বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৪৮ পি.এম
বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা কেমিক্যালের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ট্যালকম পাউডার ঘোষণা দিয়ে চালানটি আসার পর বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্যসহ ট্রাকটি বের করে নিয়ে যাওয়ার সময় আটক করা হয়।
আটক ট্রাকের নম্বর যশোর-ট-১১-৬৩৯৩। ট্রাকে ২৫ টন কেমিক্যাল পণ্য ছিল। পণ্যটির আমদানিকারক প্রতিষ্ঠান হলো ঢাকার অনিন্দিতা ইন্টারন্যাশনাল এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনাল। রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে মেসার্স কোহিনুর এক্সপোর্ট, ভারত। চালানের বিল অব এন্ট্রি নম্বর সি-৭৭১৫৪ এবং এলসি নম্বর ০৫১০২৬০১০৪০৩। উল্লেখ্য, গত ৮ নভেম্বর চালানটি বেনাপোল বন্দরে প্রবেশ করে।
কাস্টমস সূত্রে জানা যায়, কাগজপত্রে পণ্যটি ট্যালকম পাউডার হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে চালানটি বন্দরে প্রবেশের পর যথাযথ অ্যাসেসমেন্ট ছাড়াই বুধবার রাতে ট্রাকটি ৯ নম্বর শেড থেকে লোড করে বের করে নেওয়ার প্রস্তুতি চলছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা ওই শেডে অভিযান চালিয়ে আমদানি-সংক্রান্ত কাগজপত্র যাচাই করেন। ঘোষণার সঙ্গে পণ্যের মিল না পাওয়ায় চালানটি আটক করা হয়।
কাস্টমস কর্মকর্তাদের ধারণা, শুল্ক ফাঁকির উদ্দেশ্যে ট্যালকম পাউডারের ঘোষণা দিয়ে মূল্যবান কোন কেমিক্যাল পাচারের চেষ্টা হচ্ছিল। তবে পণ্যটি প্রকৃতপক্ষে কী, তা পরীক্ষণের আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না। এই কারণে চালানটি জব্দ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষণের প্রতিবেদন হাতে পাওয়ার পর পণ্যের প্রকৃত পরিচয় এবং রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ করা হবে।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন জানান, বন্দরের ৯ নম্বর শেডে একটি পণ্য চালান আনলোড হওয়ার পর একই দিন আবার বাংলাদেশি ট্রাকে লোড করে বের করে নেওয়া হচ্ছিল। এমন সংবাদে কাস্টমস কর্মকর্তারা ওই শেডে গিয়ে আমদানির কাগজপত্র যাচাই করেন। পরে দেখা যায়, ৮ নভেম্বর আসা একটি চালানের বিপরীতে গেট পাস দেখিয়ে অন্য একটি পণ্য চালান বন্দর থেকে বের করে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এতে পণ্যটি মিথ্যা ঘোষণায় বের করে নেওয়ার আশঙ্কা তৈরি হয়। পরীক্ষণের পর পণ্যের সঠিক পরিচয় নিশ্চিত হলে জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংরক্ষিত নারী আসনের এমপি ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জানার পর, মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন করেছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তবে, ওই তিন মন্ত্রীর কাউকেই ফোনে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর, স্পিকারের আসনে বসে কায়সার কামাল এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার মন্তব্য করেন, "একজন সংসদ সদস্যের বাড়িতে বা কোথাও যখন কোনো ঘটনা ঘটে, তখন বিষয়টি অত্যন্ত উদ্বেগের।"
তিনি জানান, মধ্যরাত দুইটার দিকে যখন ঘটনাটি ঘটে, তখন তিনি প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন, কিন্তু তাকে পাননি। এরপর আইনমন্ত্রীকে ফোন দেওয়া হয়, তাকেও পাওয়া যায়নি। পরবর্তীতে মধ্যরাত দুইটার দিকে জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন দেওয়া হলেও তার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে, দেরিতে হলেও বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে উল্লেখ করে কায়সার কামাল বলেন, "আমাদের সবার প্রচেষ্টায় বিষয়টি সামনে এসেছে এবং যে কারণে আজকে কথা বলার সুযোগ পেয়েছেন, তা দেওয়া হয়েছে।" স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে জানিয়েছেন যে এ বিষয়ে একটি তদন্ত (ইনভেস্টিগেশন) চলছে।
ডেপুটি স্পিকার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, "আমরা তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তারপর দেখি অপরাধীদের আইনের আওতায় আনা হয় কি না।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের আহবায়ক কর্নেল (অব.) মো. জগলুল আহসান হুশিয়ারি দিয়েছেন যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং দলের সন্ত্রাসী বাহিনী যদি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাহলে তা রাজপথে প্রতিহত করা হবে।
এই হুশিয়ারি তিনি বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে ইসিবি চত্তরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে দেন, যা দেশব্যাপী সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছিল।
জগলুল আহসান উল্লেখ করেন, "বিরোধী দল বা অন্য কেউ যদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আর একটিবার কটু কথা বলেন, তবে জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরাম এর দাত ভাঙা জবাব দেবে।"
ফোরামের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধ্বা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মতিউর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে গঠিত এ সংগঠনটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী অবসরপ্রাপ্ত ফোর্সেস ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব এয়ার কমোডর (অব.) মনিরুজ্জামান কাশেমী, মেজর (অব.) জায়েদী আহসান হাবীব, অনারারী ক্যাপ্টেন (অব.) দুলাল উদ্দীন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) আব্দুল গনি, সার্জেন্ট (অব.) হুমায়ুন কবীর, মাস্টার চিফ পেটি অফিসার শরীফ উদ্দীন এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) ইকবাল হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় শিপ্রা বিশ্বাস (২৭) নামের দুই সন্তানের এক জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ফতেহপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষন বিশ্বাসের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ঘুম থেকে ওঠে নিহতের স্বামী দেখতে পান তাদের সন্তানরা কান্নাকাটি করছে। এরপর তিনি স্ত্রীকে ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে রান্নাঘরের দিকে ছুটে গিয়ে দেখেন, তার স্ত্রী বাঁশের তীরের সাথে রশিতে গলা পেঁচিয়ে ঝুলে আছেন। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ও নিহতের শ্বশুর-শাশুড়ি ঘটনাস্থলে জড়ো হন। নিহতের স্বামী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি বটি দিয়ে রশি কেটে মরদেহ নিচে নামান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানা ও সুত্রে জানা যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, বিশ্বম্ভরপুর উপজেলায় সাম্প্রতিক সময়ে আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। স্থানীয়দের তথ্য ও পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনাটিসহ গত এক মাসের ব্যবধানে উপজেলায় অন্তত তিনটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। একের পর এক এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সচেতন মহলের মতে, পারিবারিক কলহ, মানসিক চাপ ও আর্থিক টানাপোড়েনের কারণে মানুষ চরম হতাশায় ভুগছে, যা পরবর্তীতে আত্মহত্যার মতো পথ বেছে নিতে প্ররোচিত করছে। এ প্রবণতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পারিবারিক বন্ধন সুদৃঢ় করার তাগিদ দিয়েছেন স্থানীয় বিশিষ্টজনরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অসংলগ্ন অডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার অভিযোগের ভিত্তিতে কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে তাকে এই নোটিশ প্রদান করা হয়। নোটিশ পাওয়ার পর তিন কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
দলীয় নোটিশে উল্লেখ করা হয়েছে যে, সম্প্রতি আজগরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালামের অসংলগ্ন একটি অডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এ কারণে দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক পরিবেশ বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার সন্তোষজনক লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কাছে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধিবিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এদিকে, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম স্বাক্ষরিত একটি জরুরি সাংগঠনিক বিজ্ঞপ্তিতে আব্দুস সালামের দলীয় প্রার্থিতা স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, লাকসাম উপজেলার ৭ নম্বর আজগরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী হিসেবে আব্দুস সালামের নাম ঘোষণা করা হয়েছিল, তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা স্থগিত থাকবে।
অভিযোগের বিষয়ে জানতে আব্দুস সালামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল মন্তব্য করেছেন, "দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শের বাইরে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।" তিনি জানান, আব্দুস সালামের কাছে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং তার জবাব পর্যালোচনা করে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ