বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:২০ পি.এম
পরিচ্ছন্ন শক্তির ব্যবহার বৃদ্ধি করা শুধুমাত্র পরিবেশ রক্ষার জন্য অপরিহার্য নয়, বরং এটি ব্যবসার উন্নয়ন ও প্রতিযোগিতায় টিকে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগও। যদি কারখানাগুলো নির্ভরযোগ্য ও সাশ্রয়ী নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে, তবে তারা উৎপাদন খরচ এবং কার্বন নিঃসরণ উভয়ই কমাতে সক্ষম হবে। এর ফলে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর চাহিদা পূরণ, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ সৃষ্টি হবে।
বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে বক্তারা এসব বিষয় নিয়ে আলোচনা করেন। ‘পরিবর্তনশীল শক্তি কাঠামোয় তৈরি পোশাক খাতের কার্বন নিঃসরণ হ্রাস ত্বরান্বিতকরণ’ শীর্ষক এই বৈঠকটি যৌথভাবে আয়োজন করে এইচএসবিসি বাংলাদেশ, অ্যাপারেল ইমপ্যাক্ট ইনস্টিটিউট (এআইআই), ঢাকার সুইডেন দূতাবাস এবং ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন।
গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ও জাতিসংঘ অনুবিভাগ প্রধান এ কে এম সোহেল, সুইডেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ওলে লুনডিন, এইচএসবিসি বাংলাদেশের সিইও মাহবুব উর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সারওয়ার হোসেন, বিজিএমইএ-এর ভাইস প্রেসিডেন্ট বিদ্যা খান, এআইআই-এর ক্রিস্টিনা এলিন্ডার লিলজাস, এইচঅ্যান্ডএম গ্রুপের কিম হেলস্ট্রম এবং এটিটিআই-এর অলিভিয়া উইন্ডহাম স্টুয়ার্টসহ ‘টিম সুইডেন’ নেটওয়ার্কের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে আন্তর্জাতিক গবেষণা, শিল্প অভিজ্ঞতা এবং বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে প্রধান প্রবন্ধ উপস্থাপন করা হয়। অ্যাপারেল ইমপ্যাক্ট ইনস্টিটিউটের ক্রিস্টিনা এলিন্ডার লিলজাস বাংলাদেশের তৈরি পোশাক খাতে কার্বন নিঃসরণ কমানোর জন্য প্রয়োজনীয় অর্থায়নের সুযোগ নিয়ে একটি গবেষণা রিপোর্ট উপস্থাপন করেন। রিপোর্টে উল্লেখ করা হয়, বৈশ্বিক পোশাক সরবরাহ শৃঙ্খলে কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে এই খাতের কার্বন নিঃসরণ ৫০% কমাতে প্রায় ৬.৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন।
আলোচনায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার মন্তব্য করেন, ইউরোপীয় বাজার এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা কম কার্বন নিঃসরণের দিকে অগ্রসর হচ্ছে। তাই বাংলাদেশের পোশাক খাতের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য পরিচ্ছন্ন শক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎপাদন দক্ষতার পাশাপাশি পরিবেশবান্ধব উৎপাদনের এই সুযোগকে বাংলাদেশের কাজে লাগানো উচিত, যাতে দেশটি টেকসই পোশাক সরবরাহে বিশ্বে নেতৃত্ব দিতে পারে।
এইচএসবিসি বাংলাদেশের সিইও মাহবুব উর রহমান বলেন, পোশাক খাতে বাংলাদেশ যে বৈশ্বিক নেতৃত্ব তৈরি করেছে, তা ধরে রাখতে হলে জ্বালানি খাতের এই রূপান্তরকে বাণিজ্যিকভাবে সফল করতে হবে। সহায়ক নীতি, উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবনী অর্থায়নের মাধ্যমে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করাই হবে ভবিষ্যতের বিনিয়োগ ও সক্ষমতা বৃদ্ধির মূল চাবিকাঠি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে যৌথ বাহিনীর অভিযানে রোহিঙ্গা সন্দেহে নারীসহ নয়জনকে আটক করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন মো. সাব্বির, নুমাইর, শাওন, আব্দুল হাফেজ, নুরুল আমিন, মো. হোসেন, তৈয়ব, সাবিকুন ও তহুরা। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বরজিৎ দে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের পরিচয় যাচাই করা হচ্ছে।
যাচাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা যায়, বুধবার দুপুরে রাঙামাটির রিজার্ভ বাজার এলাকা থেকে স্পিডবোটে করে ১২ জনের একটি দল লংগদুর উদ্দেশ্যে রওনা দেয়। পরে তারা মাইনীমুখ বাজারে গিয়ে অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী নয়জনকে আটক করে।
এ সময় দলের অপর তিন সদস্য সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। আরো জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবির থেকে বের হয়ে আসার কথা জানান। তারা নিজেদের রোহিঙ্গা হিসেবেও পরিচয় দিয়েছেন। তবে তাদের পরিচয় ও বক্তব্যের সত্যতা যাচাই করা হচ্ছে।
তারা কী উদ্দেশ্যে লংগদুতে এসেছিলেন, তাদের সঙ্গে থাকা অপর তিনজন কারা এবং তারা বর্তমানে কোথায়—এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।
লংগু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বরজিৎ দে বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের আটটি বিভাগের বিভিন্ন স্থানে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে হতে পারে। কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি থেকে অতিভারি বর্ষণও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া বলেছেন, পশ্চিম ঝাড়খণ্ড ও তার আশেপাশে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে মধ্যপ্রদেশ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। তিনি উল্লেখ করেছেন যে, এই লঘুচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে গিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশ হয়ে সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং অন্যান্য এলাকায় মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় রয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার ভারি বর্ষণের শঙ্কা
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবারও থাকবে বৃষ্টির প্রবণতা
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রবিবারও বৃষ্টির আভাস
রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ২ সেপ্টেম্বর, ২০২৬ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী জানিয়েছেন, বর্তমানে গণমাধ্যম ও বাকস্বাধীনতা অতীতের যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
তিনি উল্লেখ করেন, সরকার গণমাধ্যমের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ আরোপ করতে চায় না এবং সংবাদ প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
জাতীয় সংসদে এনসিপি দলের সদস্য আবদুল হান্নান মাসউদের এক সম্পূরক প্রশ্নের জবাবে আজ তিনি এসব মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে না এবং এটি বাস্তবায়নেও নেই। সংবাদমাধ্যম সম্পূর্ণ স্বাধীন। তারা কোন সংবাদ প্রকাশ করবে, কোন সংবাদ ডাউনলোড করবে, অথবা কোন সংবাদ ছাপবে বা ছাপবে না, এটি সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয়।
তিনি বলেন, যদি কোনো সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট সংবাদমাধ্যম মনে করে যে সংবাদটি সঠিক নয় অথবা প্রকাশ করা উচিত হয়নি, তাহলে তারা নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী সেটি সরিয়ে নিতে পারে। এ বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
ইয়াসির খান চৌধুরী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে বলেই সংবাদমাধ্যমের সম্পাদকীয় সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না।
এর আগে, সংরক্ষিত মহিলা আসন-৪৯-এর স্বতন্ত্র সদস্য সুলতানা জেসমিনের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, একজন ব্যক্তির রাজনৈতিক দর্শন বা আদর্শ থাকা স্বাভাবিক। তবে সাংবাদিকতার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন বলে সরকারের প্রত্যাশা।
সুলতানা জেসমিন বিভিন্ন প্রেস ক্লাবের সদস্যদের রাজনৈতিক সম্পৃক্ততা এবং সংবাদমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ বা ফটোকার্ড প্রকাশের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, রাজনৈতিক আদর্শ পেশাগত ক্ষেত্রে প্রয়োগের ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন ছড়িয়ে পড়ছে।
জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, মিথ্যা তথ্য, অসত্য তথ্য ও ভুয়া তথ্য প্রতিরোধে মন্ত্রণালয় কাজ করছে। বিভিন্ন ফ্যাক্টচেকিং কার্যক্রমের মাধ্যমে এসব তথ্য শনাক্ত ও প্রতিরোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বিভিন্ন সংবাদ প্রকাশের পর তা সরিয়ে নেওয়া এবং সংবাদমাধ্যম সাইবার হামলার শিকার হওয়ার অভিযোগ তুলে ধরেন। তিনি জানতে চান, এসব ঘটনায় মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে কি না, সে বিষয়ে সরকারের অবস্থান কী।
এর জবাবে প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের নীতিগত অবস্থান। কোনো সংবাদমাধ্যম কী সংবাদ প্রকাশ করবে বা প্রকাশের পর তা রাখবে কি না, সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের নিজস্ব। সরকার এ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানের সময় বিপুল পরিমাণ ইউরিয়া, ডিএপি ও এমওপি সার মজুদ থাকার তথ্য পাওয়া যায়।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ। এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক পৌণে একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় অভিযানটি পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় মোহাম্মদ শফিকুল ইসলাম খোকনের মালিকানাধীন মেসার্স খোকন ব্রিক্স-এর দুটি ঘরে অভিযান চালিয়ে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। অবৈধভাবে সার মজুদের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, কুড়ারপাড় বাজারের সার ব্যবসায়ী রফিকুল ইসলামের মেসার্স রফিক ট্রেডার্স-এর দোকানে অভিযান চালিয়ে ৯ বস্তা এমওপি সার পাওয়া যায়। এ ঘটনায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ। অভিযানে তার সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার। এ সময় ভূরুঙ্গামারী থানা পুলিশের সদস্য, গণমাধ্যমকর্মী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ জানিয়েছেন, একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুদ করে কৃষকদের কাছে বেশি দামে বিক্রির চেষ্টা করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। কৃষি মৌসুমে সারের কৃত্রিম সংকট ও কালোবাজারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। পরবর্তী সময়ে জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তা সরকারি মূল্যে ওই ইউনিয়নের কৃষকদের কাছে বিক্রি করে দেবেন বলেও জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ