ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতে ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা


চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতে ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে আট ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এমএ মুনীব।

অভিযানের অংশ হিসেবে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে খান ফার্মেসির মালিক সালিক সোহেল রানাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মাহিম ফার্মেসির মালিক মাসুদ রানাকে ২ হাজার টাকা এবং নিউ লাকী ফার্মেসির মালিক আব্দুর রহমানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁদের যথাক্রমে ৫, ৩ ও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া বিশ্বাসপাড়া এলাকার আব্দুর রাজ্জাককে ২ হাজার টাকা, রোস্তমপুর গ্রামের মোহাম্মদ ইসলামকে ১ হাজার ৫০০ টাকা, একই গ্রামের ফারুক হোসেনকে ৩ হাজার টাকা, গরিবপুর গ্রামের মোহাম্মদ ফারুক হোসেনকে ৫ হাজার টাকা এবং শহরের বিশ্বাসপাড়া এলাকার সাইফুল বিশ্বাসকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক ১

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রয় এবং আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী দেশে ফিরছেন, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


প্রধানমন্ত্রী দেশে ফিরছেন, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

আন্তালিয়া, ১২ নভেম্বর ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পথে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন। তিনি জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ৩১) অংশগ্রহণ শেষে এই যাত্রাবিরতি করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের নিয়ে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশে ছেড়ে যায়।

আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের অপর একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।

আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান।

সেখানে তিনি জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনে (কপ৩১) অংশগ্রহণ করেন।

সফরকালে, প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন।

এ ছাড়া, তিনি সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়ন এবং সম্মেলনের গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্য পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর এ সফরে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় ২৫ টন কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ পণ্য আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় ২৫ টন কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাকসহ পণ্য আটক

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা কেমিক্যালের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ট্যালকম পাউডার ঘোষণা দিয়ে চালানটি আসার পর বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্যসহ ট্রাকটি বের করে নিয়ে যাওয়ার সময় আটক করা হয়।

আটক ট্রাকের নম্বর যশোর-ট-১১-৬৩৯৩। ট্রাকে ২৫ টন কেমিক্যাল পণ্য ছিল। পণ্যটির আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকার অনিন্দিতা ইন্টারন্যাশনাল এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনাল। রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে মেসার্স কোহিনুর এক্সপোর্ট, ভারত। চালানের বিল অব এন্ট্রি নম্বর সি-৭৭১৫৪ এবং এলসি নম্বর ০৫১০২৬০১০৪০৩। উল্লেখ্য, গত ৮ নভেম্বর চালানটি বেনাপোল বন্দরে প্রবেশ করে।

কাস্টমস সূত্রে জানা যায়, কাগজপত্রে পণ্যটি ট্যালকম পাউডার হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে চালানটি বন্দরে প্রবেশের পর যথাযথ অ্যাসেসমেন্ট ছাড়াই বুধবার রাতে ট্রাকটি ৯ নম্বর শেড থেকে লোড করে বের করে নেওয়ার প্রস্তুতি চলছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা ওই শেডে অভিযান চালিয়ে আমদানি-সংক্রান্ত কাগজপত্র যাচাই করেন। ঘোষণার সঙ্গে পণ্যের মিল না পাওয়ায় চালানটি আটক করা হয়।

কাস্টমস কর্মকর্তাদের ধারণা, শুল্ক ফাঁকির উদ্দেশ্যে ট্যালকম পাউডারের ঘোষণা দিয়ে মূল্যবান কোন কেমিক্যাল পাচারের চেষ্টা হচ্ছিল। তবে পণ্যটি প্রকৃতপক্ষে কী, তা পরীক্ষণের আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না। এই কারণে চালানটি জব্দ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষণের প্রতিবেদন হাতে পাওয়ার পর পণ্যের প্রকৃত পরিচয় এবং রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ করা হবে।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন জানান, বন্দরের ৯ নম্বর শেডে একটি পণ্য চালান আনলোড হওয়ার পর একই দিন আবার বাংলাদেশি ট্রাকে লোড করে বের করে নেওয়া হচ্ছিল। এমন সংবাদে কাস্টমস কর্মকর্তারা ওই শেডে গিয়ে আমদানির কাগজপত্র যাচাই করেন। পরে দেখা যায়, ৮ নভেম্বর আসা একটি চালানের বিপরীতে গেট পাস দেখিয়ে অন্য একটি পণ্য চালান বন্দর থেকে বের করে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এতে পণ্যটি মিথ্যা ঘোষণায় বের করে নেওয়ার আশঙ্কা তৈরি হয়। পরীক্ষণের পর পণ্যের সঠিক পরিচয় নিশ্চিত হলে জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নুসরাতের বাড়িতে আগুন, ডেপুটি স্পিকার ৩ মন্ত্রীকে ফোনে পাননি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


নুসরাতের বাড়িতে আগুন, ডেপুটি স্পিকার ৩ মন্ত্রীকে ফোনে পাননি

সংরক্ষিত নারী আসনের এমপি ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জানার পর, মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন করেছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তবে, ওই তিন মন্ত্রীর কাউকেই ফোনে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর, স্পিকারের আসনে বসে কায়সার কামাল এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার মন্তব্য করেন, "একজন সংসদ সদস্যের বাড়িতে বা কোথাও যখন কোনো ঘটনা ঘটে, তখন বিষয়টি অত্যন্ত উদ্বেগের।"

তিনি জানান, মধ্যরাত দুইটার দিকে যখন ঘটনাটি ঘটে, তখন তিনি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন, কিন্তু তাকে পাননি। এরপর আইনমন্ত্রীকে ফোন দেওয়া হয়, তাকেও পাওয়া যায়নি। পরবর্তীতে মধ্যরাত দুইটার দিকে জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন দেওয়া হলেও তার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে, দেরিতে হলেও বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে উল্লেখ করে কায়সার কামাল বলেন, "আমাদের সবার প্রচেষ্টায় বিষয়টি সামনে এসেছে এবং যে কারণে আজকে কথা বলার সুযোগ পেয়েছেন, তা দেওয়া হয়েছে।" স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে জানিয়েছেন যে এ বিষয়ে একটি তদন্ত (ইনভেস্টিগেশন) চলছে।

ডেপুটি স্পিকার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, "আমরা তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তারপর দেখি অপরাধীদের আইনের আওতায় আনা হয় কি না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে রাজপথে প্রতিহত হবে: কর্নেল জগলুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


আ.লীগ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে রাজপথে প্রতিহত হবে: কর্নেল জগলুল

বাংলাদেশ জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের আহবায়ক কর্নেল (অব.) মো. জগলুল আহসান হুশিয়ারি দিয়েছেন যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলের সন্ত্রাসী বাহিনী যদি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাহলে তা রাজপথে প্রতিহত করা হবে।

এই হুশিয়ারি তিনি বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে ইসিবি চত্তরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে দেন, যা দেশব্যাপী সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছিল।

জগলুল আহসান উল্লেখ করেন, "বিরোধী দল বা অন্য কেউ যদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আর একটিবার কটু কথা বলেন, তবে জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরাম এর দাত ভাঙা জবাব দেবে।"

ফোরামের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধ্বা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মতিউর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে গঠিত এ সংগঠনটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব এয়ার কমোডর (অব.) মনিরুজ্জামান কাশেমী, মেজর (অব.) জায়েদী আহসান হাবীব, অনারারী ক্যাপ্টেন (অব.) দুলাল উদ্দীন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) আব্দুল গনি, সার্জেন্ট (অব.) হুমায়ুন কবীর, মাস্টার চিফ পেটি অফিসার শরীফ উদ্দীন এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) ইকবাল হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%