০৬:৪৬ পি.এম
ভারতের মুম্বাইয়ের শিবাজি পার্কে অনুমতি ছাড়া বিক্ষোভ আয়োজনের অভিযোগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজকসহ অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
শনিবার এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানায়, ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৮৯ ও ২২৩ ধারা এবং মহারাষ্ট্র পুলিশ আইনের ৩৭(১)(৩) ও ১৩৫ ধারায় শিবাজি পার্ক থানায় মামলাটি করা হয়েছে।
এর আগে শুক্রবার, নির্বাচন কমিশন এবং বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়ায় কথিত অনিয়মের প্রতিবাদে শিবাজি পার্কে বিক্ষোভ করেন ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠনের কর্মীরা।
আরও পড়ুন: পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন জাহাঙ্গীর মোল্লা
এদিকে, শিবাজি পার্কের বাসিন্দা ও আইনজীবী সিদ্ধি দেওলেকর অভিযোগ করেন, অনুমতি না দেওয়ার পরও সিজেপির নেতারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান। এ ঘটনায় তিনি শিবাজি পার্ক থানায় সিজেপি নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও দলটির আইনবিষয়ক প্রধান রত্না সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেওলেকর বলেন, বোম্বে হাইকোর্টের ২০১৩ সালের ৪ জানুয়ারির রায় এবং পরবর্তী মহারাষ্ট্র সরকারের আদেশে শিবাজি পার্কে জমায়েত ও বিক্ষোভের ওপর যে বিধিনিষেধ রয়েছে, তা অমান্য করে বড়সংখ্যক মানুষ জড়ো করা হয়েছে।
তিনি দাবি করেন, এটি শান্তিপূর্ণ বিক্ষোভ নয়; বরং রাজনৈতিক প্রতিবাদের আড়ালে আইনের প্রতি অবজ্ঞা দেখানোর চেষ্টা। তার ভাষ্য, সংবিধান ও আইনের ঊর্ধ্বে কোনো ব্যক্তি, রাজনৈতিক প্রচার বা মতাদর্শ থাকতে পারে না। বিক্ষোভকারীরা হাইকোর্টের নির্দেশনাকেও চ্যালেঞ্জ করেছেন বলে অভিযোগ করেন তিনি।
মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব অভিযোগের ভিত্তিতেই সিজেপির বিক্ষোভের আয়োজক ও ৪০০-৫০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল দাবিদাওয়া
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন