইহুদি মেয়েরা রেঁধে পাঠিয়েছে মার্কিন জাহাজে’...এ আন্তর্জাতিক উচ্চারণ আল মাহমুদের।
‘সোনালী কাবিন’ একজন বাঙালি বেদুইনের মুখোমুখি করে দেয় আমাদের। একই সঙ্গে মরু-সরলতা ও শ্যামল অলজ্জতা আমরা দেখতে পাই কবির চরিত্রে। এই ঘটনা একমাত্র নজরুল ইসলামের মধ্যে ঘটতে পেরেছিল, কিন্তু তা অন্য মাত্রায় ও গুণে। আল মাহমুদ একজন পুরুষজাতীয় কবি, ঠিক ততটাই যতটা একজন ওমর খৈয়াম। সেই পুরুষ, যাদের বঙ্কিমচন্দ্রের উপন্যাসে আমরা রোদন করতে দেখি বটে, কিন্তু কাঁদতে দেখি না। পুরুষের কামনা যে আদতে এক অর্ঘ্য, ‘সোনালী কাবিন’ পড়ে বুঝতে পারি।
তুলসীতলার প্রদীপ আর পারস্য প্রদীপের মিলন ‘সোনালী কাবিন’-এর প্রতিটি কবিতায় ঘটতে পেরেছে। আজানের সঙ্গে মিলে গেছে আবাহনের সুর। অপরিসীম বিষাদের অভিজ্ঞতা এবং আনন্দের বাস্তব ও কাল্পনিক স্মৃতিগুলো এখানে মুখর হয়েছে।
আল মাহমুদের কবিতাগুলোর মূল উপজীব্য ছিল বাংলাদেশের চিরায়ত সৌন্দর্য, যেখানে সবুজ ধানক্ষেত, নদী এবং নির্মল জীবন বিশেষভাবে উল্লেখযোগ্য।
জসীমউদ্দীন-ফররুখ-আল মাহমুদের কাব্যধারায় কিছু মৌলিক পার্থক্য থাকলেও বাংলাদেশের কবিতার মূলধারায় তারা অভিন্ন এবং সমন্বয়ের ছাপ দুর্লক্ষ্য নয়। চর্যাপদ থেকে সোনালী কাবিন পর্যন্ত কাব্যাবর্তনধারা একই সমরেখায় প্রবহমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন