ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের কার্যক্রম আজ শুরু


একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের কার্যক্রম আজ শুরু

২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের কার্যক্রম আজ সোমবার (২ নভেম্বর) শুরু হচ্ছে। এই প্রক্রিয়া আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) পর্যন্ত চলবে।

গতকাল রবিবার বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তৃতীয় ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল রবিবার রাত ৮টায় প্রকাশিত হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের আজ এবং আগামীকাল নির্ধারিত কলেজে ভর্তি হতে হবে।

আরও পড়ুন: নীতিমালার আগেই বেসরকারি স্কুলে পুনঃভর্তি ফি আদায়

এবার একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির তৃতীয় ধাপকে সর্বশেষ ধাপ হিসেবে গণ্য করা হবে। তাই শিক্ষার্থী এবং অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি অথবা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন করতে পারেনি কিংবা নির্ধারিত সময়ে ভর্তি হতে পারেনি, তারা শেষ ধাপে আবেদনের সুযোগ পাবে।

আবেদনের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য আসন বিবেচনায় সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে হবে। এ জন্য একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা অনুসরণ করতে হবে।

তবে দ্বিতীয় ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের জন্য শেষ ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম সংশোধন করতে হবে।

আরও পড়ুন: বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কমিটি, সভাপতি লাবণ্য সাধারণ সম্পাদক মোবাশ্বির

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, কোটায় আবেদনের ক্ষেত্রে যোগ্যতা যাচাই করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি পরিশোধ এবং ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। আবেদন বা ভর্তি প্রক্রিয়ায় ভুলের কারণে কোনো জটিলতা সৃষ্টি হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৪ এম


আজ জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস সোমবার(২ নভেম্বর) পালিত হচ্ছে। প্রতিবছর ২ নভেম্বর এই দিবসটি উদযাপন করা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সন্ধানী কেন্দ্রীয় পরিষদ এবং সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির উদ্যোগে আগামীকাল দেশব্যাপী দিবসটি পালন করা হবে। এবারের দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রক্তদানে জীবনের জয়গান, চক্ষুদানে আলোর সন্ধান’ হিসেবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ) ব্লাড ব্যাংকে ১৯৭৮ সালের ২ নভেম্বর সন্ধানী প্রথমবারের মতো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করে। ১৯৯৫ সালে, সন্ধানী আয়োজিত প্রথম স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২ নভেম্বরকে ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস’ হিসেবে ঘোষণা করেন।

বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান আন্দোলনের পথিকৃৎ হিসেবে ‘সন্ধানী’ পরিচিত। রক্তদানের পাশাপাশি, প্রতিষ্ঠানটি মানুষের চক্ষু ব্যাংক হিসেবেও কাজ করে। মৃত্যুর আগে স্বেচ্ছাপ্রণোদিত চক্ষুদানের জন্য জনগণকে উদ্বুদ্ধ করে সন্ধানী, যাতে মৃত্যুর পর সেই কর্নিয়া অন্যের চোখে প্রতিস্থাপন করা যায়।

সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির মহাসচিব ডা. মোহাম্মদ মনির হোসেন বলেন, অন্ধত্ব বাংলাদেশের অন্যতম সমস্যা। একজন অন্ধ ব্যক্তি তার পরিবার, সমাজ ও দেশের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই বোঝা হয়ে দাঁড়ান। দেশে অন্ধ জনসংখ্যা প্রায় ১৫ লাখ। শুধুমাত্র কর্ণিয়াজনিত অন্ধের সংখ্যা পাঁচ লক্ষাধিক। প্রতিবছর নতুন করে ৪০ হাজার অন্ধ ব্যক্তি যুক্ত হচ্ছে।

তিনি আরও জানান, প্রতিষ্ঠার পর থেকে মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ মৃত ব্যক্তি ও বেওয়ারিশ মৃতদেহ থেকে কর্নিয়া সংগ্রহ করে আসছে সন্ধানী। সংগৃহীত কর্ণিয়া সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগীদের চোখে প্রতিস্থাপন করা হচ্ছে। বাংলাদেশে প্রতিস্থাপিত সব কর্ণিয়াই সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির মাধ্যমে সংগৃহীত।

একজন মানুষের কর্ণিয়া অন্য একজন কর্ণিয়াজনিত অন্ধ মানুষের চোখে প্রতিস্থাপন করলে সেই অন্ধ ব্যক্তি পৃথিবীর আলো দেখতে পায়, এই বিষয়টি সন্ধানী প্রথম এ দেশে তুলে ধরেছে। ১৮ কোটি মানুষের মধ্যে এ তথ্য ছড়িয়ে দিতে পারলে কর্নিয়া সংগ্রহ ও প্রতিস্থাপনের কাজ আরও সহজ হবে এবং এ ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে নজির স্থাপন করতে পারবে।

দিবসটি উপলক্ষে আগামীকাল সকাল ৯ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালি বের করা হবে। র‌্যালিটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হবে।

এদিকে, জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে আগামীকাল সকাল ১০ টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন উপস্থিত থাকবেন।

এছাড়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক ডা. জহিরুল ইসলাম শাকিল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস প্রমুখও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চার মাসে রপ্তানি আয় ১৭.০৪ বিলিয়ন ডলার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৫ এম


চার মাসে রপ্তানি আয় ১৭.০৪ বিলিয়ন ডলার ছাড়াল

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশের পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১৭ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১৬ দশমিক ০৮ বিলিয়ন ডলার। এই হিসেবে রপ্তানি আয় বেড়েছে ৯৬ কোটি ডলার বা ৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, রপ্তানি আয়ের এই প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রেখেছে তৈরি পোশাক খাত। আলোচ্য সময়ে নিটওয়্যার রপ্তানি ৭ শতাংশ বেড়ে ৭ দশমিক ৭১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ওভেন পোশাক রপ্তানি ৪ দশমিক ৮ শতাংশ বেড়ে হয়েছে ৬ বিলিয়ন ডলার।

এই দুই খাত মিলিয়ে মোট পণ্য রপ্তানির প্রায় ৮০ দশমিক ৪ শতাংশ এসেছে। সামগ্রিক রপ্তানি আয় বৃদ্ধির প্রায় ৮১ শতাংশ অবদান তৈরি পোশাক খাতের।

তবে রপ্তানি প্রবৃদ্ধি শুধু তৈরি পোশাকের ওপর নির্ভরশীল ছিল না। পোশাক বহির্ভূত কয়েকটি খাতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এর মধ্যে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ২৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ৩৮ কোটি ৩০ লাখ ডলারে দাঁড়িয়েছে। চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি ১২ দশমিক ৭ শতাংশ বেড়ে হয়েছে ৪৬ কোটি ৪০ লাখ ডলার। রাসায়নিক পণ্যের রপ্তানি ২৭ দশমিক ৩ শতাংশ বেড়ে ১৫ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছেছে।

এ ছাড়া হোম টেক্সটাইল ও পাদুকা রপ্তানিতে যথাক্রমে ৭ দশমিক ৪ শতাংশ ও ৯ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

অন্যদিকে, আলোচ্য সময়ে কৃষিপণ্য রপ্তানি ১৩ দশমিক ৫ শতাংশ, হিমায়িত ও জীবন্ত মাছ ১০ দশমিক ৯ শতাংশ এবং তুলা ও তুলাজাত পণ্যের রপ্তানি ১০ দশমিক ২ শতাংশ কমেছে।

সামগ্রিকভাবে রপ্তানি আয়ের ৬ শতাংশ প্রবৃদ্ধি দেশের রপ্তানি খাতের ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে পাট, চামড়া ও রাসায়নিক পণ্যের মতো পোশাকবহির্ভূত খাতে প্রবৃদ্ধি রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানোর সম্ভাবনাকে তুলে ধরছে।

এই প্রবৃদ্ধির ধারা ধরে রাখতে পণ্যের মান উন্নয়ন, উৎপাদন সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি নতুন বাজার অনুসন্ধান এবং পিছিয়ে থাকা খাতগুলোর প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার আকাশ মেঘলা, তবে বৃষ্টির সম্ভাবনা নেই: আবহাওয়া অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৫ এম


ঢাকার আকাশ মেঘলা, তবে বৃষ্টির সম্ভাবনা নেই: আবহাওয়া অধিদপ্তর

ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, সংস্থাটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলেও উল্লেখ করেছে।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য তুলে ধরা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এছাড়া, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিশুদের দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৬ এম


শিশুদের দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মন্তব্য করেছেন যে, শিশুদের শৈশবকাল থেকেই দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, নেতৃত্বের গুণাবলী এবং মানবিক মূল্যবোধে গড়ে তুলতে স্কাউটিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কাউটিংয়ের মাধ্যমে শিশুরা দলগত কাজ, দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং মানুষের সেবায় আত্মনিয়োগের শিক্ষা অর্জন করে। এই গুণাবলী একজন শিশুকে ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

রোববার (০১ আগস্ট) সন্ধ্যার পর রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ স্কাউটস, ঢাকা মেট্রোপলিটনের আয়োজনে অনুষ্ঠিত ‘৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরি ২০২৬’-এর মহা তাবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধুমাত্র পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়, বরং শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক এবং নৈতিক বিকাশ নিশ্চিত করা। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্কাউটিং এবং সহশিক্ষামূলক কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং নেতৃত্বের সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রাথমিক শিক্ষায় এসব কার্যক্রমকে আরও উৎসাহিত করতে হবে।

তিনি যোগ করেন, শিশুরা যেন আনন্দের মাধ্যমে শিখতে পারে এবং নিজেদের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেই বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ স্কাউটসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%